ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

মাতারবাড়ি প্রকল্প ও জাপান চুক্তি নিয়ে ধোঁয়াশা আছে: বিরোধী দলীয় নেতা


মাতারবাড়ি প্রকল্প ও জাপান চুক্তি নিয়ে ধোঁয়াশা আছে: বিরোধী দলীয় নেতা

বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জাপান সফর এবং মাতারবাড়ি চুক্তি সহ বিভিন্ন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিষয় জাতির সামনে তুলে ধরার ওপর গুরুত্ব দিয়েছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) সংসদ ভবনে বিরোধী দলের এমপিদের বৈঠকে তিনি এসব বিষয় নিয়ে আলোচনা করেন।

বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি, গঙ্গা চুক্তির নবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সারের ডিলার নিয়োগে নজিরবিহীন অনিয়ম, সংবিধান সংশোধন কমিটির প্রহসন এবং জুলাই গণহত্যার বিচার নিয়ে সরকারের গাফিলতি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন: আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে বিরোধীদলীয় সংসদ সদস্যদের উদ্বেগ

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেন, মাতারবাড়ি প্রকল্পের বিষয়ে জাতির মধ্যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। তিনি উল্লেখ করেন, জাপানের সঙ্গে চুক্তির আড়ালে অন্য দেশকে করিডোর দেয়ার ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে। দেশের বিভিন্ন স্থানে পার্শ্ববর্তী দেশের প্রত্যক্ষ মদদে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। দেশের প্রধান রফতানি খাত তৈরি পোশাকশিল্পকে ধ্বংসের চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন, সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র সুরক্ষায় বিরোধী দল সংসদে ও রাজপথে সর্বদা তৎপর থাকবে।

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামও উপস্থিত ছিলেন।

এ সময় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদী সন্ত্রাসীদের অপকর্ম ঠেকাতে সরকার ব্যর্থ হয়েছে। সরকারের এই দুর্বলতার সুযোগ নিচ্ছে সন্ত্রাসী গোষ্ঠী। সারা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা হচ্ছে। বিভিন্ন স্থানে গুপ্ত হামলা চালানো হচ্ছে। ফ্যাসিবাদী সন্ত্রাসীদের মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: বেনজীরকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বুধবার বিকেল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৪ পি.এম


ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বুধবার বিকেল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি

সংসদ ভবন, ১০ নভেম্বর, ২০২৬ : আগামীকাল বুধবার বিকেল ৪টা ২০ মিনিট পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এই মুলতবি ঘোষণা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেনজীরকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৪ পি.এম


বেনজীরকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জটিল ও দীর্ঘ আইনি প্রক্রিয়া নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাতীয় সংসদে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেছেন। তিনি পরিষ্কারভাবে উল্লেখ করেন, ইন্টারপোলের রেড নোটিশ বা বিদেশে কোনো অভিযুক্ত ব্যক্তির গ্রেপ্তার হওয়া মানে স্বয়ংক্রিয়ভাবে প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়া নয়। বরং এটি একটি দীর্ঘ ও জটিল বিচারিক এবং রাষ্ট্রীয় প্রক্রিয়া, যেখানে সংশ্লিষ্ট দেশের আইন, আদালত এবং কূটনৈতিক বাধ্যবাধকতাগুলো অনুসরণ করতে হয়।

মঙ্গলবার, ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে কার্যপ্রণালী বিধির ১৪৭-এর অধীনে গৃহীত আলোচনার জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব বক্তব্য তুলে ধরেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জানান, বেনজীর আহমেদের বিরুদ্ধে দেশীয় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর প্রয়োজনীয় তথ্য যাচাই করে ২০২৫ সালের ১১ এপ্রিল ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়। এরপর ১২ জুন সংযুক্ত আরব আমিরাতের এনসিবি আবুধাবি আনুষ্ঠানিকভাবে ঢাকাকে জানায় যে বেনজীর আহমেদ সেখানে গ্রেপ্তার হয়েছেন। ওই দেশের আইন অনুযায়ী ৩০ দিনের মধ্যে আনুষ্ঠানিক প্রত্যর্পণের অনুরোধ পাঠানোর সুযোগ থাকলেও বাংলাদেশ সরকার ত্বরান্বিত পদক্ষেপ নিয়ে মাত্র চার দিনের মাথায় (১৬ জুন) সংযুক্ত আরব আমিরাতের সেন্ট্রাল অথরিটিতে ‘এক্সট্রাডিশন রিকোয়েস্ট’ পাঠায়।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, প্রত্যর্পণ একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক ও বিচারিক প্রক্রিয়া। অনুরোধপ্রাপ্ত রাষ্ট্রের আদালত বা কর্তৃপক্ষ তাদের নিজস্ব আইন অনুযায়ী অপরাধের প্রকৃতি, প্রমাণাদি এবং আইনগত শর্তগুলো খতিয়ে দেখে। জামিন প্রাপ্তি বা আইনি প্রক্রিয়ার ধীরগতির অর্থ সরকারের নিষ্ক্রিয়তা বা ব্যর্থতা নয়। বাংলাদেশ সরকার সময়মতো নথিপত্র সরবরাহ, স্থানীয় আইনজীবী নিয়োগ এবং নিয়মিত খোঁজখবর রাখার কাজ চালিয়ে যাচ্ছে।

