০৭:১৩ পি.এম
চট্টগ্রাম নগরের হালিশহরে দিনদুপুরে পুলিশের একটি টহল ভ্যান চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় চুরি হওয়া গাড়িটি উদ্ধারের জন্য পুলিশ তল্লাশি চালাচ্ছে। তবে বুধবার সন্ধ্যা ৬টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভ্যানটি উদ্ধার করা সম্ভব হয়নি।
বুধবার দুপুরে নগরের হালিশহরে জেলা পুলিশ লাইনসের বাইরে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর পুলিশের জনসংযোগ কর্মকর্তা (সহকারী পুলিশ কমিশনার) আমিনুর রশিদ।
তিনি জানান, দুপুরের খাবার খেতে পুলিশ সদস্যরা হালিশহর থানার একটি টহল ভ্যান পার্ক করে পাশের একটি রেস্তোরাঁয় চলে যান। এ সময় ভ্যানটি চুরি হয়ে যায়।
আরও পড়ুন: নুহা হত্যার ৯ দিনেও গ্রেপ্তার নেই, ২৪ ঘণ্টার আলটিমেটাম
পুলিশ জানায়, খাবার খেয়ে ফিরে এসে সদস্যরা দেখতে পান, গাড়িটি আগের জায়গায় নেই। পরে তারা বুঝতে পারেন, ভ্যানটি চুরি হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এক ব্যক্তি পিকআপ ভ্যানটিতে উঠে সেটি চালিয়ে নিয়ে যাচ্ছেন।
এ ঘটনার পর চুরি হওয়া গাড়িটি উদ্ধারের জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একাধিক দল তল্লাশি অভিযান শুরু করেছে। পুলিশ আরও জানায়, গাড়িটি হালিশহর থানার একটি পুরোনো সিঙ্গেল-ডেকার পিকআপ ভ্যান। বুধবার পুলিশের তিন সদস্যের একটি টহল দল গাড়িটি নিয়ে দায়িত্ব পালন করতে বের হয়েছিল।
সিএমপির জনসংযোগ কর্মকর্তা আমিনুর রশিদ বলেন, অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তার এবং চুরি হওয়া গাড়িটি উদ্ধারের জন্য পুলিশ কাজ করছে।
আরও পড়ুন: হাতিয়ায় পাচারের সময় ১৭.৫ টন সিমেন্ট জব্দ, ৯ জন আটক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন