০৩:৫৪ পি.এম
আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (এএমইউ) ছাত্র সংসদ নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদসহ ১৩টি পদের মধ্যে ৬টিতে জয় লাভ করে ইতিহাস সৃষ্টি করেছেন নারী প্রার্থীরা। শুক্রবার নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।
প্রতিষ্ঠানটির ১০৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ছাত্র সংসদের সহসভাপতি নির্বাচিত হয়েছেন নাশরা নাইম। নির্বাচনের ফলাফলে দেখা যায়, তিনি ৭ হাজার ৯১টি ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৫ হাজার ৮১৮টি ভোট।
এবার কার্যনির্বাহী কমিটির ১০টি সদস্য পদের মধ্যে রেকর্ড সংখ্যক ৫টিতে নারী প্রার্থীরা জয়ী হয়েছেন। এর ফলে ছাত্র সংসদে নারীদের প্রতিনিধিত্ব উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
আরও পড়ুন: আমাজন রেইনফরেস্টে প্রায় ১২ হাজার ৬০০ বছরের প্রাচীন শিলাচিত্র, আট মাইল বিস্তৃত ‘প্রাচীনকালের সিস্টিন চ্যাপেল’
নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন মোহাম্মদ নোমান আশরাফ। তিনি ৪ হাজার ১০০টিরও বেশি ভোটের ব্যবধানে জয় লাভ করেন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হামদান।
এএমইউ ছাত্র সংসদ এবং বিশ্ববিদ্যালয় কোর্ট নির্বাচনের প্রধান নির্বাচন কর্মকর্তা অধ্যাপক জাভেদ তালিব এবং উইমেনস কলেজ ছাত্র সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কর্মকর্তা অধ্যাপক নাজিয়া হাসান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
শিক্ষার্থীদের টানা তিন বছরের আন্দোলনের ফলস্বরূপ দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত হওয়ায় এবারের নির্বাচনটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
বিশ্ববিদ্যালয়ের একজন জ্যেষ্ঠ শিক্ষক জানিয়েছেন, চলমান ‘জেন জি’ (নতুন প্রজন্ম) আন্দোলনের প্রভাবও এই নির্বাচনে পড়েছে। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘আগের বছরগুলোর মতো কেবল ক্যাম্পাস কেন্দ্রিক দাবি-দাওয়াতেই এই প্রচার সীমাবদ্ধ ছিল না। এবার দেশের সামগ্রিক রাজনীতি এবং মুসলিম সম্প্রদায় সম্পর্কিত নানা বিষয় শিক্ষার্থীদের আলোচনায় উঠে এসেছে।’
আরও পড়ুন: ইরানে কবে হামলা চালাবে যুক্তরাষ্ট্র, জানা গেল ৯ নভেম্বর তারিখ
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন এএমইউর উপাচার্য অধ্যাপক নাইমা খাতুন। তিনি একে প্রতিষ্ঠানের ‘উচ্চ গণতান্ত্রিক ঐতিহ্যের বিজয়’ বলে অভিহিত করেন। নারীদের সক্রিয় অংশগ্রহণ ও ক্রমবর্ধমান প্রতিনিধিত্বকে স্বাগত জানিয়ে তিনি নারী ক্ষমতায়নের ওপর বিশেষ গুরুত্ব দেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে কোথাও কোনো সহিংসতার ঘটনা ঘটেনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন