ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

হুথিদের বিরুদ্ধে ৮৫৪ হামলা, ১৯৩ জন নিহত-আহত


হুথিদের বিরুদ্ধে ৮৫৪ হামলা, ১৯৩ জন নিহত-আহত

ইয়েমেনের বিভিন্ন রণাঙ্গনে হুথিদের বিরুদ্ধে ৮৫৪টি হামলা চালানোর দাবি করেছে দেশটির পশ্চিমা সমর্থিত সরকারের সেনাবাহিনী। এই হামলাগুলোর ফলে ১৯৩ জন হুথি নেতা ও যোদ্ধা হতাহত হয়েছেন। একই সঙ্গে, ৮১টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সেনাবাহিনীর মুখপাত্র মেজর মাজেদ আল-নাজিলি এই তথ্য জানান। তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে পপুলার রেজিস্ট্যান্সের সহযোগিতায় সরকারি বাহিনী এসব অভিযান পরিচালনা করেছে।

আল-নাজিলি জানান, অভিযানে ৩১টি বিমান হামলা, ৬৮৭টি গোলাবর্ষণ, ৯১টি ড্রোন হামলা এবং রকেট লঞ্চারের মাধ্যমে ৪৫টি হামলা চালানো হয়েছে।

আরও পড়ুন: মেয়র মামদানি রাইকার্স আইল্যান্ড কারাগার বন্ধের পরিকল্পনা ঘোষণা

এই হামলাগুলোর লক্ষ্য ছিল হুথিদের অবস্থান, সমাবেশস্থল ও সামরিক স্থাপনা। এতে মাঠপর্যায়ের ১৯৩ জন কমান্ডার ও যোদ্ধা হতাহত হয়েছেন বলে তিনি দাবি করেন।

এছাড়া, ৮১টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় হুথিদের কমান্ড ও নিয়ন্ত্রণকেন্দ্র, পর্যবেক্ষণ চৌকি এবং প্রতিরক্ষা স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সেনাবাহিনীর মুখপাত্র জানান।

তিনি আরো বলেন, আল-জাওফ, মারিব, তাইজ ও দক্ষিণাঞ্চলীয় রণাঙ্গনে হুথিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এসব অভিযানে গোষ্ঠীটির চলাচল এবং হামলার উৎসগুলো লক্ষ্যবস্তু করা হচ্ছে।

তবে হতাহতসংক্রান্ত এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ইরানের তেল ব্যবসায়ীদের বিরুদ্ধে

এদিকে শুক্রবার পশ্চিম ইয়েমেনের হুদাইদা বন্দরের বিভিন্ন স্থাপনা এবং রাজধানী সানায় হুথিদের সামরিক কার্যক্রমে ব্যবহৃত কয়েকটি স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হামলার কথাও জানিয়েছেন সেনাবাহিনী।

২০১৪ সালের সেপ্টেম্বরে হুথিরা রাজধানী সানা ও বেশ কয়েকটি প্রদেশ দখল করে নেওয়ার পর থেকে ইয়েমেনে সংঘাত চলছে। এর পরিপ্রেক্ষিতে পশ্চিমা সমর্থিত ইয়েমেন সরকারকে সমর্থন জানিয়ে ২০১৫ সালের মার্চে দেশটিতে সামরিক হস্তক্ষেপ করে সৌদি নেতৃত্বাধীন জোট।

সূত্র: আনাদোলু

আরএ

আরও পড়ুন: নড়াইলের বেন্দারচরে হিন্দু বসতি নেই, হামলার গুজব ছড়াচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগ: পুলিশ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঋতুপর্ণার গাড়ি দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে, অল্পের জন্য রক্ষা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০২:২৬ পি.এম


ঋতুপর্ণার গাড়ি দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে, অল্পের জন্য রক্ষা

ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। দুর্ঘটনার ফলে তার পার্ক করা গাড়ির পেছনের বাঁ পাশের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সৌভাগ্যক্রমে অভিনেত্রী নিরাপদে রয়েছেন।

এই দুর্ঘটনা বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ঘটে, অভিনেত্রীর বাড়ির সামনে।

ঘটনার বিস্তারিত জানিয়ে ভারতীয় একটি গণমাধ্যমকে ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, দুর্ঘটনার সময় তিনি বাড়ির ভেতরে ছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনে তিনি বাড়ির কর্মীদের সঙ্গে বাইরে এসে দেখেন, একটি ম্যাটাডোর তার পার্ক করা গাড়িতে সজোরে ধাক্কা দিয়েছে। এতে তার গাড়ির পাশাপাশি এক বন্ধুর গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অভিনেত্রী বলেন, "দুর্ঘটনার সময় সেখানে কোনো মানুষ উপস্থিত থাকলে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারত।"

দুর্ঘটনার পরপরই ম্যাটাডোরের চালককে আটক করা হয়। চালক যেন পালিয়ে যেতে না পারেন, সে জন্য গাড়ির চাবিও নিয়ে নেওয়া হয়। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই ব্যক্তি গাড়িটির অনুমোদিত চালক নন। তিনি একটি ক্যাটারিং সার্ভিসের কর্মী।

ঋতুপর্ণা জানান, চালক নিজেই স্বীকার করেছেন যে, তার বৈধ ড্রাইভিং লাইসেন্স নেই এবং কোনো অনুমতি ছাড়াই তিনি গাড়িটি চালাচ্ছিলেন।

এ ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করে অভিনেত্রী বলেন, "এ ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণ যেকোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে। তাই সড়কে গাড়ি চালানোর ক্ষেত্রে প্রত্যেকেরই দায়িত্বশীল হওয়া জরুরি।"

উল্লেখ্য, দুর্ঘটনায় গাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও অক্ষত রয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন ম্যাকোলে কালকিন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০২:২৭ পি.এম


‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন ম্যাকোলে কালকিন

জনপ্রিয় ক্রিসমাস কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হোম অ্যালন’-এর নতুন সিক্যুয়ালে ফিরছেন অভিনেতা ম্যাকোলে কালকিন। সিনেমাটির নির্মাণকাজ বর্তমানে ডিজনির তত্ত্বাবধানে প্রাথমিক পর্যায়ে রয়েছে। এতে কালকিনের সঙ্গে কাজ করবেন চলচ্চিত্র নির্মাতা সেথ রোগেন ও ইভান গোল্ডবার্গ।

নতুন সিনেমাটির চিত্রনাট্য যৌথভাবে লিখছেন ম্যাকোলে কালকিন, সেথ রোগেন ও ইভান গোল্ডবার্গ। রোগেন ও গোল্ডবার্গ তাদের প্রযোজনা সংস্থা ‘পয়েন্ট গ্রে’-এর মাধ্যমে সিনেমাটি প্রযোজনার কাজও করবেন।

তবে সিনেমাটির গল্প বা অন্যান্য অভিনয়শিল্পী সম্পর্কে এখনও কোনো তথ্য প্রকাশ করা হয়নি। নির্মাণকাজ শুরু হতে কিছুটা সময় লাগতে পারে। কারণ, রোগেন ও গোল্ডবার্গ বর্তমানে ইউনিভার্সালের জন্য একটি মৌলিক হরর-কমেডি সিনেমা তৈরির প্রস্তুতি নিচ্ছেন। সিনেমাটি তারা পরিচালনাও করতে পারেন।

১৯৯০ সালে মুক্তি পায় ‘হোম অ্যালন’ সিরিজের প্রথম সিনেমা। এতে কেভিন ম্যাকঅ্যালিস্টার চরিত্রে অভিনয় করেন ম্যাকোলে কালকিন। গল্পে দেখা যায়, বড়দিনের ছুটিতে পরিবারের সবাই বেড়াতে গেলে ভুল করে বাড়িতে একা থেকে যায় ছোট্ট কেভিন। প্রথমে একা থাকার স্বাধীনতা উপভোগ করলেও পরে দুই চোরের হাত থেকে নিজের বাড়ি রক্ষার লড়াইয়ে নামে সে। চোর দুটির চরিত্রে অভিনয় করেন জো পেসি ও ড্যানিয়েল স্টার্ন।

ক্রিস কলম্বাস পরিচালিত সিনেমাটির চিত্রনাট্য লিখেছিলেন জন হিউজ। এতে আরো অভিনয় করেন ক্যাথরিন ও’হারা, জন হার্ড ও রবার্ট ব্লসম। দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পর ১৯৯২ সালে মুক্তি পায় এর দ্বিতীয় কিস্তি ‘হোম অ্যালোন ২: লস্ট ইন নিউ ইয়র্ক’। সেখানে আবারও কেভিন চরিত্রে দেখা যায় কালকিনকে। তবে এবার নিউইয়র্ক শহরে একা হয়ে যায় সে।

এরপর ১৯৯৭ সালে মুক্তি পায় ‘হোম অ্যালন ৩’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেন অ্যালেক্স ডি. লিনজ। ভ্যারাইটির তথ্য অনুযায়ী, পরে ফ্র্যাঞ্চাইজিটির আরো তিনটি সিনেমা মুক্তি পায়। এর মধ্যে দুটি টেলিভিশন চলচ্চিত্র এবং ২০২১ সালে ডিজনি প্লাসে মুক্তি পাওয়া ‘হোম সুইট হোম অ্যালন’ রয়েছে।

গত গ্রীষ্মে ক্রিসমাসভিত্তিক ম্যাকডোনাল্ডসের একটি বিজ্ঞাপনে প্রাপ্তবয়স্ক কেভিন চরিত্রে কালকিনকে দেখা যাওয়ার পর ফ্র্যাঞ্চাইজিতে তার ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়। নতুন সিক্যুয়ালের খবরে সেই আলোচনা আরো জোরালো হলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রূপপুরের অন-সাইট জরুরি প্রস্তুতিতে ঘাটতি পায়নি আইএইএ, জাতীয় সমন্বয় জোরদারের সুপারিশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০২:২৭ পি.এম


রূপপুরের অন-সাইট জরুরি প্রস্তুতিতে ঘাটতি পায়নি আইএইএ, জাতীয় সমন্বয় জোরদারের সুপারিশ

বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি ও অবকাঠামোর ইতিবাচক দিক আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) ১০ দিনব্যাপী Emergency Preparedness Review (EPREV) মিশনে কেন্দ্রটির নিজস্ব জরুরি সাড়াদান ব্যবস্থা, বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র এবং আধুনিক অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ অবকাঠামোকে শক্তিশালী দিক হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রকল্পসংশ্লিষ্টরা জানিয়েছেন, আইএইএর প্রকাশিত মূল্যায়নে রূপপুরের অন-সাইট জরুরি ব্যবস্থাপনায় কোনো নির্দিষ্ট ঘাটতি বা সংশোধনমূলক পদক্ষেপের সুপারিশ করা হয়নি।

এ পর্যালোচনা গত ৮ থেকে ১৮ নভেম্বর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। ১৮ নভেম্বর প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে আইএইএ দেশের জরুরি প্রস্তুতির ইতিবাচক দিক তুলে ধরার পাশাপাশি জাতীয় পর্যায়ে সমন্বয় আরও জোরদারের সুপারিশ করেছে।

আইএইএর বিশেষজ্ঞ দল বাংলাদেশের জরুরি প্রস্তুতি ও সাড়াদান কাঠামোর দুটি উল্লেখযোগ্য শক্তিশালী দিক চিহ্নিত করেছে। প্রথমত, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের অভিজ্ঞতা ভিত্তিক সুপ্রতিষ্ঠিত ব্যবস্থা, যা পারমাণবিক ও তেজস্ক্রিয়তাজনিত জরুরি পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত কার্যক্রমের ভিত্তি হিসেবে কাজ করতে পারে।

দ্বিতীয়ত, রূপপুরের নিজস্ব জরুরি সাড়াদান সক্ষমতা। বিশেষজ্ঞ দল কেন্দ্রের চিকিৎসাসেবা ও মনস্তাত্ত্বিক সহায়তাসম্পন্ন চিকিৎসাকেন্দ্র এবং অগ্নিনির্বাপণ কর্মীদের বাস্তব পরিস্থিতিতে প্রশিক্ষণের জন্য নির্মিত আধুনিক ফায়ার স্টেশন সিমুলেটরকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেছে। এসব অবকাঠামো জরুরি প্রস্তুতি, প্রশিক্ষণ ও নিয়মিত পুনঃপ্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান শনিবার (২১ নভেম্বর) মন্তব্য করেন, আইএইএর মূল্যায়ন বুঝতে অন-সাইট ও অফ-সাইট জরুরি ব্যবস্থাপনার পার্থক্য বিবেচনা করা জরুরি। অন-সাইট ব্যবস্থাপনা কেন্দ্রের নিজস্ব জরুরি সাড়াদান, দুর্ঘটনা মোকাবিলা, অগ্নিনির্বাপণ, চিকিৎসাসেবা ও কর্মীদের সুরক্ষার সঙ্গে সম্পৃক্ত। অন্যদিকে, অফ-সাইট ব্যবস্থাপনা জাতীয় ও স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, উদ্ধারকারী সংস্থা এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের সমন্বিত কার্যক্রমের ওপর নির্ভরশীল।

তিনি জানান, আইএইএর সুপারিশের মূল লক্ষ্য জাতীয় জরুরি প্রস্তুতি ও সাড়াদান কাঠামোকে আরও সমন্বিত করা। বিশেষ করে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়, দায়িত্ব বণ্টন এবং সমন্বিত কমান্ড ও নিয়ন্ত্রণব্যবস্থা শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

ড. জাহেদুল হাসান বলেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতি শুধুমাত্র একটি প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল নয়; কেন্দ্রের নিজস্ব প্রস্তুতির পাশাপাশি জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত সক্ষমতাও গুরুত্বপূর্ণ। রূপপুরের জরুরি সাড়াদান ব্যবস্থা, বিশেষায়িত চিকিৎসাসেবা ও অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ অবকাঠামো আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলের মূল্যায়নে শক্তিশালী দিক হিসেবে চিহ্নিত হওয়া তাৎপর্যপূর্ণ। জাতীয় পর্যায়ে সমন্বয় জোরদারের সুপারিশকে কেন্দ্রের নিজস্ব ব্যবস্থাপনার দুর্বলতা হিসেবে ব্যাখ্যা করা ঠিক হবে না।

তিনি আরও বলেন, পারমাণবিক নিরাপত্তা একটি ধারাবাহিক প্রক্রিয়া। এনপিসিবিএল নিয়মিত প্রশিক্ষণ, জরুরি প্রস্তুতি যাচাই ও আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড অনুসরণের মাধ্যমে রূপপুরের সক্ষমতা আরও উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

পরমাণু বিশেষজ্ঞদের মতে, সুপারিশ মানেই বিদ্যমান ব্যবস্থায় ঘাটতি নয়। আন্তর্জাতিক নিরাপত্তা চর্চায় নিয়মিত পর্যালোচনা, প্রশিক্ষণ ও মহড়ার মাধ্যমে সক্ষমতা উন্নত করা স্বাভাবিক প্রক্রিয়া। কোনো ব্যবস্থা আরও শক্তিশালী করার সুপারিশ মানেই সেটি অনুপস্থিত বা অকার্যকর-এমন নয়।

