ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

শ্যালক কামরুল হাসান রতনকে হত্যার দায়ে দুলাভাইয়ের মৃত্যুদণ্ড


শ্যালক কামরুল হাসান রতনকে হত্যার দায়ে দুলাভাইয়ের মৃত্যুদণ্ড

চাঁদপুরের ফরিদগঞ্জে শ্যালক কামরুল হাসান রতনকে (৪০) কুপিয়ে হত্যার দায়ে দুলাভাই মো. শাহাদাত হোসেন সরদারকে (৫৬) মৃত্যুদণ্ড প্রদান করেছে আদালত। আদালত একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত শাহাদাত হোসেন সরদার ফরিদগঞ্জ উপজেলার মনতলা এলাকার দিগধাইর গ্রামের মৃত আলী আহম্মদ সরদারের পুত্র। নিহত কামরুল হাসান রতন একই গ্রামের মো. আবুল বাশারের ছেলে।

আরও পড়ুন: ভাতার টাকা ফেরত দিতে ১৯ নভেম্বর পর্যন্ত সময় দিল সমাজসেবা অধিদপ্তর

মামলার বিবরণ অনুযায়ী, শাহাদাত নিহত কামরুলের বোন আঞ্জুমা বেগমের স্বামী। পারিবারিক কলহের কারণে শাহাদাত তার স্ত্রীকে মারধর করে সন্তানসহ বাড়ি থেকে বের করে দেন। এ ঘটনায় আঞ্জুমা বেগম নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতে মামলা দায়ের করেন। এছাড়া কামরুলের সঙ্গে অসদাচরণের কারণে শাহাদাতের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়। এসব বিরোধের জেরে ক্ষিপ্ত হয়ে কামরুলকে হত্যার পরিকল্পনা করেন শাহাদাত।

২০২২ সালের ২০ এপ্রিল বিকাল সাড়ে ৪টার দিকে দিগধাইর গ্রামের মনিরের চায়ের দোকানের সামনে কামরুলকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন শাহাদাত। এতে ঘটনাস্থলেই কামরুলের মৃত্যু ঘটে। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে।

এ ঘটনায় ওই দিনই নিহতের ছোট ভাই আরমান হোসেন বাদী হয়ে শাহাদাতের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ পরে শাহাদাতকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বরকত উল্যাহ তদন্ত শেষে ওই বছরের ২ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর (পিপি) কোহিনুর রশিদ জানান, প্রায় চার বছর ধরে চলা বিচারিক কার্যক্রমে আদালত ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেছেন। সাক্ষ্যপ্রমাণ ও আসামির অপরাধ স্বীকারোক্তির ভিত্তিতে মামলার নথিপত্র পর্যালোচনা করে বিচারক এই রায় প্রদান করেন।

আরও পড়ুন: মোহাম্মদপুরে মাদকসহ ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রব্বানী গ্রেফতার

মামলার বাদী আরমান হোসেন এ রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘আমরা আদালতের এ রায়ে সন্তুষ্ট।’ আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট সফিকুর রহমান ভূঁইয়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৭ পি.এম


নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

সারাদেশে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে খুলনা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে ন্যাশনালিস্ট টিচার্স অ্যাসোসিয়েশন (এনটিএ) এবং কর্মকর্তা সংগঠন বন্ধনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম মন্তব্য করেন, পতিত ফ্যাসিস্ট অপশক্তি আগুন-সন্ত্রাস ও রাজপথে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে। গুপ্তচক্র দেশকে অশান্ত রাখতে চায়। যারা সন্ত্রাস, ভাঙচুর ও লুটপাটের মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে, তাদের বাংলাদেশে স্থান হবে না। তাদের মনে রাখতে হবে, পালিয়ে যাওয়া শাসক কখনো ফিরে আসে না। ফিরে এলেও তাদের বিচারের আওতায় আসতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার যেখানে দেশ পুনর্গঠনের জন্য অক্লান্ত পরিশ্রম করছে, সেখানে সেই প্রচেষ্টা ব্যাহত করতে ফ্যাসিস্ট অপশক্তি সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। আমাদের মনে রাখতে হবে, সবার আগে বাংলাদেশ। যারা বাংলাদেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত, তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।

উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান বলেন, ১৭ বছর ক্ষমতায় থেকে ফ্যাসিবাদী শক্তি দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে লুটপাট চালিয়েছে। তারা দেশকে মেরুদণ্ডহীন রাষ্ট্রে পরিণত করেছে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে তারা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে একটি গণতান্ত্রিক সরকারকে ক্ষমতায় বসিয়েছে। এই সরকারকে অকার্যকর করতে পতিত স্বৈরাচারীরা নানা ষড়যন্ত্রে লিপ্ত। তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।

ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী বলেন, ধ্বংসযজ্ঞ চালিয়ে কিংবা নৈরাজ্য সৃষ্টি করে পরিস্থিতির পরিবর্তন করা সম্ভব নয়। আগুন দিয়ে বাস পুড়িয়ে ক্ষমতা দখল করা যায় না। যারা ২০২৪ সালে গণহত্যা করেছে, তাদের আইনের আওতায় এনে আদালতে বিচারের মুখোমুখি করতে হবে। আমরা নিজ নিজ অবস্থান থেকে এ ধরনের নৈরাজ্যের নিন্দা জানাই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পশ্চিম চম্পারণে ৫৩ কোটি টাকার গয়না লুট, ডাকাতরা বললেন—‘এটা সিনেমা, আবার ফিরব’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৭ পি.এম


পশ্চিম চম্পারণে ৫৩ কোটি টাকার গয়না লুট, ডাকাতরা বললেন—‘এটা সিনেমা, আবার ফিরব’

ভারতের বিহার রাজ্যের পশ্চিম চম্পারণ জেলায়, দিনদুপুরে একটি স্বর্ণের দোকান থেকে সশস্ত্র ডাকাতদল ৫৩ কোটি টাকার গয়না লুট করে নিয়ে গেছে।

চম্পারণের বেতিয়া এলাকায়, তিনটি মোটরসাইকেলে করে আসা আট ডাকাত শোরুমে প্রবেশ করে। তারা সেখানে ঢুকেই কর্মী ও অন্যান্য উপস্থিত ব্যক্তিদের অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর, সবার হাত বেঁধে ফোন কেড়ে নেওয়া হয়। ডাকাতরা নিশ্চিত করে যে, কেউ বাধা দিতে বা সাহায্যের জন্য ফোন করতে না পারে, সেজন্য সবাইকে এক জায়গায় জড়ো করে রাখে।

এরপর, দোকানে রাখা গয়নাগুলো লুট করা শুরু করে তারা। প্রত্যক্ষদর্শীদের মতে, এই সময় দুজনের মাথায় আঘাত করা হয়।

শোরুমে উপস্থিত এক নারী জানান, ডাকাতরা চলে যাওয়ার সময় বলেছিল, “আমরা আবার ফিরব, এটা তো সিনেমা।”

ঘটনার খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং কর্মীদের জিজ্ঞাসাবাদ করেন।

প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, ডাকাতরা ৫৩ কোটি টাকার গয়না লুট করেছে। তবে চুরি হওয়া সামগ্রীর সঠিক মূল্য এখনো নির্ধারণ করা হয়নি।

পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারে তৎপরতা চালাচ্ছে। প্রাথমিক মূল্যায়নে বলা হচ্ছে, বেতিয়ার ইতিহাসে এটি সবচেয়ে বড় ডাকাতির ঘটনা। সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারত জাহাজ নির্মাণে প্রস্তুত, ৫টি গ্রিনফিল্ড ক্লাস্টার গড়ে তোলা হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৮ পি.এম


ভারত জাহাজ নির্মাণে প্রস্তুত, ৫টি গ্রিনফিল্ড ক্লাস্টার গড়ে তোলা হচ্ছে

ভারত এখন বিশ্বের জন্য জাহাজ নির্মাণে সম্পূর্ণ প্রস্তুত, এবং এই উদ্দেশ্যে পাঁচটি গ্রিনফিল্ড শিপবিল্ডিং ক্লাস্টার গড়ে তোলা হচ্ছে। ভারতের জাহাজ চলাচল মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানিয়েছেন, দেশের চাহিদা মেটাতে এই ক্লাস্টারগুলো গড়ে তোলা হচ্ছে পাঁচটি রাজ্যে। খবর ইকোনোমিক টাইমস।

মন্ত্রী বলেন, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, ওড়িশা এবং তামিলনাড়ুতে এই পাঁচটি ক্লাস্টার নির্মাণ করা হবে। তিনি আশা প্রকাশ করেন যে, প্রস্তুত জমি, আধুনিক অবকাঠামো, কেন্দ্র ও রাজ্যের মধ্যে শক্তিশালী সমন্বয় এবং বিনিয়োগবান্ধব নীতির সমন্বয়ে এই ক্লাস্টারগুলো দেশের উৎপাদন, প্রযুক্তি, কর্মসংস্থান এবং রপ্তানি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

অনুষ্ঠানে মন্ত্রী উল্লেখ করেন, এই সম্মেলনে ৩০টি আন্তর্জাতিক শিপইয়ার্ড, বিশ্বখ্যাত শিপিং কোম্পানি, সরঞ্জাম প্রস্তুতকারক এবং বিনিয়োগকারীদের অংশগ্রহণ ভারতের সক্ষমতার প্রতি বৈশ্বিক আস্থার ক্রমবর্ধমান প্রতিফলন। এবারের কনক্লেভে অংশগ্রহণকারী শীর্ষস্থানীয় আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এইচডি কেএসওই, স্যামসাং হেভি ইন্ডাস্ট্রিজ, হানওয়া ওশান, ফিনক্যান্টিয়েরি, ড্যামেন, মায়েরস্ক, এমএসসি এবং সিএমএ সিজিএম।

ভারতের জাহাজ নির্মাণ খাতকে আরও গতিশীল করতে ইতিমধ্যে ৮০০ কোটি মার্কিন ডলারের (৮ বিলিয়ন ডলার) মেরিটাইম প্যাকেজ ঘোষণা করা হয়েছে। সর্বানন্দ সোনোয়াল আরো জানান, বর্তমানে ভারতের সক্রিয় অর্ডার পাইপলাইনে ১৫০টিরও বেশি জাহাজ নির্মাণের কার্যাদেশ রয়েছে, যার বাজারমূল্য ১৭০ কোটি মার্কিন ডলারের (১.৭ বিলিয়ন ডলার) বেশি। উল্লেখযোগ্য বিষয় হলো, এই সক্রিয় অর্ডার পাইপলাইনের মোট মূল্যের ৮০ শতাংশেরও বেশি এসেছে বিদেশি রপ্তানি আদেশ থেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাশকতার ইঙ্গিত পেলে ফ্যাসিস্ট শিক্ষকদের ক্লাস নিতে দেওয়া হবে না: ছাত্রদল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৮ পি.এম


নাশকতার ইঙ্গিত পেলে ফ্যাসিস্ট শিক্ষকদের ক্লাস নিতে দেওয়া হবে না: ছাত্রদল

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল সভাপতি সুলতান আহমদ রাহী মন্তব্য করেছেন যে, বিশ্ববিদ্যালয়ের কিছু ফ্যাসিস্ট শিক্ষক, কর্মকর্তা এবং ছাত্রনেতা হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের মাধ্যমে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এই তথ্য তাদের কাছে এসেছে। নাশকতার ষড়যন্ত্রের ইঙ্গিত পেলে, রাবিতে ওই সকল শিক্ষক ও কর্মকর্তাকে আর ক্লাস নিতে দেওয়া হবে না।

বুধবার সন্ধ্যা ৬টায় ছাত্রদল আয়োজিত দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের পরবর্তী সমাবেশে তিনি এই কথা বলেন।

রাহী আরও বলেন, শেখ হাসিনা হাজার হাজার মায়ের বুক খালি করে, মানুষের ঘুম কেড়ে নিয়ে, স্ত্রীকে স্বামীহারা করে বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন। তিনি ভারতে বসে দেশের টাকা লুটপাটের ষড়যন্ত্রে মেতে উঠেছেন। শেখ মুজিব দেশের গরিব মানুষের প্রতি অবিচার ও বৈষম্য করেছেন। যখন দেশের মানুষ দুবেলা খেতে পারত না, তখন তাঁর পুত্রকে সোনার মুকুট পরিয়ে বিয়ে দেওয়া হয়েছিল।

তিনি উল্লেখ করেন, বর্তমানে খুনি হাসিনা এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ দেশের টাকা লুটপাট করতে না পেরে ভাড়াটে লোকদের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনা করছে। দেশের মানুষ বোমার আওয়াজে ভয় পায় না। ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াই করে, এরশাদকে বিদায় করে, ২০২৪ সালের শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করবে। সেই বাংলাদেশের মানুষ এই সামান্য পটকা, বোমার আওয়াজে ভয় পায় না।

আওয়ামী শিক্ষকদের বিষয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের কিছু সন্ত্রাসী ফ্যাসিস্ট শিক্ষক, কর্মকর্তা এবং ছাত্রনেতা হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার অ্যাকাউন্টের মাধ্যমে ষড়যন্ত্র করছে। এই তথ্য তাদের কাছে এসেছে। নাশকতার ইঙ্গিত পেলে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ওই সকল শিক্ষক ও কর্মকর্তাকে আর ক্লাস নিতে দেওয়া হবে না। যে ফ্যাসিস্ট শিক্ষকেরা নিষিদ্ধ ছাত্রলীগকে অনলাইনে পড়াচ্ছেন, তাদের ওপর নজর রাখা হচ্ছে। দেশে যেকোনো অরাজকতা ঘটলে এর দায়ভার সেই ফ্যাসিস্ট শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের নিতে হবে।

বিক্ষোভ মিছিলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ, সহ-সভাপতি মেহেদী হাসানসহ শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের দুই শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%