০৯:৪৫ পি.এম
চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর বিরুদ্ধে ৩ কোটি ৬৫ লাখ ২৫ হাজার ২৩০ টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের সহকারী পরিচালক সায়েদ আলম বুধবার (১৮ নভেম্বর) চট্টগ্রামের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন।
এজাহারে উল্লেখ করা হয়েছে, অনুসন্ধানে নদভীর ৩ কোটি ৬৫ লাখ টাকার বেশি জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদের সন্ধান পাওয়া গেছে। ২০০৬-০৭ থেকে ২০২২-২৩ করবর্ষ পর্যন্ত তার আয়কর রিটার্ন ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করে দুদক দেখতে পায়, বাড়িভাড়া, রেমিট্যান্স, শিক্ষকতা এবং সংসদ সদস্যের সম্মানিসহ বিভিন্ন খাত থেকে তার বৈধ আয় ৩ কোটি ৭৮ লাখ ২১ হাজার ৪৪৩ টাকা। তবে ২০২০-২১ থেকে ২০২২-২৩ অর্থবছরে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম থেকে সম্মানী ও বকেয়া বেতন-ভাতা বাবদ ২ কোটি ৭২ লাখ ১৭ হাজার ৫০৪ টাকা উত্তোলন করেছেন তিনি।
আরও পড়ুন: নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, এ অর্থ তিনি অবৈধভাবে উত্তোলন করেন। এ কারণে দুদক ওই অর্থকে অবৈধ আয় হিসেবে গণ্য করেছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, স্ত্রী-সন্তানসহ পারিবারিক আয় বিবেচনায় তার মোট নিট সম্পদের পরিমাণ ৭ কোটি ৪৩ লাখ ৪৬ হাজার ৬৭৩ টাকা।
দুদকের সহকারী পরিচালক সায়েদ আলম যুগান্তরকে জানান, ক্ষমতার অপব্যবহার করে তিনি এসব অবৈধ সম্পদ অর্জন করেছেন। এ অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় তার বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।
আরও পড়ুন: ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে অগ্নিসংযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন