ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

চানখারপুলে হাসপাতালে ওয়ার্মারে আগুন, দগ্ধ নবজাতক মারা গেছে


চানখারপুলে হাসপাতালে ওয়ার্মারে আগুন, দগ্ধ নবজাতক মারা গেছে

রাজধানীর চানখারপুলে অবস্থিত রয়েল কেয়ার অ্যান্ড সার্জিক্যাল হাসপাতালের ইনকিউবেটর বা ওয়ার্মারে আগুন লেগে (ওভারহিট) দগ্ধ হওয়া নবজাতক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যাকেন্দ্রে (এনআইসিইউ) বুধবার বিকেলে শিশুটির মৃত্যু ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানিয়েছেন, এনআইসিইউতে অতিরিক্ত গরম বা ওভারহিটের কারণে শিশুটির মাথা, পিঠ ও পায়ের আংশিক পুড়ে গিয়েছিল। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে তার মৃত্যু হয় এবং লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন: উত্তরায় আ.লীগের ৪ সদস্যসহ ৭ জন গ্রেফতার

জানা গেছে, গত শনিবার ভোর ৪টার দিকে গাজীপুরের বাসিন্দা মোহাম্মদ রব্বানী ও স্বপ্না দম্পতির ঘরে ওই ছেলেসন্তান জন্ম নেয়। জন্মের মাত্র দুই ঘণ্টা পর শ্বাসকষ্ট বা অন্য কোনো জটিলতার কারণে শিশুটিকে এনআইসিইউতে রাখার প্রয়োজন হয়। কিন্তু ঢাকা মেডিকেলে সিট খালি না থাকায় এক ব্যক্তির পরামর্শে শিশুটিকে চানখারপুলের রয়েল কেয়ার অ্যান্ড সার্জিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ভর্তির প্রক্রিয়া চলাকালীন মাত্র কয়েক মিনিটের মধ্যে ওয়ার্মারে হঠাৎ আগুন ধরে যায় এবং শিশুটির শরীরের প্রায় অংশ পুড়ে যায়।

ঘটনার পর প্রথমে শিশুটিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হলেও অবস্থার অবনতি হলে পুনরায় ঢাকা মেডিকেলে আনা হয়। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের তৎপরতায় শিশুটিকে ঢামেক হাসপাতালের এনআইসিইউতে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু ঘটে।

সন্তানের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের চরম অবহেলার অভিযোগ তুলে শিশুর বাবা মোহাম্মদ রব্বানী বলেন, "আমার সুস্থ নবজাতক সন্তানটিকে হাসপাতালে এনে আগুনে পুড়িয়ে মারা হলো। আমি এর বিচার চাই।"

অন্যদিকে, অবহেলার অভিযোগ অস্বীকার করে রয়েল কেয়ার অ্যান্ড সার্জিক্যাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অপর্ণা হালদার জানান, ঘটনার সময় এনআইসিইউতে দুটি শিশু ছিল এবং শর্টসার্কিটের কারণে একটি শিশুর ওয়ার্মারে হঠাৎ আগুন লাগে। তিনি দাবি করেন, শিশুটিকে বেডে দেওয়ার মুহূর্তের মধ্যেই দুর্ঘটনাটি ঘটে এবং চিকিৎসক ও নার্সরা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন।

আরও পড়ুন: বাংলাদেশ সবুজ শিল্পায়নে স্বল্প সুদে দীর্ঘমেয়াদি অর্থায়ন ও ন্যায্য বাণিজ্য সুবিধা চাইল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শীতে সুস্থ থাকতে ৬টি পুষ্টি উপাদানের গুরুত্ব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৪ এম


শীতে সুস্থ থাকতে ৬টি পুষ্টি উপাদানের গুরুত্ব

শীতের আমেজ গায়ে পড়তে শুরু করেছে। শীতের প্রথম দিকে সর্দি-কাশির প্রকোপ বৃদ্ধি পায়। সামান্য ঠান্ডা লাগলেই অনেকেই সর্দি-কাশিতে আক্রান্ত হন। এর সঙ্গে শুষ্ক ত্বক এবং বাতের ব্যথার সমস্যা দেখা দেয়।

এ সমস্যাগুলো থেকে মুক্তি পেতে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য খাদ্যাভ্যাসের পরিবর্তন প্রয়োজন। শীতের আগমন ও তাপমাত্রার হ্রাসের সঙ্গে বাতাসের আর্দ্রতা কমে যাওয়ায় ত্বক অতিরিক্ত শুষ্ক এবং প্রাণহীন হয়ে যায়। এই শুষ্ক আবহাওয়ায় সর্দি-কাশি, ইনফ্লুয়েঞ্জা এবং শ্বাসতন্ত্রের বিভিন্ন সংক্রামক রোগের প্রকোপও বৃদ্ধি পায়।

বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য এই সময় শরীরের স্বাভাবিক রোগপ্রতিরোধ ক্ষমতা, হাড় ও পেশির স্বাস্থ্য এবং দৈনন্দিন কর্মক্ষমতা বজায় রাখতে সুষম খাদ্য গ্রহণ করা অত্যন্ত জরুরি। অনেকেই এই পুষ্টির অভাব পূরণে বাজারের কৃত্রিম সম্পূরক বা সাপ্লিমেন্টের ওপর নির্ভরশীল হয়ে পড়েন, যা সবার জন্য স্বাস্থ্যকর নয়।

সুতরাং সুস্থ থাকার জন্য সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলা প্রয়োজন। শীতে সুস্থ থাকতে কোনো জাদুকরী ওষুধ কিংবা কৃত্রিম সম্পূরকের ওপর অন্ধভাবে নির্ভর না করে প্রতিদিনের মূল খাবারে বৈচিত্র্য আনতে হবে।

প্রতিদিনের খাদ্যতালিকায় মাছ, ডিম, ডাল, তাজা শাকসবজি, ফলমূল, বাদাম এবং গোটা শস্য অন্তর্ভুক্ত করা উচিত। এর পাশাপাশি শীতের অলসতা কাটাতে পর্যাপ্ত পানি পান, নিয়মিত শরীরচর্চা এবং রাতে সঠিক ঘুম নিশ্চিত করা জরুরি।

তবে একটি একক পুষ্টি উপাদান সব রোগ থেকে অলৌকিকভাবে সুরক্ষা দিতে সক্ষম নয়। আপনার শরীরে পুষ্টির বড় কোনো ঘাটতি থাকলে তা দ্রুত পূরণ করা সম্ভব নয়। সেজন্য একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবার গ্রহণ করা উচিত।

শীতকালে বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি এড়াতে এবং সুস্থ থাকতে প্রতিদিনের খাদ্যতালিকায় কয়েকটি পুষ্টি উপাদান রাখা অত্যন্ত উপকারী। চলুন জেনে নেওয়া যাক, সে বিষয়ে—

১. ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড

হৃদযন্ত্র, মস্তিষ্ক এবং শরীরের প্রতিটি কোষের স্বাভাবিক কার্যক্রমে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের গুরুত্ব অপরিসীম। এটি শরীরের ক্ষতিকর দীর্ঘমেয়াদি প্রদাহ নিয়ন্ত্রণে সহায়তা করে। এটি রিউমাটয়েড আর্থ্রাইটিসে আক্রান্ত ব্যক্তির জয়েন্টের তীব্র ব্যথা এবং সকালের জড়তা কমাতে সাহায্য করে। তবে সব ধরনের বাতব্যথা কিংবা হৃদরোগ প্রতিরোধে এর কার্যকারিতা এখনও শতভাগ নিশ্চিত নয়।

সুতরাং প্রতিদিনের খাদ্যতালিকায় ইলিশসহ যে কোনো তৈলাক্ত মাছ, ছোট মাছ, তিসি ও চিয়া বীজ, আখরোট এবং সয়াবিন রাখা উচিত।

২. ভিটামিন ‘সি’

ভিটামিন 'সি' একটি শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট, যা শরীরের কোষগুলোকে ফ্রি-র্যাডিক্যালের ক্ষতির হাত থেকে রক্ষা করে। এটি ত্বকের টানটান ভাব এবং লাবণ্য ধরে রাখার জন্য প্রধান প্রোটিন ‘কোলাজেন’ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা রক্তনালি, হাড় এবং তরুণাস্থির জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এটি যে কোনো ক্ষত দ্রুত নিরাময় করতে এবং উদ্ভিজ্জ খাবার থেকে আয়রন শোষণে শরীরকে সহায়তা করে। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় আমলকী, পেয়ারা, লেবু, কমলা, পেঁপে, টমেটো এবং কাঁচামরিচ রাখা প্রয়োজন।

যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থার সুপারিশ অনুযায়ী, প্রাপ্তবয়স্কদের প্রতিদিনের খাদ্যতালিকায় প্রায় ৪০ মিলিগ্রাম ভিটামিন ‘সি’ প্রয়োজন, যা একটি সুষম খাদ্যতালিকা থেকেই সহজেই পূরণ করা সম্ভব।

৩. ভিটামিন ‘ডি’

ভিটামিন 'ডি' শরীরকে ক্যালসিয়াম ও ফসফরাস শোষণে সহায়তা করে। ফলে হাড় ও দাঁত মজবুত থাকে এবং পেশির কার্যক্ষমতা দ্রুত বৃদ্ধি পায়। শীতকালে কুয়াশা বা মেঘলা আকাশের কারণে সূর্যালোকের সংস্পর্শ কমে যায়, তাই ত্বকে প্রাকৃতিকভাবে ভিটামিন ‘ডি’ তৈরির পরিমাণ হ্রাস পায়, যা বাতের ব্যথা বাড়িয়ে দেয়।

সুতরাং প্রতিদিনের খাদ্যতালিকায় ডিমের কুসুম, তৈলাক্ত মাছ এবং ‘ভিটামিন ডি ফোর্টিফাইড’ বা যোগ করা দুধ রাখা উচিত।

যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথ’-এর তথ্যানুযায়ী, ১৯ থেকে ৭০ বছর বয়সিদের দৈনিক ৬০০ আন্তর্জাতিক একক বা ১৫ মাইক্রোগ্রাম এবং ৭০ বছরের বেশি বয়সিদের ৮০০ আন্তর্জাতিক একক বা ২০ মাইক্রোগ্রাম ভিটামিন ‘ডি’ প্রয়োজন।

৪. ভিটামিন বি৬

ভিটামিন বি৬ স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে এবং প্রোটিনের বিপাক বা মেটাবলিজম প্রক্রিয়া উন্নত করতে সাহায্য করে। এটি রোগ প্রতিরোধকারী কোষের কার্যক্ষমতা বাড়াতে সহায়তা করে। এটি রক্তে হিমোগ্লোবিন এবং মস্তিস্কে ভালো লাগার হরমোন ‘সেরোটোনিন’ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর ঘাটতি হলে রক্তস্বল্পতা, ত্বকের সমস্যা, মানসিক বিভ্রান্তি এবং খিটখিটে মেজাজ দেখা দিতে পারে।

সুতরাং প্রতিদিনের খাদ্যতালিকায় কলা, আলু, ছোলা, সামুদ্রিক ও সাধারণ মাছ, মুরগির মাংস, বাদাম এবং গোটা শস্য রাখা উচিত।

৫. জিঙ্ক

জিঙ্ক শরীরের স্বাভাবিক বৃদ্ধি, কোষের বিভাজন, ডিএনএ তৈরি, ক্ষত নিরাময় এবং রোগপ্রতিরোধ ব্যবস্থার সচলতার জন্য প্রয়োজনীয় খনিজ। এর ঘাটতি হলে চুল পড়া, ক্ষুধামন্দা, খাবারের স্বাদ ও গন্ধের অনুভূতি কমে যাওয়া এবং ক্ষত শুকাতে দীর্ঘ সময় লাগার মতো জটিলতা দেখা দেয়। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় মাছ, মাংস, ডিম, দুধ, ডাল, ছোলা, বাদাম, তিল এবং কুমড়োর বীজ রাখা উচিত।

৬. আয়রন বা লোহা

আয়রন মানবদেহে লোহিত রক্তকণিকার প্রধান উপাদান ‘হিমোগ্লোবিন’ তৈরিতে সরাসরি সহায়তা করে, যা ফুসফুস থেকে শরীরের প্রতিটি কোষে প্রয়োজনীয় অক্সিজেন পৌঁছে দেয়। আয়রনের ঘাটতি দেখা দিলে ‘অ্যানিমিয়া’ বা রক্তস্বল্পতা, প্রচণ্ড ক্লান্তি, শারীরিক দুর্বলতা এবং মাথা ঘোরানোর মতো সমস্যা দেখা দেয়। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় গরু ও খাসির মাংস, মাছ, ডাল, ছোলা, কলিজা এবং সবুজ শাকসবজি রাখা উচিত। আয়রনের ঘাটতি দেখা দিলে ঘরে বসে না থেকে চিকিৎসকের পরামর্শে রক্ত পরীক্ষা করানো উচিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হারাম আয়ের টাকা দান-সদকা করলে কবুল হবে কি?

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২২ এম


হারাম আয়ের টাকা দান-সদকা করলে কবুল হবে কি?

ইসলাম ধর্মে দান-সদকা ও আল্লাহর পথে সম্পদ ব্যয় করা একটি অত্যন্ত ফজিলতপূর্ণ ইবাদত হিসেবে বিবেচিত হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে মানুষের মন পবিত্র হয় এবং রবের সন্তুষ্টি অর্জিত হয়। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা সদকাকারীদের জন্য সুসংবাদ ও বহুগুণ প্রতিদানের ঘোষণা করেছেন। তবে, এই মহৎ ইবাদত কবুল হওয়ার জন্য একটি শর্ত আছে, তা হলো সম্পদ হতে হবে সম্পূর্ণ হালাল ও পবিত্র। যদি কারো উপার্জন হারাম পন্থায় হয় এবং সেই হারাম অর্থের মাধ্যমে কেউ দান-সদকা করে, তাহলে তা আল্লাহর দরবারে কবুল হবে কি না এবং এর পরিণাম কী হবে— এ বিষয়ে ইসলামি শরিয়তে সুস্পষ্ট দিকনির্দেশনা রয়েছে।

হারাম অর্থ দান করলে সওয়াব বা কবুল হবে কি?

যদি কেউ হারাম উপায়ে অর্থ উপার্জন করে এবং তা দিয়ে দান-সদকা করে, তাহলে তা আল্লাহর কাছে কখনো কবুল হয় না এবং এর মাধ্যমে কোনো সওয়াব বা পুণ্য অর্জিত হয় না। বরং এ ধরনের কাজ পাপ ও বোঝা বৃদ্ধি করে। এ প্রসঙ্গে হাদিসে ইরশাদ হয়েছে—

مَنْ كَسَبَ مَالًا مِنْ حَرَامٍ فَأَعْتَقَ مِنْهُ وَوَصَلَ رَحِمَهُ كَانَ ذَلِكَ إِصْرًا عَلَيْهِ

‘যে ব্যক্তি হারাম সম্পদ উপার্জন করবে, তারপর ওই সম্পদ দিয়ে দান করে বা আত্মীয়দের হক আদায় করে, তা তার পাপ গণ্য হয়।’ (আল-মু'জামুল আওসাত, তাবারানি ৯৩৭৫)

হারাম উপার্জনকারীর অন্যান্য ইবাদত ও দোয়ার পরিণতি

শুধুমাত্র দান-সদকাই নয়, হারাম রিজিক খাওয়ার কারণে মানুষের অন্যান্য ইবাদত, জিকির ও দোয়াও আল্লাহর দরবারে প্রত্যাখ্যাত হয়। মানুষের জীবনে হালাল আহার ও পবিত্রতার গুরুত্ব তুলে ধরে রাসুলুল্লাহ (সা.) নবিগণ ও মুমিনদের প্রতি নির্দেশমূলক আয়াত তিলাওয়াত করেন—

يَا أَيُّهَا الرُّسُلُ كُلُوا مِنَ الطَّيِّبَاتِ وَاعْمَلُوا صَالِحًا إِنِّي بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ

‘হে রাসুলগণ! আপনারা পবিত্র বস্তুসমূহ থেকে আহার করুন এবং সৎকাজ করুন। আপনারা যা করেন সে সম্বন্ধে আমি সবিশেষ অবহিত।’ (সুরা আল-মুমিনুন: আয়াত ৫১)

মুমিনদের উদ্দেশে আল্লাহ তাআলা ইরশাদ করেন—

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ

‘হে মুমিনগণ! আমি তোমাদের যে রিজিক দান করেছি, তা থেকে পবিত্র বস্তু আহার কর।’ (সুরা আল-বাকারা: আয়াত ১৭২)

এরপর প্রিয়নবি (সা.) একটি বাস্তব উদাহরণ দিয়ে হারাম উপার্জনের ভয়াবহ পরিণতি বর্ণনা করেন। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন— ‘যে দীর্ঘ সফর করে, যার মাথার চুল আলুথালু ও শরীর ধূলিমলিন। সে তার দুই হাত আকাশের দিকে প্রসারিত করে বলে, ‘হে আমার রব! হে আমার রব!’ অথচ তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার পরিধেয় পোশাক হারাম এবং হারাম খেয়েই তার শরীর গঠিত হয়েছে। সুতরাং তার দোয়া কীভাবে কবুল হতে পারে?’ (মুসলিম ১০১৫)

হারাম সম্পদ থেকে মুক্ত হওয়ার উপায় ও সঠিক করণীয়

যদি কোনো ব্যক্তি অতীতে হারাম পন্থায় অর্থ উপার্জন করে থাকে এবং এখন অনুতপ্ত হয়ে তা থেকে মুক্ত হতে চান, তাহলে তার ওপর কিছু সুনির্দিষ্ট দায়িত্ব বর্তায়—

১. তাৎক্ষণিক তওবা করা: হারাম উপার্জন সম্পূর্ণ বন্ধ করে দিয়ে খাঁটি মনে আল্লাহর দরবারে তওবা করতে হবে।

২. হকদারের হক ফিরিয়ে দেওয়া: অন্যায়ভাবে কারো সম্পদ আত্মসাৎ করে থাকলে কিংবা কারো হক নষ্ট করে থাকলে তা যথাযথভাবে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে পৌঁছে দিতে হবে বা তার ক্ষতিপূরণ দিতে হবে।

৩. নির্দিষ্ট মালিকহীন সম্পদ সদকা করা: যদি এমন কোনো হারাম সম্পদ বা সুদ জাতীয় অর্থ থাকে যার সুনির্দিষ্ট কোনো মালিক বা পাওনাদার খুঁজে পাওয়া যায় না, তবে তা সওয়াবের নিয়তে নয়, বরং মালিক থেকে মুক্ত হওয়ার উদ্দেশ্যে গরিব-দুঃখীদের মাঝে দান করে দিতে হবে।

এই প্রক্রিয়ায় সম্পদ মুক্ত করলে সে দাতার সদকার প্রচলিত সওয়াব পাবে না, তবে তওবা করার কারণে তওবার সওয়াব এবং আল্লাহর কাছে ক্ষমা লাভ করার আশা রাখতে পারে।

পরিশেষে বলা যায়, ইসলামের দৃষ্টিতে উপার্জনের স্বচ্ছতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়। অবৈধ বা হারাম উপায়ে অর্জিত অর্থের মাধ্যমে দান-সদকা করলে কিংবা জনকল্যাণমূলক কাজ করলেও তা আল্লাহর দরবারে কবুল হয় না এবং এর কোনো সওয়াব পাওয়া যায় না। বরং পরকালে এর জন্য জবাবদিহি করতে হয়। তাই ইহকাল ও পরকালের শান্তি এবং ইবাদত কবুলের পূর্বশর্ত হিসেবে হালাল ও পবিত্র রিজিক অর্জনে সচেষ্ট হওয়া প্রতিটি মুমিনের ঈমানি দায়িত্ব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উত্তরায় আ.লীগের ৪ সদস্যসহ ৭ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৩ এম


উত্তরায় আ.লীগের ৪ সদস্যসহ ৭ জন গ্রেফতার

রাজধানীর উত্তরায় পৃথক অভিযান পরিচালনা করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সাতজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার সদস্য রয়েছেন। বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত উত্তরা পূর্ব ও পশ্চিম থানার পুলিশ এই অভিযানগুলো সম্পন্ন করে।

গ্রেফতার হওয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সদস্যদের মধ্যে রয়েছেন কৃষক লীগের উত্তরা পূর্ব থানার সাবেক সাংগঠনিক সম্পাদক নান্নু শেখ (৪০), পটুয়াখালী জেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান হীরা (২৭), ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রামাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাদাত খান (৬৪) এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা রিপন মজুমদার (৩৪)।

ডিএমপির মিডিয়া উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, বুধবার বিকেল ৩টার দিকে উত্তরা পশ্চিম থানার ১২ নম্বর সেক্টরের একটি বাসা থেকে হীরাকে গ্রেফতার করা হয়। বিকেল পৌনে ৬টার দিকে আজমপুর আমীর কমপ্লেক্সের সামনে থেকে নান্নু শেখ এবং রাত পৌনে ৮টার দিকে ৩ নম্বর সেক্টরের একটি বাসার সামনে থেকে শাহাদাত খানকে গ্রেফতার করা হয়। এছাড়া সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আবদুল্লাহপুর পলওয়েল মার্কেটের সামনে থেকে রিপন মজুমদারকে গ্রেফতার করে উত্তরা পূর্ব থানা পুলিশ।

পুলিশের প্রাথমিক তথ্যমতে, নান্নু শেখ ও হীরা নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ষড়যন্ত্রমূলক ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতেন। তারা এসব কর্মকাণ্ডের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করতেন।

এদিকে, বুধবার সন্ধ্যায় উত্তরা ৬ নম্বর সেক্টরে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের মূল হোতাসহ তিন সদস্যকে গ্রেফতার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মো. ফাহিম, মোহাম্মদ মাফুজুর রশিদ লাবিব (১৯) এবং মাহি বি চৌধুরী রাতুল (২০)।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৩ এম


ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় একটি নির্মাণাধীন পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে ৩০ বছর বয়সী নির্মাণশ্রমিক সুজনের মৃত্যু ঘটে। বুধবার (১১ নভেম্বর) বিকেলে, ভবনের ছাদে কাজ করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই দুর্ঘটনাটি কাউতলী বড় মসজিদের পূর্ব পাশে ফারুক মিয়ার নির্মাণাধীন ভবনে ঘটে।

নিহত সুজন বগুড়া জেলার সোনাতলা থানার বিশ্বনাথপুর গ্রামের অধিবাসী ছিলেন। তার পিতার নাম জহুরুল। কাজের কারণে তিনি ব্রাহ্মণবাড়িয়ার দাতিয়ারা এলাকায় ফারুক মিয়ার বাসায় বসবাস করতেন।

হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে যখন সুজন পাঁচতলার ছাদে নির্মাণকাজ করছিলেন, তখন তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এর ফলে তিনি ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। তার সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে বিকেল পৌনে ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তার মৃতদেহ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার বিস্তারিত জানার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%