আইএইএর মূল্যায়নে জাতীয় পর্যায়ে জরুরি প্রস্তুতি জোরদারের পাশাপাশি পূর্ণাঙ্গ জরুরি মহড়া ও মূল্যায়ন কর্মসূচির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর উদ্দেশ্য সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের প্রস্তুতি যাচাই এবং সমন্বিত সাড়াদান কার্যক্রম অনুশীলন করা। প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব সুপারিশকে রূপপুরের অন-সাইট ব্যবস্থাপনার নির্দিষ্ট ব্যর্থতা হিসেবে উল্লেখ করা হয়নি।

পর্যালোচনা দলের প্রধান মার্ক ব্রেইটিঙ্গার বলেন, বাংলাদেশ আইএইএর নিরাপত্তা মানদণ্ড অনুসারে পারমাণবিক ও তেজস্ক্রিয়তাজনিত জরুরি প্রস্তুতি ও সাড়াদান ব্যবস্থা শক্তিশালী করতে দৃঢ় অঙ্গীকার দেখিয়েছে। রূপপুরের কমিশনিং প্রস্তুতির অংশ হিসেবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর উন্মুক্ত ও গঠনমূলক মনোভাবও তিনি ইতিবাচকভাবে উল্লেখ করেন।

বায়েরা চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, রূপপুরের কার্যক্রম শুরুর প্রাক্কালে সর্বোচ্চ পারমাণবিক ও বিকিরণ নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশের প্রধান অগ্রাধিকার। আইএইএর মিশন দেশের প্রস্তুতি মূল্যায়ন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের সুযোগ তৈরি করেছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন জানান, আইএইএর সুপারিশ বাস্তবায়নে মন্ত্রণালয়, জরুরি সেবাদানকারী সংস্থা ও স্থানীয় প্রশাসনের দায়িত্ব নির্ধারণ করে কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে।

রূপপুরের কমিশনিং ও বাণিজ্যিক উৎপাদনের প্রস্তুতির গুরুত্বপূর্ণ সময়ে আইএইএর EPREV মিশন বাংলাদেশের জন্য তাৎপর্যপূর্ণ আন্তর্জাতিক মূল্যায়ন। এতে কেন্দ্রের নিজস্ব জরুরি সাড়াদান, চিকিৎসাসেবা ও অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ সক্ষমতার ইতিবাচক দিক উঠে এসেছে। পাশাপাশি জাতীয় পর্যায়ে সমন্বয় আরও শক্তিশালী করার দিকনির্দেশনা পাওয়া গেছে।

আইএইএর সুপারিশকে রূপপুরের নিরাপত্তাব্যবস্থার ব্যর্থতা হিসেবে না দেখে বিদ্যমান সক্ষমতার ভিত্তিতে জাতীয় সমন্বয় আরও সুসংহত করার সুযোগ হিসেবে বিবেচনা করাই যুক্তিযুক্ত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশুলিয়ায় শ্রমিকদের আন্দোলনে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০২:২৮ পি.এম


আশুলিয়ায় শ্রমিকদের আন্দোলনে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ

মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে আজও শিল্পাঞ্চল আশুলিয়ায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টার দিকে আশুলিয়ার জিরাবো-বিশমাইল সড়কের কাঠগড়া এলাকায় এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, মজুরি বৃদ্ধির আন্দোলনে একাত্মতা প্রকাশ করে কাঠগড়া এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করেন। একপর্যায়ে কারখানাগুলো ছুটি ঘোষণা করা হলে পৌনে ১১টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকরা। পুলিশ বাধা দিলে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।

এসপি মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, পরিস্থিতি এখন শান্ত ও স্বাভাবিক রয়েছে। কিছু উচ্ছৃঙ্খল শ্রমিক কাঠগড়া এলাকার চালু পোশাক কারখানাগুলোতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্প পুলিশ ও অন্যান্য বাহিনী মোতায়েন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%