প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাগেরহাটের মোরেলগঞ্জে পোলেরহাট আলহাজ্ব আজাহারিয়া দাখিল মাদ্রাসার সুপার ও সহ-সুপারের দ্বন্দ্ব এখন চরমে। প্রতিষ্ঠানের বিভিন্ন সময়ে একাধিক পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠলেও মাদ্রাসার অবকাঠামোর কোনো উন্নয়ন হয়নি। পাশাপাশি বার্ষিক পরীক্ষায় শিক্ষার্থীদের কাছ থেকে অ্যাডমিট বাবদ অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ করেছেন স্থানীয় অভিভাবকেরা। অর্থ আত্মসাতের অভিযোগে সহ-সুপারের দায়ের করা মামলায় মাদ্রাসার সুপার মো. আনোয়ার হোসাইনকে ২৫ দিন কারাভোগ করতে হয়েছে। স্থানীয় অভিভাবকেরা সুপার ও সহ-সুপারের দ্বন্দ্বের অবসান ঘটিয়ে মাদ্রাসার শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়নের পোলেরহাট আলহাজ্ব আজাহারিয়া দাখিল মাদ্রাসাটি ১৯৮১ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এ মাদ্রাসায় মোট শিক্ষার্থীর সংখ্যা ৩২২ জন। দীর্ঘদিনের পুরোনো প্রতিষ্ঠান হলেও বিগত সময়ে মাদ্রাসায় তেমন কোনো অবকাঠামোগত উন্নয়ন হয়নি। স্থানীয় অভিভাবকদের অভিযোগ, ২০১৮ সালে এ প্রতিষ্ঠানে সুপার, সহকারী মৌলভি শিক্ষক ও পরিচ্ছন্নতাকর্মী পদে এবং ২০২২ সালে আয়া ও নিরাপত্তাকর্মীসহ পাঁচটি পদে বিভিন্ন সময়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে নিয়োগ বাণিজ্য হয়েছে। অথচ প্রতিষ্ঠানের উন্নয়নকল্পে নিয়োগ বাণিজ্যের টাকা থেকে নামমাত্র একটি পুকুর খনন ও একটি পুকুর ভরাটে ব্যয় দেখানো হয়েছে মাত্র সাড়ে ৬ লাখ টাকা। এছাড়া প্রতিষ্ঠানের প্রায় ২২ লাখ ৪৪ হাজার ২শ’ টাকার হিসাব মিলছে না এবং তা ব্যক্তিগত পকেটে গেছে বলেও গুঞ্জন রয়েছে। বিগত বছরে দায়িত্বে থাকা সভাপতির বিরুদ্ধেও এ বিষয়ে নানা অভিযোগ রয়েছে।
মাদ্রাসার শুরু থেকেই জরাজীর্ণ টিনশেড ঘরে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠদান চলছে। ২০১৯ সালে সরকারিভাবে জেলা পরিষদের বরাদ্দকৃত ১ লাখ টাকায় নামমাত্র সংস্কারকাজ করা হয়। এছাড়া শিক্ষকদের টিউশন ফির টাকা দিয়ে চলতি বছরে তিন কক্ষের একটি টিনশেড ঘর মেরামত করা হয়েছে বলে জানিয়েছেন মাদ্রাসার সুপার।
এদিকে এই নিয়োগ বাণিজ্যকে কেন্দ্র করে প্রতিষ্ঠানের সুপার আনোয়ার হোসাইন ও সহ-সুপার এবিএম মোশারফ হোসাইনের সঙ্গে তৎকালীন ম্যানেজিং কমিটির ২০২৩ সাল থেকেই দ্বন্দ্ব চলে আসছে। বিগত দিনের ভারপ্রাপ্ত সুপার ও বর্তমান সহ-সুপার এবিএম মোশারফ হোসাইন মাদ্রাসার সুপার আনোয়ার হোসাইনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেন। এ নিয়ে সুপারের বিরুদ্ধে তিনটি মামলা ও একাধিক অভিযোগ রয়েছে। সুপারের অপসারণের দাবিতে শিক্ষক ও শিক্ষার্থীরা একাধিকবার বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। ফলে সুপার ও সহ-সুপারের মামলা-মোকদ্দমা ও দ্বন্দ্বের প্রভাব পড়েছে প্রতিষ্ঠানটিতে; ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষাকার্যক্রম। বেশির ভাগ সময় আদালতের বারান্দায় কাটাচ্ছেন সুপার ও সহ-সুপার।
বর্তমানে বার্ষিক পরীক্ষায় শিক্ষার্থীদের অ্যাডমিট ফি ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণিতে ৫০০ টাকা ও নবম শ্রেণিতে ৬০০ টাকা এবং দাখিল পরীক্ষার্থীদের ফরম ফিলাপে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে।
এ বিষয়ে পোলেরহাট আলহাজ্ব আজাহারিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. আনোয়ার হোসাইন বলেন, “দাখিল পরীক্ষার্থীদের ফরম ফিলাপ ১৭ তারিখ থেকে শুরু হয়েছে। সেক্ষেত্রে বোর্ড নির্ধারিত ফি-ই আদায় করা হচ্ছে। বার্ষিক পরীক্ষায় শিক্ষার্থীদের কাছ থেকে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ৪০০ টাকা এবং নবম শ্রেণিতে ৫০০ টাকা ফি নেওয়া হয়েছে। তবে ভর্তির শুরুতে সেশন চার্জ ও বিদ্যুৎ বিল নেওয়া হয়নি; এসব ফি একসঙ্গে নেওয়া হয়েছে। মাদ্রাসার চলমান বার্ষিক পরীক্ষার ফি উত্তোলনের ক্ষেত্রে সহ-সুপারসহ চারজন শিক্ষককে নিয়ে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কোন ক্লাসে কত টাকা ফি নির্ধারণ করা হয়েছে, তা তারাই ভালো বলতে পারবেন।”
পরীক্ষা কমিটির আহ্বায়ক হিসেবে উল্লেখ করা সহ-সুপার এবিএম মোশারফ হোসাইন বলেন, “পরীক্ষা উত্তোলনের আহ্বায়ক কমিটির বিষয়ে আমি অবহিত নই। কত টাকা ফি নির্ধারণ করা হয়েছে, তাও আমি জানি না। আমি শুধু পরীক্ষার ডিউটি পালন করছি। তৎকালীন ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ভারপ্রাপ্ত সুপারের দায়িত্বে থাকার কারণে সুপারের বিরুদ্ধে মামলার বাদী হয়েছি। আমাকে বিভিন্ন সময়ে হুমকি দিচ্ছেন সুপার; এ বিষয়ে ইতিমধ্যে থানায় অভিযোগ করেছি।”
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ধনঞ্জয় মণ্ডল বলেন, “মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে আমি এ উপজেলার অতিরিক্ত দায়িত্ব পালন করছি। তবে ফরম ফিলাপে বোর্ড নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। বার্ষিক পরীক্ষায় স্থানীয় প্রতিষ্ঠানগুলোর সিদ্ধান্ত অনুযায়ী প্রশ্নপত্র তৈরির ব্যয় শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া যেতে পারে। অতিরিক্ত টাকা নিলে সে বিষয়ে খোঁজখবর নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন