ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

রাজশাহীর আদালত চত্বরে আইনজীবী ইয়ামিন আলীকে রক্তাক্ত জখম


রাজশাহীর আদালত চত্বরে আইনজীবী ইয়ামিন আলীকে রক্তাক্ত জখম

রাজশাহীর আদালত চত্বরে আসামিদের হামলায় গুরুতর জখম হয়েছেন আইনজীবী ইয়ামিন আলী। এই ঘটনা ঘটে রোববার (১৫ নভেম্বর) দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে।

এ সময় উপস্থিত লোকজন হামলাকারী চারজনকে আটক করে তাদের পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।

আহত আইনজীবীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: রাজশাহীতে আদালত চত্বরে আইনজীবী ইয়ামিন আলীর ওপর হামলা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমাসংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে গোদাগাড়ী উপজেলার আলোকছত্র গ্রামের বাসিন্দা আইনজীবী ইয়ামিন আলীর সঙ্গে একই গ্রামের প্রতিপক্ষের বিরোধ চলছিল। কিছুদিন আগে প্রতিপক্ষের লোকজন তার হাত ভেঙে দিলে তিনি তাদের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা দায়ের করেন। রোববার দুপুরে ওই মামলায় আসামিরা আদালতে হাজির হয়ে জামিন লাভ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জামিন পাওয়ার পর আসামিরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে অপেক্ষা করছিলেন। ইয়ামিন আলী আদালত ভবন থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই তারা তাকে ঘিরে ধরেন এবং সংঘবদ্ধভাবে হামলা চালান। কিল-ঘুসি, লাথি ও ইটের আঘাতে ইয়ামিন আলীর মাথা ফেটে রক্ত বের হতে থাকে। প্রাণ বাঁচাতে তিনি দৌড়ে পাশের একটি খাবারের দোকানে আশ্রয় নেন। এ সময় হামলাকারীরা পালানোর চেষ্টা করলে উপস্থিত আইনজীবী সহকারী ও সাধারণ মানুষ চারজনকে ধরে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।

হাসপাতালে চিকিৎসাধীন আইনজীবী ইয়ামিন আলী অভিযোগ করেন, আগের মামলায় জামিন পেয়ে আসামিরা তাকে মারার জন্য আদালত চত্বরে অপেক্ষা করছিলেন। ভবন থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই তারা তার ওপর অতর্কিত হামলা চালান। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

রাজশাহী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহেদী বলেন, এটি অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। এতে আদালত চত্বরে আইনজীবীদের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়েছে। বিষয়টি আমরা হালকাভাবে নিচ্ছি না; প্রয়োজনে সমিতির পক্ষ থেকে মামলা করা হবে।

আরও পড়ুন: যশোর আইনজীবী সমিতিতে শুরু হলো ক্যাশলেস লেনদেন

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) রাজপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আবু জাফর সন্ধ্যার পর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে হেফাজতে নিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং মামলা হলে আটক ব্যক্তিদের গ্রেফতার দেখানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যশোর আইনজীবী সমিতিতে শুরু হলো ক্যাশলেস লেনদেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪২ পি.এম


যশোর আইনজীবী সমিতিতে শুরু হলো ক্যাশলেস লেনদেন

যশোর, ১৫ নভেম্বর, ২০২৬ : জেলা আইনজীবী সমিতিতে ডিজিটাল ওকালতনামা বিক্রয়ের মাধ্যমে অনলাইন অটোমেশন সফটওয়্যার, ওয়েবসাইট, অ্যাপ এবং ক্যাশলেস আর্থিক ব্যবস্থাপনা কার্যক্রম শুরু হয়েছে।

আজ রোববার, সমিতির ১ নম্বর ভবনে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সমিতির সভাপতি ও যশোরের পাবলিক প্রসিকিউটর (পিপি) সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক এম এ গফুর এই কার্যক্রমের উদ্বোধন করেন।

আইনজীবী কাজী ফরিদুল ইসলাম প্রথম ডিজিটাল ওকালতনামা ক্রয় করেন। অনুষ্ঠানে সহ-সভাপতি গোলাম মোস্তফা, বাসুদেব বিশ্বাসসহ অন্যান্য সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন।

সৈয়দ সাবেরুল হক সাবু জানান, নতুন সফটওয়্যারের মাধ্যমে ওকালতনামাসহ সমিতির সব প্রয়োজনীয় ফরম অনলাইনে প্রস্তুত ও প্রিন্ট করা সম্ভব হবে।

ফরম বিক্রয়, হিসাব এবং আর্থিক লেনদেনের তথ্যও এতে সংরক্ষিত থাকবে। এর ফলে সময় সাশ্রয় হবে এবং লেনদেনের তথ্য যাচাই করা সহজ হবে। সদস্যরা চাঁদা, ফি, ভাড়া এবং ফরম ক্রয়সহ অন্যান্য লেনদেন ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করতে পারবেন। এর ফলে নগদ অর্থের ওপর নির্ভরতা কমবে।

তিনি আরো জানান, সমিতির ইতিহাস, ঐতিহ্য এবং বিশিষ্ট ব্যক্তিদের তথ্য ডিজিটালভাবে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এতে মাইকেল মধুসূদন দত্ত, রায় বাহাদুর যদুনাথ মজুমদার, বিচারপতি লতিফুর রহমান এবং শহীদ মশিয়ুর রহমানসহ আরও অনেকের তথ্য অন্তর্ভুক্ত হচ্ছে।

১৭৮৪ সালে প্রতিষ্ঠিত সমিতির ২৪২ বছরের পুরোনো গ্রন্থাগারে থাকা দুর্লভ আইনবিষয়ক বইয়ের তথ্যও এই উদ্যোগের আওতায় আসবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অটোরিকশায় বসে ছিলেন নজরুল, পেছন থেকে ট্রাকের ধাক্কায় নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৩ পি.এম


অটোরিকশায় বসে ছিলেন নজরুল, পেছন থেকে ট্রাকের ধাক্কায় নিহত

পিরোজপুর সদর উপজেলার বাড়ির সামনে অটোরিকশায় বসে থাকা অবস্থায় ট্রাকের ধাক্কায় নজরুল শেখ (৪৫) নামে এক চালক নিহত হয়েছেন।

রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ভৈরমপুর গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত নজরুল শেখ ওই গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি মৃত ছত্তার শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার সময় নির্মাণসামগ্রীবোঝাই একটি ট্রাক পেছনের দিকে যাওয়ার সময় নজরুলের অটোরিকশায় ধাক্কা দেয়। এতে তিনি অটোরিকশা থেকে ছিটকে সড়কে পড়ে যান। এই সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনার পর পুলিশ ট্রাকটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছেন। লিখিত অভিযোগ পেলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, রাতের সময় ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে বাংলা জানা প্রার্থীদের জন্য উচ্চ বেতনের চাকরি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৪ পি.এম


যুক্তরাষ্ট্রে বাংলা জানা প্রার্থীদের জন্য উচ্চ বেতনের চাকরি

যুক্তরাষ্ট্রে চাকরির সুযোগ খুঁজছেন এমন বাংলাদেশিদের জন্য একটি সুখবর এসেছে। নিউইয়র্কের পাবলিক লাইব্রেরিতে ঘণ্টায় ২২ ডলার বেতনে পার্টটাইম চাকরির সুযোগ সৃষ্টি হয়েছে। ম্যানহাটনের ব্লুমিংডেল লাইব্রেরিতে আফটার স্কুল টিউটর পদে কর্মী নিয়োগের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি (এনওয়াইপিএল) কর্তৃক। আবেদন করতে হলে প্রার্থীদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও শিশুদের পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে। উল্লেখযোগ্য বিষয় হলো, বাংলা ভাষায় দক্ষতা থাকলে আবেদনকারীরা বাড়তি সুবিধা তথা অগ্রাধিকার পাবেন।

নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির (এনওয়াইপিএল) অফিসিয়াল ক্যারিয়ার ওয়েবসাইটে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটির ‘আফটার স্কুল’ কর্মসূচির আওতায় এই নিয়োগ প্রদান করা হবে। নির্বাচিত প্রার্থীদের ছয় থেকে ১২ বছর বয়সী শিশুদের পড়াশোনায় সহায়তা করতে হবে। স্কুল শেষে লাইব্রেরিতে আসা শিশুদের বিনা মূল্যে হোমওয়ার্কে সহায়তা এবং বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করাই হবে এ পদের মূল দায়িত্ব।

নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে ম্যানহাটনের আপার ওয়েস্ট সাইডে অবস্থিত ব্লুমিংডেল লাইব্রেরি। এটি একটি পার্টটাইম পদ, যেখানে ঘণ্টাপ্রতি ২২ ডলার বেতন প্রদান করা হবে। সপ্তাহে চার দিন, সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কাজ করতে হবে। প্রতিদিন চার ঘণ্টা করে সপ্তাহে মোট ১৬ ঘণ্টা দায়িত্ব পালন করতে হবে। প্রতিদিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে চার ঘণ্টার শিফট নির্ধারণ করা হবে।

এভাবে সপ্তাহে মোট বেতন হবে ৩৫২ ডলার। চার সপ্তাহে আয় দাঁড়াবে ১ হাজার ৪০৮ ডলার। আর মাসের গড় হিসাবে (বছরে ৫২ সপ্তাহ ধরে) কর কাটার আগে আয় হতে পারে প্রায় ১ হাজার ৫২৩ ডলার। তবে ছুটি ও কর্মসূচির বিরতির কারণে প্রকৃত আয় কমবেশি হতে পারে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

এ পদে আবেদনের জন্য প্রার্থীদের স্বীকৃত ও অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। যারা বর্তমানে কোনো অনুমোদিত ও স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানে স্নাতক পর্যায়ে পড়াশোনা করছেন, তারাও আবেদন করতে পারবেন। তবে তাদের স্নাতক পর্যায়ের অন্তত দুই বছরের পড়াশোনা সম্পন্ন হতে হবে।

এছাড়া শিশু বা কিশোরদের নিয়ে আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক শিক্ষামূলক পরিবেশে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের গণিত, বিজ্ঞান, পড়া, ইংরেজি ভাষা ও সামাজিক বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে পড়ানো বা টিউশনি করানোর অভিজ্ঞতাও প্রয়োজন।

যেসব দক্ষতা থাকতে হবে

আবেদনকারীদের ছয় থেকে ১২ বছর বয়সী শিশুদের সঙ্গে কার্যকরভাবে যোগাযোগ ও তাদের বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত করার দক্ষতা থাকতে হবে। একই সঙ্গে শিশুদের অভিভাবক, সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ভালোভাবে যোগাযোগ করতে জানতে হবে।

ব্যস্ত পরিবেশে একাধিক কাজ সামলানোর সক্ষমতা এবং পরিস্থিতি অনুযায়ী নমনীয়ভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে। প্রাথমিক পর্যায়ের গণিত, বিজ্ঞান, ইংরেজি ভাষা ও সামাজিক বিজ্ঞানের মৌলিক বিষয়গুলো সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।

এছাড়া কম্পিউটার ও প্রযুক্তির সাধারণ ব্যবহার জানতে হবে। বিশেষ করে গুগল অ্যাপ্লিকেশন এবং মাইক্রোসফট অফিস স্যুট ব্যবহারে দক্ষতা থাকতে হবে।

বাংলা জানা প্রার্থীরা পাবেন বাড়তি সুবিধা।

এ নিয়োগ বিজ্ঞপ্তির অন্যতম আকর্ষণীয় দিক হলো, দ্বিতীয় ভাষায় দক্ষতাকে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। বিশেষ করে আরবি, বাংলা, চীনা, ফরাসি, স্প্যানিশ ও উর্দু ভাষায় যোগাযোগের দক্ষতা থাকলে তা নিয়োগের ক্ষেত্রে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

ফলে বাংলা ভাষায় যোগাযোগে দক্ষ নিউইয়র্কের বাংলাদেশি প্রার্থীদের জন্য এটি একটি বাড়তি সুযোগ হতে পারে। তবে বাংলা জানা এ পদের জন্য বাধ্যতামূলক নয়। একই সঙ্গে শুধু বাংলা ভাষা জানার কারণে চাকরি নিশ্চিত হবে না; বিজ্ঞপ্তিতে উল্লেখ করা অন্যান্য শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও দক্ষতাও থাকতে হবে।

কী কী দায়িত্ব পালন করতে হবে

নিয়োগপ্রাপ্ত টিউটরদের মূলত লাইব্রেরির আফটার স্কুল কর্মসূচির দায়িত্বে থাকতে হবে। এ কর্মসূচিতে শিশুদের জন্য বিনা মূল্যে হোমওয়ার্ক সহায়তা ও বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এতে আগে থেকে নিবন্ধনের প্রয়োজন নেই; শিশুরা প্রতিদিন নিজেদের সুবিধামতো এসে অংশ নিতে পারবে।

দায়িত্বের মধ্যে থাকবে— সোমবার থেকে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে নির্ধারিত সময়ে লাইব্রেরির আফটার স্কুল কর্মসূচি পরিচালনা করা। ছয় থেকে ১২ বছর বয়সী শিশুদের স্বাগত জানানো এবং তাদের হোমওয়ার্ক ও শিক্ষামূলক কার্যক্রমে সহায়তা করা।

শিশুদের ব্যক্তিগতভাবে এবং দলগতভাবে পড়াশোনায় সহযোগিতা করা। গণিত, পড়া, সামাজিক বিজ্ঞান ও বিজ্ঞানের মতো বিভিন্ন বিষয়ে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী সহায়তা দেয়া।

অভিভাবক ও পরিচর্যাকারীদের কর্মসূচি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য জানানো এবং অতিরিক্ত সহায়তা বা সুযোগ-সুবিধার প্রয়োজন হলে লাইব্রেরির সংশ্লিষ্ট কর্মীদের কাছে পাঠানো।

শিক্ষার্থীদের উপস্থিতি, বিভিন্ন পরিসংখ্যান ও প্রয়োজনীয় প্রশাসনিক কাজের হিসাব রাখা এবং কর্মসূচির জন্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণ গুছিয়ে রাখা ও সেগুলো শিশুদের মধ্যে বিতরণ করাসহ কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী অন্যান্য দায়িত্ব পালন করা।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আফটার স্কুল কর্মসূচি ২০২৭ সালের ৯ জুন পর্যন্ত চলবে। নিউইয়র্ক সিটির স্কুল বন্ধ থাকা, সরকারি ছুটি এবং কর্মসূচির নির্ধারিত বিরতির দিনগুলোতে টিউটরদের কাজের শিডিউল থাকবে না। গ্রীষ্মকালীন ছুটির সময়ও নিয়মিত কাজ করতে হবে না। এ ছাড়া কর্মীদের মাঝে মাঝে অতিরিক্ত সময় দিয়ে স্টাফ মিটিং ও পেশাগত প্রশিক্ষণে অংশ নিতে হতে পারে।

এ পদে কর্মীদের নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির শাখায় সরাসরি উপস্থিত থেকে কাজ করতে হবে। কাজের জন্য শারীরিক পরিশ্রমের প্রয়োজন সীমিত। তবে প্রয়োজনে নিউইয়র্ক সিটির বিভিন্ন স্থানে যাতায়াত করতে হতে পারে। নিয়োগের আগে আলাদা কোনো শারীরিক সক্ষমতা পরীক্ষার প্রয়োজন নেই।

নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা, পূর্ব অভিজ্ঞতা, প্রশিক্ষণ এবং পদের দায়িত্ব পালনের সক্ষমতাসহ বিভিন্ন বিষয় বিবেচনা করা হবে। বেতন নির্ধারণের ক্ষেত্রেও এসব বিষয় এবং প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বেতন কাঠামো বিবেচনায় নেয়া হতে পারে।

আগ্রহী প্রার্থীরা নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির অফিসিয়াল ক্যারিয়ার ওয়েবসাইটে গিয়ে ‘NYPL After School Tutor - Bloomingdale Library’ পদটি খুঁজে আবেদন করতে পারবেন। আবেদনের আগে নিয়োগ বিজ্ঞপ্তির সব শর্ত এবং পদের বর্তমান অবস্থা ভালোভাবে দেখে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনপ্রিয়তায় বাড়ল পর্বসংখ্যা, জানা গেল কবে নামবে ‘দার-ই-নিজাত’

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৪ পি.এম


জনপ্রিয়তায় বাড়ল পর্বসংখ্যা, জানা গেল কবে নামবে ‘দার-ই-নিজাত’

পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’ এর প্রতি দর্শকদের আগ্রহ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। নাটকটির গল্পের বৈচিত্র্য, শিল্পীদের অভিনয় এবং একের পর এক নাটকীয় ঘটনার কারণে এটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। শুধু পাকিস্তানেই নয়, ভারত, বাংলাদেশ, নেপাল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এর দর্শক তৈরি হয়েছে।

তবে নাটকটির সমাপ্তি নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহলের অভাব নেই। সম্প্রতি জানা গেছে, কত পর্বে শেষ হতে পারে এই জনপ্রিয় ধারাবাহিকটি।

পাকিস্তানি সংবাদমাধ্যম রিভিউইট -এর একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নাটকটির পর্বসংখ্যা নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছেন ডিজিটাল মিডিয়া উপস্থাপক ও নাটক বিশ্লেষক সোনিয়া রাও। তার দেওয়া তথ্য অনুযায়ী, প্রথমে নির্মাতারা ‘দার-ই-নিজাত’ ৩৮ পর্বে শেষ করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়ার কারণে সেই পরিকল্পনায় পরিবর্তন এনে পর্বসংখ্যা ৪২ করা হয়েছে।

নিজের একটি ভ্লগে সোনিয়া রাও জানান, যারা নাটকটির সমাপ্তি নিয়ে চিন্তিত, তাদের জন্য সুখবর রয়েছে। ‘দার-ই-নিজাত’ এখনই শেষ হচ্ছে না। দর্শকেরা সামনে আরও কয়েকটি পর্ব উপভোগ করার সুযোগ পাবেন। এমনকি দর্শকদের আগ্রহ ও জনপ্রিয়তা অব্যাহত থাকলে পর্বের সংখ্যা আরও বাড়ানোর সম্ভাবনা রয়েছে বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন।

নাটকটির জনপ্রিয়তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা চলছে। অনেক দর্শক জানিয়েছেন, তারা গল্পের প্রতি ভালোবাসা থেকে এর হাজার পর্বও দেখতে রাজি। তবে অন্য একদল দর্শকের আশঙ্কা, শুধুমাত্র জনপ্রিয়তার কারণে গল্প অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘ করা হলে নাটকটির মূল আকর্ষণ হারিয়ে যেতে পারে।

উমেরা আহমেদের রচনায় এবং সাকিব খানের পরিচালনায় নির্মিত ‘দার-ই-নিজাত’ নাটকটি থ্রি এস এন্টারটেইনমেন্টের প্রযোজনায় প্রচারিত হচ্ছে এআরওয়াই ডিজিটালে। পাশাপাশি এআরওয়াই প্লাস অ্যাপেও ধারাবাহিকটি দেখা যাচ্ছে।

নাটকটির কেন্দ্রীয় গল্প আবুবকর ও জারিয়াবের প্রেম এবং জীবনের নানা পরিবর্তনকে ঘিরে আবর্তিত হচ্ছে। আবুবকর চরিত্রে অভিনয় করেছেন শেহরিয়ার মুনাওয়ার এবং জারিয়াবের ভূমিকায় রয়েছেন দুরে ফিশান সেলিম। দর্শকেরা অপেক্ষা করছেন সামনের পর্বগুলোতে তাদের গল্প কোন দিকে মোড় নেয় এবং নির্মাতারা কত পর্বে নাটকটির ইতি টানেন, তা জানার জন্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%