ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

ডেমরায় নিখোঁজ হামিদুলের অর্ধগলিত লাশ উদ্ধার, গ্রেপ্তার আরিফ


ডেমরায় নিখোঁজ হামিদুলের অর্ধগলিত লাশ উদ্ধার, গ্রেপ্তার আরিফ

রাজধানীর ডেমরায় নিখোঁজের ৪ দিন পর নড়াইবাগ বালুর মাঠের ঝোপঝাড় থেকে প্রতিবন্ধী হামিদুল ইসলামের (১৩) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় পুলিশ আরিফ (১৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে। ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) শায়ক খসরু বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ কর্মকর্তা বুধবার জানান, হামিদুল প্রতিবন্ধী ছিল এবং তার পরিবার চার দিন ধরে তাকে খুঁজে পাচ্ছিল না। নিখোঁজ হওয়ার পরদিন পরিবার থানায় জিডি করে।

আরও পড়ুন: মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে আইন মেনেই: অ্যাটর্নি জেনারেল

প্রাথমিক তদন্তের পর আরিফকে (১৯) গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের পর তার স্বীকারোক্তি ও দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে ডেমরা থানার নড়াইবাগ বোতল ফ্যাক্টরির পেছনে বালুর মাঠের পাশে ঝোপঝাড়ের ভেতর থেকে অর্ধগলিত অবস্থায় লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তারকৃত আসামি আরিফ জানিয়েছে, হামিদুলকে ঝোপঝাড়ে নিয়ে জোরপূর্বক যৌন নিপীড়ন করা হয়। হামিদুল চিৎকার দিলে তাকে মুখ চেপে ও গলা টিপে হত্যা করা হয়।

বরিশালের কাজীরহাট উপজেলার আন্দারমানিক ২ নম্বর ওয়ার্ডের বাবুল আকন্দের ছেলে প্রতিবন্ধী হামিদুল ইসলাম। বর্তমানে সে পরিবারের সঙ্গে ডেমরার মালা মার্কেট নড়াইবাগ এলাকায় থাকত।

আরও পড়ুন: ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, মোট ৪৭৮ মৃত্যু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী আন্তালিয়ায় কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৮ এম


প্রধানমন্ত্রী আন্তালিয়ায় কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন (কপ-৩১) এ বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই পরিদর্শনের সময় তিনি প্যাভিলিয়নে প্রদর্শিত পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রদর্শনী ঘুরে দেখেন। এর পাশাপাশি, তিনি পরিবেশ সংরক্ষণে বাংলাদেশের বিভিন্ন উদ্যোগের উপস্থাপনাও পর্যবেক্ষণ করেন।

বুধবার, তুরস্কের স্থানীয় সময় বিকেল ৪টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী সম্মেলনস্থলে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনে যান।

প্রধানমন্ত্রীকে প্যাভিলিয়নে অভ্যর্থনা জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।

পরিদর্শনকালে, প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণসহ পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ কর্তৃক নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রদর্শনী ঘুরে দেখেন।

তিনি প্যাভিলিয়নে কর্মরত কর্মীদের সঙ্গে কথা বলেন। তাদের কাছে প্যাভিলিয়নের কার্যক্রম, প্রদর্শিত পণ্য এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের জলবায়ুবিষয়ক উদ্যোগ তুলে ধরার বিভিন্ন দিক সম্পর্কে জানতে চান। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা প্যাভিলিয়নের কার্যক্রম ও প্রদর্শনীর বিভিন্ন বিষয় প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুন্দরবনের ভোলা নদীতে জব্দ কয়লাবোঝাই কার্গোতে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৮ এম


সুন্দরবনের ভোলা নদীতে জব্দ কয়লাবোঝাই কার্গোতে আগুন

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলা নদীতে বন বিভাগের দ্বারা জব্দ করা কয়লাবোঝাই একটি কার্গোতে আগুন লাগার ঘটনা ঘটেছে।

বুধবার (১১ নভেম্বর) সকালে কার্গোটির কয়লা থেকে ধোঁয়া বের হতে দেখে বনরক্ষীরা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

বন বিভাগ সূত্রে জানা গেছে, গত ১৮ অক্টোবর সুন্দরবনের ভোলা নদীতে টহল দেওয়ার সময় ২৩০ টন ইন্দোনেশীয় কয়লাবোঝাই একটি মিনি কার্গোসহ ৯ জনকে আটক করেন বনরক্ষীরা। আটক কার্গোটি শরণখোলা রেঞ্জ অফিসের নিকটবর্তী ভোলা নদীতে নোঙর করা হয়েছিল। বুধবার সকালে ওই কার্গো থেকে ধোঁয়া বের হতে দেখে বনরক্ষীরা শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন।

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস জানান, সকালে কার্গো থেকে ধোঁয়া বের হতে দেখে দ্রুত ফায়ার সার্ভিসকে অবহিত করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ভোলা নদীতে পাম্প মেশিন স্থাপন করে কয়লার ওপর পানি ছিটিয়ে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় ধোঁয়া নিয়ন্ত্রণে আনেন। বড় ধরনের অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতে কার্গো থেকে কয়লা নামানোর প্রস্তুতি নেয়া হচ্ছে।

শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. আফতাব ই আলম বলেন, কার্গোর নিচের অংশে কয়লার অতিরিক্ত তাপ থেকে আগুনের সৃষ্টি হয়ে ধোঁয়া বের হচ্ছিল। ফায়ার সার্ভিসের সদস্যরা পানি দিয়ে ধোঁয়া নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। তবে এ ধরনের কয়লার স্তূপে ভেতরে তাপ থেকে পুনরায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। তাই দুর্ঘটনা এড়াতে দ্রুত কয়লা খালাস করার জন্য বন বিভাগকে পরামর্শ দেয়া হয়েছে।

শরণখোলা ফরেস্ট স্টেশনের কর্মকর্তা ডেপুটি রেঞ্জার শ্যামা প্রসাদ রায় জানান, গত ১৮ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে সুন্দরবনের ভোলা নদীতে টহল দেওয়ার সময় ইন্দোনেশীয় ২৩০ টন কয়লাবোঝাই মিনি কার্গোটি আটক করা হয়। এ সময় কার্গোতে থাকা নয়জনকেও আটক করা হয়। আটক ব্যক্তিরা মোংলার জয়মনি এলাকায় একটি মাদার ভ্যাসেল থেকে কয়লা বোঝাই করেছিলেন। কিন্তু নির্ধারিত গন্তব্যে না গিয়ে অবৈধভাবে সুন্দরবনের ভেতর দিয়ে অন্য কোথাও কয়লা পাচারের চেষ্টা করছিলেন। কয়লা পরিবহনের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাদের বিরুদ্ধে শরণখোলা থানায় মামলা করা হয়। পরে কার্গোসহ তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে মামলার আসামিরা বাগেরহাট কারাগারে রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইমেইলে বোমা হামলার হুমকিতে ইতালির ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৯ এম


ইমেইলে বোমা হামলার হুমকিতে ইতালির ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি

ইমেইল মারফত বোমা হামলার হুমকি পাওয়ার পর ইতালির অন্তত ৩০০টি শিক্ষাপ্রতিষ্ঠান খালি করা হয়েছে। একই ধরনের হুমকিমূলক বার্তা স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানও পেয়েছে। তবে সংশ্লিষ্ট দেশগুলোর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব হুমকিকে আপাতত ভুয়া বলে মনে করছে।

বুধবার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানিয়েছেন, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রকৃত হামলার আশঙ্কার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। তবে ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণের জন্য সরকারের মন্ত্রীদের নিয়ে বৈঠক ডাকা হয়েছে।

ইউরোপজুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও প্রতিষ্ঠানে হাইব্রিড যুদ্ধের আশঙ্কা নিয়ে উদ্বেগ বাড়ার মধ্যে নতুন করে এ নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। এর আগে ইউরোপের বিভিন্ন দেশে সুপারমার্কেট, রক্তের ব্যাংক, বিমান চলাচল ব্যবস্থা এবং টেলিভিশন সম্প্রচারমাধ্যমকে লক্ষ্য করেও একই ধরনের হুমকি দেওয়া হয়েছিল।

ইতালির শিক্ষামন্ত্রী জিউসেপ্পে ভালদিতারা দেশটির লা সেভেন টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন, অন্তত ৩০০টি শিক্ষাপ্রতিষ্ঠানে বোমা হামলার হুমকি এসেছে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি উল্লেখ করেছেন।

তিনি বলেন, ঘটনার পেছনে পরিকল্পিত কোনো কৌশল থাকতে পারে। তবে কারা এর সঙ্গে জড়িত, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। গোয়েন্দা সংস্থাগুলো হুমকির উৎস শনাক্তে কাজ করছে।

এদিকে শিক্ষামন্ত্রী এ ঘটনায় আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন। তার মতে, ইমেইলের বিষয়বস্তু বিশ্লেষণ করে বাস্তব হামলার আশঙ্কা খুবই কম বলে মনে হচ্ছে। এটি প্রকৃত বোমা হামলার হুমকির পরিবর্তে সাইবার হামলা বা ভয়ভীতি সৃষ্টির প্রচেষ্টা হতে পারে।

সূত্র: আল জাজিরা

এআরবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবিতে ককটেল বিস্ফোরণের পর নিরাপত্তা জোরদারের দাবি এইচআরডিএসের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৯ এম


ঢাবিতে ককটেল বিস্ফোরণের পর নিরাপত্তা জোরদারের দাবি এইচআরডিএসের

রাজধানী ঢাকা এবং দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটি (এইচআরডিএস)।

সংগঠনটি জানায়, চার দিনের মধ্যে ঢাকার ৫১টি স্থানে বিস্ফোরণ ঘটেছে এবং ১০টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনার প্রেক্ষাপটে নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে টানা তিন দিন বিস্ফোরণের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরাপত্তাব্যবস্থা ও দায়িত্বশীলতার বিষয়েও প্রশ্ন তুলেছে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট।

