১১:০৫ পি.এম
চট্টগ্রামের হাটহাজারীতে উপজেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের যৌথ অভিযানে সাতটি ফার্মেসিকে বিভিন্ন অনিয়মের জন্য মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) বিকেলে পৌরসভার বাসস্ট্যান্ড ও কাচারি সড়কে অবস্থিত বিভিন্ন ফার্মেসিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহেদ আরমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন।
আরও পড়ুন: কুলঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আনহার মিয়া জনগণের সেবা ও এলাকার উন্নয়নে অঙ্গীকারবদ্ধ
অভিযানের সূত্র থেকে জানা যায়, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও সংরক্ষণ, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি, মেয়াদোত্তীর্ণ ড্রাগ লাইসেন্স, ফার্মাসিস্ট লাইসেন্স না থাকা, নিবন্ধিত চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া ওটিসি বহির্ভূত ওষুধ বিক্রি, ওষুধ বিষয়ে মিথ্যা নিশ্চয়তা প্রদান এবং রেফ্রিজারেটরে নির্ধারিত তাপমাত্রা বজায় না রাখা সহ বিভিন্ন অপরাধে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় এই সাতটি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে।
জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—মেসার্স ফেরদৌস ফার্মেসি, মেসার্স আল মক্কা ফার্মেসি, মেসার্স নিউ খাজা ফার্মেসি, মেসার্স আল মদিনা ফার্মেসি, আল রহমান ফার্মেসি, মায়া ফার্মেসি এবং আল আমিন ড্রাগ হাউস। জরিমানার অর্থ ডিজিটাল ক্যাশ রেজিস্ট্রার (ডিসিআর) এর মাধ্যমে আদায় করা হয়েছে। অভিযানে হাটহাজারী মডেল থানা পুলিশের সদস্যরাও সহযোগিতা করেছেন।
এদিকে, একই দিনে পৌরসভার কামালপাড়া এলাকায় উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে মাদক সেবন করে জনশৃঙ্খলা বিনষ্টের অপরাধে আবদুল জব্বার লিটন ও সুমন নাথ নামের দুই ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শাহেদ আরমান জানিয়েছেন, মানসম্মত ও নিরাপদ ওষুধ সংরক্ষণ নিশ্চিতকরণের জন্য এবং জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরও পড়ুন: গাইবান্ধার সুন্দরগঞ্জে জুয়ার আসর থেকে তিন জুয়াড়ি গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন