ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

রাজশাহীর আম খেয়ে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, বললেন ‘অসাধারণ’


রাজশাহীর আম খেয়ে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, বললেন ‘অসাধারণ’

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন রাজশাহীর সবচেয়ে বড় আম বাজার বানেশ্বরহাট পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (১৬ জুন) সকালে ৯টার দিকে তিনি হাটে পরিদর্শনে যান। পরিদর্শনের সময় তিনি আমের আড়ত ও দোকানগুলো ঘুরে দেখেন। রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন আমের স্বাদ গ্রহণ করেন এবং মুগ্ধ হয়ে মন্তব্য করেন, ‘সেরা আমের স্বাদ নিতে রাজশাহীতে এসেছি। এখানকার আম অসাধারণ।’

রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন এসময় আরো বলেন, ‘এখানে বেশি পরিমাণে কোল্ড চেইন (হিমাগার ব্যবস্থা) প্রয়োজন। কারণ রফতানি এবং সারা বছর আম পেতে হিমায়িত আম সবচেয়ে উপযোগী।’

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

তিনি আরো উল্লেখ করেন, ‘যুক্তরাষ্ট্রে আম পাওয়া যায় তবে এখানকার মতো এত তাজা আম পাওয়া সম্ভব নয়।’

এর আগে রাষ্ট্রদূত হাটে বিক্রি হওয়া বিভিন্ন জাতের আম সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করেন এবং ব্যবসায়ী ও চাষিদের সঙ্গে আলোচনা করেন। এই পরিদর্শনের সময় তার সঙ্গে দূতাবাসের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি নেতানিয়াহুকে যেভাবে ‘বিপদে’ ফেললো

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০২:৫৬ পি.এম


ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি নেতানিয়াহুকে যেভাবে ‘বিপদে’ ফেললো

ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার জন্য একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং শিগগিরই এর বিস্তারিত প্রকাশ করা হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সোমবার (১৫ জুন) ফ্রান্সে জি-৭ সম্মেলনের ফাঁকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে আলাপের সময় এ কথা তিনি বলেন।

চুক্তির কিছু বিষয় সামনে এনেছেন মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা জানিয়েছেন, শুক্রবার (১৯ জুন) অর্থাৎ জেনেভায় আনুষ্ঠানিকভাবে চুক্তিটি স্বাক্ষরের দিন থেকেই হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া হবে। খবর বিবিসি’র।

এদিকে, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি এবং যুদ্ধবিরতির ঘোষণা ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য একটি ‘রাজনৈতিক দুঃস্বপ্ন’ হিসেবে পরিগণিত হচ্ছে। এটি তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের তিনটি মূল স্তম্ভকে ক্ষতিগ্রস্ত করেছে এবং তাকে নতুন একটি নিরাপত্তা সংকটে ফেলেছে।

তবে প্রশ্ন উঠেছে, যিনি নিজেকে ওয়াশিংটনের ‘রাজনৈতিক পরামর্শদাতা’ হিসেবে তুলে ধরেছিলেন এবং মার্কিন রাজনীতিবিদদের ওপর যার শক্ত প্রভাব ছিল, কীভাবে তাকে পাশ কাটিয়ে ট্রাম্প ইরান চুক্তি করলেন এবং কীভাবে তিনি এভাবে প্রকাশ্যে ‘অপমানিত’ হচ্ছেন?

যিনি ইরানকে মোকাবিলার বিষয়টিকে ইসরাইলের নিরাপত্তা পরিকল্পনার কেন্দ্রে রেখেছিলেন, সেই নেতানিয়াহু এখন এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন যেখানে ইরান বরং যুদ্ধের আগের চেয়েও শক্তিশালী অবস্থানে রয়েছে।

এছাড়া, লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা বন্ধ করার জন্য ওয়াশিংটন ও তেহরানের দাবি এখন ইসরাইলের ‘মিস্টার সিকিউরিটি’ হিসেবে পরিচিত নেতানিয়াহুর রাজনৈতিক ভাবমূর্তিকে সংকটে ফেলেছে, বিশেষ করে দেশটিতে সাধারণ নির্বাচনের মাত্র কয়েক মাস আগে। নেতানিয়াহুর সামনে এখন কোনো ভালো বিকল্পও নেই।

সোমবার ইসরাইলের সংসদ নেসেটে, বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ বলেন, তার সামনে এখন কেবল দুটি পথ খোলা– হয় আমাদের সবচেয়ে বড় মিত্রের সঙ্গে সরাসরি ও মারাত্মক সংঘাত, অথবা ইসরাইলি স্বার্থকে জলাঞ্জলি দেয়া।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেন, রোববার (১৪ জুন) বৈরুতে হামলার নির্দেশ দিয়ে নেতানিয়াহু কোনো বিচারবুদ্ধির পরিচয় দেননি। ট্রাম্পের এ বক্তব্য ইসরাইলে নেতানিয়াহুর রাজনৈতিক প্রতিপক্ষ এবং গণমাধ্যম ভাষ্যকাররা লুফে নিয়েছেন। অক্টোবর মাসের আগে হতে যাওয়া নির্বাচন সামনে রেখে বিরোধীরা এখন এ সুযোগকে কাজে লাগাচ্ছেন।

নিজের রাজনৈতিক দল লিকুদ এবং জোট সরকারের কট্টরপন্থি মন্ত্রীদের মন্তব্যেও নেতানিয়াহুর ওপর স্পষ্ট চাপ রয়েছে। বিশেষ করে তেহরানের দাবির বিষয়ে যে, যুদ্ধবিরতির আওতায় ‘লেবাননসহ সব ফ্রন্টে সামরিক অভিযান’ বন্ধ থাকবে।

ইসরাইলের কট্টরপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘ট্রাম্পের চুক্তি আমাদের বাধ্য করে না। আমরা সে চুক্তির অংশীদার নই, যা আমাদের নিরাপত্তা নিশ্চিত করে না।’

মোসাদের সাবেক কর্মকর্তা এবং ইরান বিশেষজ্ঞ সিমা শাইন বলেন, আমেরিকানরা কেন এটি গ্রহণ করল তা বোঝা কঠিন। লেবাননে কী ঘটবে তা নির্ধারণের ক্ষমতা ইরানকে দিয়ে যুক্তরাষ্ট্র আসলে হিজবুল্লাহকে সহায়তা চালিয়ে যাওয়ার এবং লেবাননের রাজনীতিতে হিজবুল্লাহকে প্রধান শক্তি হিসেবে টিকে থাকার সুযোগ করে দিচ্ছে।

নেতানিয়াহু নিজেও এখন অনেকটা নীরব। নিজেকে প্রায়শই জয়ী হিসেবে দাবি করতে অভ্যস্ত নেতানিয়াহুর এ নীরবতাকে তার কঠিন পরিস্থিতির ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকেই। গাজায় হামাস-নেতৃত্বাধীন হামলার পর নেতানিয়াহুর কৌশল ছিল আরও আক্রমণাত্মক হওয়া, অর্থাৎ ঝুঁকিগুলোকে আটকে না রেখে সেগুলোকে পূর্বে নির্মূল করা।

কিন্তু ইসরাইলি বাহিনী গাজার অনেক এলাকা ধ্বংস করা এবং গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ৭৩ হাজারেরও বেশি মানুষকে হত্যা করার পরেও হামাস এখনো অর্ধেক অঞ্চল নিয়ন্ত্রণ করছে এবং নিজেদের শক্তি পুনঃপ্রতিষ্ঠা করছে।

অন্যদিকে আট মাস আগের যুদ্ধবিরতি সত্ত্বেও গাজার জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা এখনও অনিশ্চয়তার মধ্যেই ঝুলে রয়েছে। নেতানিয়াহুর এ নতুন নিরাপত্তা কৌশল ইসরাইলি বাহিনীকে গাজা, লেবানন ও সিরিয়ার বিশাল এলাকা দখলে আটকে ফেলেছে। এটি অনেক ইসরাইলির কাছে জনপ্রিয় হলেও, এর কোনো সুস্পষ্ট কূটনৈতিক সমাধান নেই। একই সঙ্গে এই দীর্ঘ যুদ্ধ ইসরাইলের সামরিক সম্পদ ও রিজার্ভ বাহিনীকে চরম ক্লান্তির মুখে ঠেলে দিয়েছে।

ইরান ও হিজবুল্লাহর বিরুদ্ধে বারবার সংঘাতে জড়ানো সত্ত্বেও নিজের প্রধান শত্রুদের এখনও নির্মূল করতে পারেনি ইসরাইল। বরং তেহরানকে আরও বেশি কট্টরপন্থি নেতাদের হাতে তুলে দিয়েছে, যারা মার্কিন-ইসরাইলি শক্তির ভয় থেকে মুক্ত এবং হরমুজ প্রণালীতে তাদের প্রভাব আরও বেড়েছে। এছাড়া, ইসরাইলের প্রধান শত্রু নিজেই ইসরাইলের মূল মিত্রের ওপর প্রভাব বিস্তার করছে বলেও এখন দেখা যাচ্ছে।

ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ-এর সিনিয়র ইরান গবেষক ড্যানি সিট্রিনোভিচ বলেন, ‘ইসরাইলের এই ব্যর্থতা তেহরান-বিষয়ক কৌশল পুনর্বিবেচনার দাবি রাখে। তাদের আরও বাস্তবসম্মত ও সংযত অগ্রাধিকার ঠিক করতে হবে।’

তিনি আরও বলেন, ওয়াশিংটন যদি মনে করে কোনো সামরিক পদক্ষেপ চুক্তিটি ভেস্তে দেয়ার প্রচেষ্টা, তবে তার কঠোর প্রতিক্রিয়া হতে পারে। এছাড়া, ওবামা প্রশাসনের সময় নেতানিয়াহু যেভাবে হোয়াইট হাউসকে এড়িয়ে কংগ্রেস ও মার্কিন জনমতের মাধ্যমে নিজের কাজ হাসিল করার চেষ্টা করতেন, বর্তমান পরিস্থিতিতে সেই সুযোগ প্রায় নেই।

দীর্ঘদিন ধরে নেতানিয়াহুর দাবি ছিল, তার রাজনৈতিক দক্ষতা ও নীতি আঞ্চলিক হুমকি থেকে ইসরাইলকে রক্ষা করার সেরা উপায়। ইরানের শাসন ব্যবস্থায় পরিবর্তন হয়তো নেতানিয়াহুর এই রাজনৈতিক ভাবমূর্তি ও নির্বাচনী বয়ানকে রক্ষা করতে পারত। কিন্তু এর পরিবর্তে, তার নতুন নিরাপত্তা নীতি তাকে কোনো শত্রুর সঙ্গে নয়, বরং এক মিত্রের সঙ্গেই সংঘাত অথবা আত্মসমর্পণের মুখোমুখি দাঁড় করিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামের উপসর্গ আরও ১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৪২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০২:৫৮ পি.এম


হামের উপসর্গ আরও ১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৪২

দেশে হামের উপসর্গ নিয়ে আরও একটি শিশুর মৃত্যু ঘটেছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে বর্তমান সময় পর্যন্ত হাম সন্দেহে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬৪ জন।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুসারে, সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কেউ মারা যাননি, তবে সন্দেহজনক হাম রোগের কারণে মৃত্যু হয়েছে এক শিশুর। এই সময়ের মধ্যে ১ হাজার ৬ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে। একই সময়ে নিশ্চিত হামের রোগী শনাক্তের সংখ্যা ১৩৬ জন।

গত ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছে ৯৩ জন শিশু। সব মিলিয়ে হাম এবং হামের উপসর্গে মোট ৬৫৭ জন শিশু মারা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাইপ্রাসে বাংলাদেশি যুবক নিখোঁজ, সন্ধান পেতে তথ্য চেয়েছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৩:০৩ পি.এম


সাইপ্রাসে বাংলাদেশি যুবক নিখোঁজ, সন্ধান পেতে তথ্য চেয়েছে পুলিশ

সাইপ্রাসে এক বাংলাদেশি যুবক নিখোঁজ হয়ে গেছেন। তিনি ১২ জুনে একটি কারখানায় কাজ শুরু করবেন বলে বাড়ি থেকে বের হয়েছিলেন, কিন্তু এরপর তিনি আর ফিরেননি। সোমবার, ১৫ জুন, পুলিশ এসব তথ্য প্রদান করেছে।

১২ জুন নিখোঁজ হওয়া ২২ বছর বয়সী এই বাংলাদেশি যুবকের সন্ধান পেতে পুলিশ তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে এবং তার অন্তর্ধানকে অপহরণ, গুম ও স্বাধীনতা হরণের একটি সম্ভাব্য ঘটনা হিসেবে তারা বিবেচনা করছে।

অভিযোগকৃত অপহরণ ও অবৈধভাবে আটকে রাখার সাথে সম্পর্কিত তদন্তের অংশ হিসেবে পুলিশ শাহরুয়ার আহমেদ ইমনের একটি ছবি প্রকাশ করেছে।

পুলিশ জানিয়েছে, তার নিখোঁজ হওয়ার বিষয়টি সম্পর্কে সব ধরনের সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে।

জানা গেছে, নিখোঁজ হওয়ার দিন সন্ধ্যায় একটি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইমন তার এক বন্ধুকে একটি নির্দিষ্ট ঠিকানা জানিয়ে বার্তা পাঠান।

এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। পরে তার বাবা একটি মোবাইল ফোন থেকে সাহায্যের জন্য একটি অনুরোধের বার্তা পেয়েছেন।

এরপর থেকে তার ফোনটি বন্ধ রয়েছে এবং তিনি আত্মীয়স্বজন বা বন্ধুদের কলের কোনো উত্তর দেননি।

পুলিশের যোগাযোগ শাখা জানিয়েছে, কর্মকর্তারা তার নিখোঁজ হওয়ার পরিস্থিতি বিস্তারিতভাবে খতিয়ে দেখছেন এবং তদন্তের সব দিক খোলা রাখা হয়েছে।

এ বিষয়ে কোনো তথ্য জানা থাকলে জনসাধারণকে ২৪৮০৪০৬০ নম্বরে লার্নাকা পুলিশ স্টেশন কিংবা নিকটতম পুলিশ স্টেশনে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৩:০৭ পি.এম


ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়, ১১৩ জন ভর্তি হয়েছেন দেশের বিভিন্ন হাসপাতালে।

মঙ্গলবার (১৬ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪১২ জনে। আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট ৭ জনের মৃত্যু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%