০২:৩৪ পি.এম
তালেবান কর্তৃপক্ষ আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বলখ প্রদেশে সরকারি নথিপত্র, চিকিৎসকের ব্যবস্থাপত্র এবং স্বাস্থ্যসেবা-সংক্রান্ত ফাইলগুলোতে নারীদের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে। সরকারি কর্মচারী ও চিকিৎসাকর্মীদের নারীদের নামের পরিবর্তে ‘বিবি’ শব্দে সম্বোধন করার নির্দেশনা প্রদান করা হয়েছে। আফগানিস্তানে প্রচলিত দারি ও পশতু ভাষায় ‘বিবি’ শব্দটির অর্থ হচ্ছে ‘দাদি’ অথবা ‘বয়স্ক নারী’।
প্রতিবেদন অনুযায়ী, স্বাস্থ্যকর্মী এবং সরকারি প্রতিষ্ঠানের কর্মীদের নারীদের নাম ধরে না ডেকে ‘বিবি’ বলে সম্বোধন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এভাবে নথিতে উল্লেখ করার নির্দেশনাও রয়েছে। অধিকারকর্মীরা মনে করছেন, এতে নারীদের ব্যক্তিগত পরিচয় ও মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে।
জার্মানিতে বসবাসরত আফগান নারী অধিকারকর্মী লালাহ ওসমানি এই পদক্ষেপটিকে নারীদের পরিচয় মুছে দেয়ার একটি পরিকল্পিত প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছেন। তিনি মন্তব্য করেন, "একটি নামের মধ্যে একজন মানুষের ‘পরিচয়, কণ্ঠস্বর ও গল্প’ জড়িয়ে থাকে।" তিনি আরও বলেন, "কোনো মানুষকে অমানবিক করে তোলার প্রথম পদক্ষেপই হলো তার নাম কেড়ে নেয়া।"
আরও পড়ুন: এপেক সম্মেলনে নৃত্যদলের নেতৃত্বে ৭ বছরের শিশু, ১০ বিলিয়নেরও বেশি ভিউ
তিনি যোগ করেন, "এটি মানুষকে অমানবিক করে তোলার একটি পরিকল্পিত প্রক্রিয়া। যখন কোনো শাসকগোষ্ঠী একজন নারীর নামের পরিবর্তে কোনো প্রাণীর নাম ব্যবহার করে, তখন তারা তার মানবিক সত্তা কেড়ে নেয়। তাকে নিছক একটি জৈবিক প্রাণী কিংবা কোনো পুরুষের সম্পত্তিতে পরিণত করে।"
বলখ প্রদেশে নারীদের নামে এই নিষেধাজ্ঞা জাতীয় পর্যায়ে ছড়িয়ে পড়তে পারে বলে ধারণা করছেন অধিকারকর্মীরা। কাবুলে কাজ করছেন এমন একজন নারী অধিকারকর্মী জুবাইদা আকবর বলেন, "নারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে তালেবানরা ভীষণ সৃজনশীল।" তালেবান ক্ষমতায় ফেরার পর নারীদের অধিকার সীমিত করতে ১৪৪টির বেশি নির্দেশনা জারি করেছে বলেও তিনি মন্তব্য করেন।
গোত্রীয় প্রথা ও ধর্মীয় প্রেক্ষাপট
প্রকাশ্যে নারীদের নাম উচ্চারণ না করার প্রথার শিকড় গোত্রীয় ঐতিহ্যের মধ্যে নিহিত। এসব ঐতিহ্যে কোনো নারীর নাম প্রকাশ্যে উচ্চারণ করাকে পুরুষের সম্মানের প্রতি আঘাত হিসেবে দেখা হয়।
আরও পড়ুন: করাচিতে নির্মাণাধীন ভবনধসে প্রাণহানি ১১, ৮ জন নিখোঁজ
সরকারি নথিপত্রের বাইরেও বিয়ের আমন্ত্রণপত্র এবং সমাধিফলকে এই প্রথার প্রচলন রয়েছে। এসব ক্ষেত্রে নারীদের প্রায়ই নিজের নামে পরিচয় না দিয়ে কোনো পুরুষ আত্মীয়ের স্ত্রী বা মেয়ে হিসেবে উল্লেখ করা হয়।
কর্মী ও অধিকারকর্মীরা বলছেন, এটি মূলত সাংস্কৃতিক প্রথা, ইসলামের কোনো বিধান নয়। পবিত্র কোরআনের ১৯তম সূরার নাম ‘মারইয়াম’। ভার্জিন মেরির নামানুসারে এই সূরার নামকরণ করা হয়েছে এবং এতে ৩০ বারেরও বেশি তার নাম উল্লেখ রয়েছে।
২০২১ সালে তালেবান পুনরায় ক্ষমতায় ফেরার আগে যুক্তরাষ্ট্র-সমর্থিত সরকারের আমলেও নারীদের নাম প্রকাশ্যে উচ্চারণের ক্ষেত্রে সামাজিক বাধা ছিল। তবে এ বিষয়ে কোনো আইনি নিষেধাজ্ঞা ছিল না। পাসপোর্টে নারীদের নাম থাকত। পাশাপাশি নারীরা প্রকাশ্যে কাজ করতে পারতেন এবং নিজেদের নামেই অধিকারের পরিধি বাড়ানোর দাবিতে প্রচার চালাতে পারতেন।
আরও পড়ুন: পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, কানাডা রাষ্ট্রদূতকে তলব করেছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন