০২:৪৬ পি.এম
ভোলা, ২১ নভেম্বর, ২০২৬ : ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ভোলার আকাশে ঘন কালো মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে এবং থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
জেলার মেঘনা, তেঁতুলিয়া, ইলিশা, কালাবাদর নদী ও বঙ্গোপসাগর স্বাভাবিকের তুলনায় উত্তাল থাকায় জেলার জনজীবন বিঘ্নিত হচ্ছে।
দিনমজুর, খেটে খাওয়া মানুষ ও নৌপথের যাত্রীদের মধ্যে সবচেয়ে বেশি বিপর্যয় দেখা দিয়েছে, কারণ তারা কাজে বের হতে পারছেন না।
আরও পড়ুন: নড়াইলের বেন্দারচরে হিন্দু বসতি নেই, এআই ছবি দিয়ে হামলার গুজব ছড়াচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগ: : পুলিশ
চরাঞ্চল ও বেড়িবাঁধের বাইরের ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। প্রশাসন মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিলেও জীবিকার তাগিদে অনেকেই ঝুঁকি নিয়ে নদীতে মাছ ধরতে নামছেন।
এছাড়া, এই অসময়ের বৃষ্টিতে আমন ধান ও শীতকালীন সবজির ক্ষেতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, যা কৃষকদের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে।
দুর্যোগের সম্ভাব্য ঝুঁকি এড়াতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কঠোর সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে, বলে জানিয়েছেন দপ্তরের ভোলা বন্দর কর্মকর্তা মামুন অর রশিদ।
তিনি বাসসকে জানান, নদী বন্দরে সংকেত জারি করা হয়েছে এবং মাছ ধরার সকল ট্রলার ও নৌযানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
আরও পড়ুন: গুরুতর অসুস্থ আ স ম আবদুর রব, দোয়া চাইলেন পরিবার
ভোলার আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক মো. মনিরুজ্জামান আজ বেলা ১২টায় বাসসকে জানান, প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’র প্রভাবে জেলার উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করছে।
আকাশ ঘন মেঘে আচ্ছন্ন রয়েছে এবং গত ২৪ ঘণ্টায় জেলায় ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এখনো জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর এবং সমুদ্র এলাকাগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এ অবস্থায় পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আরও পড়ুন: সরকার সিএমএসএমই খাতের অবদান ৫০ থেকে ৬০ শতাংশে উন্নীত করতে চায়: বাণিজ্যমন্ত্রী
মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবের কারণে ভোলার পার্শ্ববর্তী উপকূলীয় অন্যান্য জেলাগুলোর পরিস্থিতি একই রকম রয়েছে, বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এসব জেলার অধিকাংশ জেলেরা তাদের মাছধরা ট্রলারগুলোকে তীরে নিরাপদ দূরত্বে এনে বেঁধে রেখেছেন।
প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় তারা সকল প্রস্তুতি গ্রহণ করেছে এবং ঘূর্ণিঝড় পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
আরও পড়ুন: মীর শাহে আলম: দেশের বাইরে আমাদের কোনো ঠিকানা নেই
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ইতোমধ্যেই দুর্বল হয়ে গেছে।
আজ ভোর ৫টা থেকে দুপুর পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, পাবনা, টাঙ্গাইল, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-পশ্চিম বা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তরের সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে, আজ শনিবার সন্ধ্যা ছয়টার মধ্যে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
তবে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আরও পড়ুন: মরণব্যাধিতে আক্রান্ত শামীম ওসমান, চতুর্থ স্টেজে ক্যানসার হয়েছে তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন