ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

সুন্দরবনের দস্যুদের আত্মসমর্পণের আহ্বান কোস্টগার্ডের


সুন্দরবনের দস্যুদের আত্মসমর্পণের আহ্বান কোস্টগার্ডের

কোস্টগার্ড সুন্দরবনের ডাকাত, জলদস্যু, বনদস্যু, চাঁদাবাজসহ সকল সন্ত্রাসী বাহিনীকে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আহবান জানিয়েছে। সম্প্রতি এবং সর্বশেষ গতকাল বৃহম্পতিবার সুন্দরবনে কোস্টগার্ডের জাহাজের উপর হামলার প্রেক্ষিতে কোস্ট গার্ড মোংলা স্টেশন জোনাল কমান্ডার, পশ্চিম জোনের ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম, শুক্রবার সকালে এক ব্রিফিং এর মাধ্যমে এই আহবান জানান।

তিনি বলেন, বাগেরহাটের মোংলায় জয় মনি ঘোল এলাকায় কোস্টগার্ডের হারবারিয়া স্টেশনে সাম্প্রতিক হামলার ঘটনায় বনদস্যু ও তাদের সহযোগীদের সম্পৃক্ততার ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড। বাহিনীটির দাবি, দীর্ঘদিন ধরে সুন্দরবনসংলগ্ন ওই এলাকা বনদস্যু ও তাদের সহযোগীদের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। সেখানে কোস্টগার্ড স্টেশন স্থাপনের পর দস্যুদের কাছে রসদ, অস্ত্র, লজিস্টিক সহায়তা ও অন্যান্য সরঞ্জাম সরবরাহের পথ কার্যকরভাবে বাধাগ্রস্ত হয়েছে। এতে তাদের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা কঠিন হয়ে পড়ায় কোস্টগার্ডের উপস্থিতি তারা মেনে নিতে পারছে না।

বাহিনীটি জানায়, গতকাল বৃহস্পতিবার জয় মনি ঘোল এলাকায় অবস্থিত কোস্টগার্ড স্টেশনে একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা ও ভাঙচুর চালায়। এতে দায়িত্ব পালনরত কয়েকজন কোস্টগার্ড সদস্য আহত হন। ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। হামলার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আরও পড়ুন: জুবাইদা রহমানের আহ্বান: ৬৪ জেলায় অস্টিওপোরোসিস প্রতিরোধে সমন্বিত কর্মসূচি

ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম বলেন, “কোনো অপপ্রচার, গুজব কিংবা উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা বাংলাদেশ কোস্টগার্ডকে দায়িত্ব পালন থেকে বিচ্যুত করতে পারবে না। আইন ও রাষ্ট্রীয় স্বার্থে পরিচালিত কার্যক্রম ভবিষ্যতেও একই দৃঢ়তা ও পেশাদারত্বের সঙ্গে অব্যাহত থাকবে।”

তিনি বলেন, সুন্দরবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, বনদস্যু ও জলদস্যু নির্মূল, জীববৈচিত্র্য সংরক্ষণ, মংলা বন্দরের নিরাপত্তা বজায় রাখা এবং উপকূলীয় অঞ্চলে অবৈধ কার্যক্রম ও অনুপ্রবেশ প্রতিরোধে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বর্তমান সরকারের নির্দেশনায় সুন্দরবনের সক্রিয় সব জলদস্যু ও বনদস্যু বাহিনী নির্মূল এবং জেলে, বাওয়ালি, মৌয়াল ও বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

কোস্টগার্ডের তথ্য অনুযায়ী, গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ থেকে এ পর্যন্ত পরিচালিত অভিযানে ৪২টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০ রাউন্ড তাজা গোলা, ২৫০ রাউন্ড তাজা কার্তুজ, ৯৩ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৯৪ রাউন্ড এয়ারগানের গুলি, একটি ককটেল, একটি টেলিস্কোপ এবং দুটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: রাজবাড়ীতে ট্রেনে কাটা প‌ড়ে দুইজনের মৃত্যু

একই সময়ে ৩৯ জন বনদস্যু ও জলদস্যুকে আটক করা হয়েছে। তাদের কবল থেকে ৪১ জন জিম্মিকে জীবিত উদ্ধার করা হয়। পরে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দিয়ে তাঁদের পরিবারের কাছে নিরাপদে ফিরিয়ে দেওয়া হয়েছে।

কোণঠাসা দস্যু বাহিনী: দাবি কোস্ট গার্ডের। কোস্টগার্ডের দাবি, ধারাবাহিক অভিযান, নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণের কারণে সুন্দরবনের সক্রিয় বিভিন্ন দস্যু বাহিনী বর্তমানে ব্যাপকভাবে কোণঠাসা হয়ে পড়েছে।

মেসবাউল ইসলাম বলেন, “কোস্টগার্ডের কঠোর নজরদারি ও নিয়মিত অভিযানের কারণে দস্যুরা এখন আগের মতো কার্যক্রম পরিচালনা করতে পারছে না। তাদের চলাচল, অস্ত্র সরবরাহ, অর্থ সংগ্রহ এবং সংগঠন পরিচালনার সক্ষমতা কমে এসেছে।”

এই চাপের মুখেই সুন্দরবনের কুখ্যাত ‘ছোট সুমন বাহিনী’র প্রধান সুমন হাওলাদার ও তাঁর সহযোগীরা গত ১৭ মে কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করেন।

আরও পড়ুন: বিএনপি ক্ষমতায় না থাকলে আ. লীগ শকুনের মতো ছিঁড়ে খাবে: রাশেদ খান

তিনি বলেন, “আমরা সুন্দরবনের সব সক্রিয় ডাকাত ও দস্যুদের অপরাধের পথ পরিহার করে কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণের আহ্বান জানাচ্ছি। তারা যেন স্বাভাবিক জীবনে ফিরে আসে। তবে কেউ যদি এ আহ্বানে সাড়া না দেয়, তাহলে তাদের বিরুদ্ধে আরও কঠোর ও সতর্ক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আত্মসমর্পণ করেও কেন ফিরছে কেউ কেউ। সম্প্রতি পুনরায় আত্মসমর্পণ করা সুমন বাহিনীর সদস্যদের জিজ্ঞাসাবাদে উঠে এসেছে পুনর্বাসন-সংক্রান্ত নানা সমস্যা। কোস্টগার্ড কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম বলেন, সুমন বাহিনীর প্রধান জানিয়েছেন, আত্মসমর্পণের পর অনেকেই কর্মসংস্থানের সুযোগ পান না। সমাজও তাদের সহজভাবে গ্রহণ করতে চায় না। সামাজিক গ্রহণযোগ্যতার অভাব, আর্থিক অনিশ্চয়তা এবং ব্যক্তিগত মানসিক সমস্যার কারণে কেউ কেউ আবার অপরাধের পথে ফিরে যায়।

তবে এবার আত্মসমর্পণকারী ব্যক্তিদের পুনর্বাসন ও পর্যবেক্ষণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে জানান ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম।

মৌসুম এলেই বাড়ে জলদস্যুতা। কোস্টগার্ডের পর্যবেক্ষণ অনুযায়ী, সুন্দরবনে সারা বছর সমানভাবে দস্যুতা হয় না। ইলিশ ধরার মৌসুম, মাছ আহরণ মৌসুম এবং মধু সংগ্রহের সময় দস্যুদের তৎপরতা বেড়ে যায়।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জনসভার আগে রাজশাহীর মাদ্রাসা মাঠ কানায় কানায় পূর্ণ

ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম বকেন, এসব সময়ে বিপুলসংখ্যক জেলে, মৌয়াল ও বনজীবী সুন্দরবনে প্রবেশ করেন। তাদের লক্ষ্য করেই অপহরণ, মুক্তিপণ আদায় ও চাঁদাবাজির পরিকল্পনা করে দস্যুরা। বর্তমানে সরকার ঘোষিত তিন মাসের নিষেধাজ্ঞা কার্যকর থাকায় বনজীবীদের প্রবেশ সীমিত রয়েছে। ফলে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনাও কমে এসেছে। তবে মৌসুম শুরু হলে দস্যুরা আবার সক্রিয় হওয়ার চেষ্টা করে।

ছয় থেকে আটটি বাহিনী এখনও সক্রিয়। কোস্টগার্ড কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম বলেন, বর্তমানে সুন্দরবনে ছয় থেকে আটটি দস্যু বাহিনী সক্রিয় রয়েছে বলে ধারণা করা হয়। প্রতিটি বাহিনীতে সাধারণত ৮ থেকে ১০ কিংবা ১২ জন সদস্য থাকে। অনেক ক্ষেত্রে বড় বাহিনীগুলোর অভ্যন্তরীণ কোন্দল থেকে ছোট ছোট উপদল বা ‘ক্লোন’ বাহিনী তৈরি হয়। এসব বাহিনী মূলত জেলে ও মৌয়ালদের লক্ষ্য করে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে।

সরু খালই তাদের আশ্রয়। সুন্দরবনের ভৌগোলিক বৈশিষ্ট্য এখনও দস্যুদের জন্য সুবিধাজনক বলে মনে করেন ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম। তিনি বলেন, বনজুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য সরু খাল ও ন্যারো চ্যানেলকে আত্মগোপনের স্থান হিসেবে ব্যবহার করে দস্যুরা। জোয়ারের সময় যেসব পথে নৌকা চলাচল করে, ভাটার সময় সেগুলোর অনেক অংশ শুকিয়ে যায়। ফলে বড় বোট বা জাহাজ নিয়ে সেখানে প্রবেশ করা সম্ভব হয় না।

তবে বর্তমানে ড্রোন প্রযুক্তির মাধ্যমে এসব দুর্গম এলাকাও নজরদারির আওতায় আনা হয়েছে। বিশেষ করে মান্দারবাড়িয়া ও সাতক্ষীরা সীমান্তসংলগ্ন এলাকায় বিজিবির সঙ্গে সমন্বয় করে অভিযান পরিচালনা করা হচ্ছে।

আরও পড়ুন: চলতি মাসেই সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন বড় সুখবর

সীমিত জনবল, তবু দিনরাত টহল। সুন্দরবনের বিশাল আয়তনের তুলনায় কোস্টগার্ডের জনবল এখনও প্রয়োজনের তুলনায় কম। মেসবাউল ইসলাম বলেন, দায়িত্বে থাকা সদস্যদের দীর্ঘ সময় কাজ করতে হয়। অনেক ক্ষেত্রে পর্যাপ্ত বিশ্রামের সুযোগও থাকে না। দস্যুরা মাঝেমধ্যে এসব সীমাবদ্ধতার সুযোগ নিয়ে ফাঁকা আউটপোস্টে হামলার চেষ্টা করে। তবে দ্রুত অতিরিক্ত সদস্য পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।

তিনি বলেন, সার্বক্ষণিক টহল, দ্রুত প্রতিক্রিয়া এবং প্রযুক্তিনির্ভর নজরদারির কারণে দস্যুরা আগের মতো সংগঠিতভাবে কার্যক্রম পরিচালনা করতে পারছে না। ভুক্তভোগীদের নীরবতা বড় চ্যালেঞ্জ। দস্যুতা দমনে অন্যতম বড় বাধা হিসেবে ভুক্তভোগীদের নীরবতাকে দায়ী করছেন কোস্টগার্ড কর্মকর্তা।

তাদের মতে, অনেক জেলে অপহরণ বা মুক্তিপণের শিকার হলেও ভয়ে প্রশাসনকে বিষয়টি জানান না। প্রশাসনের দেওয়া ১৬০-সহ বিভিন্ন সরকারি নম্বর থাকা সত্ত্বেও অনেক সময় অভিযোগ করা হয় না। এই যোগাযোগ ঘাটতির সুযোগ নিতে দস্যুরা। তবে সাম্প্রতিক সময়ে কিছু এলাকায় জেলেরা ঐক্যবদ্ধ হয়ে দস্যুদের প্রতিরোধ এবং ধরতে সহায়তা করেছেন বলেও জানান কর্মকর্তারা।

মুক্তিপণের টাকা হাতবদল হয় ডাঙ্গায়। অপহরণের ঘটনা বনের ভেতরে ঘটলেও মুক্তিপণের টাকা অনেক সময় মংলা, বরগুনা, পাথরঘাটা কিংবা খুলনা শহরের বিভিন্ন এলাকায় হাতবদল হয় বলে অভিযোগ রয়েছে। এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে কোস্ট গার্ড কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম বলেন, মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে পাঠানো মুক্তিপণের অর্থের গতিপথ অনুসরণ করে একাধিক সহযোগীকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে। বনের ভেতরের দস্যুদের পাশাপাশি স্থলভাগে থাকা সহযোগী চক্রের বিরুদ্ধেও নজরদারি অব্যাহত রয়েছে। রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়ে সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া না গেলেও স্থানীয় পর্যায়ে কিছু ব্যক্তি বা গোষ্ঠীর পরোক্ষ সহযোগিতার বিষয়টি উড়িয়ে দিচ্ছেন না বলেও জানান ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪টি সমঝোতা স্মারকে স্বাক্ষরের সম্ভাবনা

স্থানীয় অস্ত্র দিয়েই আতঙ্ক। ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম বলেন, দস্যুদের হাতে থাকা অধিকাংশ অস্ত্রই স্থানীয়ভাবে তৈরি। পাইপগান, একনলা ও দোনলা বন্দুক বেশি দেখা যায়। এমনকি খেলনা পিস্তল ব্যবহার করেও জেলে ও বনজীবীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হয়। তবে আধুনিক অস্ত্র ও সরঞ্জামে সজ্জিত কোস্টগার্ডের কারণে তারা এখন আগের মতো সুবিধা করতে পারছে না।

অস্ত্র যাচাইয়ে কঠোরতা। আত্মসমর্পণকারী দস্যুদের জমা দেওয়া অস্ত্রের বিষয়ে কোস্টগার্ড কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম। বলেন, কেউ যাতে একটি অস্ত্র জমা দিয়ে পেছনে আরও কয়েকটি অস্ত্র লুকিয়ে রাখতে না পারে, সে বিষয়ে কঠোর যাচাই-বাছাই করা হয়। পাশাপাশি তাদের কাছে কোনো প্রাণঘাতী অস্ত্র রয়েছে কি না, সে বিষয়েও গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে।

জীববৈচিত্র্য সংরক্ষণেও নজর। জলদস্যু দমনের পাশাপাশি সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ, মাছের প্রজনন নিশ্চিত করা এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায়ও কোস্টগার্ড কাজ করছে বলেও জানান ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম। তিনি বলেন, সরকার ঘোষিত তিন মাসের পর্যটক প্রবেশ নিষেধাজ্ঞা বাস্তবায়ন, অবৈধ মাছ আহরণ বন্ধ, বন্য প্রাণী শিকার প্রতিরোধ এবং বনজ সম্পদ পাচার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রয়োজনে নৌবাহিনী, র‍্যাব, পুলিশ, বন বিভাগসহ অন্যান্য সংস্থার সঙ্গে যৌথ অভিযানও পরিচালিত হচ্ছে।

মংলা বন্দরের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব। সুন্দরবনের পাশাপাশি দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মংলা বন্দরের নিরাপত্তা নিশ্চিত করতেও কোস্টগার্ড কাজ করছে বলেও জানান ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম। তিনি বলেন, বন্দর চ্যানেলে সার্বক্ষণিক নজরদারি এবং বাংলাদেশ-ভারত নৌ-প্রটোকল রুটে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। এর ফলে বন্দর কার্যক্রম সচল, নিরাপদ ও গতিশীল রাখা সম্ভব হচ্ছে। পাশাপাশি দেশের বৈদেশিক বাণিজ্যের ধারাবাহিকতা বজায় রাখতেও ভূমিকা রাখছে এই নিরাপত্তা ব্যবস্থা।

অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি। দেশের সমুদ্রসীমা, উপকূলীয় অঞ্চল এবং নদীতীরবর্তী সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও অপরাধ দমনে কোস্টগার্ড সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম। তিনি বলেন, এ লক্ষ্যে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি, আধুনিক ড্রোন ও সার্ভেইলেন্স প্রযুক্তির ব্যবহার এবং বিশেষ ও যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।

