ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

চাঁদপুরে ইউপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ, পুলিশ তদন্ত শুরু


চাঁদপুরে ইউপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ, পুলিশ তদন্ত শুরু

চাঁদপুর, ১৯ নভেম্বর, ২০২৬ : সদর উপজেলার ৪ নং-শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে একটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে, যার ফলে বিস্ফোরণের ফলে আগুন লেগে যায়।

বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে, অজ্ঞাতনামা এক দুর্বৃত্ত ইউনিয়ন পরিষদ ভবনের জানালা ভেঙে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন লাগিয়ে দেয়। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বিল্লাল হোসেন সোহাগ জানান, ইউনিয়ন পরিষদের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও গ্রাম পুলিশ মোহাম্মদ আলীর সঙ্গে কথা বলে জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে হেলমেট পরিহিত এক ব্যক্তি প্রথমে চেয়ারম্যানের কক্ষের জানালা ভাঙার চেষ্টা করে। পরে প্রশাসনিক কর্মকর্তার কক্ষের জানালা ভেঙে সেখানে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ সময় পাশের গ্রাম আদালত কক্ষের সামনেও আগুন লাগায় ওই দুর্বৃত্ত।

আরও পড়ুন: মাগুরা সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আগুন ও বিস্ফোরণের শব্দ শুনে দায়িত্বে থাকা গ্রাম পুলিশ মোহাম্মদ আলী এগিয়ে এসে চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তাদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটেনি।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতের আঁধারে দুর্বৃত্তরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই ঘটনা ঘটিয়েছে। বিষয়টি জানার পর পুলিশ তদন্ত শুরু করেছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনী-৩ আসনের সাবেক এমপির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫২ এম


ফেনী-৩ আসনের সাবেক এমপির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্লাহর গ্রামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা প্রথমে বাড়ির মূল্যবান মালামাল লুট করে নেয় এবং পরে তিনটি কক্ষ ও বাড়ির সামনে থাকা তিনটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়।

এই ঘটনা ঘটে বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে সোনাগাজী উপজেলার সোনাপুর গ্রামে। এতে বাড়ির আসবাবপত্রসহ অন্যান্য মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

বাড়িতে থাকা রহিম উল্লাহর ভগ্নিপতি রফিকুল ইসলাম জানান, রাত ২টার দিকে ১৫ থেকে ২০ জন অস্ত্রধারী ব্যক্তি বাড়ির দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। তারা প্রথমে বাড়ির মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এরপর পেট্রোল ঢেলে বাড়ির তিনটি কক্ষে এবং সামনে থাকা তিনটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। আগুন ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন এগিয়ে এসে তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় বাড়িতে রফিকুল ইসলাম ছাড়া পরিবারের অন্য কেউ ছিলেন না।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হাজী রহিম উল্লাহ ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফেনী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালের অক্টোবরে রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিসেম্বরে বন্ধ হতে যাচ্ছে অতিরিক্ত ফেসবুক প্রোফাইল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৩ এম


ডিসেম্বরে বন্ধ হতে যাচ্ছে অতিরিক্ত ফেসবুক প্রোফাইল

ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান মেটা সামাজিক যোগাযোগের মাধ্যমটিতে একাধিক প্রোফাইল সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। মেটার ঘোষণার ভিত্তিতে, আগামী ১৪ ডিসেম্বরের পর অতিরিক্ত ফেসবুক প্রোফাইলগুলো স্থায়ীভাবে মুছে ফেলা হবে। তবে, এই সিদ্ধান্ত ব্যবহারকারীর মূল ফেসবুক প্রোফাইলকে কোনোভাবে প্রভাবিত করবে না।

ব্যবহারকারীরা যদি চান, তাহলে তাদের অতিরিক্ত প্রোফাইলের তথ্য ডাউনলোড করে সংরক্ষণ করতে পারবেন। যদি অতিরিক্ত প্রোফাইলটি কোনো গ্রুপ পরিচালনা করে, তবে সেই গ্রুপের প্রশাসনিক দায়িত্ব (অ্যাডমিন) মূল প্রোফাইলে হস্তান্তর করতে হবে। এছাড়া, অতিরিক্ত প্রোফাইলের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মূল প্রোফাইলে যুক্ত করার সুযোগও থাকবে। এর জন্য বন্ধু হিসেবে যুক্ত হওয়া, গ্রুপে যোগ দেওয়া অথবা পেজ ফলো করার ব্যবস্থা থাকবে।

