বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং
০৯:০০ পি.এম
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আগামীকাল শুক্রবার (৯ অক্টোবর) ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সুপার সেল কার বাজারের’ আসর। টানা পঞ্চম সপ্তাহের দারুণ সাড়া পাওয়ার পর, এটি ষষ্ঠ সপ্তাহের মতো গাড়ি কেনা-বেচার এই আয়োজন অনুষ্ঠিত হচ্ছে।
ক্রেতারা এখানে তাদের পছন্দের গাড়িটি কিনতে সক্ষম হচ্ছেন। পাশাপাশি, নিজের ব্যবহৃত গাড়িও উপযুক্ত দামে বিক্রি করার সুযোগ রয়েছে।
গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই গাড়ি কেনা-বেচার আসর এখন থেকে নিয়মিতভাবে প্রতি শুক্রবার অনুষ্ঠিত হবে। ক্রেতারা এখানে কোনো ঝক্কিঝামেলা ছাড়াই পছন্দের বাইক কিংবা গাড়ি কিনতে পারছেন।
এছাড়া, প্রয়োজনে নিজের ব্যবহৃত বাইক কিংবা চার চাকার গাড়িও বিক্রি করা যাবে। ‘সুপার সেল কার বাজার’ উদ্বোধনী দিনেই অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে। অনেক ক্রেতার মতে, এই শহরের বহুবিধ ব্যস্ততার মধ্যে এমন আয়োজন নিঃসন্দেহে স্বস্তিজনক।
সুতরাং, ক্রেতাদের নিয়মিত স্বস্তি দিতে আগামীকাল শুক্রবার সকাল ১০টায় পূর্বঘোষণা অনুযায়ী ‘সুপার সেল কার বাজার’ অনুষ্ঠিত হবে।
নতুন, পুরাতন ও রিকন্ডিশন্ড গাড়ি, মোটরবাইক এবং ইউটিলিটি ভেহিকেলের বিশাল সমাহার থাকবে এই কার বাজারে।
উদ্যোক্তারা জানিয়েছেন, বাংলাদেশের অটোমোবাইল বাজারে ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে তাল মিলিয়ে নিয়মিত ও আধুনিক মার্কেটপ্লেসের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। ‘সুপার সেল কার বাজার’ সেই চাহিদা পূরণে একটি সময়োপযোগী উদ্যোগ। এর মাধ্যমে ক্রেতারা এক জায়গায় বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের যানবাহন সম্পর্কে জানার এবং তুলনা করার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি, বিক্রেতারাও সরাসরি সম্ভাব্য ক্রেতাদের কাছে পৌঁছাতে পারছেন।
‘সুপার সেল কার বাজার’ আয়োজন করছে উইজার্ড শোবিজ এবং ভেন্যু পার্টনার হিসেবে রয়েছে আইসিসিবি। এই আয়োজনে বিভিন্ন ব্র্যান্ড, ডিলারশিপ, আর্থিক প্রতিষ্ঠান ও অটোমোবাইল-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। পাশাপাশি, ব্যক্তি মালিকানাধীন নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি এবং মোটরসাইকেল বিশেষ ছাড়ে কেনাবেচার সুযোগও রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স মন্তব্য করেছেন, "জনগণের টাকায় জনগণের কল্যাণ নিশ্চিত করতে হবে।" তিনি উল্লেখ করেছেন, জেলা পরিষদের অর্থ জনগণের অর্থ। এই অর্থের সর্বোচ্চ স্বচ্ছ, সঠিক ও জনকল্যাণমূলক ব্যবহার নিশ্চিত করা আমাদের দায়িত্ব।
আজ মুক্তাগাছায় সরকারি সফরের অংশ হিসেবে জেলা পরিষদের অর্থায়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বরাদ্দের অর্থের প্রথম কিস্তির চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মুক্তাগাছা জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু।
প্রিন্স বলেন, "জনগণের টাকায় জনগণের কল্যাণ—এই নীতিকে সামনে রেখে ময়মনসিংহ জেলা পরিষদের কার্যক্রম কে আরও জনমুখী ও জবাবদিহিমূলক করা হচ্ছে।" তিনি আরও বলেন, উন্নয়ন প্রকল্প গ্রহণ থেকে বাস্তবায়ন পর্যন্ত প্রতিটি পর্যায়ে জনগণের প্রয়োজন ও অগ্রাধিকারকে গুরুত্ব দেওয়া হবে।
তিনি জোর দিয়ে বলেন, বরাদ্দের অর্থ সঠিকভাবে ব্যবহার হচ্ছে কি না, তা নিশ্চিত করা জরুরি। জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করা হবে।
অনুষ্ঠানে সংসদ সদস্য জাকির হোসেন বাবলু মুক্তাগাছার উন্নয়নে ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন পরিকল্পনায় অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, উপজেলা পর্যায়ে এসে অনুষ্ঠানের মাধ্যমে উন্নয়ন প্রকল্পের অনুদানের চেক বিতরণের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এর মাধ্যমে জনগণ জানতে পারবেন তাদের অর্থ কীভাবে জনকল্যাণে ব্যবহার হচ্ছে।
ময়মনসিংহ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাশ, মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র, সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সালেহীন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম অনুষ্ঠানে আরও বক্তব্য দেন।
সফরকালে সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও সংসদ সদস্য জাকির হোসেন বাবলু মুক্তাগাছা জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। তারা জেলা পরিষদের ডাকবাংলো ও মিলনায়তন পরিদর্শন করে স্থাপনা গুলোর উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় জেলা পরিষদের ডাকবাংলো ও মিলনায়তন প্রাঙ্গণে বৃক্ষরোপণ করে মুক্তাগাছায় জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। পাশাপাশি ডেঙ্গু ও হাম-রুবেলা বিষয়ে সচেতনতা সৃষ্টিতে পৌর শহরে পরামর্শপত্র বিতরণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমেও অংশ নেন তারা।
পরে উপজেলা পর্যায়ে কর্মরত সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন জেলা পরিষদ প্রশাসক ও সংসদ সদস্য। এ সময় মুক্তাগাছার উন্নয়ন, বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা হয়।
দিনের শেষভাগে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি রেমিট্যান্স শাটডাউনের হুমকিকে রাষ্ট্রের স্বার্থবিরোধী বলে মন্তব্য করেন এবং নেতা কর্মীদের নিজ নিজ এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও জনগণের পাশে থাকার আহ্বান জানান।
দিনব্যাপী কর্মসূচিতে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র, সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সালেহীন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন স্টেডিয়ামের উদ্বোধন কবে হবে, সেই সময় তিনি সেখানে উপস্থিত থাকবেন কি না, এই প্রশ্নটি মাথায় আসতেই স্যার অ্যালেক্স ফার্গুসনের মনে মৃত্যুর চিন্তা ভেসে ওঠে।
বর্তমানে তার বয়স ৮৪ বছর। নতুন স্টেডিয়াম নির্মাণে পাঁচ থেকে ছয় বছর সময় লাগতে পারে। উদ্বোধনের দিন তিনি সশরীর সেখানে উপস্থিত থাকতে পারবেন কি না, এ নিয়ে সংশয় থাকলেও, ফার্গুসন তার উপস্থিতি নিয়ে আত্মবিশ্বাসী—“শরীরে না থাকলেও আত্মায় থাকবেন” তিনি।
ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি এই কোচ তার নতুন বই Games of My Life-এ এমন আবেগঘন কথাগুলি লিখেছেন। বইটি আজ ৮ অক্টোবর প্রকাশিত হয়েছে।
মৃত্যু সম্পর্কে নিজের ভাবনা তুলে ধরে ফার্গুসন লিখেছেন, “স্রষ্টা আমার জন্য কী ঠিক করে রেখেছেন, তা নিয়ে পড়ে থাকি না। মৃত্যুকেও ভয় পাই না। জীবনের সবচেয়ে অপ্রত্যাশিত মুহূর্তেও মৃত্যু আমাদের সঙ্গেই থাকে। তবে আমি জীবন থেকে যতটা সম্ভব বেশি কিছু নেওয়ার ব্যাপারেই বেশি আগ্রহী। আমার অনেক কিছু করার আছে, অনেক মানুষের সঙ্গে সময় কাটাতে চাই।”
নতুন স্টেডিয়ামের প্রসঙ্গ আসার পর, ফার্গুসন বলেন, “তবু মাঝেমধ্যে মৃত্যুর কথা আমার মাথায় আসে। ম্যানচেস্টার ইউনাইটেড যখন ওল্ড ট্রাফোর্ডের বদলে দারুণ একটি নতুন স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা ঘোষণা করল, তখন আমার মনে প্রশ্ন জাগল—উদ্বোধনী সময় আমি কি সেখানে থাকব?”
তিনি দ্রুত নির্মাণকাজ শুরুর প্রত্যাশা জানিয়ে লিখেছেন, “আমি আশা করি, তারা দ্রুত কাজ শুরু করবে। কারণ, এটি তৈরি করতে যদি পাঁচ বছর লেগে যায়, তাহলে আমার বয়স ৯০ ছুঁইছুঁই হবে। তবে আমি জানি, যেকোনোভাবেই হোক উদ্বোধনী অনুষ্ঠানে আমি থাকব—শরীরে হোক কিংবা আত্মার মাধ্যমে।”
২০২৫ সালে ম্যানচেস্টার ইউনাইটেড প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে ১ লাখ আসনের নতুন স্টেডিয়ামের নকশা প্রকাশ করে। প্রকল্পটি বাস্তবায়নে পাঁচ থেকে ছয় বছর সময় লাগতে পারে।
ফার্গুসনের সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডের সম্পর্ক দীর্ঘ সময়ের। ১৯৮৬ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি ক্লাবটির প্রধান কোচ ছিলেন। ১৩টি ইংলিশ প্রিমিয়ার লিগ, ২টি উয়েফা চ্যাম্পিয়নস লিগ, ১টি ফিফা ক্লাব বিশ্বকাপসহ তিনি দলকে ৩৮টি ট্রফি জিতিয়েছেন।
নতুন স্টেডিয়াম ফার্গুসনের দীর্ঘ ফুটবল জীবনের আরেকটি অধ্যায়ের সাক্ষী হয়ে উঠবে। সেটি তিনি দেখুন বা না দেখুন, ক্লাবটির সঙ্গে তার বন্ধন যে অটুট থাকবে, সেটি তার বইয়ে লেখা কথাগুলোতেই স্পষ্ট।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নরসিংদীর মনোহরদীতে ১০ লাখ টাকা চাঁদাবাজির মামলায় এসআরবি কর্তৃক শরিফুল ইসলাম শাকিল নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) রাতে রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে মনোহরদী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গ্রেপ্তার হওয়া শাকিল উপজেলার চালাকচর ইউনিয়নের হাফিজপুর গ্রামের কাজী নজরুল ইসলাম বাদশাহর পুত্র।
মামলার সূত্রে জানা যায়, চালাকচর ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য রোকেয়া আক্তারের স্বামী জাকির হোসেন চালাকচর বাজারে একটি ভাড়া দোকানে ব্যবসা করতেন। দোকানের মালিক সাজ্জাদ আলী বাহার দোকানটি বিক্রি করার সিদ্ধান্ত জানালে, জাকির হোসেন দোকানটি কেনার জন্য তাঁকে ১৮ লাখ টাকা প্রদান করেন। কিন্তু পরবর্তীতে দোকান বুঝিয়ে না দেওয়া এবং টাকা ফেরত না দেওয়ার কারণে দুজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
অভিযোগ রয়েছে, এই বিরোধের মধ্যে শাকিল দোকান মালিকের পক্ষে দাঁড়িয়ে রোকেয়া আক্তার ও তাঁর স্বামীকে বিভিন্ন সময়ে হুমকি ও চাপ দিতে থাকেন। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের আগস্টে শাকিল তাঁদের দোকানে গিয়ে সমস্যা সমাধানের কথা বলে ১০ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে, ফেসবুকে মিথ্যা তথ্য ছড়িয়ে তাঁদের মানহানি করার হুমকি দেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরে রোকেয়া আক্তারের নামে ফেসবুকে চাঁদাবাজির অভিযোগ সংক্রান্ত বিভিন্ন পোস্ট দেওয়ার অভিযোগ ওঠে শাকিলের বিরুদ্ধে। রোকেয়া অভিযোগ করেন, এসব পোস্ট স্থানীয় কয়েকটি অনলাইন সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়। এ ঘটনায় তিনি নরসিংদী জজ কোর্টে শাকিলের বিরুদ্ধে চাঁদাবাজি ও মানহানির মামলা করেন।
মামলাটি তদন্তের দায়িত্ব পাওয়ার পর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেয়। পরে শাকিল আদালতে হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এর প্রেক্ষিতে এসআরবি অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
রোকেয়া আক্তার বলেন, "শাকিল বিভিন্ন মানুষের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে পোস্ট করে মানহানি করেন।" এসব কর্মকাণ্ডের বিচার দাবি করেন রোকেয়া।
স্থানীয়দের অভিযোগ, শাকিল বিভিন্ন পেশার মানুষের কাছ থেকে নানা অজুহাতে অর্থ দাবি করেন। দাবি অনুযায়ী অর্থ না দিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের পোস্ট দিয়ে হয়রানি করা হয় বলেও অভিযোগ তাঁদের। এ বিষয়ে শাকিলের ফেসবুক পোস্ট ও বিভিন্ন ব্যক্তির কাছে টাকা চাওয়ার অডিও রেকর্ড রয়েছে বলেও তাঁরা দাবি করেন।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, "শাকিলের বিরুদ্ধে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আরো একাধিক অভিযোগ রয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
Climate Resilient Campus Initiative-এর আওতায় জেলা প্রশসন ও নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য, পরিচ্ছন্নতা, পুষ্টি ও শিক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “আজকের যত্ন, আগামীর সুস্থতা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির এবং সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব এস এম ফয়েজ উদ্দিন। এ সময় কিশোরীদের স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সেবা নিশ্চিত করতে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ করা হয়।
কিশোরীদের স্বাস্থ্য ও মর্যাদা নিশ্চিতকরণ, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