সালাহউদ্দিন আহমদ আরও জানান, দুর্নীতি দমন কমিশন (দুদক) বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের সদস্যদের বিদেশে অবস্থিত সম্পদের তথ্য পেতে সংশ্লিষ্ট দেশগুলোতে ‘মিউচুয়াল লিগেল অ্যাসিস্টেন্স রিকোয়েস্ট’ (পারস্পরিক আইনি সহায়তার অনুরোধ) পাঠিয়েছে। প্রয়োজনীয় রেকর্ডপত্র ও প্রমাণাদি পাওয়ার পর আন্তর্জাতিক আইনি কাঠামোর আওতায় ওই সম্পদ অবরুদ্ধ, জব্দ ও পুনরুদ্ধারের আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।

বক্তব্যের শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, সরকার বিচারিক প্রক্রিয়া ও আন্তর্জাতিক সহযোগিতার প্রতি শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ। সংশ্লিষ্ট দেশের আইন ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা রেখে কোনো যাচাইহীন তথ্যে বিভ্রান্ত না হয়ে নির্ভরযোগ্য সূত্রের তথ্যের ওপর ভিত্তি করে বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সম্ভাব্য সব কূটনৈতিক, আইনি ও পুলিশি প্রচেষ্টা অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌরবিদ্যুৎ স্থাপন দ্রুত করতে সংসদে বিশেষ বিল উত্থাপন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৫ পি.এম


সৌরবিদ্যুৎ স্থাপন দ্রুত করতে সংসদে বিশেষ বিল উত্থাপন

দেশে সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রমের দ্রুত বিস্তার নিশ্চিত করার উদ্দেশ্যে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল, ২০২৬’ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।

মঙ্গলবার, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সংসদে এই বিলটি উত্থাপন করেন। বিলটি পরে ৩ কার্যদিবসের মধ্যে পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

এর আগে, গত ১৯ অক্টোবর ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ’ জারি করা হয়েছিল। গত সোমবার, অধ্যাদেশটি সংসদে তোলার পর আজ তা রহিত করে আইনে পরিণত করার উদ্দেশ্যে বিল আকারে আনা হয়।

বিলের বিভিন্ন দিক তুলে ধরে বলা হয়, বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা অগ্রাধিকার ভিত্তিতে ওপেক্স মডেলে (অপারেশনাল এক্সপেন্ডিচার মডেল) উপযুক্ত স্থানে স্থাপন করা যাবে। এ ছাড়া যেসব প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল বা নিয়মিত আয় রয়েছে, তারা ভবিষ্যৎ আর্থিক সম্ভাব্যতা বিবেচনা করে ক্যাপেক্স মডেলে (ক্যাপিটাল এক্সপেন্ডিচার মডেল) এই ব্যবস্থা স্থাপন করতে পারবে। এই বিদ্যুৎ ব্যবস্থা স্থাপন ও পরিচালনার উদ্দেশ্যে গ্রাহক, সার্ভিস প্রোভাইডার এবং উপযুক্ত কর্তৃপক্ষের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি সম্পাদিত হবে।

বিলে ক্রয়সংক্রান্ত বিশেষ বিধান রেখে বলা হয়েছে, ক্যাপেক্স মডেলে সীমিত দরপত্র পদ্ধতিতে পণ্য ও সংশ্লিষ্ট সেবা ক্রয়ের ক্ষেত্রে আর্থিক সীমা সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত হতে পারবে। তবে বিশেষ সৌরবিদ্যুৎ কার্যক্রম দ্রুত বাস্তবায়নের স্বার্থে সংশ্লিষ্ট ক্রয় প্রক্রিয়ায় ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিবি) ব্যবহার বাধ্যতামূলক থাকবে না। এ ছাড়া বিলে কঠোর শাস্তির বিধান রেখে বলা হয়েছে, কোনো ব্যক্তি বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে বিদ্যুৎ বা এর কোনো যন্ত্রাংশ চুরি করলে তাঁকে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।

এদিকে, বিলটি উত্থাপনের আগে তীব্র আপত্তি জানান বিরোধীদলীয় সংসদ সদস্য নাজিবুর রহমান। তিনি বলেন, কার্যকর একটি সংসদ থাকা সত্ত্বেও সংসদকে পাশ কাটিয়ে অধ্যাদেশ জারি করা আইন প্রণয়নের ক্ষেত্রে সংসদের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন। এ বিষয়ে আইনমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়ার দাবি জানান তিনি।

তিনি উল্লেখ করেন, ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত জাতীয় নবায়নযোগ্য জ্বালানি কৌশলপত্র গত জুলাইয়ে দেওয়া হয় এবং ছাদভিত্তিক সৌরবিদ্যুৎকেন্দ্রিক প্রণোদনা দেওয়া হয় ১ সেপ্টেম্বর। সে সময় সংসদ চলমান ছিল এবং তা ১০ সেপ্টেম্বর শেষ হয়। এর পরও সংসদকে এবং আইন, বিচার ও সংসদবিষয়ক স্থায়ী কমিটিকে পাশ কাটিয়ে ১৯ অক্টোবর কেন অধ্যাদেশ জারি করা হলো—সেই প্রশ্ন তোলেন এই সংসদ সদস্য।

জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, বিরোধীদলীয় সদস্যের ব্যাখ্যাটি বিভ্রান্তিমূলক। তিনি বলেন, সংসদ না থাকা অবস্থায় রাষ্ট্রপতি সন্তুষ্ট হয়ে অধ্যাদেশ জারি করলে তা তাঁর নিজস্ব বিবেচনার ওপর নির্ভর করে এবং এ বিষয়ে আদালতেও প্রশ্ন তোলার সুযোগ নেই। আইনমন্ত্রী আরও বলেন, ‘এই পার্লামেন্ট আইন প্রণয়নে সার্বভৌম। কিন্তু সংবিধানের ৯৩ অনুচ্ছেদের (১) উপঅনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির সন্তুষ্টির বিষয়ের ওপর এই পার্লামেন্টের হাত দেওয়ার কোনো ক্ষমতা নেই।’

আইনমন্ত্রী ও বিরোধীদলীয় সদস্যের বিতর্কের পর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বিলটি আনার যৌক্তিকতা ও কারণ ব্যাখ্যা করেন। এরপর স্পিকার বিলটি উত্থাপনের অনুমতি দেওয়ার প্রস্তাব সংসদে ভোটে দিলে কণ্ঠভোটে তা পাস হয় এবং বিদ্যুৎমন্ত্রী বিলটি সংসদে উত্থাপন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিসিএসের আবেদন থেকে ফল প্রকাশ পর্যন্ত কার্যক্রম সম্পূর্ণ অটোমেশনে: প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৬ পি.এম


বিসিএসের আবেদন থেকে ফল প্রকাশ পর্যন্ত কার্যক্রম সম্পূর্ণ অটোমেশনে: প্রতিমন্ত্রী

সংসদ ভবন, ১০ নভেম্বর, ২০২৬ : বিসিএস পরীক্ষার আবেদন গ্রহণ থেকে চূড়ান্ত ফলাফল প্রকাশের সকল কার্যক্রম অটোমেশনের আওতায় আনা হয়েছে। প্রশ্নপত্র প্রণয়ন, মুদ্রণ, সংরক্ষণ এবং উত্তরপত্র মূল্যায়নে নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর ফলে এসব কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতির সুযোগ উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী আজ জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে মুন্সীগঞ্জ-১ আসনের সরকারি দলের সংসদ সদস্য মো. আব্দুল্লাহর তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য তুলে ধরেন। সংসদের বৈঠকটি স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী আরও জানান, বর্তমানে বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার উত্তরপত্র ওএমআর মেশিনের মাধ্যমে স্ক্যান করে ফলাফল তৈরি করা হয়। ফলে ফলাফল প্রস্তুতির ক্ষেত্রে দুর্নীতি বা অনিয়মের কোনো সুযোগ নেই। অটোমেশনের বাইরে থাকা কিছু কার্যক্রমও এই প্রক্রিয়ার আওতায় আনার কাজ চলছে।

তিনি বলেন, বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। পূর্বে প্রশ্নপ্রণেতারা বাসায় বসে প্রশ্ন তৈরি করে কমিশনে জমা দিতেন। বর্তমানে তাদের পিএসসিতে নির্ধারিত প্রশ্নপত্র প্রণয়ন কক্ষে (গোপনীয় কক্ষ) অবস্থান করে প্রশ্ন তৈরি করতে হয়। প্রশ্ন প্রণয়ন শেষে তা সিলগালা করে সংশ্লিষ্ট সদস্যের কাছে জমা দেওয়া হয়। পরে ওই সদস্যের তত্ত্বাবধানে একই দিন সিলগালা করা খাম ভল্টরুমে সংরক্ষণ করা হয়।

প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভল্টরুমে সার্বক্ষণিক চারজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। এছাড়া ভল্টরুম আধুনিকায়ন করা হয়েছে। সংশ্লিষ্ট সদস্য ও কমিশন মনোনীত কর্মকর্তারা ফেস লকের মাধ্যমে সেখানে প্রবেশ করতে পারেন। ভল্টরুম এলাকায় সাধারণের প্রবেশ নিষিদ্ধ রাখা হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও মডারেশনের জন্য নির্ধারিত কক্ষে সিসিটিভি সহ সার্বিক নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। প্রশ্ন প্রণয়নের পূর্বে প্রশ্নকারীদের গতানুগতিক ধারার বাইরে প্রশ্ন তৈরি, প্রশ্নের পুনরাবৃত্তি পরিহার এবং গোপনীয়তা রক্ষার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।

তিনি বলেন, পূর্বে বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র বিজি প্রেস অথবা আর্মি প্রিন্টিং প্রেসে মুদ্রণ করা হতো। বর্তমানে পিএসসির নিজস্ব ডিজিটাল প্রিন্টিং প্রেসে প্রশ্নপত্র মুদ্রণ করা হচ্ছে।

মুদ্রণ কাজের শুরু থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কমিশন সদস্য, কর্মকর্তা ও কর্মচারীরা প্রেসে অবস্থান করেন। এই সময় তাদের কাছে বাইরে যোগাযোগের জন্য মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক ডিভাইস থাকে না। প্রশ্নপত্র মুদ্রণের সার্বিক কার্যক্রম কমিশনের চেয়ারম্যান তদারকি করেন।

বিসিএসের লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে স্বচ্ছতা, জবাবদিহি ও মেধার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে সার্কুলার পদ্ধতি চালু করা হয়েছে। এ জন্য কমিশন একাধিক দল গঠন করেছে। এই পদ্ধতিতে পরীক্ষকরা উত্তরপত্র বাসায় নিয়ে যেতে পারেন না; কমিশনে এসে নির্ধারিত দলের মাধ্যমে উত্তরপত্র মূল্যায়ন করেন। কমিশনের নির্দেশনা, তদারকি ও নির্ধারিত সময়সীমা অনুসরণ করে একাধিক পরীক্ষকের মাধ্যমে উত্তরপত্র মূল্যায়ন করা হয়।

প্রতিমন্ত্রী আরও জানান, মৌখিক পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতেও বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মৌখিক পরীক্ষা শুরুর মাত্র ৩০ মিনিট আগে কোন প্রার্থী কোন বোর্ডে পরীক্ষা দেবেন এবং কোন বিশেষজ্ঞ কোন বোর্ডে দায়িত্ব পালন করবেন, তা নির্ধারণ করা হয়। ফলে আগাম তথ্য জানার সুযোগ থাকে না।

তিনি বলেন, বিসিএসসহ সরকারি নিয়োগ পরীক্ষাকে প্রশ্নপত্র ফাঁস, আর্থিক দুর্নীতি ও ডিজিটাল জালিয়াতিমুক্ত করতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এসব পদক্ষেপ গ্রহণ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%