বুধবার (১১ নভেম্বর) এইচআরডিএসের সাধারণ সম্পাদক সিফাত উল্লাহ স্বাক্ষরিত একটি বিবৃতিতে দেশজুড়ে সহিংসতা ও নাশকতার বিষয়ে উদ্বেগ জানানো হয়। একই দিনে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটের দপ্তর সম্পাদক মো. তারিফ আহাম্মেদ তুহিন স্বাক্ষরিত একটি পৃথক বিবৃতিতে ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সাত দফা দাবি জানানো হয়।

এইচআরডিএসের বিবৃতিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ, বিস্ফোরক নিক্ষেপ এবং রাজনৈতিক কার্যালয় ও বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনা ঘটছে। ১১ নভেম্বর প্রকাশিত সংবাদ প্রতিবেদন অনুযায়ী, চার দিনে ঢাকার ৫১টি স্থানে বিস্ফোরণ এবং ১০টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সময়ে দেশের বিভিন্ন স্থানে পুলিশের গাড়িসহ একাধিক যানবাহনে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।

বিবৃতিতে ফরিদপুরে বাসে অগ্নিসংযোগের ঘটনায় ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে বাসচালক মো. কালাচাঁদ (৫০) নিহত হওয়ার ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক হিসেবে উল্লেখ করা হয়। এছাড়া রাজধানীর মালিবাগে ককটেল বিস্ফোরণে এক শিক্ষার্থী গুরুতর আহত হওয়ার ঘটনাতেও উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি।

অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটের বিবৃতিতে জানানো হয়, গত ৮ থেকে ১০ নভেম্বর পর্যন্ত টানা তিন দিন ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ৮ নভেম্বর সন্ধ্যায় টিএসসি, সিনেট ভবন, প্রশাসনিক ভবন, ভিসি চত্বর ও নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণসহ বিভিন্ন স্থানে বিস্ফোরণ ঘটে।

পরদিন ৯ নভেম্বর টিএসসি ও মেট্রোরেল স্টেশনসংলগ্ন এলাকায় আবারও বিস্ফোরণ ঘটে। সর্বশেষ ১০ নভেম্বর দুপুরে ব্যবসায় শিক্ষা অনুষদ ও কলা ভবনের পাশের শ্যাডো এলাকায় পৃথক দুটি ককটেল বিস্ফোরিত হয়। এতে একজন গাড়িচালক গুরুতর আহত হন, চিকিৎসার জন্য আরেক শিক্ষার্থীকে হাসপাতালে নিতে হয় এবং একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

বিবৃতিতে বলা হয়, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের ক্যাম্পাসে ধারাবাহিক বিস্ফোরণ ও বিস্ফোরক নিক্ষেপকে কোনোভাবেই স্বাভাবিক ঘটনা হিসেবে দেখা যাবে না। বিশেষ করে দিনের বেলায় একাডেমিক ভবনের সামনে বিস্ফোরণের ঘটনা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা ও চলাচলের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করেছে। ক্যাম্পাসে কীভাবে বিস্ফোরক প্রবেশ ও নিক্ষেপ করা হচ্ছে এবং তা প্রতিরোধে কেন কার্যকর ব্যবস্থা নেওয়া যাচ্ছে না, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যাখ্যা দাবি করেছে সংগঠনটি।

এছাড়া বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিদের আটকের পর মারধরের অভিযোগ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে এইচআরডিএস।

বিবৃতিতে বলা হয়, অপরাধে জড়িত থাকার সন্দেহে কাউকে আটক করা হলেও তার ওপর নির্যাতন বা গণপিটুনি গ্রহণযোগ্য নয়। প্রত্যেকের ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

দেশজুড়ে সহিংসতা বন্ধে এইচআরডিএস আট দফা আহ্বান জানিয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে, বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় আনা, ফরিদপুরে নিহত বাসচালক কালাচাঁদের মৃত্যুর সুষ্ঠু তদন্ত, তার পরিবারকে ক্ষতিপূরণ, আহত ব্যক্তিদের চিকিৎসা ও আর্থিক সহায়তা এবং জনপরিবহন, শিক্ষাপ্রতিষ্ঠান, রেলস্টেশন ও ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা।

অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটের সাত দফা দাবির মধ্যে রয়েছে ক্যাম্পাসে সাম্প্রতিক সব বিস্ফোরণের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, নাশকতার পরিকল্পনাকারী ও অর্থায়নকারীদের শনাক্ত করা এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাব্যবস্থায় কোনো অবহেলা বা দায়িত্বহীনতা ছিল কি না, তা খতিয়ে দেখা। পাশাপাশি দায়ীদের জবাবদিহির আওতায় আনা, বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ, আবাসিক হল, একাডেমিক ভবন ও গুরুত্বপূর্ণ স্থাপনায় কার্যকর নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা, পর্যাপ্ত সিসিটিভি নজরদারি এবং নিয়মিত নিরাপত্তা টহল নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

দেশজুড়ে নাশকতার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কিছু নেতাকর্মীর সংশ্লিষ্টতা, অর্থায়ন এবং অনলাইনে নির্দেশনা দেওয়ার অভিযোগের কথাও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা যথাযথ তদন্তের মাধ্যমে নির্ধারণ করে রাজনৈতিক পরিচয় নির্বিশেষে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%