ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন, নিখোঁজ ৫ জনের সন্ধানে উদ্ধার অভিযান


ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন, নিখোঁজ ৫ জনের সন্ধানে উদ্ধার অভিযান

ইন্দোনেশিয়ার বালি দ্বীপের কাছে লম্বক প্রণালীতে একটি ফেরিতে আগুন লাগার পর নিখোঁজ পাঁচজনের সন্ধানে বৃহস্পতিবার উদ্ধারকারীরা তল্লাশি পরিচালনা করে চলেছেন। ওই দুর্ঘটনায় একজন প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। কর্মকর্তারা জানান, আগুন লাগার পর কয়েক ডজন যাত্রী পানিতে ঝাঁপ দেন।

জাকার্তা থেকে বার্তা সংস্থা এএফপি এই সংবাদটি জানিয়েছে।

বুধবার ঘটনাস্থলে দ্রুত ছুটে যাওয়া নৌবাহিনীর একটি জাহাজ এবং কাছাকাছি থাকা অপর একটি ফেরিসহ বিভিন্ন নৌযান মোট ২১১ জনকে জীবিত উদ্ধার করে তীরে নিয়ে এসেছে।

আরও পড়ুন: দেশে ধারাবাহিকভাবে বেড়েই চলেছে দরিদ্র মানুষের সংখ্যা

১৯ বছর বয়সী এক ইন্দোনেশীয় নারীর মরদেহ খুঁজে পাওয়া গেছে।

লম্বক দ্বীপের মাতারাম অনুসন্ধান ও উদ্ধার দপ্তর এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার উদ্ধার তৎপরতা নিখোঁজ ‘পাঁচ যাত্রীর সন্ধানে’ কেন্দ্রীভূত হয়েছে।

বুধবার ভোরে বালি থেকে লম্বকের উদ্দেশে যাওয়ার সময় ফেরিটি দুর্ঘটনার শিকার হয়।

অনুসন্ধান ও উদ্ধার কর্মকর্তা মুহাম্মাদ হারিয়াদি বলেন, ‘সরাসরি তল্লাশির পাশাপাশি লম্বক প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে প্রাথমিকভাবে সহায়তা করতে অথবা কোনো ভুক্তভোগীকে দেখতে পেলে সঙ্গে সঙ্গে কমেন্ট পোস্টে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।’

আরও পড়ুন: মালদ্বীপের স্পিকারের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ, আলোচনা দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে

লম্বক দ্বীপের লেম্বারে বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ২৫ বছর বয়সী জীবিত উদ্ধার পাওয়া কিকি ওকতা প্রাদিকা জানান, তিনি লাইফ জ্যাকেট পরে আরও কয়েকজন যাত্রীর সঙ্গে পানিতে ঝাঁপ দিয়েছিলেন।

তিনি বলেন, ‘সাহায্য আসতে কয়েক ঘণ্টা লেগেছিল।’

আরেক জীবিত উদ্ধার পাওয়া ৪৫ বছর বয়সী সুতৃষ্ণা জানান, ফেরিটি থেকে লাইফবোট নামানোর সময় যাত্রীরা আতঙ্কিত হয়ে লাইফ জ্যাকেট নিতে ছোটাছুটি করছিলেন।

তিনি বলেন, ‘ঢেউ বড় থাকায় উদ্ধারকাজ কঠিন ছিল। উদ্ধারকারী জাহাজটি আসার সময় ঢেউ আরও বড় হয়ে ওঠে। আমরা যে ফেরিতে ছিলাম, ঢেউ তখন সেটির চেয়েও বড় ছিল।’

আরও পড়ুন: বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দশম স্থলবাহিনী সংলাপ ঢাকা সেনানিবাসে সফলভাবে সম্পন্ন

১৭ হাজারের বেশি দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় সমুদ্রপথে প্রায়ই দুর্ঘটনা ঘটে। নিরাপত্তাব্যবস্থার শিথিলতা ও অনিশ্চিত আবহাওয়া এসব দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে বিবেচনা করা হয়।

দেশটির দৈনন্দিন যাতায়াত ও পর্যটনে নৌযানের ওপর ব্যাপকভাবে নির্ভর করতে হয়।

গত সপ্তাহে জাভা দ্বীপের কাছে একটি ফেরিতে আগুন লেগে পাঁচজন প্রাণ হারিয়েছেন।

গত মাসে সুলাওয়েসির দক্ষিণে ছোট দ্বীপ সেলেয়ারের কাছে ৭০ জনের বেশি যাত্রী বহনকারী একটি ফেরি ডুবে যায়। চারটি মরদেহ উদ্ধার করা হলেও ১৪ জন নিখোঁজ থাকা অবস্থায় উদ্ধার অভিযান শেষ করা হয়।

আরও পড়ুন: ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলার ছাড়াল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে নাজমুলের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

০৪:১৮ পি.এম


উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে নাজমুলের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে আর্থিক অনিশ্চয়তার মধ্যে থাকা মেধাবী তরুণ মো. নাজমুল হাসান-এর পাশে এসে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি নাজমুলের উচ্চশিক্ষার স্বপ্ন সার্থক করার জন্য অনুদান প্রদান করেছেন।

আজ বৃহস্পতিবার, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন নাজমুল হাসান।

নাজমুল হাসান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের মাস্টার্স (থিসিস) শিক্ষার্থী। তিনি ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র। পাশাপাশি, নাজমুল রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদকও।

সম্প্রতি, উচ্চশিক্ষার জন্য সুইডেনের ইউনিভার্সিটি অব শেভদে থেকে পূর্ণ বৃত্তি অর্জন করেন নাজমুল হাসান। কিন্তু বিদেশযাত্রা এবং প্রাথমিক আবাসনসহ অন্যান্য প্রয়োজনীয় ব্যয় বহন করা তার পরিবারের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছিল। সেই কঠিন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর সহযোগিতা নাজমুলের উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নের পথে নতুন আশার আলো এনে দিয়েছে।

নাজমুল, বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি গ্রামের একটি অতি সাধারণ পরিবারের সন্তান। আন্তর্জাতিক উচ্চশিক্ষার দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়া তার এই পথচলা হোক হাজারো স্বপ্নবাজ তরুণের জন্য অনুপ্রেরণা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এসএসসিতে জিপিএ-৫, এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে সড়কে ঝরল পরীক্ষার্থীর প্রাণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

০৪:২১ পি.এম


এসএসসিতে জিপিএ-৫, এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে সড়কে ঝরল পরীক্ষার্থীর প্রাণ

যশোরের কেশবপুরে এইচএসসি পরীক্ষার্থী ইয়াসিন আরাফাত (১৮) নামে এক কলেজছাত্র সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে কেশবপুর শহরের হাসপাতাল সড়কের খাদ্য গুদামের সামনে আলমসাধু ও মোটরসাইকেলের সংঘর্ষে ওই সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহত ইয়াসিন আরাফাত উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের কাঁস্তা গ্রামের পল্লী চিকিৎসক রুস্তম আলীর ছেলে। তিনি কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। এসময় তিনি চলতি এইচএসসির ব্যবহারিক পরীক্ষা দেওয়ার জন্য মোটরসাইকেলযোগে কেশবপুর সরকাররি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনাটির শিকার হন।

সড়ক দুর্ঘটনায় আরাফাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ইয়াসিন আরাফাত বাড়ি থেকে মোটরসাইকেলযোগে তার এইচএসসির পদার্থ বিজ্ঞান বিষয়ের ব্যবহারিক পরীক্ষা দেওয়ার জন্য কলেজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে কেশবপুর শহরের খাদ্য গুদামের সামনে পৌঁছালে একটি আলমসাধুর সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে।

এতে তিনি মারাত্মক আহত হলে তাকে উদ্ধার করে কেশবপুর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হলে পথিমধ্যে তিনি মারা যান।

পারিবারিক সূত্রে জানা গেছে, ইয়াসিন আরাফাত অত্যন্ত মেধাবী একজন ছাত্র ছিলেন। ২০২৪ সালে সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশন থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে তিনি জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার আনোয়ারুল ইসলাম বলেন, ‘মুখ ও মাথায় মারাত্মক আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছিল। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর করা হয়। খুলনায় নেওয়ার পথিমধ্যে তিনি মারা যান।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ শুরু আগামী বছর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

০৪:২২ পি.এম


তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ শুরু আগামী বছর

আগামী বছর থেকে তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ শুরু হবে এটি জানানো হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে। বৈঠকটি অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ ভবনে, যেখানে কমিটির সভাপতি মোহাম্মদ শফিকুল হক মিলন, এমপি সভাপতিত্ব করেন।

বৈঠকের সূচনা পর্বে পরিচিতি পর্ব পালন করা হয়। এরপর সরকার গত ছয় মাসের কার্যক্রম মূল্যায়ন করে পানি সম্পদ মন্ত্রণালয়ের নানা কার্যক্রমের অগ্রগতির বিষয়টি তুলে ধরা হয়।

সভায় আলোচনা করা হয় নদীভাঙন রোধে আগাম প্রস্তুতি গ্রহণ, বৃক্ষরোপণের মতো বিভিন্ন উদ্যোগ নিয়ে। বৈঠকে জানানো হয় যে, ইতোমধ্যে পদ্মা ব্যারাজ প্রকল্প একনেকের অনুমোদন পেয়েছে। এছাড়া ফারাক্কা চুক্তি নবায়নের বিষয়ে কমিটিকে জোরালো আশ্বাস দেয়ার বিষয়টি অবহিত করা হয়।

বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করা হয়। মন্ত্রণালয়ের বর্তমান উন্নয়ন কার্যক্রম, প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়নকাল এবং অর্থ বরাদ্দসহ বিস্তারিত তথ্য কমিটির সামনে উপস্থাপন করা হয়। সভায় জানানো হয়, বর্তমানে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে ৯৩টি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। এই প্রকল্পগুলোর বাস্তবায়নে ২০২৬-২০২৭ অর্থবছরে মোট ৭ হাজার ৮৩২ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রকল্পগুলোর মেয়াদ, অর্থ বরাদ্দ এবং বাস্তবায়ন-সংক্রান্ত বিস্তারিত তালিকা সভায় উপস্থাপন করা হয়।

বৈঠকে নিশ্চিত করা হয় উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা হবে এবং বরাদ্দকৃত অর্থের যথাযথ এবং সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার জন্য আহ্বান জানানো হয়। জনগণের জন্য সরকারি সেবার মানোন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং কমিটির সদস্য এ. কে. এম. ফজলুল হক মিলন, এ. ই. সুলতান মাহমুদ বাবু, আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ্ ফরিদ, মুন্সী রফিকুল আলম, মো. ইজ্জত উল্লাহ্, মো. মশিউর রহমান খান এবং মো. অলি উল্লাহ্। বৈঠকে আরও উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থার মহাপরিচালক, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সংস্থাসমূহের প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরাজগঞ্জে তরিকুল হত্যা মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

০৪:২৩ পি.এম


সিরাজগঞ্জে তরিকুল হত্যা মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় তরিকুল ইসলাম হত্যা মামলায় আদালতে চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে, তাদের প্রত্যেককে ২০ হাজার টাকার অর্থদণ্ড দেওয়া হয়েছে এবং অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এই রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত চারজন হলেন- রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী গ্রামের আব্দুল মান্নান ও হীরা মিয়া এবং সলঙ্গা থানার বোয়ালিয়ার চর এলাকার রফিকুল ইসলাম ও আব্দুল মজিদ। উল্লেখ্য, তাদের মধ্যে দণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল মজিদ ইতিমধ্যে মারা গেছেন।

মামলার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামছুজ্জোহা শাহানশাহ জানিয়েছেন, মামলাটিতে অভিযুক্ত ১৪ জন আসামির মধ্যে চারজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে, অপর ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস প্রদান করেন আদালত।

মামলার বিবরণী অনুযায়ী, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ২০০৯ সালের ৩০ আগস্ট সাখাওয়াত হোসেনের ছেলে তরিকুল ইসলামকে পিটিয়ে হত্যা করা হয়। নিহতের ভাই আব্দুল মন্নাফ বাদী হয়ে ১৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা ২০১০ সালের ৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ গ্রহণের পর এ রায় প্রদান করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%