০৯:৫০ পি.এম
নেত্রকোণার পূর্বধলা উপজেলায় অ্যাসিড নিক্ষেপের ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন। এই ঘটনায় অ্যাসিড অপরাধ দমন আইনে মামলা করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) এক ভুক্তভোগীর মা বাদী হয়ে পূর্বধলা থানায় অ্যাসিড অপরাধ দমন আইনে মামলাটি দায়ের করেন।
মামলায় আসামি করা হয়েছে উপজেলার নিজামপুর গ্রামের বাসিন্দা দুই ভাই মো শামীম মিয়া (১৮) ও মো. সাগর মিয়াকে (২১)।
আরও পড়ুন: কাউখালীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ফার্মেসিকে জরিমানা, পুড়িয়ে ধ্বংস
আহতদের মধ্যে রয়েছেন - উপজেলার নারান্দিয়া ইউনিয়নের ইয়ারন গ্রামের মফিজ উদ্দিনের ছেলে শাকিল (১৮), তুলাবাইদ গ্রামের মৃত সমেশ আলীর ছেলে মো. সিরাজ মিয়া (৪৫) এবং একই ইউনিয়নের মৃত বিপিনের ছেলে গৌরাঙ্গ (৬০)।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ জুলাই উপজেলার শাহবাজপুর বাজারে অবস্থানকালীন শামীম শাকিলের কাছে বিড়ি চান। এ সময় শাকিল ক্ষুব্ধ হয়ে কথা কাটাকটির এক পর্যায়ে শামীমকে চড় মারেন। এই ঘটনার প্রেক্ষিতে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন তাদের সরিয়ে দিলে উভয় পক্ষ ঘটনাস্থল ত্যাগ করে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, ঘটনার কিছুক্ষণ পরে শাকিল শাহবাজপুর বাজারে সাগর জুয়েলার্সের পাশে এক কাপড়ের দোকানে অবস্থান করছিলেন। তখন অভিযুক্ত শামিম নিজেদের জুয়েলারি দোকানে ব্যবহৃত অ্যাসিড একটি গ্লাসে এনে শাকিলের ওপর নিক্ষেপ করেন। এর ফলে শাকিলের মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। এই অবস্থায় দোকানে উপস্থিত সিরাজ মিয়া ও গৌরাঙ্গও এসিডে দগ্ধ হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। পরে শাকিলের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন: আইফোনের লোভে বন্ধুকে হত্যা, নবীগঞ্জে গ্রেপ্তার সাহেল মিয়া
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করে বলেন, চিকিৎসাধীন শাকিলের মা থানায় আবেদনের মাধ্যমে অ্যাসিড অপরাধ দমন আইনে মামলা করেছেন। মামলায় শামীম ও সাগরকে আসামি করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন