০৩:৩০ পি.এম
॥ গোলাম আহাদ ॥
ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : জলবায়ু পরিবর্তনবিষয়ক জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের ৩১তম সম্মেলন (কপ৩১)-এ বিশ্বনেতাদের সম্মেলনে বাংলাদেশের কূটনৈতিক অগ্রগতি প্রধানমন্ত্রীর তারেক রহমানের অংশগ্রহণের মাধ্যমে স্পষ্ট হয়েছে, যা বাস্তবসম্মতভাবে মূল্যায়ন করা উচিত।
জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১, ২২ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় শেষ হয়েছে। নির্ধারিত সময়ের প্রায় ৫০ ঘণ্টা পর শেষ হওয়া এ সম্মেলন ইতিহাসের দীর্ঘতম কপ সম্মেলন হিসেবে চিহ্নিত হয়েছে। তবে, সম্মেলনের মূল রাজনৈতিক সিদ্ধান্ত ‘আন্তালিয়া চুক্তি’ গ্রহণ ছাড়াই শেষ হয়েছে। ২০০৯ সালে কোপেনহেগেনে অনুষ্ঠিত সম্মেলনের পর এই প্রথম কোনো কপ সম্মেলন সামগ্রিক রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থ হয়েছে।
আরও পড়ুন: তথ্য মন্ত্রণালয়াধীন প্রতিষ্ঠানসমূহের শক্তিশালীকরণে উচ্চপর্যায়ের কমিটি গঠনের উদ্যোগ
১০ থেকে ১২ নভেম্বর তিন দিনের সফরের মাধ্যমে বিশ্বনেতাদের কাছে বাংলাদেশের জলবায়ু ঝুঁকি ও জলবায়ু ন্যায়বিচারের দাবিগুলো তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে। পাশাপাশি, তুরস্ক, অস্ট্রেলিয়া, চীন, উজবেকিস্তানসহ বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগও পেয়েছেন প্রধানমন্ত্রী।
আন্তালিয়ায় যা ঘটেছে
জীবাশ্ম জ্বালানির বিষয়ে কোনো উল্লেখ না থাকায় ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, ছোট দ্বীপরাষ্ট্রগুলো, নরওয়ে, পানামাসহ অনেক দেশ চুক্তির খসড়া প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে, আফ্রিকা ও আরব দেশগুলোর জোট জলবায়ু অর্থায়ন অপর্যাপ্ত বলে অভিযোগ করলেও শেষ পর্যন্ত খসড়াটি গ্রহণে সম্মত ছিল। স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) জোট জানায়, এ বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়নি।
কপ৩১-এর সভাপতি মুরাত কুরুম ঐকমত্যের অভাবের বিষয়টি স্বীকার করেছেন এবং নতুন কোনো খসড়া উপস্থাপন করা হবে না বলে জানিয়েছেন। তবে সম্মেলন পুরোপুরি ব্যর্থ হয়নি।
আরও পড়ুন: রাষ্ট্রপতির সঙ্গে ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের সৌজন্য সাক্ষাৎ
অভিযোজন, ক্ষয়ক্ষতি, ন্যায়সংগত জ্বালানি রূপান্তর, কার্বন বাজার ও জলবায়ু অর্থায়ন বিষয়ে পৃথক সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বাংলাদেশের অর্জন
প্রথমত, এলডিসিভুক্ত দেশগুলোর জাতীয় অভিযোজন পরিকল্পনা (ন্যাপ) বাস্তবায়নে সহায়তার জন্য একটি পৃথক প্ল্যাটফর্ম গঠনে দেশগুলো সম্মত হয়েছে। বাংলাদেশ এলডিসিভুক্ত দেশগুলোর মধ্যে প্রথম দিকেই জাতীয় অভিযোজন পরিকল্পনা জমা দিয়েছিল। ফলে নতুন এ উদ্যোগ থেকে সরাসরি উপকৃত হওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশের।
দ্বিতীয়ত, অভিযোজন তহবিলের (অ্যাডাপটেশন ফান্ড) পরিচালনা ও ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটেছে। প্যারিস চুক্তির ৬.৪ অনুচ্ছেদের আওতায় কার্বন বাজার থেকে অর্জিত অর্থের একটি অংশ এখন থেকে এ তহবিলে জমা হবে। একই সঙ্গে তহবিলের পরিচালনা পর্ষদে উন্নয়নশীল দেশগুলোর সংখ্যাগরিষ্ঠতা বজায় থাকবে। বাংলাদেশ যখন নিজস্ব কার্বন বাণিজ্য কাঠামো গড়ে তোলার কাজ করছে, তখন এ সিদ্ধান্ত বিশেষ গুরুত্ব বহন করে।
আরও পড়ুন: পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি জীবনমান উন্নয়ন ও নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অগ্রগতি: মাহ্ধী আমিন
তৃতীয়ত, বৈশ্বিক অভিযোজন লক্ষ্যের (গ্লোবাল গোল অন অ্যাডাপটেশন) সূচকগুলো পরিমার্জনের দায়িত্বে থাকা টাস্কফোর্সে এলডিসি জোটের মনোনীত তিনজন বিশেষজ্ঞ অন্তর্ভুক্ত হবেন।
চতুর্থত, কয়েকটি উন্নত দেশের আপত্তি সত্ত্বেও জলবায়ু অর্থায়ন কর্মসূচি ২০২৮ সাল পর্যন্ত অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়েছে। এর ফলে প্যারিস চুক্তির ৯.১ অনুচ্ছেদ অনুযায়ী উন্নত দেশগুলোর অর্থায়নের বাধ্যবাধকতা নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার সুযোগ থাকছে।
পঞ্চমত, ক্ষয়ক্ষতি তহবিলবিষয়ক সিদ্ধান্তে প্রতিশ্রুত অর্থ দ্রুত প্রকৃত অর্থ পরিশোধে রূপান্তরের আহ্বান জানানো হয়েছে।
জানা গেছে, এ তহবিলের পরিচালনা পর্ষদ আগামী ডিসেম্বর থেকে অর্থ বিতরণ শুরু করার পরিকল্পনা করেছে।
আরও পড়ুন: নতুন মজুরিতে পোশাকশ্রমিকের জীবনমান বদলানোর বিষয়ে শফিকুল আলমের মন্তব্য
ষষ্ঠত, সম্মেলন শুরুর আগে গত ২৯ অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদ বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) মর্যাদা থেকে উত্তরণের প্রস্তুতিকাল ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে। এর ফলে আন্তালিয়া সম্মেলনে বাংলাদেশ এলডিসি জোটের অংশ হিসেবে আলোচনা ও দর-কষাকষিতে অংশ নিতে পেরেছে।
সর্বশেষ, প্রধানমন্ত্রী তারেক রহমানের উত্থাপিত পাঁচটি প্রস্তাব এবং তুরস্কের প্রেসিডেন্ট, চীনের ভাইস প্রেসিডেন্ট ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর মতো বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের কূটনৈতিক দৃশ্যমানতা বেড়েছে।
এ ছাড়া উজবেকিস্তানের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে তাঁর দেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
যেসব ক্ষেত্রে প্রত্যাশা পূরণ হয়নি
আরও পড়ুন: ১৩ ডিসেম্বর দেশব্যাপী পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
সবচেয়ে বড় হতাশা এসেছে অভিযোজন অর্থায়নের ক্ষেত্রে। এলডিসি জোট ও বাংলাদেশের প্রতিনিধিদল ২০৩৫ সালের মধ্যে অভিযোজন অর্থায়ন বছরে ১২০ বিলিয়ন ডলারে উন্নীত করার দাবি জানিয়েছিল। কিন্তু গৃহীত কোনো সিদ্ধান্তেই এ পরিমাণ অর্থায়নের লক্ষ্যমাত্রা কিংবা এর ভিত্তিবছর নির্ধারণ করা হয়নি।
সুশীল সমাজের কয়েকটি সংগঠনের তথ্য অনুযায়ী, ফ্রান্স ২০১৯ সালকে ভিত্তিবছর হিসেবে নির্ধারণের প্রস্তাব দিয়েছিল। এতে লক্ষ্যমাত্রা কমে বছরে মাত্র ৬০ বিলিয়ন ডলারে দাঁড়াত।
জাতিসংঘের পরিবেশবিষয়ক কর্মসূচি (ইউএনইপি) বলছে, ২০৩৫ সাল নাগাদ উন্নয়নশীল দেশগুলোর বার্ষিক অভিযোজন ব্যয়ের প্রয়োজন দাঁড়াবে ৩০৫ বিলিয়ন ডলার। সে হিসাবে ১২০ বিলিয়ন ডলারও মোট প্রয়োজনের মাত্র ২০ থেকে ২৯ শতাংশ পূরণ করতে পারত। কিন্তু আন্তালিয়া সম্মেলনে এ ন্যূনতম পরিমাণ অর্থায়ন নিয়েও কোনো সমঝোতা হয়নি। ফলে এ বিষয়ে অবস্থান অনেকটা কপ৩০-এর শেষ সময়ের মতোই রয়ে গেছে।
নতুন কোনো অর্থায়নের প্রতিশ্রুতিও আসেনি। একটি বিশ্লেষণে দেখা গেছে, সরকারি জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি ৭০ শতাংশ কমেছে। ক্ষয়ক্ষতি তহবিলে প্রতিশ্রুত অর্থের পরিমাণ ৩৪২ মিলিয়ন ডলার, যেখানে প্রয়োজনীয় অর্থের দাবি ২ দশমিক ৮ বিলিয়ন ডলার।
আরও পড়ুন: আসিব, আসিব বলিয়া কতদিন পার হবে এগুলোতে আমাদের নজর নাই: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর সফরের মূল্যায়ন
গত ১২ নভেম্বর কপ৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর সুরক্ষায় পাঁচটি জরুরি প্রস্তাব তুলে ধরেন। তিনি আরও ন্যায়সংগত আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক সহায়তার সাধারণ আবেদন থেকে বাংলাদেশের দাবি একটি সুনির্দিষ্ট আলোচনার কাঠামো পেয়েছে। জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দ, ঋণের পরিবর্তে অনুদান প্রদান, ঋণের বোঝা লাঘব ও প্রযুক্তিতে ন্যায়সংগত প্রবেশাধিকার নিশ্চিত করার বিষয়গুলো এতে গুরুত্ব পেয়েছে।
এসব দাবি এলডিসি জোটের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। জলবায়ু আলোচনার পরবর্তী ধাপগুলোতে বাংলাদেশের অবস্থান নির্ধারণে প্রধানমন্ত্রীর এ বক্তব্য গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে।
এখন বাংলাদেশের করণীয়
২০২৭ সালের জুনে বন সম্মেলন এবং নভেম্বরে আদ্দিস আবাবায় অনুষ্ঠিতব্য কপ৩২-এর জন্য বাংলাদেশের কৌশল এখনই চূড়ান্ত করা প্রয়োজন। মূল দাবি হওয়া উচিত, ২০২৫ সালের ৪০ বিলিয়ন ডলারকে ভিত্তি ধরে ২০৩৫ সালের মধ্যে বছরে অন্তত ১২০ বিলিয়ন ডলার অভিযোজন অর্থায়ন নিশ্চিত করা এবং তা ঋণের পরিবর্তে অনুদান হিসেবে প্রদান করা।
এ লক্ষ্যে এলডিসি জোট ও নেপালের মতো সমমনা দেশগুলোর সঙ্গে সমন্বয় আরও জোরদার করতে হবে।
নতুন জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়ন প্ল্যাটফর্মে অন্তর্ভুক্তির জন্য অর্থায়নযোগ্য প্রকল্পের একটি তালিকা প্রস্তুত রাখতে হবে। এলডিসি তহবিলের কর্মসূচিতে আগে যেসব প্রকল্প অন্তর্ভুক্ত হয়নি, সেগুলোর বিষয়ে ব্যাখ্যা চাইতে হবে এবং নতুন কর্মসূচিতে পুনরায় জমা দেওয়ার প্রস্তুতি নিতে হবে।
ক্ষয়ক্ষতি তহবিল থেকে অর্থ পাওয়ার জন্য বাংলাদেশের আবেদন প্রস্তুত করে আগামী ডিসেম্বরে তহবিলের পরিচালনা পর্ষদের বৈঠকের আগেই জমা দেওয়া প্রয়োজন।
অভিযোজন তহবিলের নতুন অর্থের উৎস কাজে লাগাতে জাতীয় কার্বন বাণিজ্য কাঠামো দ্রুত চূড়ান্ত করতে হবে। এ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। প্যারিস চুক্তির ৬ অনুচ্ছেদের আওতায় কার্বন বাজারের বিধিবিধান এখনো বিতর্কিত এবং ২০২৮ সালে এ বিষয়ে পর্যালোচনার কথা রয়েছে। তাই বাংলাদেশের কাঠামোতে পরিবেশগত অখণ্ডতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে হবে।
কপ৩১ বাংলাদেশকে একেবারে শূন্য হাতে ফেরায়নি। অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নের প্ল্যাটফর্ম ও অভিযোজন তহবিলের জন্য কার্বন বাজার থেকে অর্থের সংস্থান ও এলডিসি দেশগুলোর প্রতিনিধিত্ব নিশ্চিত করার মতো প্রাতিষ্ঠানিক সুযোগ তৈরি হয়েছে। তবে অর্থায়নের পরিমাণ কত হবে, কখন পাওয়া যাবে ও কী শর্তে দেওয়া হবে— এসব কেন্দ্রীয় প্রশ্নের সমাধান এখনো হয়নি।
প্রধানমন্ত্রীর বক্তব্য ও বিশ্বনেতাদের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের অবস্থান আরও স্পষ্ট করেছে। এখন প্রয়োজন সমন্বিত প্রস্তুতি, শক্তিশালী আন্তর্জাতিক জোট ও দেশের অভ্যন্তরে জবাবদিহির ভিত্তিতে কার্যকর উদ্যোগ গ্রহণ। তাহলেই এ কূটনৈতিক অর্জন উপকূলীয় ও নিম্নাঞ্চলের মানুষের জন্য বাস্তব সুরক্ষায় রূপ নিতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন