মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং
০৫:১১ পি.এম
মক্কা, সৌদি আরবের পবিত্র নগরীতে মুষলধারে বৃষ্টির মধ্যেও মুসল্লিরা ওমরাহ পালন করেছেন। গতকাল সোমবার, পবিত্র মসজিদুল হারামে বৃষ্টির সময় মুসল্লিদের ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায়।
বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত ছবিতে দেখা যায়, ভারী বৃষ্টির মধ্যে মুসল্লিরা মসজিদুল হারামে ইবাদতে ব্যস্ত রয়েছেন। সৌদি আরবের গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববির বিষয়াবলি দেখভালের দায়িত্বে থাকা সাধারণ কর্তৃপক্ষের সরবরাহ করা ছবিটি রয়টার্স প্রকাশ করেছে।
মক্কায় বৃষ্টির কারণে পবিত্র এই স্থানে এক ভিন্ন পরিবেশের সৃষ্টি হয়েছে। বৃষ্টির মধ্যেও মুসল্লিদের ইবাদত অব্যাহত রাখার দৃশ্য বিভিন্ন সংবাদমাধ্যমে উঠে এসেছে।
বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সতর্কতা
সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) পূর্বে মক্কাসহ দেশের কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টি ও বজ্রঝড়ের পূর্বাভাস দিয়েছিল। ১৯ অক্টোবর মক্কায় ভারী বৃষ্টির কারণে সর্বোচ্চ সতর্কতা বা রেড অ্যালার্ট জারি করা হয়। সেই সময় প্রবল বাতাস, দৃষ্টিসীমা কমে যাওয়া, শিলাবৃষ্টি, আকস্মিক বন্যা ও বজ্রঝড়ের আশঙ্কার কথাও জানানো হয়েছিল।
এর আগে ১৪ অক্টোবরেও মক্কা, জাজান ও আল-বাহা অঞ্চলের কয়েকটি এলাকায় ভারী বৃষ্টির আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করা হয়েছিল। আবহাওয়া কর্তৃপক্ষের পূর্বাভাসে দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনার কথা বলা হয়।
বৃষ্টির সঙ্গে আকস্মিক বন্যা ও প্রবল বাতাসের ঝুঁকি থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সতর্কতা অনুসরণ করা জরুরি বলে সৌদি আবহাওয়া বিভাগ জানিয়েছে।
পবিত্র মক্কায় বৃষ্টির মধ্যেও মুসল্লিদের ওমরাহ পালন ও ইবাদতের দৃশ্য আবারও বিশ্বের মুসলমানদের দৃষ্টি আকর্ষণ করেছে। তবে বৃষ্টির কারণে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে কি না, তা নিয়ে নির্দিষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার ১২ নম্বর রহমতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেছেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও সাবেক সভাপতি মো. নিজাম উদ্দিন। সোমবার (২৬ অক্টোবর) রাতে রহমতপুর ইউনিয়নে এ উপলক্ষে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন শাহ আলম সওদাগর। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন রহমতপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহজাহান ও মো. রিয়াদ সওদাগর। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. শাহাবউদ্দিন।
উঠান বৈঠকে এলাকার উন্নয়ন, জনসেবা, নাগরিক সমস্যা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়। স্থানীয় মানুষের মতামত ও প্রত্যাশা জানার পাশাপাশি ইউনিয়নের সার্বিক উন্নয়নে করণীয় বিষয়গুলো আলোচনায় উঠে আসে।
আয়োজনের ব্যানারে উল্লেখ করা হয়, ১২ নম্বর রহমতপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে। চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার লক্ষ্যে মো. নিজাম উদ্দিনের এ উদ্যোগকে স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততা বাড়ানোর কার্যক্রম হিসেবে দেখা হচ্ছে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থিতার আগ্রহ প্রকাশ এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে এলাকার সমস্যা ও নাগরিক প্রত্যাশা তুলে ধরার এ আয়োজন অনুষ্ঠিত হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মো. আজিম (৩০) নামের ওই যুবক নিখোঁজ হওয়ার তিনদিন পর তার মরদেহ উদ্ধার করা হয়।
সোমবার (২৬ অক্টোবর) রাতে উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষ্মীমোড়া গ্রামের ‘বড় পুকুর’ এলাকার ঝোপ থেকে আজিমের মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবক আজিম আলী আজগর মিয়ার ছেলে।
এদিকে, আজিমের চাচাতো ভাই রফিকুল ইসলামকে পুলিশ আটক করে থানায় নিয়ে গেছে। রফিকুল ইসলাম হাসেম মিয়ার ছেলে।
পরিবারের সদস্যরা জানান, আজিম ২৪ অক্টোবর ভোর সাড়ে ৫টার দিকে নিজ এলাকা থেকে নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার দিন ভোরে আটক রফিকুল ইসলামের মোবাইল ফোনে সর্বশেষ যোগাযোগ হয়। সোমবার রাতে রফিকুল ইসলামের বাড়ির সামনের রাস্তায় দুর্গন্ধ পেলে খোঁজাখুঁজি করে পুকুর পাড়ের ঝোপ থেকে আজিমের মরদেহ পাওয়া যায়। পরে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে।
বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চন্দ্র সরকার এ বিষয়ে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই রফিকুল ইসলামকে আটক করা হয়েছে এবং তিনি প্রাথমিকভাবে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এটি চলতি বছরে একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে। পূর্বে একদিনে সর্বাধিক ১০ জনের মৃত্যু হয়েছিল। একই সময়ে ২,০৭১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা বিভাগের দুই সিটি করপোরেশনসহ ৮৯৯ জন, বরিশাল বিভাগে ২১৭ জন, চট্টগ্রামে ২৪১ জন, খুলনায় ২৫০ জন, ময়মনসিংহে ৯৭ জন, রাজশাহীতে ২২৯ জন, রংপুরে ১১২ জন এবং সিলেটে ২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে অসুস্থ হয়ে ভর্তি রয়েছেন ৬,৪১৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ২৮ হাজার ২৩৭ জনে। এ বছর মোট মৃত্যু হয়েছে ৪০০ জনের। মৃতদের মধ্যে জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে ১ জন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন, আগস্টে ৪৩ জন এবং সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতাল থেকে মোট ১ লাখ ২১ হাজার ৪২২ জন ছাড়পত্র পেয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৬ : মুশফিক বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে সাত হাজার রান স্পর্শ করার কাছাকাছি পৌঁছেছেন। আগামীকাল মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে অংশগ্রহণের আগে এই অনন্য কীর্তি গড়তে তার প্রয়োজন ৪৩ রান।
২০০৫ সালে ১৮ বছর বয়সে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের মাধ্যমে মুশফিকের টেস্ট অভিষেক ঘটে। এখন পর্যন্ত তিনি বাংলাদেশের জার্সিতে ১০৬ টেস্টে ১৯৫ ইনিংসে ৩৯.০৮ গড়ে ৬৯৫৭ রান করেছেন।
৩৯ বছর বয়সী মুশফিকের টেস্ট ক্যারিয়ারে রয়েছে ৩টি ডাবল-সেঞ্চুরি, ১৪টি সেঞ্চুরি এবং ৩০টি হাফ-সেঞ্চুরি।
মুশফিক ইতোমধ্যে দেশের একমাত্র খেলোয়াড় হিসেবে শততম টেস্ট খেলার অনন্য কীর্তি গড়েছেন। গত বছর মিরপুরে আয়ারল্যান্ড সিরিজের শততম টেস্টে তিনি অংশ নেন।
শততম টেস্টের প্রথম ইনিংসে ১০৬ রানের ইনিংস খেলে রেকর্ড বইয়ে নিজের নাম লেখান মুশফিক। তিনি বাংলাদেশের প্রথম এবং বিশ্বের ১১তম ক্রিকেটার হিসেবে ক্যারিয়ারের শততম টেস্টে সেঞ্চুরির কীর্তি গড়েন।
মুশফিক ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ক্যারিয়ারে ১৪ ম্যাচ খেলেছেন। ২৭ ইনিংসে ১ শতক ও ৩ অর্ধশতকে তার সংগ্রহ ৭৮২ রান। তার ব্যাটিং গড় ৩১.২৮।
তালাশ বিডি/মিডিয়া লিঃ