মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৭:৪৩ পি.এম
রাজশাহীর সাহেববাজার স্বর্ণপট্টির কারূশ্রী জুয়েলার্সে চুরির ঘটনায় আরও ৫ ভরি স্বর্ণ উদ্ধার করেছে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। এ নিয়ে উদ্ধার হয়েছে ৩১ ভরি ৭ আনা স্বর্ণ, ৬২ ভরি রুপা ও চোরাই স্বর্ণ-রুপা বিক্রির ২৫ লাখ টাকা। ঘটনায় চুরিতে জড়িত থাকার অভিযোগে সাতজন এবং চোরাই মাল কেনার অভিযোগে এক স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন, নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, গত ১৯ জুন ভোরে কারূশ্রী জুয়েলার্সে চুরির ঘটনা ঘটে। মামলার এজাহার অনুযায়ী ১০ থেকে ১২ জনের একটি দল দোকানের সামনে জটলা তৈরি করে এবং পরে পাশের দেয়াল কেটে ভেতরে ঢোকে। তারা সিন্দুক থেকে প্রায় ২০০ ভরি স্বর্ণ, ১ হাজার ২০০ ভরি রুপা, তিন বক্স নাকফুল ও ২০ লাখ টাকা নিয়ে যায় বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় দোকান মালিক তুর্য সরকার বোয়ালিয়া মডেল থানায় মামলা করেন।
তদন্তে ডিবি, সাইবার ইউনিট ও সিসি ক্যামেরা ইউনিট সমন্বিতভাবে কাজ করে। গত ৮ সেপ্টেম্বর খুলনার লবণচড়া এলাকা থেকে রুস্তম আলী শেখ (৬৪) গ্রেফতারের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে আরও ছয়জনকে গ্রেফতার করা হয়।
এর আগে, ৯ সেপ্টেম্বর গ্রেপ্তার স্বর্ণ ব্যবসায়ী রবিউল হাসানের দোকান থেকে ২৬ ভরি ৭ আনা স্বর্ণ, ৬২ ভরি রুপা ও ২৫ লাখ টাকা উদ্ধার করা হয়। পরে ১৬ সেপ্টেম্বর তাঁতীবাজার থেকে আরও ৫ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। গ্রেফতার চারজন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। বাকি মালামাল উদ্ধার ও অন্যদের শনাক্তে অভিযান চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় ধর্ষণের অভিযোগে মামলা হওয়ার ১২ ঘণ্টার মধ্যে এজাহারভুক্ত ১ নম্বর আসামি মোঃ রাহাদুর রহমান নয়নকে (৩৮) গ্রেফতার করেছে এসআরবি-৫।
সোমবার (২১ সেপ্টেম্বর) মামলা রুজুর পর ২১ সেপ্টেম্বর দিনগত রাত ২টার দিকে নগরীর রাজপাড়া থানার নিমতলা ঘোষমাহাল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার বিকালে এসআরবি-৫, সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এসআরবি জানায়, ভুক্তভোগীর মায়ের অভিযোগের ভিত্তিতে ২১ সেপ্টেম্বর রাজপাড়া থানায় নয়নসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়।
অভিযোগে বলা হয়েছে, ভুক্তভোগীর সঙ্গে নয়নের আগে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ে ও বিচ্ছেদের পর এফিডেভিট করার কথা বলে গত ১৫ জুলাই তাঁকে বিলসিমলা এলাকার একটি বাসায় নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, ১৯ সেপ্টেম্বর ভুক্তভোগীকে দাশপুকুর মুজিবরের মোড়ের একটি ভাড়া বাসায় ডেকে নেশাজাতীয় দ্রব্য খাওয়ানোর পর অসুস্থ করা হয়। চিকিৎসা শেষে ২০ সেপ্টেম্বর তাঁকে আবার ওই বাসায় নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১)/৩০ ধারা এবং দণ্ডবিধির ২২৩ ও ৩২৮ ধারায় মামলা হয়েছে।
মঙ্গলবার সকালে গ্রেফতার নয়নকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে রাজপাড়া থানা পুলিশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন মন্তব্য করেছেন যে, বহুপক্ষীয় উদ্যোগ ছাড়া কোনো একক দেশ বা শক্তির পক্ষে বিশ্বশান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তিনি উল্লেখ করেছেন যে, শান্তির পথ নির্মাণের জন্য বিভিন্ন দেশ ও জনগণের অভিজ্ঞতা, রাজনৈতিক প্রজ্ঞা এবং পারস্পরিক সহযোগিতাকে একত্রিত করতে হবে। এ লক্ষ্যে সম্মিলিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে।
বিশ্ব শান্তি দিবস উপলক্ষে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) চীনের হুবেই প্রদেশের উহান শহরের ইস্ট লেক আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক শান্তি সম্মেলন ও স্মরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
সিপিবি সভাপতি আরও বলেন, বর্তমান বিশ্বে যুদ্ধ, সামরিক সংঘাত, দখলদারি, পরাশক্তির প্রতিযোগিতা, অস্ত্র প্রতিযোগিতা এবং সামরিকীকরণের পাশাপাশি দারিদ্র্য, বৈষম্য, খাদ্য ও জ্বালানি নিরাপত্তাহীনতা এবং জলবায়ুসংকট বিশ্বশান্তির জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। তিনি উল্লেখ করেন, শান্তিকে শুধুমাত্র যুদ্ধের অনুপস্থিতি হিসেবে দেখা উচিত নয়। সামাজিক ন্যায়বিচার, অর্থনৈতিক সমতা, গণতান্ত্রিক অধিকার এবং মানুষের খাদ্য, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও কাজের অধিকার নিশ্চিত করাও স্থায়ী শান্তির অপরিহার্য ভিত্তি।
কাজী সাজ্জাদ জহির চন্দন ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, কোনো জনগণের স্বাধীনতা, মর্যাদা ও ন্যায্য আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। রাষ্ট্রের সার্বভৌম সমতা, ভৌগোলিক অখণ্ডতা, অনধিকার হস্তক্ষেপ না করা, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের ভিত্তিতে বহুপক্ষীয় ব্যবস্থা শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
বিশ্বশান্তির জন্য সিপিবির পক্ষ থেকে ৭টি প্রস্তাব তুলে ধরেন তিনি। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের ভিত্তিতে শান্তি ও নিরাপত্তা জোরদার করা, সংলাপ ও কূটনীতির মাধ্যমে বিরোধের শান্তিপূর্ণ সমাধান, অস্ত্র প্রতিযোগিতা নিয়ন্ত্রণ এবং আরো ন্যায়সঙ্গত ও অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা। এছাড়া শান্তি, উন্নয়ন ও অভিন্ন সমৃদ্ধিকে একসঙ্গে এগিয়ে নেওয়া; জলবায়ু ও পরিবেশগত সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো এবং শ্রমিক, কৃষক, নারী, যুব, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক কর্মীসহ জনগণের অংশগ্রহণ ও আন্তর্জাতিক সংহতি জোরদারের আহ্বান জানান তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, জ্বালানি সংকটের সময় সাড়ে চারশো গাড়ি নিয়ে রংপুরে লংমার্চে যাওয়ার সময় বিরোধী দলের কিছু গাড়ি টোল পরিশোধ করেনি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ‘গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার ও বিরোধী দলের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
রিজভী বলেন, জ্বালানি সংকটের মধ্যেও বিরোধী দল সাড়ে চারশো গাড়ি নিয়ে রংপুরে লংমার্চের জন্য গেছে। বিশ্ব রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকার পরও জনমনে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে তারা এই কর্মসূচি পালন করছে।
তিনি আরও উল্লেখ করেন, যাওয়ার পথে কিছু গাড়ির টোলও তারা পরিশোধ করেনি।
জ্বালানি তেলের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, দেশের অধিকাংশ তেল হরমুজ প্রণালী দিয়েই আসে। মূল্য সমন্বয়ের পরেও সরকারকে ৭০ টাকা ভর্তুকি দিতে হবে। কিন্তু বিরোধী দল জনগণকে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে।
রুহুল কবির রিজভী পূর্ববর্তী সরকারের সময়ের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, শেখ হাসিনা গুম, খুন ও মিডিয়া নিয়ন্ত্রণ করতেন। তিনি প্রশ্ন করেন, আবার কি বিরোধীরা সেই পথে হাঁটছে?
তিনি বলেন, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ ঘটছে। এসব কেবল পতিত স্বৈরাচারের কাজ নয়, বরং সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে।
জামায়াতে ইসলামীর সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, জনগণের পক্ষে কোনো আন্দোলনে জামায়াতের ভূমিকা নেই। তাদের নীতি ও নৈতিকতা নেই। তারা মোনাফেকি করছে, যা কাফেরের চেয়েও খারাপ। জনগণের সঙ্গে বারবার যে প্রতারণা করেছেন, তাতে চূড়ান্ত সফলতা আসেনি।
বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, অপপ্রচারের ঘেরাটোপের মধ্যে ন্যায়সংগত সরকারের কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