অতিরিক্ত প্রোফাইলের তথ্যের কপি ডাউনলোড করার সুযোগ আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত থাকবে। ওই তারিখের পর ব্যবহারকারীদের অতিরিক্ত প্রোফাইল এবং এর সমস্ত তথ্য স্থায়ীভাবে মুছে ফেলা হবে। অতিরিক্ত প্রোফাইল থেকে সংগৃহীত কিছু তথ্য, যার মধ্যে বিজ্ঞাপন-সংক্রান্ত তথ্যও অন্তর্ভুক্ত, কেবল ব্যবহারকারীর মূল প্রোফাইলের ফেসবুক তথ্য ডাউনলোড করার মাধ্যমে পাওয়া যাবে।

যে অতিরিক্ত প্রোফাইলের তথ্য ডাউনলোড করতে চান, সেটিতে প্রবেশ করুন।

সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যান। এরপর সেটিংস নির্বাচন করুন।

ইওর ইনফরমেশন অ্যান্ড পারমিশন্স ক্যাটাগরি থেকে এক্সপোর্ট ইওর ইনফরমেশন নির্বাচন করুন।

ক্রিয়েট এক্সপোর্ট নির্বাচন করুন। এরপর আপনার অতিরিক্ত প্রোফাইলটি নির্বাচন করুন এবং তথ্য এক্সপোর্ট টু ডিভাইস (ডিভাইসে ডাউনলোড) করবেন, নাকি এক্সপোর্ট টু এক্সটার্নাল সার্ভিস (বাহ্যিক কোনো সেবায় পাঠাবেন), তা নিশ্চিত করুন।

আপনি যে তথ্যগুলো ডাউনলোড করতে চান, সেগুলো নির্বাচন করে ক্রিয়েট এক্সপোর্ট চাপুন।

তথ্য ডাউনলোডের জন্য প্রস্তুত হতে কিছুটা সময় লাগতে পারে। তাই নির্ধারিত সময়ের মধ্যে তথ্য হাতে পাওয়ার জন্য ১৪ ডিসেম্বরের আগেই ডাউনলোডের অনুরোধ করতে হবে। একাধিক অতিরিক্ত প্রোফাইল থাকলে প্রতিটি প্রোফাইলের তথ্য আলাদাভাবে ডাউনলোড করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসির মায়ের আবেগঘন বার্তা, ‘তুমিই আমার ছেলের উত্তরসূরি’

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৩ এম


মেসির মায়ের আবেগঘন বার্তা, ‘তুমিই আমার ছেলের উত্তরসূরি’

কোস্টারিকার বিরুদ্ধে ৭-০ গোলের বিশাল জয়ে জোড়া গোল করে সবার নজর কাড়েন নিকো পাজ। আর্জেন্টিনার ২২ বছর বয়সী ফরোয়ার্ডের অসাধারণ খেলার পর তার চাচা ফাবিয়ান পাজ জানিয়েছেন, লিওনেল মেসির মা সেলিয়া কুচিত্তিনির সঙ্গে নিকোর একটি আবেগঘন কথোপকথন হয়েছিল, যা আগে কখনো প্রকাশিত হয়নি। ওই কথোপকথনে সেলিয়া নাকি নিকোকে আলবিসেলেস্তেদের ভবিষ্যৎ মেসি হিসেবে অভিহিত করেছিলেন।

ফাবিয়ান পাজ বলেন, ‘নিকো খুব শান্ত ও মাটির মানুষ। সে নিজেকে মেসির উত্তরসূরি মনে করে না। তার কাছে সবচেয়ে বড় ব্যাপার ছিল মেসির সঙ্গে দেখা করা এবং তার সঙ্গে খেলতে পারা। সেটা যেন স্বপ্নের শিখরে পৌঁছানোর মতো।’

আর্জেন্টিনার পরিচিত ডিজাইনার ও ফ্যাশন বিশ্লেষক ফাবিয়ান পাজ রেডিও লা রেডের এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। তিনি আরও জানান, ফুটবলে বর্তমানে সাফল্য পেলেও তার ভাইয়ের ছেলে এসব নিয়ে অহংকারী হয়ে ওঠেন না।

আর্জেন্টিনার হাউট কুটুর ব্র্যান্ড আতেলিয়ের পুচেতা-পাজের প্রতিষ্ঠাতা ফাবিয়ান আরও জানান, নিকোর জন্ম ও বেড়ে ওঠা স্পেনের টেনেরিফে। যদিও আর্জেন্টিনায় বসবাস করেন না, তবে জাতীয় দলের হয়ে খেলতে দেশে এলে নিকো সেখানকার পরিবেশে কেমন অনুভব করেন তাও জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘যেহেতু সে এখানে থাকে না, তাই অন্য খেলোয়াড়দের মতো এত চাপ অনুভব করে না। এখানে ফুটবলকে অন্যরকম আবেগ ও উন্মাদনায় দেখা হয়। সেই ব্যাপারটি তাকে এখনো বেশ অবাক করে।’

তবে সাক্ষাৎকারের সবচেয়ে আবেগঘন অংশটি ছিল নিকো পাজের সঙ্গে মেসির মা সেলিয়া কুচিত্তিনির সাক্ষাতের ঘটনা। গত ৬ অক্টোবর মনুমেন্টালে বেনিনের বিরুদ্ধে ৩-০ গোলের জয়ের পর ঘটনাটি ঘটে। ওই ম্যাচটি ছিল আকাশি-সাদা জার্সিতে ইন্টার মায়ামির তারকার শেষ ম্যাচ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাইতির প্রেসিডেন্টকে হত্যার দায়ে যুক্তরাষ্ট্রে যাজক স্যাননের যাবজ্জীবন কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৪ এম


হাইতির প্রেসিডেন্টকে হত্যার দায়ে যুক্তরাষ্ট্রে যাজক স্যাননের যাবজ্জীবন কারাদণ্ড

হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইসকে হত্যার দায়ে যুক্তরাষ্ট্রের একটি আদালত হাইতীয় বংশোদ্ভূত যাজক ক্রিশ্চিয়ান ইমানুয়েল স্যাননকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করতে যাচ্ছে। গতকাল বুধবার ফ্লোরিডার মায়ামির একটি ফেডারেল আদালত স্যাননকে আটটি অভিযোগে দোষী সাব্যস্ত করে। মোইসকে ২০২১ সালের ৭ জুলাই তার নিজ বাড়িতে গুলি করে হত্যা করা হয়। প্রায় আট সপ্তাহ ধরে চলা বিচার শেষে এই রায় ঘোষণা করা হয়।

৬৮ বছর বয়সী স্যানন যুক্তরাষ্ট্র ও হাইতির দ্বৈত নাগরিক। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, প্রেসিডেন্ট মোইসকে হত্যার ষড়যন্ত্র এবং তাকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনায় জড়িত থাকার। আদালতে কৌঁসুলিরা জানান, হত্যার পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রায় চব্বিশ বিদেশি ভাড়াটে যোদ্ধাকে অর্থ প্রদান করা হয়েছিল। এই অর্থের একটি অংশ করোনাভাইরাস মহামারির সময় যুক্তরাষ্ট্র সরকারের বিভিন্ন কর্মসূচি থেকে সংগ্রহ করা হয়েছিল।

কৌঁসুলিদের বক্তব্য অনুযায়ী, মোইসকে ক্ষমতাচ্যুত করে ষড়যন্ত্রকারীদের পছন্দের একজনকে প্রেসিডেন্ট হিসেবে বসানোর পরিকল্পনা করা হয়েছিল। এই ষড়যন্ত্রের পরিকল্পনা ও অর্থায়নের কেন্দ্রস্থল ছিল যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডা।

বিচার চলাকালে স্যানন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। তিনি আদালতে স্বীকার করেন যে, একসময় মোইসকে ক্ষমতা থেকে সরিয়ে অন্য কাউকে প্রেসিডেন্ট করার চেষ্টা করা ব্যক্তিদের সঙ্গে তার যোগাযোগ ছিল। তবে তিনি দাবি করেন, হত্যাকাণ্ডের অনেক আগেই ওই গোষ্ঠী অন্য একজন প্রার্থীকে বেছে নিয়েছিল এবং প্রেসিডেন্টকে হত্যার পরিকল্পনার বিষয়ে তার কোনো ধারণা ছিল না।

হত্যাকাণ্ডের কয়েক দিন পর হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্স থেকে স্যাননকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় পুলিশের একটি প্রতিবেদনে দেখা যায়, স্যাননের বাসায় তল্লাশি চালিয়ে আটটি গাড়ির নিবন্ধন নম্বরপ্লেট, ১৯টি পাসপোর্ট ও ১২টি মোবাইলফোন উদ্ধার করা হয়। এছাড়া ৩০ বাক্স গুলি এবং ১২টি পিস্তলের খাপও পাওয়া যায়।

মোইসের স্ত্রী মার্টিন মোইসও হত্যাকাণ্ডের সময় গুলিবিদ্ধ হয়েছিলেন। তাকে চিকিৎসার জন্য ফ্লোরিডায় নেওয়া হয়েছিল এবং তিনি আগামী ২০২৭ সালের হাইতির সাধারণ নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসেবে নিজের নাম নিবন্ধন করেছেন। এক দশকের বেশি সময় পর দেশটিতে ওই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত স্যানন কোনো প্রতিক্রিয়া দেখাননি। তিনি এখনো ফেডারেল হেফাজতে রয়েছেন এবং আগামী ১০ ফেব্রুয়ারি তার সাজা ঘোষণা করা হবে। তার সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

স্যাননের আইনজীবী জেলকা বোজানিচ আদালতের রায়ে হতাশা প্রকাশ করেছেন এবং যথাসময়ে এ রায়ের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করেছেন। রায়ের পর কৌঁসুলিরা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

হত্যাকাণ্ডের ঘটনায় যুক্তরাষ্ট্রের কৌঁসুলিরা এ পর্যন্ত ৪০ জনের বেশি ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এনেছেন, যাদের মধ্যে ১২ জনের দণ্ড হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া পাঁচজনও রয়েছেন।

গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের কৌঁসুলিরা অভিযোগের নতুন একটি তালিকা প্রকাশ করেন, যেখানে চারজনের নাম গোপন রাখা হয়েছিল। হত্যার ষড়যন্ত্রে অর্থের জোগান দেওয়া এবং হত্যাকাণ্ডের পর দায়ীদের বিচার এড়াতে সহায়তা করার অভিযোগে আরো সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের মধ্যে ভিটেলহোম ইনোসেন্ট নামের এক গ্যাং নেতাও রয়েছেন, যিনি ২০২১ সালের শেষ দিকে ১৭ জন মার্কিন ও কানাডীয় ধর্মপ্রচারককে অপহরণের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগের সম্মুখীন। তবে তাকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এ ঘটনায় এখনো যাদের বিচার বাকি, তাদের মধ্যে সাবেক সরকারি দুর্নীতিবিরোধী কর্মকর্তা জোসেফ ফেলিক্স বাদিও রয়েছেন। অন্য আসামিদের আইনজীবীরা তাকে হত্যার ষড়যন্ত্রের মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করেছেন। এছাড়া কলম্বিয়ার সাবেক ১৭ সেনাসদস্যেরও বিচার বাকি রয়েছে, যাদের গত সেপ্টেম্বরে হাইতি থেকে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়।

হত্যাকাণ্ডের পর অস্থিরতায় হাইতি

প্রেসিডেন্ট মোইস হত্যাকাণ্ডের পর থেকে হাইতিতে আর কোনো প্রেসিডেন্ট দায়িত্ব পালন করেননি। দেশটির কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ প্রশাসনের (ডিইএ) কর্মকর্তা পরিচয়ে একদল ব্যক্তি রাতে পোর্ট-অ-প্রিন্সের বাইরে মোইসের বাড়িতে হামলা চালান। তাদের অধিকাংশই ছিলেন কলম্বিয়ার অবসরপ্রাপ্ত সেনাসদস্য। তারাই প্রেসিডেন্টকে হত্যা করেন এবং তার স্ত্রীকে আহত করেন।

এরপর দেশটিতে একের পর এক অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। একই সময়ে সশস্ত্র গ্যাংগুলো রাজধানী ও আশপাশের বিস্তীর্ণ এলাকার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। এসব গ্যাংকে দুর্নীতিগ্রস্ত রাজনীতিকেরা সহায়তা করছেন বলে ব্যাপকভাবে ধারণা করা হয়।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত হাইতিতে সশস্ত্র সহিংসতায় ৪ হাজার ৫৯৫ জন নিহত হয়েছেন।

দেশটিতে নিরাপত্তা, অর্থনীতি ও মানবিক সংকট আরো গভীর হয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, সহিংসতা ও অস্থিরতার কারণে প্রায় ১৫ লাখ মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%