ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বিএনপির সমস্যা আ.লীগকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দেখা


বিএনপির সমস্যা আ.লীগকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দেখা

বিএনপির প্রধান সমস্যা হলো আওয়ামী লীগকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দেখা। এনসিপির সাবেক নেত্রী সামান্তা শারমিন মন্তব্য করেছেন যে, গণতান্ত্রিক ব্যবস্থা নিরূপণের জন্য দেশে আওয়ামী লীগের প্রয়োজন নেই। তিনি সোমবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন।

সামান্তা শারমিন বলেন, "আমরা আওয়ামী লীগকে কি একটি রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দেখব, নাকি একটি ফ্যাসিবাদী চরিত্র হিসেবে দেখব—এটা আমাদের চিহ্নিত করতে হবে।" তিনি আরও বলেন, বিএনপির প্রধান সমস্যা হচ্ছে তারা আওয়ামী লীগকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দেখে। যাঁরা জীবন দিয়ে লড়াই করেছেন, তাঁরা একে ফ্যাসিবাদ হিসেবে দেখেন।

তিনি এ বিষয়ে অবস্থান স্পষ্ট করার তাগিদ দিয়ে বলেন, "এই জায়গাগুলো খুব পরিষ্কার হওয়া প্রয়োজন।" তাঁর মতে, বর্তমান পরিস্থিতিতে বিএনপি একটি দোদুল্যমানতার সুযোগ নিচ্ছে, তবে এই সুযোগ হয়তো আর কিছুদিন থাকবে না।

আরও পড়ুন: শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক নাগরিক হতে আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের উদ্দেশে তিনি ভয়ের সংস্কৃতি পরিহার করে রাজনৈতিকভাবে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, "ভয়ের মাধ্যমে জাতীয় ঐক্য প্রক্রিয়া না করে রাজনৈতিকভাবে জাতীয় ঐক্য প্রক্রিয়া করুন।" তিনি উল্লেখ করেন, "আপনাদের আসলে পুরো বাংলাদেশের, প্রত্যেকটি রাজনৈতিক দলের এবং প্রতিটি রাজনৈতিক ব্যক্তি ও পক্ষের সহায়তা প্রয়োজন।" কিন্তু সরকার রাষ্ট্রযন্ত্রকে ভেঙে দিয়ে ভয়ের সংস্কৃতির মাধ্যমে জনগণকে ভয় দেখাচ্ছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় সরকার সংস্কারের দাবি জানিয়ে সামান্তা শারমিন বলেন, "সরকারকে সাহায্য করতে চাওয়ার কথা বারবার বলতে আর ভালো লাগছে না; বরং সরকার যেন তাদের রাষ্ট্রযন্ত্রকে কার্যকর করে, পুলিশ সংস্কার করে এবং স্থানীয় সরকার ব্যবস্থার সংস্কার করে।" তিনি দলীয় প্রশাসক ও নিয়োগের সমালোচনা করে বলেন, "আজকেই খবর এসেছে যে হাজারীবাগ এবং রামপুরায় ককটেল বিস্ফোরণ হয়েছে এবং অফিসে আক্রমণ ও ভাঙচুর করা হয়েছে।" তিনি উদ্বেগ প্রকাশ করেন যে, "ককটেল বিস্ফোরণ ও চাঁদাবাজির মতো ঘটনাগুলো দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত ও আহত করছে।"

বক্তব্যের শেষে ২০২৬ সালের নির্বাচনের উদাহরণ টেনে সামান্তা শারমিন বলেন, "২৬-এর নির্বাচনটাকে আপনারা দয়া করে খুব ভালো করে লক্ষ্য করবেন। ২৬-এর নির্বাচনে এক ফোঁটা রক্তপাত হয়নি। এক ফোঁটা রক্তপাত ছাড়াও আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া চালু রাখতে পারি।" তিনি পুনরায় মন্তব্য করেন যে, "এ দেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগের কোনো প্রয়োজন নেই।"

আরও পড়ুন: সরকারের বক্তব্য জাতির জন্য হতাশাব্যঞ্জক: ডা. শফিকুর রহমান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আত্মজীবনীতে ফিলিস্তিনের পক্ষ নিয়ে লিখলেন জো বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৩ পি.এম


আত্মজীবনীতে ফিলিস্তিনের পক্ষ নিয়ে লিখলেন জো বাইডেন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় ইসরাইলি হামলায় বিপুলসংখ্যক নিরপরাধ ফিলিস্তিনির প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি এই বিষয়টি নিজের সদ্য প্রকাশিত আত্মজীবনী ‘প্রমিজ মি, আমেরিকা’তে তুলে ধরেছেন।

তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে এই তথ্য জানায়। বাইডেন আত্মজীবনীতে নিজের প্রেসিডেন্সির বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও অভিজ্ঞতার পাশাপাশি আন্তর্জাতিক নেতাদের সম্পর্কের মূল্যায়ন করেছেন। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের পক্ষে যুক্তি তুলে ধরেছেন তিনি।

বাইডেনের মতে, ২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত সঠিক ছিল এবং একই পরিস্থিতি পুনরায় তৈরি হলে তিনি প্রেসিডেন্ট হিসেবে একই সিদ্ধান্ত নিতেন। তবে বইয়ে তিনি উল্লেখ করেছেন যে, সে সময় তার প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি সেনা প্রত্যাহারের সম্ভাব্য পরিণতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

বাইডেন জানান, মার্কিন সেনারা আফগানিস্তান ছেড়ে যাওয়ার পর দেশটির সরকার অন্তত ছয় মাস ক্ষমতায় টিকে থাকতে পারবে বলে তাকে আশ্বস্ত করা হয়েছিল। কিন্তু বাস্তবে মার্কিন বাহিনী প্রত্যাহারের কয়েক দিনের মধ্যেই আফগান সরকারের পতন ঘটে। উল্লেখ্য, ২০২০ সালের ফেব্রুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের প্রথম প্রেসিডেন্ট মেয়াদে যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে চুক্তি হয়েছিল।

আত্মজীবনীতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আচরণ নিয়েও বাইডেন তার অভিজ্ঞতা তুলে ধরেছেন। পুতিনের আচরণকে ‘বদমেজাজি’ হিসেবে বর্ণনা করে তিনি দাবি করেন, বিভিন্ন বৈঠকে পুতিন ইচ্ছাকৃতভাবে শরীর সামনের দিকে ঝুঁকিয়ে কিংবা গুটিয়ে বসতেন। এর মাধ্যমে একজন অনাগ্রহী কিশোরের মতো মনোভাব প্রকাশের চেষ্টা করতেন তিনি।

অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অভিনয়জীবনের অভিজ্ঞতাকে যুদ্ধকালীন নেতৃত্বের ক্ষেত্রে ইতিবাচক হিসেবে দেখছেন বাইডেন। তার মতে, অভিনেতা হিসেবে জেলেনস্কির পূর্ব অভিজ্ঞতা যুদ্ধের কঠিন সময়ে দেশ পরিচালনায় বেশ কাজে এসেছে।

বাইডেনের আত্মজীবনীটি ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্যের পর প্রকাশিত হয়েছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

এআরবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক নাগরিক হতে আহ্বান প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৪ পি.এম


শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক নাগরিক হতে আহ্বান প্রধানমন্ত্রীর

শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা, ভাষা শিক্ষা ও পরিবেশ সচেতনতার মাধ্যমে দক্ষ, যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি মন্তব্য করেন, ‘তোমাদের সবাইকে সঠিকভাবে গড়ে তুলতে হবে।’

জাতীয় সংসদ অধিবেশনের মাগরিবের নামাজের বিরতিতে সোমবার সন্ধ্যায় সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে জানান, দেশের স্কুল-কলেজগুলোতে ভোকেশনাল বা কারিগরি শিক্ষা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। নবম শ্রেণি থেকেই শিক্ষার্থীদের জন্য এ শিক্ষা বাধ্যতামূলক করার ব্যবস্থা করা হবে।

খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, শিক্ষার্থীদের ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচিতেও অংশ নিতে হবে। এ কর্মসূচিতে ছয়-সাতটি খেলা থাকবে এবং শিক্ষার্থীরা নিজেদের পছন্দ অনুযায়ী খেলা বেছে নেওয়ার সুযোগ পাবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দিতে হবে।

শিক্ষার্থীদের বহুভাষায় দক্ষ করে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মাতৃভাষার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে আরও একটি ভাষা শিখতে হবে। এ জন্য ছয়-সাতটি ভাষার মধ্য থেকে নিজেদের পছন্দ অনুযায়ী ভাষা বেছে নেওয়ার সুযোগ থাকবে। এসব ভাষার মধ্যে ইংরেজি, মান্দারিন ও জাপানিজসহ বিভিন্ন ভাষা অন্তর্ভুক্ত থাকবে।

ঢাকাকে পরিচ্ছন্ন রাখা এবং পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশের প্রতি যত্নশীল হওয়ার পাশাপাশি প্রাণী ও জীবজন্তুর প্রতিও দায়িত্বশীল আচরণ করতে হবে।

বৃক্ষরোপণে শিক্ষার্থীদের উৎসাহিত করে তিনি বলেন, ‘তোমাদের আপনজনদের জন্মদিনে গাছ উপহার দেবে। বেশি বেশি গাছ লাগালে পরিবেশ ভালো হবে। ভাবতে পারো, পরিবেশ ভালো হলে আমার কী লাভ? লাভ আমাদের সবার।’

প্রধানমন্ত্রী আরও বলেন, মানুষ সৃষ্টির সেরা জীব, তাই প্রকৃতি ও প্রাণিকুলের প্রতি মানুষের দায়িত্ব রয়েছে। শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; বরং দক্ষতা অর্জন, খেলাধুলা, ভাষা শিক্ষা এবং সামাজিক দায়িত্ব পালনের মানসিকতাও গড়ে তুলতে হবে। এসব গুণের সমন্বয়েই ভবিষ্যতে শিক্ষার্থীরা দেশ ও সমাজের জন্য যোগ্য নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে।

এদিন সংসদ সদস্য খোন্দকার আবু আশফাকের (ঢাকা-১) আমন্ত্রণে দোহার উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪৩ জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন। এ ছাড়া রাজধানীর মণিপুর উচ্চবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ১৫ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক এবং চাঁদপুর মেডিকেল কলেজের নয়জন শিক্ষার্থী এ পরিদর্শনে অংশ নেন। এ সময় তারা জাতীয় সংসদের অধিবেশনও প্রত্যক্ষ করেন।

সংসদ ভবন পরিদর্শনকালে শিক্ষার্থীরা একটি সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন। পরে তারা সংসদ লাইব্রেরি ঘুরে দেখেন এবং সংসদের উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপে প্রশাসক নিয়োগ,১২০দিনের মধ্যে নির্বাচন

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৭ পি.এম


রাজশাহী সড়ক পরিবহন গ্রুপে প্রশাসক নিয়োগ,১২০দিনের মধ্যে নির্বাচন

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের নেতৃত্ব ও নির্বাচন নিয়ে চলমান জটিলতার মধ্যে সংগঠনটিতে প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ রেজাউল আলম সরকারকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ১২০ দিনের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখা থেকে জারি করা আদেশে বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭(১) ধারা অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়।

মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, সংগঠনটির কার্যক্রম যথাযথভাবে পরিচালিত হচ্ছে না। চলমান সমস্যা নিরসন ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে প্রশাসক নিয়োগ করা হয়েছে।

এর আগে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। গত ২৮ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয় ২১ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচন স্থগিত করে নতুন তফসিল ঘোষণার নির্দেশ দেয়। কিন্তু পরদিনই নির্বাচন কমিশন সভাপতি মোঃ মাহবুবুর রশীদ শান্তনু ও সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম হেলালসহ ২১ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে।

সংগঠনের সাধারণ সদস্য মোঃ আসাদুজ্জামান নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, সাধারণ সভা ও আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন ছাড়াই নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে।

সর্বশেষ প্রশাসক নিয়োগের মধ্য দিয়ে সংগঠনটির নতুন নির্বাচন আয়োজনের দায়িত্ব প্রশাসনের হাতে গেল।

এ বিষয়ে সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম হেলাল ও নবনিযুক্ত প্রশাসক রেজাউল আলম সরকারের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%