ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফল কবে জানা যাবে


যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফল কবে জানা যাবে

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোট গণনা শুরু হবে মঙ্গলবার (৩ নভেম্বর)। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টায়) ইন্ডিয়ানা ও কেনটাকির কিছু এলাকায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর প্রাথমিক ফল প্রকাশিত হতে শুরু করবে। তবে চূড়ান্ত ফল জানতে কয়েক দিনও লাগতে পারে।

এবারের নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসন ও সিনেটের ১০০টির মধ্যে ৩৫টি আসনে ভোট গ্রহণ হচ্ছে। বিরোধী ডেমোক্র্যাটরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দলের কাছ থেকে কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ নিতে চাচ্ছে।

ভোট গ্রহণ শেষ হওয়ার পর নির্বাচন কর্মকর্তারা ধাপে ধাপে গণনার ফল প্রকাশ করবেন। এরপর সংবাদমাধ্যমগুলো ফল বিশ্লেষণ করে কোনো প্রার্থীকে বিজয়ী ঘোষণা করতে পারে। তবে প্রাথমিক ফল প্রকাশিত হলে তা বিজয়ী নিশ্চিত হওয়া নয়। প্রতিদ্বন্দ্বিতা হাড্ডাহাড্ডি হলে কোনো আসনের ফল চূড়ান্ত হতে কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন সময় লাগতে পারে।

আরও পড়ুন: ইরানে পারমাণবিক হামলা হলে জ্বলবে পুরো বিশ্ব! মধ্যপ্রাচ্য ছাড়িয়ে রাশিয়া-ইউক্রেন ও কোরীয় উপদ্বীপে ছড়িয়ে পড়তে পারে যুদ্ধের ভয়াবহতা

ক্যালিফোর্নিয়া, নেভাদা, অ্যারিজোনা, আলাস্কা, মেইন ও ওয়াশিংটন অঙ্গরাজ্যে ফল প্রকাশে দেরি হতে পারে। এসব রাজ্যে ডাকযোগে ভোট, স্বাক্ষর যাচাই এবং পছন্দক্রমভিত্তিক ভোট গণনার কারণে সময় বেশি লাগে। অন্যদিকে ফ্লোরিডা, ওহাইও, নর্থ ক্যারোলাইনা ও পেনসিলভানিয়ায় তুলনামূলক দ্রুত ফল আসতে পারে।

যদিও সব আসনের ফল দ্রুত জানা যাবে, কংগ্রেসের কোন দল নিয়ন্ত্রণ পাবে তা নিশ্চিত হতে কয়েক দিন লাগতে পারে। ২০২৪ সালের নির্বাচনে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ কোন দলের হাতে যাবে তা জানতে আট দিন সময় লেগেছিল।

কোনো আসনে ভোটের ব্যবধান খুব কম হলে আইন অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে বা প্রার্থীর আবেদনে পুনর্গণনা হতে পারে। ফল নিয়ে আদালতে চ্যালেঞ্জ করা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত আসতে আরও সময় লাগতে পারে। তবে প্রেসিডেন্ট এককভাবে কংগ্রেস নির্বাচনের ফল বাতিল করতে পারেন না। অঙ্গরাজ্যগুলো নির্বাচন পরিচালনা ও ফলের সত্যতা নিশ্চিত করে।

সূত্র: আল জাজিরা

আরও পড়ুন: মার্কিন নির্বাচনের পর চার দেশের জন্য হরমুজ প্রণালী খুলল ইরান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৮০ লাখ টাকা ঘুষ দাবি করে গ্রেপ্তার লালবাগের সার্ভেয়ার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৪ পি.এম


৮০ লাখ টাকা ঘুষ দাবি করে গ্রেপ্তার লালবাগের সার্ভেয়ার

দুর্নীতি দমন কমিশন (দুদক) ঢাকা জেলার লালবাগ রাজস্ব সার্কেলের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামকে হাতেনাতে গ্রেপ্তার করেছে। দীর্ঘ সময় ধরে জমির সীমানা মাপার কাজটি ইচ্ছাকৃতভাবে ঝুলিয়ে রেখে, পরবর্তীতে তা চূড়ান্ত করে নামজারি দেওয়ার শর্তে ঘুষ নেওয়ার অভিযোগে দুদকের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে এক লাখ টাকা ঘুষ গ্রহণের সময় তাকে আটক করা হয়। এ তথ্যটি একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে দুদক।

অভিযোগের সূত্রে জানা যায়, সৈনিক মো. মনিরুল ইসলাম (অব.) ঢাকা জেলার লালবাগ থানাধীন চর-কামরাঙ্গী মৌজার বিভিন্ন দাগে ২৮২ শতাংশ জমির প্রকৃত মালিকদের কাছ থেকে একটি নিবন্ধিত অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি দলিল গ্রহণ করেন। পরবর্তীতে ওই জমির সঠিক সীমানা নির্ধারণ, সরকারি ও ব্যক্তিমালিকানাধীন সম্পত্তির সীমানা পৃথকীকরণ এবং প্রয়োজনীয় স্কেচম্যাপ তৈরির উদ্দেশ্যে তিনি ২৭ এপ্রিল ঢাকা জেলা প্রশাসক বরাবর একটি আবেদন জমা দেন।

এরপর ছয় মাস লালবাগ রাজস্ব সার্কেল, ঢাকায় একাধিকবার যোগাযোগ করেও জমির সীমানা নির্ধারণের কার্যক্রম সম্পন্ন করতে পারেননি। এক পর্যায়ে তাকে ওই কার্যালয়ের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। এরপর সার্ভেয়ার আসাদুল অভিযোগকারীর জমির সীমানা নির্ধারণ ও নামজারি সম্পন্ন করার জন্য ৮০ (আশি) লাখ টাকা ঘুষ দাবি করেন। অভিযোগকারী বিষয়টি দুর্নীতি দমন কমিশনকে অবহিত করে ঘুষ দাবির সঙ্গে জড়িত ব্যক্তিকে হাতেনাতে আটক করার জন্য ফাঁদ অভিযান পরিচালনার অনুরোধ জানান।

অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, ঢাকা-১-এর একটি বিশেষ দল আজ পরিকল্পিত ফাঁদ অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে ১ (এক) লাখ টাকা ঘুষ গ্রহণকালে সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়।

তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, ঢাকা-১-এ মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করার আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিরাপত্তা শঙ্কায় পিছিয়ে গেল এশিয়ান কাপ ২০২৭ সালে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৫ পি.এম


নিরাপত্তা শঙ্কায় পিছিয়ে গেল এশিয়ান কাপ ২০২৭ সালে

এএফসি এশিয়ান কাপ, এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা। সৌদি আরব ২০২৭ সালের আসরের আয়োজনের জন্য প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু মধ্যপ্রাচ্যে চলমান অস্থিতিশীল পরিস্থিতি এবং নিরাপত্তা উদ্বেগের কারণে, প্রতিযোগিতাটি প্রায় এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে।

আগের সময়সূচি অনুযায়ী, ২০২৭ সালের ৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত এশিয়ান কাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নতুন সময়সূচি অনুযায়ী, টুর্নামেন্ট শুরু হবে ২০২৭ সালের ২৩ ডিসেম্বর এবং শেষ হবে ২০২৮ সালের ২১ জানুয়ারি।

এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে এবং এর ফলে সৃষ্ট লজিস্টিক জটিলতা ও যাতায়াতের বিঘ্নের বিষয়টি বিবেচনায় নিয়ে সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে এএফসি জানায়, অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতির কারণে সৃষ্ট বিশেষ পরিস্থিতি, বিশেষ করে উল্লেখযোগ্য লজিস্টিক জটিলতা ও যাতায়াতের বিঘ্ন বিবেচনায় নিয়েই টুর্নামেন্টের সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন সূচি অনুমোদনের জন্য ফিফার কাছে পাঠানো হবে বলেও জানিয়েছে সংস্থাটি।

এদিকে, নিরাপত্তা পরিস্থিতির প্রভাব সৌদি আরবের অন্যান্য ক্রীড়া আয়োজনেও পড়ছে। সম্প্রতি রিয়াদে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা টেনিসের প্রদর্শনীমূলক টুর্নামেন্ট ‘সিক্স কিংস স্ল্যাম’ বাতিল করা হয়েছে।

এশিয়ান কাপের সূচি পরিবর্তনের ফলে অংশগ্রহণকারী দলগুলোর প্রস্তুতি, ভ্রমণ ও আবাসন পরিকল্পনাতেও পরিবর্তন আনতে হবে। এতে আয়োজকদের বাড়তি চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।

