ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

রাবিতে পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশনের প্রতিনিধিদল, উচ্চশিক্ষা নিয়ে মতবিনিময়


রাবিতে পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশনের প্রতিনিধিদল, উচ্চশিক্ষা নিয়ে মতবিনিময়

পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডর কর্মসূচির আওতায় পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশনের (এইচইসি) মহাপরিচালক (আইন) ও এডুকেশনাল টেস্টিং কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারিক ইকবালের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সফর করেছে।
সফরকালে প্রতিনিধিদলটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ ফরিদুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করে। এ সময় তারা পাকিস্তানে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ-সুবিধা এবং এ লক্ষ্যে চলমান বিভিন্ন কর্মসূচি সম্পর্কে উপাচার্যকে অবহিত করেন। উপাচার্য এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দুই দেশের উচ্চশিক্ষা ও একাডেমিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোঃ আব্দুল আলিম, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান, অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক মুহাম্মদ সাজ্জাদুর রহিম, ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক অধ্যাপক মোঃ নূরুল মোমেন, প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন এবং পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের অধ্যাপক মোঃ নুরুজ্জামান হকসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এদিকে, পাকিস্তান সরকারের আল্লামা ইকবাল স্কলারশিপ কর্মসূচির আওতায় রাজশাহী অঞ্চলের আগ্রহী শিক্ষার্থীদের বাছাইয়ের জন্য প্রাক-নির্বাচনী পরীক্ষাও অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত এ পরীক্ষায় প্রায় ৪০০ নিবন্ধিত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ বৃহস্পতিবার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫৭ পি.এম


প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ বৃহস্পতিবার

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আগামী বৃহস্পতিবার প্রকাশিত হবে। ফল প্রকাশের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী, উক্ত দিন সকাল ১০টার দিকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের প্রশাসন বিভাগের উপপরিচালক (সংস্থাপন) এ এস এম সিরাজুদ্দোহা।

তিনি বলেন, পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আগামী বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে বৃত্তির ফল ঘোষণা করা হবে। এদিকের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এবারে মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পাবে। তাদের মধ্যে ৬৬ হাজার বৃত্তি বরাদ্দ করা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এবং ১৬ হাজার ৫০০টি বৃত্তি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য। অংশগ্রহণকারী শিক্ষার্থীর অনুপাতে, সরকারি বিদ্যালয়ে প্রতি আটজনের মধ্যে একজন এবং বেসরকারি বিদ্যালয়ে প্রায় সাড়ে পাঁচজনের মধ্যে একজন শিক্ষার্থী বৃত্তি পাওয়ার সুযোগ পাবে।

দুই ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করা হবে। ট্যালেন্টপুলে (মেধাবৃত্তি) ৩৩ হাজার এবং সাধারণ কোটায় ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পাবে।

বর্তমান নিয়ম অনুযায়ী, ট্যালেন্টপুলে নির্বাচিত শিক্ষার্থীরা মাসে ৩০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে ২২৫ টাকা করে পাবেন। এছাড়া, উভয় শ্রেণির শিক্ষার্থী বছরে এককালীন ২২৫ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। পঞ্চম শ্রেণি উত্তীর্ণ হওয়ার পরবর্তী দুই বছর তারা এই সুবিধা ভোগ করতে পারবেন।

ফল প্রকাশের পর শিক্ষার্থী ও অভিভাবকেরা অনলাইনে এবং মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন। অনলাইনে আইপিইএমআইএস পোর্টালে ফল প্রকাশিত হবে। এসএমএসের মাধ্যমে ফল জানার পদ্ধতি পরে জানিয়ে দেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
নির্বাচন কমিশনার মাছউদ

জুলাই মাসের মধ্যে স্থানীয় নির্বাচনের বিধিমালা চূড়ান্ত হতে পারে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫৮ পি.এম


জুলাই মাসের মধ্যে স্থানীয় নির্বাচনের বিধিমালা চূড়ান্ত হতে পারে

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চলতি জুলাই মাসের মধ্যে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, নির্বাচনী আচরণ বিধিমালা ও নির্বাচন বিধিমালা চূড়ান্ত হতে পারে।

মঙ্গলবার (৭ জুলাই) তিনি নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই বিষয়টি জানান।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ উল্লেখ করেন, ‘নির্বাচনী আচরণ বিধিমালার খসড়া আমরা ওয়েবসাইটে প্রকাশ করে মতামত চেয়েছি। এ ছাড়া দলগুলোকে মতামত দেওয়ার জন্য চিঠি দিয়েছি। কয়েকটি দল মতামত জানিয়েছে। আমরা বিষয়টি আলোচনা করে চূড়ান্ত করে ফেলব।’

তিনি আরও জানান, নির্বাচন বিধিমালা নিয়েও কাজ চলছে। এটাও জুলাইয়ের মধ্যেই চূড়ান্ত করা হতে পারে।

ইসির তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরের আগে ২৮৯টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২০২১-২২ অর্থবছরে ৩ হাজার ৯৮১টি, ২০২২-২৩ অর্থবছরে ১১০টি এবং ২০২৩-২৪ অর্থবছরে ৯২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

মামলা, সীমানা জটিলতা ও নানা কারণে ১০৮টি ইউনিয়ন পরিষদের দীর্ঘদিন নির্বাচন হয়নি। দেশে মোট ইউনিয়ন পরিষদের সংখ্যা ৪ হাজার ৫৮০টি। এর মধ্যে চলতি বছরেই ৩ হাজার ৯৮১টি নির্বাচন উপযোগী হবে। বাকিগুলো ২০২৭ ও ২০২৮ সালের দিকে নির্বাচন উপযোগী হবে।

দেশের মোট ৩৩০টি পৌরসভার মধ্যে নির্বাচন উপযোগী ৩২০টি। আইনি জটিলতার কারণে ১০টি পৌরসভা নির্বাচন উপযোগী নয়।

উপজেলা পরিষদের রোডম্যাপ জানায়, নতুন ৫টি উপজেলাসহ দেশে মোট উপজেলা ৫০০টি। নির্বাচিত প্রতিনিধি না থাকায় সব উপজেলাই নির্বাচন উপযোগী। নতুন উপজেলাগুলো হলো বগুড়ার শিবগঞ্জ উপজেলা ভাগ করে ‘মোকামতলা’, কক্সবাজারের চকরিয়া উপজেলা ভাগ করে ‘মাতামুহুরী’, ঠাকুরগাঁও সদর উপজেলা ভাগ করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ এবং লক্ষ্মীপুর সদর উপজেলা ভাগ করে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা।

নতুন সিটি করপোরেশন বগুড়াসহ ১৩টি সিটি করপোরেশনের কোনোটিতেই নির্বাচিত প্রতিনিধি না থাকায় সবগুলো নির্বাচন উপযোগী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন কুঁড়ির জাতীয় পর্যায়ের খেলা শুরু ১৮ জুলাই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

১০:০৩ পি.এম


নতুন কুঁড়ির জাতীয় পর্যায়ের খেলা শুরু ১৮ জুলাই

দেশব্যাপী উদীয়মান ও প্রতিভাবান খুদে খেলোয়াড় বাছাইয়ের বৃহৎ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর জাতীয় পর্যায়ের চূড়ান্ত আসর আগামী ১৮ জুলাই শুরু হতে যাচ্ছে।

এবং এবার প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী আগামী ২৭ জুলাই আর্মি স্টেডিয়ামে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন কুঁড়ি স্পোর্টস থেকে উঠে আসা প্রতিভাবান খেলোয়াড়দের ক্যারিয়ার গঠনে সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে। প্রধানমন্ত্রী নিজেই এই খুদে ও তরুণ অ্যাথলেটদের জন্য উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন।

এর অংশ হিসেবে, বাছাইকৃতদের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানসহ (বিকেএসপি) দেশের বিভিন্ন স্বনামধন্য ক্রীড়া প্রতিষ্ঠানে আধুনিক ট্রেনিংয়ের সুযোগ করে দেওয়া হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, জাতীয় পর্যায়ে নির্বাচিত সেরা খেলোয়াড়দের জন্য দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে, যেন এটি তাদের পেশাদার অ্যাথলেট হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। এই কর্মসূচির মাধ্যমে প্রতিভাবানদের বিকেএসপিতে সরাসরি ভর্তির সুযোগও তৈরি করে দেওয়া হবে।

এবারের আসরে মোট আটটি ইভেন্টের খেলা ঢাকার বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এই ভেন্যুগুলো হলো মিরপুর ইনডোর স্টেডিয়াম, মিরপুর সুইমিংপুল, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং আর্মি স্টেডিয়াম।

যদিও মাঠের লড়াই ১৮ জুলাই থেকে শুরু হবে, তবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হবে ২১ জুলাই। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় পর্যায়ের অনুষ্ঠানের উদ্বোধনে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার সুযোগ পেলেন মেরিন, কাটেনি আইনি জটিলতা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

১০:০৪ পি.এম


প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার সুযোগ পেলেন মেরিন, কাটেনি আইনি জটিলতা

য় ইউনিয়নের (ইইউ) তহবিল আত্মসাতের মামলায় ফ্রান্সের কট্টর ডানপন্থী নেতা মেরিন লে পেনের দণ্ড আদালত বহাল রেখেছে। আপিল আদালতের রায়ের ফলে ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার পথ পুরোপুরি বন্ধ হয়নি তার।

তবে এখন নজরদারির মধ্যে থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হবে এই কট্টর ডানপন্থী নেতাকে।

আদালতের তথ্য অনুযায়ী মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, আত্মসাৎ করা সরকারি অর্থের পরিমাণ ছিল ২৮ লাখ ইউরো (প্রায় ৩২ লাখ মার্কিন ডলার)। এর জন্য তাকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হলেও এর মধ্যে দুই বছরের সাজা স্থগিত রাখা হয়েছে। বাকি এক বছর তাকে ইলেকট্রনিক গোড়ালির ট্র্যাকার (অ্যাঙ্কেল মনিটর) পরে গৃহবন্দি অবস্থায় কাটাতে হবে।

এ ছাড়া আদালত তার নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞার মেয়াদও কার্যত কমিয়ে দিয়েছে। ৪৫ মাসের নিষেধাজ্ঞার মধ্যে ৩০ মাস স্থগিত থাকায় কার্যকর নিষেধাজ্ঞা থাকবে ১৫ মাস। একই সঙ্গে তাকে এক লাখ ইউরো জরিমানাও করা হয়েছে।

এই রায়ের ফলে লে পেন ২০২৭ সালের ফরাসি প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে পারবেন।

কিন্তু নির্বাচনী প্রচারণার সময় ইলেকট্রনিক অ্যাঙ্কেল মনিটর পরতে হলে তা তার চলাফেরা ও প্রচারণায় বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করতে পারে।

এদিকে নির্বাচনের প্রথম দফা ভোট হবে ২০২৭ সালের এপ্রিল মাসে এবং দ্বিতীয় দফা মে মাসে।

এর আগে লে পেন বলেছিলেন, যদি তাকে ইলেকট্রনিক নজরদারির ট্যাগ পরে থাকতে হয়, তাহলে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না।

গত সপ্তাহে ফরাসি সংবাদমাধ্যম এলসিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রেসিডেন্ট পদপ্রার্থী হলে অবাধে চলাফেরা করার স্বাধীনতা থাকতে হয়। কিন্তু ইলেকট্রনিক নজরদারি ব্রেসলেট পরা অবস্থায় তা সম্ভব নয়।

তবে ২০২৭ সালের জানুয়ারিতে তিনি আদালতের কাছে সাজা কমানোর আবেদন করতে পারবেন বলে জানা গেছে।

এদিকে সিরিয়া সফররত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখো এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘গণতন্ত্রের জন্য সবচেয়ে স্বাস্থ্যকর বিষয় হলো—রাষ্ট্রপতি আদালতের রায়ের ওপর কোনো মন্তব্য না করা।’

প্রসঙ্গত, মঙ্গলবার একই মামলায় ইউরোপীয় পার্লামেন্টের আরো চারজন ন্যাশনাল র‍্যালি (আরএন) রাজনীতিকও সরকারি অর্থ আত্মসাতের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। অন্য কয়েকজন আসামিকে আত্মসাতে সহযোগিতা বা আত্মসাৎ করা সম্পদ গ্রহণের অভিযোগেও দোষী সাব্যস্ত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%