ঢাকা শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ইং ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম ও শেষ চালান


রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম ও শেষ চালান

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের জন্য রাশিয়া থেকে আনা পারমাণবিক জ্বালানির নবম ও শেষ চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫টা ৪৮ মিনিটে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভেতরে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামবাহী গাড়িবহর প্রবেশ করে।

এর আগে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে রওনা হয়।

আরও পড়ুন: স্পেনে কট্টর ডানপন্থিদের উত্থান হচ্ছে

এখন পর্যন্ত চলতি বছরে রাশিয়া থেকে ঢাকায় আসা পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের মোট ৯টি চালান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হয়েছে। এর আগে কয়েক দফায় রাশিয়া থেকে বিশেষ কার্গো বিমানে পারমাণবিক জ্বালানি ঢাকায় আনা হয়েছে। এসব জ্বালানি কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সড়কপথে রূপপুর বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর তত্ত্বাবধানে এসআরবি, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তাব্যবস্থায় সড়কপথে রূপপুরে নেওয়া হয় পারমাণবিক জ্বালানি। ঢাকা থেকে রূপপুর পর্যন্ত ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেন সংশ্লিষ্ট জেলাগুলোর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ইউরেনিয়ামের গাড়িবহর নির্বিঘ্নে প্রকল্প এলাকায় পৌঁছানোর লক্ষ্যে সড়কে সব ধরনের যানবাহন ও জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করা হয়।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট পরীক্ষামূলকভাবে দুইবার জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত করে বিদ্যুৎ সরবরাহ করেছে। এটি বাণিজ্যিক উৎপাদনের আগের ধাপে রয়েছে। ২৩ নভেম্বর সকাল ১০টা ২০ মিনিটে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত করা হয় বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিট। ইউনিটটি দ্বিতীয়বারের মতো সফলভাবে জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত হয়ে টানা প্রায় ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করেছে। এ সময় গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের আনুমানিক মূল্য ছিল প্রায় ৭ কোটি ৬ লাখ টাকা। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টা ৫ মিনিটে গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়।

জাতীয় সঞ্চালন লাইন সূত্রে জানা গেছে, দ্বিতীয় দফায় রূপপুরের প্রথম ইউনিট থেকে ধারাবাহিকভাবে প্রায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে।

আরও পড়ুন: আসিফ নজরুলের হাসিনার দেশে ফেরার বিষয়ে ব্যঙ্গাত্মক পোস্ট

বিদ্যুৎকেন্দ্র-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, এ দফায় ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা থাকলেও নির্ধারিত সময়সীমা পেরিয়ে তা প্রায় ৩০ ঘণ্টা অব্যাহত ছিল।

বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের অগ্রযাত্রায় এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। একই সঙ্গে বিদ্যুৎকেন্দ্রটির পরিচালন সক্ষমতা ও প্রযুক্তিগত প্রস্তুতির ক্ষেত্রে এটি এনপিসিবিএলের উল্লেখযোগ্য অর্জন বলে জানিয়েছেন প্রকল্প-সংশ্লিষ্ট ব্যক্তিরা।

তারা জানান, দ্বিতীয় দফায় সফলভাবে বিদ্যুৎ সরবরাহের পর ইউনিটটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। বর্তমানে বিদ্যুৎ সরবরাহকালে বিভিন্ন পরিচালনগত প্যারামিটার, টারবাইন-জেনারেটর সিস্টেম এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতির কার্যকারিতা ও কর্মক্ষমতা বিশ্লেষণ করা হচ্ছে।

এসব বিশ্লেষণের ফলাফলের ভিত্তিতে পরবর্তী পরিচালন কার্যক্রম নির্ধারণ করা হবে বলে জানা গেছে।

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে নিহতের ঘটনায় ৩ জন গ্রেফতার

এর আগে গত ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত করা হয়েছিল।

প্রকল্প সূত্রে জানা গেছে, পরীক্ষামূলক পরিচালনা সফলভাবে শেষ হওয়ার পর প্রথম ইউনিটের পূর্ণাঙ্গ বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। প্রকল্পটির মেয়াদ ২০২৮ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে এবং প্রাক্কলিত ব্যয় দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা।

দুটি ইউনিট মিলিয়ে কেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট (প্রতিটি ১ হাজার ২০০ মেগাওয়াট)। পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে অন্তত ২ হাজার ৬০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে।

আরও পড়ুন: গ্রিসে আটক ৬ হাজার বাংলাদেশির ভবিষ্যৎ অনিশ্চিত, দালালের খপ্পরে পড়েছে তারা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাবুগঞ্জে প্রতিকূলতা জয় করে দুই তরুণের উচ্চ শিক্ষা অর্জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৪ এম


বাবুগঞ্জে প্রতিকূলতা জয় করে দুই তরুণের উচ্চ শিক্ষা অর্জন

নদী এবং জীবিকার সংগ্রামের মধ্য দিয়ে বেড়ে ওঠা। দীর্ঘ প্রজন্ম ধরে শিক্ষার আলো থেকে পিছিয়ে থাকা একটি জনগোষ্ঠীর মধ্যে আশার প্রদীপ জ্বালিয়েছেন দুই তরুণ। দারিদ্র্য, সামাজিক প্রতিকূলতা এবং বিভিন্ন সীমাবদ্ধতা অতিক্রম করে উচ্চশিক্ষা অর্জন করে নিজেদের যোগ্যতার পরিচয় দিয়েছেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার মান্তা সম্প্রদায়ের দুই সদস্য মো. আবু বক্কর সিদ্দিক এবং মো. বায়েজীদ হোসেন। তাঁদের এই সাফল্য কেবল ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো মান্তা জনগণের জন্য অনুপ্রেরণার একটি উজ্জ্বল উদাহরণ।

বৃহস্পতিবার সকালে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ক্ষুদ্রকাঠি গ্রামে একটি সাধারণ অনুষ্ঠানে এই দুই তরুণকে সম্মাননা ক্রেস্ট এবং নগদ অর্থ প্রদান করা হয়। বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের হাতে সম্মাননা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা।

এ সময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন জোবায়েদা আখতার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা ইয়াসমিন এবং রহমতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সুমন শিকদারসহ মান্তা সম্প্রদায়ের বিভিন্ন স্তরের মানুষ।

জানা গেছে, বাবুগঞ্জ উপজেলায় প্রায় তিন শতাধিক মান্তা সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। যুগের পর যুগ ধরে তাঁদের জীবন-জীবিকার ধরন, আর্থিক অসচ্ছলতা এবং বিভিন্ন প্রতিকূলতা সন্তানদের শিক্ষার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। ফলে এই জনগণের একটি বড় অংশ এখনো শিক্ষার মূলধারায় যথাযথভাবে যুক্ত হতে পারেনি। এই বাস্তবতায় আবু বক্কর সিদ্দিক এবং বায়েজীদ হোসেনের উচ্চশিক্ষা অর্জন নিঃসন্দেহে ব্যতিক্রমী সাফল্য।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা মন্তব্য করেন, মান্তা সম্প্রদায়ের সন্তানদের এই অর্জন অত্যন্ত আশাব্যঞ্জক। তাঁদের সাফল্য অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। পিছিয়ে পড়া এই জনগণের সন্তানদের শিক্ষার সুযোগ সৃষ্টি এবং সুন্দর ভবিষ্যৎ নির্মাণে উপজেলা প্রশাসন তাদের পাশে থাকবে। পাশাপাশি দুই শিক্ষার্থীর ভবিষ্যৎ এগিয়ে নিতে প্রয়োজনীয় সার্বিক সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

সম্মাননা পাওয়া মান্তা সম্প্রদায়ের সদস্য মো. আবু বক্কর সিদ্দিক বলেন, নানা প্রতিকূলতা এবং সীমাবদ্ধতার মধ্যেও উচ্চশিক্ষা অর্জনের চেষ্টা করেছি। উপজেলা প্রশাসনের এই সম্মাননা আমাদের অনুপ্রাণিত করেছে। আমাদের সম্প্রদায়ের অন্যান্য সন্তানরাও যেন শিক্ষার আলোয় আলোকিত হতে পারে, সেটাই আমাদের প্রত্যাশা।

স্থানীয় সচেতন মহলের মতে, আবু বক্কর সিদ্দিক এবং বায়েজীদ হোসেনের এই অর্জন মান্তা সম্প্রদায়ের অভিভাবকদের মধ্যে নতুন আশার সঞ্চার করবে। তাঁদের সাফল্য দেখে অন্যান্য বাবা-মায়েরাও সন্তানদের বিদ্যালয়মুখী করতে উৎসাহিত হবেন। একই সঙ্গে পিছিয়ে পড়া এই জনগণের শিক্ষার প্রসারে সরকারি-বেসরকারি উদ্যোগ আরও জোরদার হবে বলে প্রত্যাশা তাঁদের।

দারিদ্র্য এবং প্রতিকূলতা যে শিক্ষার অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারে না, তারই প্রমাণ এই দুই তরুণ। তাঁদের সাফল্য কেবল দুটি পরিবারের নয়, বরং বাবুগঞ্জের মান্তা সম্প্রদায়ের নতুন প্রজন্মের সামনে সম্ভাবনার একটি নতুন দুয়ার খুলে দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুক্তারপুর-মানিকপুর সড়ক পানির নিচে, দুর্ভোগে শিক্ষার্থী ও রোগীরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৫ এম


মুক্তারপুর-মানিকপুর সড়ক পানির নিচে, দুর্ভোগে শিক্ষার্থী ও রোগীরা

মুন্সীগঞ্জের মুক্তারপুর থেকে জেলা শহরে প্রবেশের প্রধান সড়ক এখনও পানির নিচে রয়েছে। এই অবস্থায় বোঝা যাচ্ছে না, এটি আসলে সড়ক নাকি খাল। এমন পরিস্থিতিতেও যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। দীর্ঘদিন ধরে চলা এই জলাবদ্ধতায় দুর্ভোগ পোহাচ্ছে কয়েক হাজার মানুষ।

মুক্তারপুর থেকে মানিকপুর সড়কের এই বেহাল অবস্থা দীর্ঘকাল ধরে বিদ্যমান। এই সড়ক দিয়েই প্রতিদিন যাতায়াত করেন টঙ্গীবাড়ী, সিরাজদিখান, শ্রীনগর, লৌহজং ও সদর উপজেলার বাসিন্দারা। কখনো জুতা হাতে, আবার কখনো ভ্যান কিংবা রিকশায় এই পথ পার হতে হয়। বৃষ্টির সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।

সরেজমিনে দেখা গেছে, সড়কের বিভিন্ন স্থানে পানি জমে রয়েছে। দীর্ঘদিন ধরে জমে থাকা পানির কারণে পিচ উঠে গেছে এবং বড় বড় গর্ত তৈরি হয়েছে। সেসব গর্তে পানি জমে থাকার কারণে চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রায়ই অটোরিকশা, ভ্যান ও মোটরসাইকেল বিকল হয়ে যাচ্ছে। পথচারীদের কাদাপানিতে ভিজে, কাপড় নষ্ট করে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও অসুস্থ রোগীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন।

স্থানীয়দের অভিযোগ, সড়কের দুই পাশের ফসলি জমি, নালা, ডোবা, খাল ও পুকুর অপরিকল্পিতভাবে ভরাট করার কারণে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। এর ফলে সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে। জমে থাকা নোংরা পানিতে মশার উপদ্রবও বেড়ে গেছে।

এলাকাবাসী জানাচ্ছেন, জলাবদ্ধতার কারণে শুধু পথচারীরাই নয়, আশপাশের অর্ধশতাধিক কলকারখানার উৎপাদনও ব্যাহত হচ্ছে। কারখানায় কাঁচামাল আনা-নেয়া ও শ্রমিকদের যাতায়াতে সমস্যা হচ্ছে। ব্যবসায়ীদের অভিযোগ, এই সড়ক দিয়ে আসতে চান না ক্রেতারা, ফলে ব্যবসা-বাণিজ্যেও ভাটা পড়েছে।

ভ্যানচালক রাজা মিয়া বলেন, "এই রাস্তা দিয়ে গাড়ি চালাতে গিয়ে প্রতিদিনই গাড়ি নষ্ট হয়। যাত্রীরাও ভিজা কাপড়ে যায়। আমরা কষ্টে আছি।"

পথচারী মনির হোসেন বলেন, "বৃষ্টি হলে রাস্তা ডুবিয়ে যায়। বাচ্চাদের স্কুলে পাঠাতে ভয় লাগে। কবে যে এই রাস্তা ঠিক হবে, জানি না।"

স্থানীয়রা দ্রুত সমস্যার সমাধান চান। তাদের দাবি, সড়কের পাশে পানি নিষ্কাশনের জন্য স্থায়ী ড্রেন নির্মাণের পাশাপাশি ভরাট হয়ে যাওয়া খাল-নালা পুনরুদ্ধার করতে হবে। তা না হলে প্রতিবছরই একই দুর্ভোগ পোহাতে হবে।

এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) জানায়, সমস্যা সমাধানের চেষ্টা চলছে। এলজিইডি মুন্সীগঞ্জের নির্বাহী প্রকৌশলী বোরহান উদ্দিন মোল্লা বলেন, ‘পানি সরানোর জায়গা খোঁজা হচ্ছে। এমনভাবে ভরাট হয়েছে যে, ড্রেন করে পানি নামানোর জায়গা পাওয়া যাচ্ছে না।’

জানা গেছে, প্রায় এক দশক আগে এলজিইডি আরসিসি ঢালাই করে দুই কিলোমিটার দীর্ঘ সড়কটি নতুন করে নির্মাণ করেছিল। তবে পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা না থাকা এবং দুই পাশে অপরিকল্পিত ভরাটের কারণে সড়কটি আবারও বেহাল হয়ে পড়েছে।

জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আসিফ নজরুলের হাসিনার দেশে ফেরার বিষয়ে ব্যঙ্গাত্মক পোস্ট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৫ এম


আসিফ নজরুলের হাসিনার দেশে ফেরার বিষয়ে ব্যঙ্গাত্মক পোস্ট

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন অধ্যাপক ড. আসিফ নজরুল, যিনি অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি একটি পোস্ট প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে নিজের ফেসবুক পেজে তিনি শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার সম্ভাবনা এবং এ নিয়ে বিভিন্ন ব্যাখ্যা তুলে ধরেন।

পাঠকের সুবিধার্থে পোস্টটি হুবহু তুলে ধরা হলো

জানুয়ারির কথামালা-

-ডিসেম্বরে ফিরলে লক্ষ লক্ষ মানুষ তাঁকে প্রাণ দিয়ে রক্ষা করত। তাদের বাঁচাতেই তিনি আসেননি। স্বজন হারানোর বেদনা তাঁর চেয়ে বেশি আর কে বোঝেন!

-ডিসেম্বরে ফিরতে প্রস্তুত ছিলেন। পাকিস্তানের দালালরা ভয়ে তাঁকে আসতে দেয়নি।

-‘ডিসেম্বরে ফিরব’—এটা বলা ছিল শতাব্দীর সেরা রাজনৈতিক কৌশল। এই কৌশলে তিনি জয়ী হয়েছেন। ফেরা না-ফেরার প্রশ্ন এখানে অবান্তর।

-তিনি শান্তি চান। গৃহযুদ্ধ এড়াতেই তিনি আসেননি।

-ডিসেম্বরে ফিরবেন, এটা কি তিনি নিজে বলেছিলেন? নিজের মুখে তো বলেননি!

-ডিসেম্বর তো আরও আছে, ঠিক না? দেখেন না কী হয় পরের ডিসেম্বরে!

- ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছিলেন। এবার আর কারও জন্য অপেক্ষা করবেন না। আগামী মার্চেই ফিরবেন।

- তিনি ফিরবেন। হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে একটু বিলম্ব হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লাখো মানুষের জন্য এইচআইভি প্রতিরোধী টিকা, নতুন আশার সঞ্চার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৬ এম


লাখো মানুষের জন্য এইচআইভি প্রতিরোধী টিকা, নতুন আশার সঞ্চার

আফ্রিকার দেশগুলোতে এইচআইভি সংক্রমণ প্রতিরোধে একটি যুগান্তকারী ওষুধের সাশ্রয়ী জেনেরিক সংস্করণ লেনাক্যাপাভির সরবরাহ শুরু হচ্ছে। জাম্বিয়ায় প্রথম চালান পৌঁছানোর পর, উগান্ডায় ওষুধটির সরবরাহ শীঘ্রই শুরু হবে। বিশেষজ্ঞদের মতে, বছরে মাত্র দুইবার ইনজেকশন নিলেই এইচআইভি সংক্রমণের ঝুঁকি প্রায় পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব।

গ্লোবাল ফান্ডের তথ্য অনুযায়ী, বুধবার জাম্বিয়ায় লেনাক্যাপাভিরের প্রথম বৈশ্বিক চালান এসে পৌঁছেছে। আগামী কয়েক দিনের মধ্যে উগান্ডায়ও এর সরবরাহ শুরু হবে। জনপ্রতি বছরে ৪০ ডলার খরচে এই ওষুধটি সরবরাহের প্রত্যাশা করা হচ্ছে। ফলে নিম্ন ও মধ্যম আয়ের দেশের লাখো মানুষের জন্য প্রতিরোধমূলক চিকিৎসাটি আরও সহজলভ্য হয়ে উঠবে।

মার্কিন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান গিলিয়েড সায়েন্সেসের তৈরি মূল ওষুধটির বার্ষিক মূল্য যুক্তরাষ্ট্রে ২৮ হাজার ডলার। এত বেশি দামের কারণে উন্নয়নশীল দেশগুলোর অধিকাংশ মানুষের পক্ষে এটি ব্যবহার করা কঠিন ছিল। তবে জেনেরিক সংস্করণ বাজারে আসার ফলে সেই পরিস্থিতিতে বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।

লেনাক্যাপাভির এইচআইভি ভাইরাসের সুরক্ষামূলক প্রোটিন আবরণকে লক্ষ্য করে কাজ করে, ফলে ভাইরাসটির বংশবিস্তার ও সংক্রমণের ক্ষমতা বাধাগ্রস্ত হয়। এই ওষুধটি বছরে দুইবার ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করা যায়।

২০২৪ সালে উগান্ডা ও দক্ষিণ আফ্রিকায় পাঁচ হাজারের বেশি কিশোরী ও তরুণীর ওপর পরিচালিত এক ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা যায়, লেনাক্যাপাভির গ্রহণকারীদের মধ্যে কেউই এইচআইভিতে আক্রান্ত হননি। গবেষণার ফলাফল ওষুধটিকে এইচআইভি প্রতিরোধে কার্যকর একটি বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন এইচআইভি প্রতিরোধী বড়ি বা প্রি-এক্সপোজার প্রোফিল্যাক্সিস (প্র্যাপ) গ্রহণের তুলনায় বছরে দুইবার ইনজেকশন নেওয়া অনেক বেশি সুবিধাজনক। এতে নিয়মিত ওষুধ খাওয়ার ঝামেলা কমে এবং সামাজিক নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে চিকিৎসা গ্রহণে যে বাধা তৈরি হয়, সেটিও কমতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ২০২৫ সালের জুলাইয়ে এইচআইভি প্রতিরোধে লেনাক্যাপাভির ব্যবহারের সুপারিশ করেছে। গ্লোবাল ফান্ড এই ওষুধের সাশ্রয়ী সংস্করণের সরবরাহকে এইচআইভির বিরুদ্ধে লড়াইয়ে বড় অগ্রগতি হিসেবে দেখছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ইতোমধ্যে ১০টি দেশের ১ লাখ ৮৯ হাজারের বেশি মানুষ লেনাক্যাপাভিরের প্রথম ডোজ গ্রহণ করেছেন। চলতি বছরের শেষ নাগাদ ২৪টি দেশে ওষুধটির সরবরাহ পৌঁছানোর প্রত্যাশা রয়েছে। ২০২৮ সালের শেষ নাগাদ মার্কিন সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে অন্তত ৩০ লাখ মানুষের কাছে এটি পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে ১২০টি নিম্ন ও মধ্যম আয়ের দেশে ওষুধটি সহজলভ্য করার লক্ষ্য নেওয়া হয়েছে।

আফ্রিকার জন্য এই উদ্যোগ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বিশ্বে এইচআইভি নিয়ে বসবাসকারী মানুষের প্রায় দুই-তৃতীয়াংশই সাব-সাহারা আফ্রিকার বাসিন্দা। এ অঞ্চলে কিশোরী ও তরুণীরা তুলনামূলকভাবে বেশি সংক্রমণের ঝুঁকিতে রয়েছেন। দক্ষিণ আফ্রিকায় প্রায় ৮০ লাখ মানুষ এই ভাইরাস নিয়ে জীবনযাপন করছেন। সাশ্রয়ী লেনাক্যাপাভির সরবরাহের আওতায় দেশটিও রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, গত বছর বিশ্বজুড়ে প্রায় ৪ কোটি ১০ লাখ মানুষ এইচআইভি নিয়ে বসবাস করেছেন। একই সময়ে এইচআইভিসংশ্লিষ্ট রোগে প্রাণ হারিয়েছেন প্রায় ৫ লাখ ৭০ হাজার মানুষ।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অধীনে বৈদেশিক সহায়তা কমানোর কারণে আফ্রিকায় এইচআইভি প্রতিরোধ ও চিকিৎসা কার্যক্রমের দীর্ঘদিনের অগ্রগতি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। মহাদেশটির অনেক দেশই এইচআইভি মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা ও তহবিলের ওপর নির্ভরশীল।

এমন পরিস্থিতিতে সাশ্রয়ী লেনাক্যাপাভিরের সরবরাহ এইচআইভি প্রতিরোধে নতুন সম্ভাবনা তৈরি করেছে। জাতিসংঘের লক্ষ্য, ২০৩০ সালের মধ্যে এইডসকে জনস্বাস্থ্যের জন্য হুমকি হিসেবে অবসান ঘটানো। বিশেষজ্ঞদের আশা, কার্যকর ও সাশ্রয়ী প্রতিরোধমূলক ওষুধের বিস্তার সেই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সূত্র: বিবিসি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২১ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%