তবে ২০২৭ এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিতে পারেনি বাংলাদেশ। বাছাইপর্বে সিঙ্গাপুর, হংকং ও ভারতের সঙ্গে ‘সি’ গ্রুপে খেলেছিল হামজা চৌধুরীদের দল। ছয় ম্যাচে এক জয়, দুই ড্র ও তিন হারে ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে অভিযান শেষ করে বাংলাদেশ।

অন্যদিকে, গ্রুপের অপরাজিত দল হিসেবে ১৪ পয়েন্ট নিয়ে সরাসরি মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে সিঙ্গাপুর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক

আন্তর্জাতিক ডেস্ক

‎জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৫ পি.এম


বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক

‎রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩৪৫ পিস ইয়াবা ও ১০ গ্রাম হেরোইনসহ দুইজনকে আটক করা হয়েছে।
‎
‎মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
‎
‎অভিযানে তুষার মণ্ডলের বসতবাড়ি থেকে ৩৪৫ পিস ইয়াবা ও ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় তুষার মণ্ডল (২৩) ও নুর মোহাম্মদ শেখ (৩৭) নামে দুইজনকে আটক করা হয়।
‎
‎আটক তুষার মণ্ডল গোবিন্দপুর গ্রামের জহেদ আলী মণ্ডলের ছেলে এবং নুর মোহাম্মদ শেখ বালিয়াকান্দি উপজেলার রায়পুর গ্রামের সিরাজ শেখের ছেলে।
‎
‎এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তুষার মণ্ডলের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করা হয়েছে।
‎

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীতে হত্যার দায়ে সাদ্দাম হোসেন মিয়ার যাবজ্জীবন, ৩ জন খালাস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৬ পি.এম


রাজবাড়ীতে হত্যার দায়ে সাদ্দাম হোসেন মিয়ার যাবজ্জীবন, ৩ জন খালাস

রাজবাড়ীর পাংশায় পাওনা টাকা আনতে গিয়ে ছুরিকাঘাতে কাতার প্রবাসী আবদুর রহিম মোল্লা (৩০) হত্যার ঘটনায় সাদ্দাম হোসেন মিয়া (৩৬) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছে আদালত। অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডও দেওয়া হয়েছে। একই সঙ্গে মামলার অপর তিনজনকে বেকসুর খালাস করা হয়েছে।

নিহত আবদুর রহিম পাংশা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আবদুল মান্নান মোল্লার ছেলে। দণ্ডপ্রাপ্ত সাদ্দাম হোসেন মিয়া পাংশা পৌরসভার নারায়নপুর গ্রামের শহিদ মিয়ার সন্তান। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে রাজবাড়ী জেলা ও দায়রা জজ মো. আনিসুর রহমান এ রায় প্রদান করেন।

মামলার বিবরণ অনুযায়ী, আবদুর রহিমের ভাই আব্দুর রহমানকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ১০ হাজার টাকা নিয়েছিলেন সাদ্দাম মিয়া, পলাশ মন্ডল, রাশেদ মন্ডল ও শরীফ মুন্সী। ২০১৬ সালের ৫ নভেম্বর টাকা ফেরতের জন্য পাংশা সরকারি কলেজ এলাকার চাচার ক্যান্টিনে রহিমকে ডেকে নেন তাঁরা। বিকেল ৫টার দিকে ক্যান্টিনের সামনে পৌঁছালে ছুরি দিয়ে রহিমের পেট ও ঊরুতে আঘাত করা হয়।

চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় রহিমকে প্রথমে পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২০১৬ সালের ৮ নভেম্বর ভোরে তিনি মারা যান। নিহত আবদুর রহিমের স্ত্রী ময়না বেগম বাদী হয়ে পাংশা মডেল থানায় চারজনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

আসামিপক্ষের আইনজীবী অ্যাড. আশরাফুল আলম আশা জানান, বিচারক রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছেন। একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও তিনজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আমরা এই রায়ে সন্তুষ্ট।

রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. আব্দুর রাজ্জাক (২) বলেন, সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আসামি সাদ্দাম হোসেন মিয়াকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। অপর তিন আসামি পলাশ মন্ডল, রাশেদ মন্ডল ও শরীফ মুন্সীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের বেকসুর খালাস দেওয়া হয়েছে। এ রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%