শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
০৯:০৮ এম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন যে, ইরানের হাতে এমন ক্ষেপণাস্ত্র রয়েছে যা ইউরোপ পর্যন্ত পৌঁছাতে সক্ষম। তিনি সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠিত না হলে তা ভয়াবহ ‘পারমাণবিক বিপর্যয়’ ডেকে আনতে পারে।
থ্যাংকসগিভিং উপলক্ষে মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে ফোনালাপে ট্রাম্প এসব কথা বলেন, যা তার ফ্লোরিডার মার-আ-লাগো বাসভবন থেকে পরিচালিত হয়। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ সম্পর্ক ও অবস্থান নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, ‘ইরানের ইউরোপে পৌঁছানোর সক্ষমতা রয়েছে; যুক্তরাষ্ট্রে পৌঁছানোর সক্ষমতা না থাকলেও ইউরোপে পৌঁছানোর মতো সক্ষমতা তাদের আছে।’
তিনি আরও দাবি করেন, এই অঞ্চলে স্থিতিশীলতা না থাকলে ইরান ইসরাইল এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের ওপর পারমাণবিক হামলা চালাতে পারে। তার ভাষায়, ‘এমন পরিস্থিতিতে দেখা যাবে ইরান ইসরাইল ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে পারমাণবিক অস্ত্র ছুড়ছে এবং তখন এক পারমাণবিক বিপর্যয় নেমে আসবে।’
মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের জ্বালানি চাহিদার প্রসঙ্গ তুলে বলেন, ‘আমাদের মধ্যপ্রাচ্যের তেলের প্রয়োজন নেই। কিন্তু আমাদের যেটা দরকার, তা হলো মধ্যপ্রাচ্যে শান্তি।’
ট্রাম্প ইরানি নেতাদের কঠোর সমালোচনা করে বলেন, ‘আমি তাদের ভালোভাবেই চিনেছি; খোলাখুলি বললে, তারা পাগল। সত্যিই তারা পাগল। সে কারণেই আমরা তাদের পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেব না।’
মধ্যপ্রাচ্যের মিত্রদের সক্ষমতা বাড়ানোর ওপর জোর দিয়ে ট্রাম্প জানান, নিজেদের আত্মরক্ষায় যথেষ্ট শক্তিশালী না হওয়া পর্যন্ত ওয়াশিংটনকে ওই অঞ্চলের দেশগুলোর পাশে দাঁড়াতে হবে এবং সহায়তা অব্যাহত রাখতে হবে।
ট্রাম্পের এই বক্তব্য ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধ বন্ধে কোনো সমঝোতায় পৌঁছানোর প্রচেষ্টার মধ্যে এসেছে। উল্লেখ্য, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে (এনপিটি) স্বাক্ষরকারী দেশ ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই বলেই আন্তর্জাতিকভাবে স্বীকৃত।
সূত্র: আলজাজিরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা এবং আশপাশের অঞ্চলে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে, এমন তথ্য প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি উল্লেখ করেছে যে, তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা নেই।
শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া, উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
এদিকে, সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ১৮ দশমিক ৮০ সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আজ শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩, ১৬ জমাদিউস সানি ১৪৪৮। সৌদি আরবের মক্কার পবিত্র মসজিদুল হারাম ও মদিনার পবিত্র মসজিদে নববিতে আজ জুমার নামাজের ইমামতি করবেন দুই বিশিষ্ট ইসলামিক স্কলার।
পবিত্র মসজিদুল হারামে আজ জুমার নামাজের ইমামতি করবেন শায়খ ড. ফয়সাল বিন জামিল হাসান গাজ্জাবি। অন্যদিকে, মসজিদে নববিতে জুমার নামাজ পড়াবেন শায়খ ড. আবদুল্লাহ বিন আবদুর রহমান আল-বুআইজান। অন্যান্য সপ্তাহের মতো আজও পবিত্র দুই মসজিদের জুমার খুতবা ও নামাজ বিশ্বের বিভিন্ন দেশে সরাসরি সম্প্রচার করা হবে।
মসজিদুল হারামে শায়খ ফয়সাল গাজ্জাবি
আজ মক্কার পবিত্র মসজিদুল হারামে জুমার নামাজের ইমামতি করবেন শায়খ ড. ফয়সাল বিন জামিল হাসান গাজ্জাবি। তিনি মসজিদুল হারামের অন্যতম ইমাম এবং কিরাআতশাস্ত্রের একজন প্রখ্যাত গবেষক।
শায়খ ফয়সাল গাজ্জাবি ১৩৮৫ হিজরির ২৭ জিলহজ জন্মগ্রহণ করেন। তিনি মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে পবিত্র কোরআনের কিরাআত বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর ও ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। ১৪০৯ হিজরিতে তিনি স্নাতক সম্পন্ন করেন এবং ১৪২৩ হিজরিতে একই বিষয়ে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। শিক্ষা ও গবেষণার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে একাডেমিক দায়িত্ব পালন করে আসছেন।
বর্তমানে তিনি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ ও উসুলুদ্দিন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৪২৮ হিজরি থেকে তিনি পবিত্র মসজিদুল হারামের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন।
মসজিদে নববিতে শায়খ আবদুল্লাহ আল-বুআইজান
অন্যদিকে আজ মদিনার পবিত্র মসজিদে নববিতে জুমার নামাজের ইমামতি করবেন শায়খ ড. আবদুল্লাহ বিন আবদুর রহমান আল-বুআইজান। তিনি মসজিদে নববির ইমাম ও খতিব হওয়ার পাশাপাশি মদিনার ইসলামি বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ অনুষদের শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
শায়খ আল-বুআইজান ইমাম মুহাম্মদ বিন সউদ ইসলামী বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ অনুষদ থেকে ১৪২২ হিজরিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে ইসলামী বিচারব্যবস্থা ও শরিয়াহ রাজনীতি বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন এবং ১৪৩৭ হিজরিতে ইসলামী বিচারব্যবস্থা বিষয়ে ডক্টরেট সম্পন্ন করেন। ১৪৩৪ হিজরির ৪ জিলহজ রাজকীয় আদেশে তাকে মসজিদে নববির নিয়মিত ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হয়। শিক্ষা, গবেষণা ও বিচারব্যবস্থা—এই তিন ক্ষেত্রেই তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
কোরআন তিলাওয়াতেও রয়েছে তাঁর বিশেষ পারদর্শিতা। তিনি হাফস ‘আন আসিম রেওয়ায়েতে শাতিবিয়্যাহ তরিকার মাধ্যমে কিরাআতের ইজাজাহ লাভ করেছেন। তাঁর হৃদয়স্পর্শী খুতবা ও সুললিত তিলাওয়াত মুসলিম বিশ্বের বহু মানুষের কাছে সমাদৃত।
মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের জুমার নামাজ প্রতি সপ্তাহেই মুসলিম বিশ্বের কোটি কোটি মানুষের বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসল্লিরা সরাসরি সম্প্রচার এবং বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে হারামাইনের জুমার খুতবা শোনার ও পবিত্র দুই মসজিদের আধ্যাত্মিক পরিবেশ উপভোগ করার সুযোগ পান।
সূত্র : দ্য ইসলামিক ইনফরমেশন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুয়েতে প্রাণঘাতী ড্রোন হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ইরান অস্বীকার করেছে। তবে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর নিয়ার ইস্টার্ন স্টাডিজের পরিচালক মোহামাদ বাজ্জি মন্তব্য করেছেন যে, দেশটির এই অস্বীকৃতি বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে না। তার মতে, উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে ইরানের ধারাবাহিক হামলার বিষয়টি বিবেচনা করলে তেহরানের এই দাবি নিয়ে সন্দেহ থেকেই যায়।
আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বাজ্জি বলেন, ইরান ধারাবাহিকভাবে কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইনসহ উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশকে লক্ষ্যবস্তু করেছে। এ কারণে কুয়েতে হামলার দায় অস্বীকার করে ইরান যে বক্তব্য দিয়েছে, তা বিশ্বাস করা কঠিন।
বাজ্জির ধারণা, ওই হামলায় বিদেশি নাগরিক হতাহত হওয়ার ঘটনায় ইরান নিজেও বিস্মিত হয়েছে। বর্তমানে পরিস্থিতির আরো অবনতি ঠেকাতে দেশটি উত্তেজনা কমানোর চেষ্টা করছে।
তিনি বলেন, ‘এটি ইরানের পক্ষ থেকে পরিস্থিতি শান্ত করার এবং হামলার দায় এড়ানোর একটি প্রচেষ্টা বলে মনে হচ্ছে। বিশেষ করে ইতালির সম্ভাব্য প্রতিক্রিয়া কিংবা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিক্রিয়া এড়াতে তারা এমন অবস্থান নিয়েছে।’
বাজ্জির মতে, ইরান মূলত এ হামলার ঘটনায় ইউরোপীয় ইউনিয়নের কঠোর নিন্দা এড়াতে চাইছে। তার ভাষায়, ইইউর প্রতিক্রিয়া সরাসরি সামরিক পদক্ষেপ না-ও হতে পারে। তবে হামলার বিরুদ্ধে আরো কঠোর ও উচ্চপর্যায়ের নিন্দা জানানো হতে পারে।
এএম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চাঁপাইনবাবগঞ্জের পারচৌকায় ককটেল তৈরির সময় ঘটে যাওয়া বিস্ফোরণের ঘটনায় কৃষকলীগ নেতা টমাস আলী নিহত হন। এই ঘটনায় বোমা তৈরির কারিগরসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে একজন হলেন আহত নাজমুল কবীর, যাকে রাজশাহীতে গোপনে চিকিৎসা নেয়ার সময় গ্রেফতার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। উল্লেখ্য, গ্রেফতারকৃত তিনজনই পুলিশের দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন: শিবগঞ্জ উপজেলার চানশিকারী গ্রামের মো. সেনাপতির ছেলে মো. রুবেল ইসলাম (২৩), একই গ্রামের মো. বাসির উদ্দিনের ছেলে রিফাত হাসান (১৮) এবং পারচৌকা গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে নাজমুল কবীর (৩৮)। তাদের মধ্যে ককটেল তৈরির কারিগর নাজমুল কবীরকে গোপনে একটি বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
জানা গেছে, বুধবার (২৫ নভেম্বর) দুপুরে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সীমান্তবর্তী পারচৌকা মাঠে ককটেল তৈরির সময় বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন উপজেলা কৃষক দলের শ্রম বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি শামিল উদ্দিন আহমেদ শিমুলের ঘনিষ্ঠ টমাস আলী। বিস্ফোরণের সময় আরও তিনজন আহত হন এবং তারা আত্মগোপনে চলে যান। পরদিন বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে শিবগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে ৭৯ জনের নাম উল্লেখপূর্বক ১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ সময় সংবাদকে জানান, গ্রেফতারকৃত তিনজনের মধ্যে রুবেল ও রিফাতকে চাঁপাইনবাবগঞ্জ থেকেই গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে ককটেল বিস্ফোরণের সময় আহত হয়ে গোপনে চিকিৎসা নেয়ার সময় রাজশাহী থেকে গ্রেফতার হয়েছে নাজমুল কবীর। বাকিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।
পুলিশ ও এসআরবি জানায়, ককটেল তৈরির সময় বিস্ফোরণে আহত নাজমুল কবীরকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী নগরের তেরোখাদিয়া পশ্চিমপাড়া এলাকার একটি বাসায় অভিযান চালায় এসআরবি সদস্যরা। অভিযানের সময় নাজমুলের শরীরে স্যালাইন চলছিল। তাকে স্যালাইনসহ ব্যাটালিয়নের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয়। এ সময় ওই বাসার ভাড়াটিয়া নারী ও আহত নাজমুল কবীরের স্ত্রীকেও হাসপাতালে নেয়া হয়। অভিযোগ রয়েছে, নাজমুল কবীর ককটেল তৈরির কারিগর হিসেবে পরিচিত।
তালাশ বিডি/মিডিয়া লিঃ