০৭:১৯ এম
আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ পরিস্থিতি সন্তোষজনক রয়েছে। এই কারণে বাজারে পণ্যের দাম স্থিতিশীল থাকবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্য ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
ভোজ্যতেলের দাম বৃদ্ধি নিয়ে খন্দকার আবদুল মুক্তাদির বলেন, আন্তর্জাতিক বাজারে বা পণ্য আমদানির উৎসস্থলে দাম বৃদ্ধি পেয়েছে। এর ফলে দেশের বাজারে ভোজ্যতেলের দাম সমন্বয় করতে হয়েছে। সয়াবিন ও পাম অয়েলের উৎপাদনস্থল বাংলাদেশ নয়। আন্তর্জাতিক বাজারে এসব পণ্যের দাম কমলে দেশের বাজারেও তার প্রভাব পড়ে। আবার আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে দেশের বাজারেও এর প্রভাব পড়বে।
আরও পড়ুন: সৃজনশীল অর্থনীতি ও রিভার্স ব্রেইন ড্রেইনের মাধ্যমে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান অর্থমন্ত্রীর
মন্ত্রী আরও বলেন, প্রচলিত মূল্য নির্ধারণ পদ্ধতি অনুযায়ী সয়াবিন তেলের দাম কিছুটা বেশি হওয়ার কথা। তবে আমদানিকারকদের রাজি করিয়ে বর্তমান দাম ধরে রাখা সম্ভব হয়েছে। এক ধরনের চাপ প্রয়োগ করেও তাদের রাজি করানো হয়েছে।
তেলের দাম নির্ধারণের প্রক্রিয়া সম্পর্কে মন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে পণ্যের সিএফআর মূল্য, বন্দরের খরচ, প্রক্রিয়াজাতকরণ ব্যয় ও অপচয়ের হিসাব বিবেচনা করে প্রতি লিটারের খরচ নির্ধারণ করা হয়। এই হিসাব বাণিজ্য মন্ত্রণালয় থেকে সংগ্রহ করে সাংবাদিকেরা যাচাই করতে পারবেন। এটি গোপন কোনো হিসাব নয়। সাংবাদিকেরা চাইলে বাণিজ্য মন্ত্রণালয় থেকে মূল্য নির্ধারণের সূত্র সংগ্রহ করে নিজেদের হিসাব করতে পারবেন।
গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের মাধ্যমে আর্থিক লেনদেনের অস্বাভাবিক প্রবণতা দেখা দেওয়ার কারণে সরকার সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, সরকার বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং এ বিষয়ে সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
আরও পড়ুন: বৈশ্বিক ব্র্যান্ডগুলো বাংলাদেশ থেকে পোশাকের অর্ডার সরাচ্ছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন