ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ভৈরবে চলন্ত বাসে ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা


ভৈরবে চলন্ত বাসে ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়কে একটি চলন্ত যাত্রীবাহী বাস লক্ষ্য করে পরপর ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে বাসের সামনের কাচে আগুন ধরে গেলেও চালকের তাৎক্ষণিক বুদ্ধিমত্তায় বড় ধরনের প্রাণহানি ও দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) রাত ১১টার দিকে মহাসড়কের ভৈরবের জগন্নাথপুর এলাকায় ‘যাতায়াত পরিবহন’-এর একটি বাসে এ হামলার ঘটনা ঘটে।

বাসের চালক জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বাসটি ভৈরবের জগন্নাথপুর এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত গাড়িটি লক্ষ্য করে পরপর দুটি বোমা ছুড়ে মারে। মুহূর্তেই বাসের সামনের গ্লাসে আগুন ধরে যায়। তবে চালক দ্রুত গতি নিয়ন্ত্রণ করে গাড়ি থামিয়ে দেন এবং স্থানীয়দের সহায়তায় আগুন নিভিয়ে ফেলেন। বাসে যাত্রী সংখ্যা কম থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে যাত্রী ও এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: চট্টগ্রামে ড. ইউনূসের বাড়ির গ্যারেজে আগুন, তদন্ত শুরু

স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, একটি ‘আর-ওয়ান-ফাইভ’ (R15) ও একটি ‘ডিসকভার’ মোটরসাইকেলে করে আসা ছয়জন দুর্বৃত্ত এই হামলায় অংশ নেয়। হামলার কিছুক্ষণ আগেও তারা ওই সড়কে মহড়া দিয়েছিল। পরে ফিরে এসে বিকট শব্দে একটি ককটেল ও একটি পেট্রোল বোমা ছুড়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়দের দাবি, হামলাকারীরা স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

খবর পেয়ে ভৈরব থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ বিষয়ে জানতে চাইলে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান কোনো মন্তব্য করতে রাজি হননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘোড়াঘাটে ট্রাক ঢুকে পড়ল বসতঘরে, ৩ মাসের শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১১ এম


ঘোড়াঘাটে ট্রাক ঢুকে পড়ল বসতঘরে, ৩ মাসের শিশুর মৃত্যু

দিনাজপুরের ঘোড়াঘাটে একটি পাথরবোঝাই ট্রাকের আঘাতে একটি বসতঘর সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়ে গেছে। এই ঘটনায় ঘরের ভিতরে থাকা মাত্র তিন মাস বয়সী এক শিশু গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যার সময় উপজেলার বুলাকীপুর ইউনিয়নের সোনামুখী এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে এই দুর্ঘটনাটি ঘটে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, মধ্যপাড়া পাথর খনি থেকে পাথরবোঝাই একটি ট্রাক ঢাকা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সোনামুখী গ্রামের মো. মোহন (২২)-এর বাড়িতে ধাক্কা দেয়। এই দুর্ঘটনায় বাড়ির একটি শয়নকক্ষ সম্পূর্ণরূপে দুমড়ে-মুচড়ে যায়। ওই ঘরের ভিতরে থাকা মোহনের তিন মাস বয়সী শিশু সন্তান শাফি গুরুতর আহত হয়।

শিশুটিকে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

এ ঘটনায় দুর্ঘটনাকবলিত ট্রাক ও চালক তপু কুমার ঘোষকে (৩৫) পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তিনি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ঢাকারীপাড়া এলাকার কিশোর কুমার ঘোষের ছেলে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, এখন পর্যন্ত নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ জমা দেওয়া হয়নি। চালক এবং ট্রাক বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ ও জর্ডান যৌথ ব্যবসায়িক ফোরাম গঠনে সম্মত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১১ এম


বাংলাদেশ ও জর্ডান যৌথ ব্যবসায়িক ফোরাম গঠনে সম্মত

ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ ও জর্ডান যৌথভাবে ব্যবসায়িক ফোরাম গঠনের বিষয়ে সম্মত হয়েছে, যা বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে সহায়ক হবে। একইসঙ্গে, অনিবন্ধিত কর্মীদের বৈধকরণ এবং শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধানে একটি যৌথ শ্রমবিষয়ক কমিটি সক্রিয় করার সিদ্ধান্তও গ্রহণ করেছে উভয় দেশ।

এই বিষয়ে ঐকমত্যে পৌঁছানো হয়েছে বুধবার জর্ডানের রাজধানী আম্মানে অনুষ্ঠিত দুই দেশের দ্বিতীয় দফা রাজনৈতিক পরামর্শ সভায়।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রস্তাবিত যৌথ ব্যবসায়িক ফোরামের মাধ্যমে দুই দেশের ব্যবসায়ীরা সরাসরি যোগাযোগের সুযোগ পাবেন। এর ফলে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগে নতুন সুযোগ সৃষ্টি হবে।

এছাড়া, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) এবং জর্ডান ফসফেট মাইনস কোম্পানির মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) পুনরায় কার্যকর করার বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে।

এটি ফসফেট, সার ও সংশ্লিষ্ট রাসায়নিক সরবরাহে সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখার সুযোগ তৈরি করবে। বৈঠকে তৈরি পোশাক ও ওষুধশিল্প খাতেও সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) ড. মো. নজরুল ইসলাম। অন্যদিকে, জর্ডানের পক্ষে নেতৃত্ব দেন দেশটির এশিয়া, ওশেনিয়া ও আফ্রিকাবিষয়ক বিভাগের পরিচালক রাষ্ট্রদূত মুহাম্মদ আবু ওয়ান্দি। এসময় জর্ডানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নূর-ই-হেলাল সাইফুর রহমান উপস্থিত ছিলেন।

জর্ডান বাংলাদেশের কর্মীদের অবদানের স্বীকৃতি প্রদান করে, বিশেষ করে তৈরি পোশাক খাতে তাদের অবদানের কথা উল্লেখ করে। শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য যৌথ শ্রমবিষয়ক কমিটির কার্যক্রম নিয়ে দুই পক্ষ একমত হয়েছে।

বৈঠকে বাংলাদেশ জর্ডানের আবাসিক দূতাবাস ঢাকায় খোলার অনুরোধ জানায়। জর্ডানের পক্ষ থেকে জানানো হয়, এ প্রস্তাব সক্রিয় বিবেচনায় রয়েছে।

এছাড়া, প্রতিরক্ষা, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা, সংস্কৃতি, পর্যটন ও যোগাযোগ খাতে সহযোগিতার বিষয়েও আলোচনা করা হয়। দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার জন্য সংসদীয় মৈত্রী কমিটি গঠনের সম্ভাবনা তুলে ধরা হয়। পাশাপাশি ঝুলে থাকা দ্বিপক্ষীয় চুক্তিগুলোর চূড়ান্তকরণ দ্রুত করার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়।

বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার এবং ন্যায়সংগত ও স্থায়ী দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে। একইসঙ্গে, জেরুজালেমের মুসলিম ও খ্রিষ্টানদের পবিত্র ধর্মীয় স্থানগুলোর তত্ত্বাবধায়ক হিসেবে জর্ডানের দীর্ঘদিনের ভূমিকার স্বীকৃতি দেয় বাংলাদেশ।

অন্যদিকে, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে জর্ডান।

বৈঠকের ফাঁকে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময়ের আনুষ্ঠানিক কাঠামো প্রতিষ্ঠায় রাজনৈতিক পরামর্শবিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এর আগে, দিনের শুরুতে আম্মানে বাংলাদেশ চ্যান্সারিতে জর্ডান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে বৈঠক করেন ড. নজরুল ইসলাম। এসময় দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক জোরদারের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শামীম ওসমানের পরিত্যক্ত বাড়িতে ছাত্রদলের অগ্নিসংযোগের চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১২ এম


শামীম ওসমানের পরিত্যক্ত বাড়িতে ছাত্রদলের অগ্নিসংযোগের চেষ্টা

ফতুল্লার জামতলা এলাকায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ভাঙাচোরা বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। লকডাউন বিষয়ক পরিস্থিতির প্রেক্ষাপটে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের, এর প্রতিবাদে বুধবার রাতে ছাত্রদল নেতা রিফাতের নেতৃত্বে দলের সদস্যরা এই চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, বুধবার রাতে ছাত্রদল নেতা রিফাতের নেতৃত্বে নেতাকর্মীরা শামীম ওসমানের জামতলার ভাঙা বাড়ির সামনে জড়ো হয়ে আগুন লাগানোর চেষ্টা করেন। তবে তারা বাড়িটিতে আগুন দিতে সক্ষম হননি। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা বিএনপির পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউনের বিরুদ্ধে এলাকায় প্রতিবাদ মিছিল করেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম এ বিষয়ে বলেন, জামতলায় সাবেক এমপির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা সম্পর্কে আমরা অবগত হয়েছি। খবর পাওয়ার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং সার্বিক ব্যবস্থা গ্রহণের জন্য ঘটনাস্থলে আমাদের পুলিশ পাঠানো হয়েছে।

উল্লেখ্য, চব্বিশের গণ-অভ্যুত্থানের পর ৫ আগস্ট বিকেলে বিক্ষুব্ধ ছাত্র-জনতা শামীম ওসমানের বাড়িটি ভেঙে গুঁড়িয়ে দেয়। এরপর থেকে বাড়িটি ফাঁকা অবস্থায় রয়েছে। বর্তমানে বাড়িটিতে কোনো নিরাপত্তাকর্মীও নেই। একসময়কার জৌলুশপূর্ণ ডুপ্লেক্স বাড়িটি এখন ভূতুড়ে অবস্থায় পরিণত হয়েছে।

এআরবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে ড. ইউনূসের বাড়ির গ্যারেজে আগুন, তদন্ত শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১২ এম


চট্টগ্রামে ড. ইউনূসের বাড়ির গ্যারেজে আগুন, তদন্ত শুরু

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ আবাসিক এলাকায়, সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়ির গাড়ি রাখার জন্য ব্যবহৃত পরিত্যক্ত গ্যারেজে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুন বড় আকার ধারণ করার আগেই তা নিভে যায়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বাড়িটিতে গত দুই বছর ধরে কেউ বসবাস করেন না। গাড়ি রাখার গ্যারেজটিও দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

ফেসবুকে ছড়িয়ে পড়া প্রায় পাঁচ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, বাড়িটির নিচতলার গ্যারেজের সামনে আগুন জ্বলছে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে আগুন কীভাবে লেগেছে, ভিডিওটি কখন ধারণ করা হয়েছে এবং এর পেছনে কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক রাতে আমার দেশকে জানান, রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তদন্তের পর বলা যাবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িটির গ্যারেজটি দীর্ঘদিন ধরে অব্যবহৃত রয়েছে। সেখানে কোনো গাড়ি রাখা হয় না। আগুনের সূত্রপাতের পর তা ছড়িয়ে পড়ার আগেই নিভে যায়। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আগুনের একটি সংক্ষিপ্ত ভিডিও ছড়িয়ে পড়ে। প্রায় পাঁচ সেকেন্ডের ওই ভিডিওতে ভবনের নিচতলায় আগুন জ্বলতে দেখা যায়। তবে ভিডিওটি কে ধারণ করেছেন, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ কী এবং এর পেছনে কোনো নাশকতার উদ্দেশ্য ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্তের মাধ্যমে আগুন লাগার প্রকৃত কারণ ও এর সঙ্গে কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা বের করার চেষ্টা চলছে।

এআরবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%