শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৩:২৯ পি.এম
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্রিটিশ চ্যারিটি সংস্থা ‘নিউ হোপ গ্লোবাল’-এর চেয়ারম্যান ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই। সাক্ষাৎকালে তিনি বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের সক্ষমতা বৃদ্ধিতে প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ত করার আহ্বান জানান।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বঙ্গভবনে অনুষ্ঠিত এই সাক্ষাৎকালে যুক্তরাজ্যে বসবাসকারী বিশিষ্ট কমিউনিটি নেতা, জননীতি বিশ্লেষক এবং সমাজ সংগঠক ড. ফয়েজ উদ্দিন বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় প্রবাসীদের অভিজ্ঞতা, প্রযুক্তিগত জ্ঞান, দক্ষতা ও আন্তর্জাতিক সংযোগের ব্যবহার নিয়ে আলোচনা করেন।
মতবিনিময়কালে দেশের টেকসই উন্নয়ন, সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিত করার প্রয়োজনীয়তা উঠে আসে। ড. ফয়েজ উদ্দিন বলেন, "প্রবাসী বাংলাদেশিরা কেবল রেমিট্যান্স পাঠিয়ে নয়, তাদের পেশাগত অভিজ্ঞতা, ব্যবস্থাপনা দক্ষতা, বিনিয়োগ সক্ষমতা ও আন্তর্জাতিক পরিচিতি ব্যবহার করে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।"
যুক্তরাজ্যে স্থানীয় সরকার ও জননীতি নিয়ে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা দেশের কল্যাণমূলক নীতি প্রণয়নে কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন তিনি। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ড. ফয়েজ উদ্দিনের দীর্ঘদিনের প্রবাসী কমিউনিটি কার্যক্রম, জনকল্যাণমূলক উদ্যোগ এবং বাংলাদেশের উন্নয়ন নিয়ে তার ইতিবাচক মনোভাবের প্রশংসা করেন।
সাক্ষাৎ শেষে ড. ফয়েজ উদ্দিন বলেন, "রাষ্ট্রপতির মূল্যবান সময়, আন্তরিকতা ও সৌজন্যের জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ। বাংলাদেশের সঙ্গে প্রবাসীদের সম্পর্ক কেবল আবেগের নয়, এটি দায়িত্ব ও অবদানের সম্পর্ক। দেশ ও মানুষের কল্যাণে প্রবাসী বাংলাদেশিদের অর্জিত জ্ঞান ও সামর্থ্য কাজে লাগাতে ভবিষ্যতে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হবে বলে আমি আশাবাদী।"
ড. ফয়েজ উদ্দিনের নেতৃত্বাধীন ‘নিউ হোপ গ্লোবাল’ ব্রিটিশ রাজার খেতাবপ্রাপ্ত একটি আন্তর্জাতিক চ্যারিটি প্রতিষ্ঠান, যা যুক্তরাজ্যসহ বিশ্বজুড়ে সামাজিক সংহতি, শিক্ষা ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় কাজ করে আসছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে ছিলেন কাইরন পোলার্ড। তবে ১ রানের জন্য রেকর্ডটি নিজের করে নেওয়া হয়নি ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডারের।
স্বীকৃতি টি-টোয়েন্টিতে ১৫ হাজার রান করা প্রথম ব্যাটার হওয়া হয়নি পোলার্ডের। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) থেকে তার দল ত্রিনবাগো নাইট রাইডার্স দ্রুত বিদায় নেওয়ায় থেমে যান ১৪৯৯৯ রানে।
পোলার্ডের থেমে যাওয়ার ফলে রেকর্ড গড়ার সুযোগটি আসে জস বাটলারের সামনে। ইংল্যান্ডের ওপেনার সদ্ব্যবহার করতে ভুল করেননি। গতকাল রাতে বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে ১৫ হাজার রানের মালিক হয়েছেন তিনি।
রেকর্ডটি গড়তে বাটলারের প্রয়োজন ছিল ৩০ রান। কাঁটায় কাঁটায় সেই রানই করেন উইকেটরক্ষক-ব্যাটার। ইতিহাস গড়তে তিনি ৫২৮টি ম্যাচ খেলেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজ জয়ের পথে ৩০ রানের ইনিংসটি সাজান ১৮৭.৫০ স্ট্রাইকরেটে। দ্বিতীয় টি-টোয়েন্টির ইনিংসে ১ ছক্কার বিপরীতে ৪টি চার মারেন।
নামের পাশে রান সংখ্যা যে এখানে থেমে থাকবে সেটা আর না বললেও চলে। কেননা তিনি এখনো কয়েক বছর শুধু জাতীয় দলেই খেলে যেতে পারবেন। ফ্র্যাঞ্চাইজি লিগ তো আছেই। বর্তমানে বাটলারের বয়স ৩৬।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে জার্মানি যাওয়ার পথে ঢাকায় স্বল্প সময়ের জন্য যাত্রা বিরতি দিয়েছেন। তিনি শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) ড. আবদুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বিমানবন্দরে তাকে স্বাগত জানান। এই তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রী প্রায় পৌনে এক ঘণ্টা অবস্থান করবেন। এরপর তিনি একটি চার্টার্ড ফ্লাইটে জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
তার এই সংক্ষিপ্ত যাত্রা বিরতিতে কোনো আনুষ্ঠানিক কর্মসূচি রাখা হয়নি বলে জানা গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় চিত্রনায়ক মরতুজা পলাশের গ্রেপ্তারের খবর সামনে এসেছে। ২৮ আগস্ট, ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে, যখন তিনি নেপাল থেকে দেশে ফিরছিলেন। পলাশ বর্তমানে মামলার এজাহারনামীয় আসামি হিসেবে কারাগারে রয়েছেন।
সূত্র জানায়, নেপালে অপু বিশ্বাস অভিনীত ‘শিকার’ সিনেমার শুটিংয়ে অংশগ্রহণ করেছিলেন পলাশ। সিনেমাটির ২৫ দিনের বেশি শুটিং শেষ হওয়ার পর আকস্মিক বন্যার কারণে ২৮ আগস্ট দেশে ফেরে পুরো দল। সেদিনই বিমানবন্দর থেকে পলাশকে গ্রেপ্তার করা হয়। তবে তাঁর গ্রেপ্তারের বিষয়টি এতদিন প্রকাশ্যে আসেনি।
মামলা-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হত্যার মামলায় গ্রেপ্তারের পর পলাশকে রিমান্ডে নেওয়া হয়েছিল। রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলা-সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদে পলাশের কাছ থেকে পুলিশ সংশ্লিষ্ট ঘটনা ও মামলার অন্যান্য আসামিদের বিষয়ে কিছু তথ্য পেয়েছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, পলাশের কারাগারে থাকার কারণে তাঁর অভিনীত ‘শিকার’ সিনেমার বাকি কাজ অনিশ্চয়তার মধ্যে রয়েছে। নেপালে ছবিটির বেশির ভাগ দৃশ্যের শুটিং ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, কিন্তু এখনো কিছু দৃশ্য ও গানের শুটিং বাকি রয়েছে।
নির্মাতা কামরুজ্জামান রোমান আগামী অক্টোবরে বাকি অংশের দৃশ্যধারণের পরিকল্পনা করেছিলেন। কিন্তু নায়ক কারাগারে থাকায় শুটিংয়ের চূড়ান্ত সময়সূচি এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে কামরুজ্জামান রোমান গণমাধ্যমকে জানান, ‘নেপালে “শিকার”–এর বেশির ভাগ অংশের শুটিং শেষ হয়েছে। অক্টোবরে বাকি কাজ করার পরিকল্পনা ছিল। কিন্তু নায়ক কারাগারে থাকায় এখনো চূড়ান্ত শিডিউল করা যাচ্ছে না। মরতুজা পলাশ আইনিভাবে বিষয়টি মোকাবিলা করছেন। প্রযোজনা প্রতিষ্ঠান আশা করছে, তিনি শিগগিরই মুক্তি পাবেন। তা না হলে অপেক্ষা করা ছাড়া আমাদের কোনো উপায় নেই।’
সীমান্তবর্তী এলাকার গল্প নিয়ে নির্মিত হচ্ছে থ্রিলার ঘরানার সিনেমা ‘শিকার’। আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে ছবিটিতে মরতুজা পলাশ ও অপু বিশ্বাসের পাশাপাশি অভিনয় করছেন মাহমুদুল ইসলাম মিঠু, সুমন আনোয়ার এবং পশ্চিমবঙ্গের খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত ও শ্যাম ভট্টাচার্য।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আগামীকাল শনিবার জাপানের নাগোয়া শহরের মিজুহোপার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হতে যাচ্ছে ২০তম এশিয়ান গেমস ২০২৬। এই টুর্নামেন্ট চলবে আগামী ৪ অক্টোবর পর্যন্ত। ক্রীড়াবিদদের পারফরম্যান্স কেমন হবে, এবং টুর্নামেন্টের গুণগত মান কেমন হবে, তা এখনই বলা সম্ভব নয়। তবে এবারের এশিয়ান গেমসের অব্যবস্থাপনা নিয়ে আলোচনা চলছে।
ভারতীয় দল নাগোয়ায় পৌঁছানোর পর থেকেই আবাসন ব্যবস্থা নিয়ে এক চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। তবে বৃহস্পতিবার রাতের একটি ঘটনা বিশৃঙ্খলার সকল সীমা ছাড়িয়ে যায়। ভারতের নারী জিমন্যাস্ট প্রণতি নায়েক এবং তার কোচ অশোক মিশ্র যখন তাদের জন্য নির্ধারিত আবাসনে চেক-ইন করতে যান, তখন তারা একটি অদ্ভুত লজিস্টিক চ্যালেঞ্জের মুখোমুখি হন।
আয়োজকরা তাদের জানান, ক্রুজ শিপে তাদের দুজনের জন্য একই রুম বরাদ্দ করা হয়েছে। অ্যাথলেট এবং সহকারী কর্মীদের মধ্যে এই ধরণের মিশ্র-লিঙ্গের আবাসন ব্যবস্থা নিয়ে অসন্তুষ্ট হয়ে তারা অবিলম্বে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানান।
স্থানীয় আয়োজক এবং দলের কর্মকর্তাদের সাথে ক্রমাগত যোগাযোগের চেষ্টা করা সত্ত্বেও ঘণ্টার পর ঘণ্টা পরিস্থিতি অমীমাংসিতই থেকে যায়। শেষ পর্যন্ত ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন-এর জরুরি হস্তক্ষেপের পর রাত প্রায় দেড়টায় বিকল্প ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।
তবে বিশৃঙ্খলার এখানেই শেষ ছিল না। অশোক মিশ্র যখন অবশেষে তার আলাদা রুমের চাবি সংগ্রহ করতে যান, তখন হোটেল কর্মীরা তাকে জানান যে রেজিস্ট্রারে তাঁর বুকিং খুঁজে পাওয়া যাচ্ছে না। এর কারণ ছিল অফিসিয়াল কাগজপত্রের একটি ছোটখাটো প্রশাসনিক ভুল। সিস্টেমে তাঁর নামের রেকর্ড থেকে একটি অক্ষর বাদ পড়ে গিয়েছিল। এই করণিক ভুল সংশোধন এবং তার অ্যাক্রেডিটেশন যাচাই করতে আরো ৪৫ মিনিট সময় লেগে যায়, যার ফলে কোচের রুমে গিয়ে বিশ্রাম নিতে রাত ২টা পেরিয়ে যায়।
এনডিটিভির পক্ষ থেকে জানতে চাওয়া হলে প্রণতি নায়েক নিশ্চিত করে বলেন, ‘হ্যাঁ, আবাসন নিয়ে একটা গোলমাল হয়েছিল। রাত ২টার দিকে এটার সমাধান হয়।’ ভারতীয় দল জাপানে পৌঁছানোর পর থেকেই আবাসন সংক্রান্ত বেশ কিছু সমস্যার কথা সামনে এসেছে। অনেক অ্যাথলেটকে রুম পাওয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে।
এ ছাড়া প্রশিক্ষণ এবং খাবার পাওয়ার ক্ষেত্রেও সমস্যা দেখা দিয়েছে। জানা গেছে, ভারতীয় কবাডি দলের সদস্যরাও পৌঁছানোর পর একই ধরণের হোটেল গোলমাল এবং দেরিতে চেক-ইনের সম্মুখীন হয়েছিলেন, যা দলের আগমন পর্বের সময় ব্যাপক প্রশাসনিক ও সমন্বয়হীনতার আরেকটি চিত্র তুলে ধরে।
খেলাধুলা শুরু হতে চলায় অ্যাথলেট এবং সহকারী কর্মীরা আশা করছেন, মাঠের বাইরের এই প্রশাসনিক জটিলতাগুলো এখন কেটে যাবে, যাতে তারা পুরোপুরি পারফরম্যান্সের দিকে মনোযোগ দিতে পারেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