প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশের ফুটবলের সোনালি দিনের অন্যতম তারকা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বর্তমানে জাতীয় সংসদের স্পিকার। মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাদা-কালো জার্সিতে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে তিনি সমর্থকদের হৃদয়ে একটি বিশেষ স্থান করে নিয়েছিলেন।
পাকিস্তান জাতীয় দলের হয়ে খেলার পাশাপাশি তিনি অধিনায়কত্বের দায়িত্বও পালন করেছেন। স্বাধীনতার পর বাংলাদেশের ফুটবলে তার পারফরম্যান্স ছিল ঈর্ষণীয়। কিন্তু এত সাফল্যের পরও তিনি স্বাধীন বাংলাদেশের জাতীয় দলে খেলার সুযোগ পাননি। খেলোয়াড়ি জীবনের এই অপূর্ণতা আজও তাকে কষ্ট দেয়।
ফুটবলের পাশাপাশি সেনাবাহিনীতেও দায়িত্ব পালন করেছেন হাফিজ। দুই ক্ষেত্রেই সমানভাবে সময় দিতে হয়েছে তাকে। সেনাবাহিনীর ব্যস্ততার মধ্যেও ফুটবল মাঠে নিজের সামর্থ্যের স্বাক্ষর রেখেছেন। পরবর্তী সময়ে ফুটবল সংগঠক হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি।
পাকিস্তান জাতীয় দলে একমাত্র বাঙালি
১৯৬৭ সালে পাকিস্তান জাতীয় ফুটবল দলে সুযোগ পান হাফিজ। তখন দলের একমাত্র বাঙালি খেলোয়াড় ছিলেন তিনি। ওই বছর এশিয়ান কাপ খেলতে পাকিস্তান দল যায় রেঙ্গুনে। ১৯৭০ সাল পর্যন্ত নিয়মিত পাকিস্তান দলের হয়ে খেলেছেন তিনি।
দলে জায়গা পাওয়ার প্রতিযোগিতাও ছিল বেশ কঠিন। প্রতিটি পজিশনের জন্য চারজন করে খেলোয়াড়কে ক্যাম্পে ডাকা হতো। সব মিলিয়ে ৪৪ জনের সেই প্রতিযোগিতা পেরিয়ে মূল একাদশে জায়গা করে নিতেন হাফিজ। ১৯৭০ সালে ইরানে অনুষ্ঠিত ম্যাচগুলোতে পাকিস্তান দলের সহ-অধিনায়ক ছিলেন তিনি। অধিনায়ক চোটে পড়ায় শেষ দুটি ম্যাচে দলকে নেতৃত্বও দেন।
সৌদি আরবের বিপক্ষে পাকিস্তানের ৩-০ গোলের জয়ের ম্যাচেও খেলেছিলেন হাফিজ। ইরাক ও তুরস্কের বিপক্ষে ম্যাচেও মাঠে নামেন তিনি। পাকিস্তান দলের হয়ে খেলার অভিজ্ঞতা তার ফুটবল ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন।
মোহামেডানের জার্সিতে গোলের বন্যা
স্বাধীনতার পর ঢাকার ফুটবলে মোহামেডানের হয়ে নিজের প্রতিভার পূর্ণ প্রকাশ ঘটান হাফিজ। ১৯৭৪ সালে ফায়ার সার্ভিসের বিপক্ষে এক ম্যাচেই ছয়টি গোল করেন তিনি। স্বাধীনতার পর ঢাকার শীর্ষ ফুটবল লিগে সেটিই ছিল প্রথম ডাবল হ্যাটট্রিকের কীর্তি।
সেদিন মাঠে নেমেই জোড়া গোল করেছিলেন হাফিজ। এরপর পূর্ণ করেন হ্যাটট্রিক। প্রতিপক্ষের খেলোয়াড়দের অনুরোধ সত্ত্বেও থামেনি তার গোল উৎসব। একপর্যায়ে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে চতুর্থ গোল করেন। পরে আরও দুটি গোল করে নিজের নাম লেখান ইতিহাসে।
১৯৭৫ সালে মোহামেডান লিগ চ্যাম্পিয়ন হয়। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন হাফিজ। একই বছর আবাহনীর বিপক্ষে ৪-০ গোলের জয়ে গোল করেন তিনি। নিজের ক্যারিয়ারে ঢাকা মাঠে করা সেরা গোলগুলোর একটি মনে করেন এই গোলকে। নিজেদের অর্ধ থেকে বল নিয়ে একাই ছুটে গিয়ে আবাহনীর খেলোয়াড়দের পেছনে ফেলে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে জড়ান।
১৯৭৬ সাল ছিল তার ক্যারিয়ারের অন্যতম সেরা সময়। ওই মৌসুমে লিগের সর্বোচ্চ গোলদাতা হন তিনি। সেমিফাইনালে বিজেএমসির বিপক্ষে হ্যাটট্রিক করে মোহামেডানকে জয় এনে দেন। ফাইনালে আবাহনীর বিপক্ষে করেন আরও দুটি গোল। সেবার চ্যাম্পিয়ন হয় মোহামেডান। দলের অধিনায়ক ও সর্বোচ্চ গোলদাতা দুই পরিচয়েই মৌসুম শেষ করেন হাফিজ।
আবাহনী-মোহামেডান দ্বৈরথেও ছিল তার বিশেষ অবদান। দুই দলের মধ্যকার ১০টি ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছেন সাতটি। ১৯৭৪ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত টানা পাঁচ বছর আবাহনীর বিপক্ষে গোল করার কৃতিত্বও রয়েছে তার।
স্বাধীন বাংলাদেশের জাতীয় দলে খেলার আক্ষেপ
পাকিস্তান জাতীয় দলের হয়ে নিয়মিত খেলার অভিজ্ঞতা থাকলেও স্বাধীন বাংলাদেশের জাতীয় দলে সুযোগ পাননি হাফিজ। এ নিয়ে তার মনে রয়েছে গভীর আক্ষেপ।
১৯৭৩ সালে মারদেকা টুর্নামেন্টের জন্য বাংলাদেশের প্রথম জাতীয় দল গঠনের আগে লিগের তিন ম্যাচে সাতটি গোল করেছিলেন তিনি। এরপরও জাতীয় দলে ডাক পাননি। ১৯৭৫ সালে মোহামেডানের লিগজয়ী দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন। ১৯৭৬ সালে হয়েছিলেন লিগের সর্বোচ্চ গোলদাতা। সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে করেছিলেন পাঁচ গোল। কিন্তু কোনো অর্জনই তাকে জাতীয় দলের দরজা খুলে দিতে পারেনি।
এ নিয়ে হাফিজের আক্ষেপ, পাকিস্তান জাতীয় দলে ১৯৬৭ থেকে ১৯৭০ সাল পর্যন্ত নিয়মিত খেলেছেন। মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করেছেন। অথচ স্বাধীনতার পর দেশের জাতীয় দলে খেলার সুযোগ না পাওয়া তার জীবনের অন্যতম বড় দুঃখ হয়ে আছে।
লাল কার্ড দেখে রেফারির মুখে ছুড়েছিলেন জার্সি
খেলোয়াড়ি জীবনে মাঠে খুব একটা ফাউল করতেন না হাফিজ। তবে ১৯৭৭ সালের লিগে পিডব্লিউডির বিপক্ষে এক ঘটনায় মেজাজ হারিয়ে বসেন তিনি।
সেদিন ম্যাচে এক গোলে পিছিয়ে ছিল মোহামেডান। এমন সময় প্রতিপক্ষের এক খেলোয়াড় তাকে বাজেভাবে ফাউল করেন। উঠে দাঁড়িয়ে ওই খেলোয়াড়ের বুকে হাত দিয়ে ধাক্কা দেন হাফিজ। ক্ষুব্ধ হয়ে বলেন, ‘এই ব্যাটা, এমন ফাউল করলি কেন?’
এরপরই রেফারি দলিল খান তাকে লাল কার্ড দেখান। এতে আরও ক্ষুব্ধ হয়ে নিজের জার্সি খুলে রেফারির মুখে ছুড়ে মারেন হাফিজ। পরবর্তী সময়ে নিজের আচরণের জন্য অনুতপ্ত হওয়ার কথাও জানিয়েছেন তিনি।
তার ভাষায়, কাজটি ঠিক হয়নি এবং ওই ঘটনার জন্য তিনি দুঃখিত।
খেলোয়াড় থেকে ফুটবল সংগঠক
খেলোয়াড়ি জীবন শেষ হওয়ার পরও ফুটবলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি হাফিজ। ১৯৮০ সালে মোহামেডানের ম্যানেজারের দায়িত্ব নেন। ১৯৮২ সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক হন। ১৯৮৬ সালে দায়িত্ব নেন সংস্থাটির সভাপতির।
দেশের ফুটবল প্রশাসনের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়েও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নির্বাহী কমিটির নির্বাচিত সদস্য হওয়ার পর সংস্থাটির সহসভাপতির দায়িত্বও পালন করেন।
১৯৯৪ বিশ্বকাপে আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকে নিষিদ্ধ মাদক গ্রহণের অভিযোগে বহিষ্কারের ঘটনায় ফিফার ডিসিপ্লিনারি কমিটিতেও দায়িত্ব পালন করেন হাফিজ। ওই কমিটিতে এশিয়ার প্রতিনিধি ছিলেন তিনি।
২০০৫ সালে ফিফার শতবর্ষ উপলক্ষে বাংলাদেশের সেরা খেলোয়াড় হিসেবে ‘ফিফা স্যান্টেনারি অ্যাওয়ার্ড’ পান হাফিজ। ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে তৎকালীন ফিফার সহসভাপতি মোহাম্মদ বিন হাম্মাম তার হাতে এ পুরস্কার তুলে দেন।
মোহামেডানের জার্সিতে অসংখ্য স্মৃতি, পাকিস্তান জাতীয় দলের হয়ে খেলা, লিগের সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি এবং ফুটবল প্রশাসনে আন্তর্জাতিক পর্যায়ে দায়িত্ব পালন—সব মিলিয়ে বর্ণাঢ্য এক ক্যারিয়ার মেজর হাফিজের। তবে এত অর্জনের পরও স্বাধীন বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলতে না পারার আক্ষেপ রয়ে গেছে তার মনে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন