ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

হাজী মোহাম্মদ দানেশ বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ৬৪তম সভা অনুষ্ঠিত


হাজী মোহাম্মদ দানেশ বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ৬৪তম সভা অনুষ্ঠিত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) রিজেন্ট বোর্ডের ৬৪তম সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভাটি সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভিআইপি কনফারেন্সকক্ষে আয়োজন করা হয়। সভার সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা।

সভায় উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা সদস্যদের স্বাগত জানান। তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সদস্যদের সুচিন্তিত মতামত প্রদানের আহ্বান জানান।

রিজেন্ট বোর্ডের এই সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নওশের ওয়ান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মাসুদুল হাসান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক ড. মো. মহিউদ্দিন, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) চেয়ারম্যান ড. সামিনা আহমেদ, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) মহাপরিচালক ড. শাকিলা ফারুক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল্লাহ খান এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ছালেহ আহাম্মদ খান।

আরও পড়ুন: এবার বুয়েটে ককটেল বিস্ফোরণ, আহতের খবর নেই

এছাড়া, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামীম আরা চৌধুরী, হাবিপ্রবির ফসল শারীরতত্ত্ব ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান বাহাদুর ও অধ্যাপক ড. মো. আবু হাসান, কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. হাসান ফুয়াদ এল তাজ, দিনাজপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সেখ সাদেক আলী এবং দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. লুৎফর রহমান প্রমুখও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণবাড়িয়ার ইসলামি বইমেলা জমে উঠেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫১ পি.এম


ব্রাহ্মণবাড়িয়ার ইসলামি বইমেলা জমে উঠেছে

ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হচ্ছে আট দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামি বইমেলা। ভাদুঘর কওমী ছাত্র কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে গত ৫ নভেম্বর থেকে শুরু হয়েছে এ মেলা।

এ আয়োজন চলবে ১২ নভেম্বর পর্যন্ত। শহরের পৌর মুক্তমঞ্চে প্রতিদিন বইপ্রেমী, শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠছে মেলা প্রাঙ্গণ।

বিশিষ্ট আলেম-উলামার পরামর্শ ও সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই বইমেলায় দেশের বিভিন্ন ইসলামি প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। মেলায় ইসলামি জ্ঞান, ইতিহাস, সাহিত্য, আকিদা, সিরাতসহ বিভিন্ন বিষয়ের বই প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। পাঠকরা তাদের পছন্দের বই সংগ্রহের পাশাপাশি বিভিন্ন প্রকাশনার বই ঘুরে দেখছেন।

বইমেলাকে কেন্দ্র করে প্রতিদিন কুরআন তিলাওয়াত, ইসলামি সংগীত, নাশিদ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রকাশক ও প্রতিনিধিদের সঙ্গে আলেম-উলামা, লেখক, মাদরাসা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিচ্ছেন।

মেলার উপদেষ্টা কমিটিতে অন্তর্ভুক্ত রয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব শায়খ সাজিদুর রহমান, জামিয়া ইউনুসিয়ার মুহতামিম মুফতি মোবারকুল্লাহ, হাফেজ মাওলানা ইমরান, হাফেজ মাওলানা তানভীরুল হক এবং মুফতি মিশকাত আহমেদ।

আয়োজকদের মূল লক্ষ্য হলো, ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি ঘরে বিশুদ্ধ ইসলামি জ্ঞান, সমৃদ্ধ ইসলামি ইতিহাস এবং ইসলামি মূল্যবোধ পৌঁছে দেওয়া। বিশেষ করে তরুণ প্রজন্মকে সঠিক ইসলামি শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার পাশাপাশি বইপড়ার অভ্যাস তৈরি করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আয়োজকরা জানান, বইমেলাকে কেন্দ্র করে শিক্ষার্থী, তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। তারা আশা করছেন, এ আয়োজনের মাধ্যমে ইসলামি বইপড়ার প্রতি মানুষের আগ্রহ আরও বাড়বে এবং জ্ঞানচর্চার ইতিবাচক পরিবেশ তৈরি হবে। আগামী ১২ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সবার জন্য উন্মুক্ত থাকবে এ ইসলামি বইমেলা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোদির প্রশংসায় ট্রাম্পকে নিয়োগ দিতে ভারতের খরচ ৭৫ হাজার ডলার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫১ পি.এম


মোদির প্রশংসায় ট্রাম্পকে নিয়োগ দিতে ভারতের খরচ ৭৫ হাজার ডলার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের ব্যবস্থা করেছিল একটি মার্কিন জনসংযোগ প্রতিষ্ঠান। ভারত সরকারের পক্ষ থেকে কাজ করা প্রতিষ্ঠানটিকে এই কাজের জন্য মাসে ৭৫ হাজার ডলার (প্রায় ৯২ লাখ টাকা) পারিশ্রমিক দেওয়ার জন্য নিয়োগ করা হয়েছিল।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যারের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে। যুক্তরাষ্ট্র সরকারের কাছে জমা দেওয়া একটি নথিতে প্রতিষ্ঠানটির কাজের বিস্তারিত বিবরণ উঠে এসেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত জুনে ভারতের সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী হওয়ার জন্য নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন ট্রাম্প। এই পোস্টের ব্যবস্থা করেছিল মার্কিন প্রতিষ্ঠান মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স। এই প্রতিষ্ঠানটি ভারত সরকারের হয়ে কাজ করছিল।

ট্রাম্পের ঘনিষ্ঠ কয়েকজন ব্যক্তি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন। তাদের মধ্যে ট্রাম্পের ক্ষমতা গ্রহণের প্রস্তুতি দলের সাবেক যোগাযোগ পরিচালক ব্রায়ান লানজা এবং ট্রাম্পের বিদায়ী চিফ অব স্টাফ সুসি ওয়াইলসও ২০২৪ সালের শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটির হয়ে লবিস্ট হিসেবে কাজ করেছেন।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের সাংবাদিক দিব্যা এ-এর প্রতিবেদনের সূত্রে দ্য ওয়্যার জানায়, ট্রাম্প দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ভারত সরকার মার্কারি পাবলিক অ্যাফেয়ার্সকে নিয়োগ দেয়। প্রতিষ্ঠানটির সঙ্গে মাসে ৭৫ হাজার ডলারের চুক্তি করা হয়।

এছাড়া, ভারত সরকারের জন্য কাজ করতে যুক্তরাষ্ট্রের আরেকটি প্রতিষ্ঠানকেও নিয়োগ দেওয়া হয়েছিল। প্রতিষ্ঠানটির নাম এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি। এর প্রধান জেসন মিলারও ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

যুক্তরাষ্ট্র সরকারের কাছে জমা দেওয়া নথি অনুযায়ী, চলতি বছরের মে ও জুন মাসে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের আটটি ফোনালাপের ব্যবস্থা করেছিল প্রতিষ্ঠানটি। এসব আলোচনার বিষয় ছিল ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক।

ফোনালাপগুলোর মধ্যে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারসহ হোয়াইট হাউসের কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা ছিলেন। এসব যোগাযোগের উদ্দেশ্য ছিল দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা ও যোগাযোগ বাড়ানো।

২০২৫ সালের এপ্রিলে ভারত সরকার জেসন মিলারের প্রতিষ্ঠানকে নিয়োগ দেয়। পরে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়। প্রতিষ্ঠানটির সঙ্গে ভারতীয় দূতাবাসের মাসিক দেড় লাখ ডলারের চুক্তি ছিল। তবে ট্রাম্প প্রশাসনে বিশেষ সরকারি দায়িত্ব পাওয়ার পর গত ২৩ জুন প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি বাতিল করা হয়।

নথিতে উল্লেখ করা হয়েছে, প্রতিষ্ঠানটির দায়িত্ব ছিল ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে মার্কিন সরকারের কর্মকর্তা, কংগ্রেস সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও গবেষণা সংস্থার সঙ্গে যোগাযোগ করা। পাশাপাশি ভারত সরকারের পক্ষে কৌশলগত পরামর্শ ও পরিকল্পনা তৈরিতেও সহায়তা করার কথা ছিল তাদের।

যুক্তরাষ্ট্রে বিদেশি সরকার বা প্রতিষ্ঠানের হয়ে এ ধরনের কাজ করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সরকারের কাছে তথ্য জমা দিতে হয়। এ জন্য দেশটিতে বিশেষ আইন রয়েছে। ওই আইনের আওতায় জমা দেওয়া নথি থেকেই ভারত সরকারের সঙ্গে মার্কিন প্রতিষ্ঠান দুটির চুক্তি এবং তাদের কাজের বিষয়গুলো সামনে এসেছে।

সূত্র: দ্য ওয়্যার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার পাশে ওয়ার্নার, সিএর তদন্ত নিয়ে প্রশ্ন উঠেছে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫২ পি.এম


স্যান্ডপেপার-কাণ্ডে খাজার পাশে ওয়ার্নার, সিএর তদন্ত নিয়ে প্রশ্ন উঠেছে

২০১৮ সালের কেপটাউন টেস্টে বহুল আলোচিত স্যান্ডপেপার-কাণ্ডের প্রসঙ্গ আবারও অস্ট্রেলীয় ক্রিকেটে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। সাবেক ওপেনার উসমান খাজার নতুন বই ‘সাবর’-এ উত্থাপিত দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন ডেভিড ওয়ার্নার। একই সঙ্গে তিনি ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) তদন্ত প্রক্রিয়ার স্বচ্ছতা ও পূর্ণতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

খাজার দাবি করেছেন, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে অস্ট্রেলিয়া দলের সকল সদস্য অবগত ছিলেন। ব্যাটার, বোলার এবং সাপোর্ট স্টাফ, কেউই এই বিষয় থেকে বাদ পড়েনি। খাজার বইয়ে উল্লেখ রয়েছে, ‘আমরা সবাই ছিলাম। ব্যাটার, বোলার কিংবা সাপোর্ট স্টাফ কেউ বাদ ছিল না। আমরা সবাই।’

ক্রিকেট অস্ট্রেলিয়া খাজার এই দাবিকে প্রত্যাখ্যান করেছে। তবে ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় ওয়ার্নার তার বক্তব্যকে শতভাগ সঠিক বলে সমর্থন করেছেন।

ওয়ার্নার বলেন, ‘উজি, আমি তোমাকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। তুমি যা করেছ, সে জন্য তোমাকে ধন্যবাদ। তুমি যা বলেছ, তা শতভাগ সঠিক।’

তিনি আরও বলেন, ‘এখন সবাই সত্যটা জানে। মানুষ সত্যটা জানতে চেয়েছিল, তুমি সামনে এসে বলেছ। এখন আবার কেউ কেউ প্রশ্ন তুলছে, আট বছর পর কেন? বই বিক্রির জন্য কি না। এটি উসমানের গল্প। সে যা বিশ্বাস করে, সেটিই লিখেছে। সেই দিন থেকে প্রতিটি ঘটনা উসমান লিখে রেখেছে।’

খাজার বক্তব্যের সমর্থনের পাশাপাশি ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্ত প্রক্রিয়া নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন ওয়ার্নার। তার অভিযোগ, সাক্ষাৎকার গ্রহণের প্রক্রিয়া ছিল তাড়াহুড়োর এবং ত্রুটিপূর্ণ। এমনকি ঘটনার সময় ড্রেসিংরুমে উপস্থিত থাকা খাজার সাক্ষাৎকারও নেওয়া হয়নি বলে তিনি দাবি করেছেন।

ওয়ার্নারের ভাষায়, ‘পুরো সাক্ষাৎকার নেওয়ার প্রক্রিয়াটি ছিল তাড়াহুড়োর এবং ত্রুটিপূর্ণ। উজি তখন ড্রেসিংরুমে ক্যামেরন ব্যানক্রফটের পাশে বসে ছিলেন। অথচ তার সাক্ষাৎকারই নেওয়া হয়নি। এটাকে কীভাবে পূর্ণাঙ্গ তদন্ত বলা যায়, তা আমার বোধগম্য নয়।’

তবে কাউকে নতুন করে অভিযুক্ত করার উদ্দেশ্যে নয়, বরং ঘটনার প্রকৃত সত্য ও জবাবদিহি নিশ্চিত করাই তাদের লক্ষ্য বলে জানিয়েছেন ওয়ার্নার। তিনি বলেন, পুরোনো ক্ষত খুলে দেওয়ার বদলে তদন্তের দায়িত্বে থাকা ব্যক্তিদের কাছেই এখন প্রশ্নের জবাব চাওয়া উচিত।

স্যান্ডপেপার-কাণ্ডে বল বিকৃতির দায়ে ২০১৮ সালে ওয়ার্নার, স্টিভ স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফট শাস্তি পেয়েছিলেন। ওয়ার্নার ও স্মিথ এক বছর এবং ব্যানক্রফট নয় মাসের জন্য নিষিদ্ধ হন। পাশাপাশি ওয়ার্নারকে অস্ট্রেলিয়া দলের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয়।

এই ঘটনার প্রভাব যে তার পরিবারেও পড়েছিল, সেটিও তুলে ধরেছেন ওয়ার্নার। বিশেষ করে তার ১২ বছর বয়সী মেয়ে আইভি জানতে চেয়েছিল, কেন তাদের ঘিরে এত ক্যামেরা ছিল এবং টেলিভিশনে তাঁদের কাঁদতে দেখা গিয়েছিল।

মেয়েদের কাছে ঘটনার ব্যাখ্যা দেওয়া কঠিন ছিল জানিয়ে ওয়ার্নার বলেন, ‘আমি মেয়েদের একটা কথাই বলেছি, সব সময় সত্য কথা বলবে। কারণ মিথ্যা একদিন না একদিন প্রকাশ পাবেই।’

এদিকে ঘটনার সময় অস্ট্রেলিয়া দলের চার পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও স্পিনার নাথান লায়ন যৌথ বিবৃতিতে জানিয়েছেন, নিউল্যান্ডসের বড় পর্দায় ব্যানক্রফটকে দেখানোর আগপর্যন্ত বলের অবস্থা পরিবর্তনে মাঠে কোনো বিদেশি বস্তু নেওয়ার বিষয়ে তারা কিছু জানতেন না।

অন্যদিকে, অস্ট্রেলিয়ার সাবেক কোচ ড্যারেন লেম্যানের বক্তব্যেও উঠে এসেছে বল বিকৃতির বিষয়টি। তার মতে, সবাই সবকিছু জানতেন এমনটা মনে করেন না তিনি। তবে বলের অবস্থা পরিবর্তনের ঘটনা সম্পর্কে জানার কথা ছিল বলে মন্তব্য করেছেন লেম্যান। তার মতে, কে কতটা জানতেন, তা প্রত্যেকের ক্ষেত্রে আলাদাভাবে বিবেচনা করা প্রয়োজন।

খাজার বইয়ে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের আরেকটি বিষয়ও উঠে এসেছে। ২০০০ ও ২০১০-এর দশকে ভিক্টোরিয়া দলের পুরোনো বল ব্যবহারের দক্ষতা এবং তা থেকে সর্বোচ্চ সুবিধা আদায়ের বিষয়টি উল্লেখ করেছেন তিনি। সব মিলিয়ে আট বছর আগের স্যান্ডপেপার-কাণ্ড নিয়ে নতুন করে বিতর্কের কেন্দ্রে এখন অস্ট্রেলিয়ার ক্রিকেট সংস্কৃতি, তদন্তের স্বচ্ছতা এবং প্রকৃত দায়ীদের ভূমিকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেসবুকে ঘোষণা দিয়ে এনসিপি নেতা জহিরুল ইসলাম জহির দল ছাড়লেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৩ পি.এম


ফেসবুকে ঘোষণা দিয়ে এনসিপি নেতা জহিরুল ইসলাম জহির দল ছাড়লেন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন জহিরুল ইসলাম জহির নামে এক নেতা, যিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই ঘোষণা দিয়েছেন। লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভায় তিনি এনসিপির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জহির তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে পদত্যাগের বিষয়টি জানিয়ে একটি পোস্ট করেন। সাংবাদিকদের তিনি জানিয়েছেন, ব্যক্তিগত কারণসহ আরও কিছু বিষয় নিয়ে তার পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জহির তার ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন, ‘দীর্ঘদিন একসঙ্গে কাজ করার পর ব্যক্তিগত কারণে আমি এনসিপির রামগঞ্জ পৌর শাখার সব সাংগঠনিক দায়িত্ব ও সদস্যপদ থেকে অব্যহতি নিচ্ছি। প্রতিটি মুহূর্তের অভিজ্ঞতার জন্য আমি কৃতজ্ঞ এবং দলের উত্তরোত্তর সাফল্য কামনা করি।’

এ বিষয়ে জহিরুল ইসলাম বলেন, ‘আমি এনসিপি থেকে পদত্যাগ করেছি। এতে ব্যক্তিগত কিছু কারণ রয়েছে। এর বাহিরেও কিছু বিষয় আছে, যা আপাতত বলা যাবে না।’

স্থানীয় সূত্রে জানা গেছে, জহিরের বাবা দুলাল আটিয়া ২০২৫ সালে ওয়ার্ড বিএনপির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করেছেন। এর আগে তিনি পৌর বিএনপির সদস্য নির্বাচিত হন। তার পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তবে ২০২৬ সালের ২১ জানুয়ারি জহিরকে এনসিপির রামগঞ্জ পৌরসভার সদস্যসচিব হিসেবে মনোনীত করা হয়।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) লক্ষ্মীপুর জেলা আহ্বায়ক মাছুম বিল্লাহকে মন্তব্য জানতে মোবাইলফোনে একাধিকবার কল করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

তবে রামগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক মামুন হোসেন বলেন, ‘ফেসবুকে ঘোষণা দিয়ে জহির পদত্যাগ করেছে। পোস্টটি দেখেছি। তবে কি কারণে পদত্যাগ করেছে তা জানা নেই।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%