কোস্টগার্ডের কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম বলেন, সুন্দরবন, উপকূলীয় অঞ্চল, সমুদ্রসীমা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীটি বদ্ধপরিকর। দেশের প্রাকৃতিক সম্পদ, পরিবেশ, অর্থনীতি ও জনগণের নিরাপত্তার স্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিরোজপুরের ডিসির পিতার মৃত্যুতে ভাণ্ডারিয়ার বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া

আন্তর্জাতিক ডেস্ক

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০৫:৩২ পি.এম


পিরোজপুরের ডিসির পিতার মৃত্যুতে ভাণ্ডারিয়ার বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া

পিরোজপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদের পিতা, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইদ্রিস আলী আকনের মৃত্যুতে ভাণ্ডারিয়া উপজেলার বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসিবুল হাসান এর উদ্যোগে শুক্রবার জুমার নামাজ শেষে আয়োজিত এ দোয়া অনুষ্ঠানে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

জানা গেছে, বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্য ও পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদের পিতা বীর মুক্তিযোদ্ধা মোঃ ইদ্রিস আলী আকন গত ৭ জুন দুপুর ২টা ৫০ মিনিটে মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ভাণ্ডারিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। জুমার নামাজ শেষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে ইমাম ও মুসল্লিরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে বিশেষ মোনাজাত করেন।

মোনাজাতে বীর মুক্তিযোদ্ধা মোঃ ইদ্রিস আলী আকনের সকল গুনাহ মাফ করে তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করার জন্য প্রার্থনা করা হয়। একই সঙ্গে জেলা প্রশাসক আবু সাঈদ ও তাঁর পরিবারের সদস্যদের এ শোক সহ্য করার শক্তি, ধৈর্য ও মানসিক প্রশান্তি কামনা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সম্মিলিত পাঁচ ব্যাংকের আমানতকারীদের যে বার্তা দিলেন গভর্নর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০৫:৩৩ পি.এম


সম্মিলিত পাঁচ ব্যাংকের আমানতকারীদের যে বার্তা দিলেন গভর্নর

সম্মিলিত পাঁচ ব্যাংকের আমানতকারীদের আমানত ফেরতের বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।

শুক্রবার (১২ জুন) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

গভর্নর জানান, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণ করার পর সম্মিলিত ৫টি ইসলামী ব্যাংক নিয়ে কাজ বন্ধ করে দেয়ার গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে। তবে এটি সঠিক নয়। তিনি উল্লেখ করেন, এ বিষয়ে কার্যক্রম এখনও চলমান রয়েছে।

মো. মোস্তাকুর রহমান বলেন, দায়িত্ব গ্রহণের পর কিছুদিনের মধ্যেই সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদত্যাগ করেন। এরপর একজনকে এমডি হিসেবে দায়িত্ব দেয়া হলেও তিনি দায়িত্ব নিতে অপারগতা জানান। কিন্তু আমরা অপেক্ষা করিনি। সাথে সাথে এমডি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেয়া হয়। আবেদনের শেষ তারিখ ছিল ২৫ মার্চ। আবেদন যাচাই-বাছাই করতে কিছুটা সময় লেগেছে। পরে একজন এমডি নিয়োগ দেয়া হয়, যার প্রক্রিয়া মে মাসে শেষ হয়। এরপর ব্যাংকগুলোর বোর্ডের সর্বশেষ সভা গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। অর্থাৎ সম্মিলিত পাঁচ ব্যাংক নিয়ে বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম চলছে এবং খুব শিগগিরই আমানতকারীদের আমানত ফেরতের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন— অর্থমন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ (টুকু), তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, কৃষি, মৎস্য ও পানি সম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এবং প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোংলায় কোস্ট গার্ড স্টেশনে হামলা, আটক ৬

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০৫:৩৭ পি.এম


মোংলায় কোস্ট গার্ড স্টেশনে হামলা, আটক ৬

বাগেরহাটের মোংলায় সুন্দরবনের জয়মনিরঘোল এলাকায় কোস্ট গার্ডের হাড়বাড়ীয়া স্টেশনে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় যৌথবাহিনীর অভিযানে এখন পর্যন্ত ৬ জনকে আটক করা হয়েছে।

কোস্ট গার্ড জানায়, বৃহস্পতিবার সকালে ওই স্টেশনে একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায় এবং ভাঙচুর করে। হামলার সময় দায়িত্ব পালনরত তিনজন সদস্য আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য যৌথ অভিযান শুরু করা হয়।

ঘটনার পর বৃহস্পতিবার গভীর রাতে কোস্ট গার্ড বাদী হয়ে থানায় মামলা দায়ের করে।

মামলায় ৪৪ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরো ২৫০ থেকে ৩০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

শুক্রবার দুপুর পর্যন্ত যৌথবাহিনীর অভিযানে ৬ জনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কোস্ট গার্ডের পক্ষ থেকে আরো জানানো হয়, জয়মনিরঘোল এলাকা দীর্ঘদিন ধরে বনদস্যু ও তাদের সহযোগীদের তৎপরতার জন্য পরিচিত।

সেখানে কোস্ট গার্ড স্টেশন স্থাপনের ফলে দস্যুদের রসদ, অস্ত্র ও লজিস্টিক সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। এ কারণেই তারা সংগঠিত হয়ে স্টেশনে হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অধিনায়ক ডেভিসকে ছাড়া প্রথম ম্যাচ খেলবে কানাডা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০৫:৪০ পি.এম


অধিনায়ক ডেভিসকে ছাড়া প্রথম ম্যাচ খেলবে কানাডা

ঘরের মাঠে বসনিয়ার বিপক্ষে ম্যাচের আগে কানাডার জন্য সুসংবাদ এবং দুঃসংবাদ উভয়ই রয়েছে। সুসংবাদটি হচ্ছে, ডিফেন্ডার মোইস বম্বিতো চোট থেকে সেরে উঠেছেন এবং ম্যাচ খেলার জন্য প্রস্তুত। কিন্তু দুঃসংবাদ হচ্ছে, অধিনায়ক আলফনসো ডেভিস এই ম্যাচে অংশগ্রহণ করতে পারবেন না।

ডেভিস কয়েক সপ্তাহ ধরে ইনজুরিতে ভুগছেন, এবং সেটির কারণে প্রশ্ন উঠছিল, তিনি কি টরন্টোয় প্রথম ম্যাচে খেলতে পারবেন। তবে সেই প্রশ্নের উত্তর নেতিবাচক এসেছে। শুক্রবার (১২ জুন) রাত একটার ম্যাচে তিনি খেলাবেন না।

ডেভিসের খেলা না হওয়ার বিষয়টি তার কোচ জেসে মার্স নিশ্চিত করেছেন। বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য প্রকাশ করেন।

ডেভিস চোটটি বায়ার্ন মিউনিখের হয়ে সেমিফাইনালে খেলার সময় পেয়েছিলেন। সেই চোট থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি। যদিও এটি কানাডার জন্য একটি বড় ধাক্কা, তবে কোচিং স্টাফ তার সুস্থতার ব্যাপারে আশাবাদী রয়েছেন।

মার্শ জানান, সাম্প্রতিক মেডিক্যাল স্ক্যানে ডেভিসের অবস্থার ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি লক্ষ্য করা গেছে এবং তিনি নির্ধারিত পরিকল্পনার অনুযায়ী পুনর্বাসন চালাচ্ছেন। যদিও তার ফেরার নির্দিষ্ট তারিখ জানানো হয়নি, তবে গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচগুলোতে তাকে দেখা যেতে পারে বলে কোচ ইঙ্গিত দিয়েছেন।

প্রশিক্ষণ ক্যাম্পে যোগ দেওয়ার পর থেকে ডেভিস পুনর্বাসন বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে আলাদাভাবে অনুশীলন করছেন। এই পুনর্বাসন পরিকল্পনাটি যৌথভাবে তৈরি করা হয়েছে কানাডা জাতীয় দল, খেলোয়াড় এবং তার ক্লাবের মাঝে।

মোইস গত অক্টোবরে পায়ের হাড়ের চোটের শিকার হয়েছিলেন এবং বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে শঙ্কা ছিল। তবে তিনি চূড়ান্ত ২৬ সদস্যের দলে স্থান পেয়েছেন এবং বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচ খেলার উপযুক্ত হয়ে উঠেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%