ঢাকা শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ইং ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কুবিতে অনলাইনে ভাইভা দিয়ে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া


কুবিতে অনলাইনে ভাইভা দিয়ে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক পদে নিয়োগের জন্য কানাডায় অবস্থানরত একজন প্রার্থীর অনলাইনে মৌখিক পরীক্ষা (ভাইভা) অনুষ্ঠিত হয়েছে। এই ভাইভা গত ২১ নভেম্বর অনুষ্ঠিত হয়, যেখানে ১০ জন প্রার্থীর মধ্যে ৯ জন সরাসরি উপস্থিত ছিলেন। জানা গেছে, মো. মাহফুজুর রহমান কানাডা থেকে অনলাইনে অংশ নেন। তবে বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বিদেশে অবস্থানরত প্রার্থীদের জন্য অনলাইনে ভাইভায় অংশ নেওয়ার বিষয়ে বিশেষ কোনো নির্দেশনা ছিল না।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ৭ অক্টোবর শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর ৩৫টি স্থায়ী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে ১৪টি শিক্ষক এবং ২১টি কর্মকর্তা-কর্মচারীর পদ রয়েছে। ২৩টি ক্যাটাগরির এসব পদের মধ্যে মার্কেটিং বিভাগে সহকারী অধ্যাপক পদ দুটি রয়েছে। আবেদনের শেষ সময় ছিল ২৬ অক্টোবর।

আবেদন শেষ হওয়ার পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব পদে নিয়োগ কার্যক্রম শুরু করে। ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য সিন্ডিকেট সভার আগে বিভিন্ন পদের লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে কয়েকটি পদের লিখিত পরীক্ষাও অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নভেম্বর মাসে বিভিন্ন পদের লিখিত পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন: এমপিওভুক্তদের পে স্কেলের চিঠি এখনও অনুমোদন দেয়নি মন্ত্রণালয়

মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক পদে ভাইভা ২১ নভেম্বর অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ পদে মোট ১০ জন প্রার্থী আবেদন করেছিলেন। তাঁদের মধ্যে নয়জন সরাসরি উপস্থিত হয়ে মৌখিক পরীক্ষায় অংশ নেন। মো. মাহফুজুর রহমান কানাডায় অবস্থান করায় অনলাইনে ভাইভায় অংশ নেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রোফাইলেও মাহফুজুর রহমানকে মার্কেটিং বিভাগের ‘সহকারী অধ্যাপক’ হিসেবে এবং বর্তমানে ‘অন স্টাডি লিভ’ হিসেবে দেখানো হয়েছে। একই তালিকায় মাশিয়াত জাহিন, সাবিকুন নাহার বিপাশা ও নিশাত নিগারকেও মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাহফুজুর রহমান বর্তমানে কানাডার ডালহৌসি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য অবস্থান করছেন। এর আগে তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। স্থায়ী সহকারী অধ্যাপক পদে নিয়োগের জন্য আবেদন করা অভ্যন্তরীণ প্রার্থীদের মধ্যে তিনিও একজন।

বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এসব পদকে রাজস্ব খাতের স্থায়ী পদ হিসেবে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আবেদনকারীদের যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য শর্ত উল্লেখ থাকলেও বিদেশে অবস্থানরত কোনো প্রার্থীর অনলাইনে মৌখিক পরীক্ষা দেওয়ার বিষয়ে পৃথক কোনো নির্দেশনা ছিল না।

আরও পড়ুন: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৬তম প্রজাপতি মেলার উদ্বোধন, বাটারফ্লাই অ্যাওয়ার্ড পেলেন আইনুন নিশাদ

বিশ্ববিদ্যালয়ের সাবেক কয়েকজন রেজিস্ট্রারের সঙ্গে কথা বলে জানা গেছে, উন্মুক্ত বিজ্ঞপ্তির মাধ্যমে স্থায়ী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিদেশে অবস্থানরত কোনো প্রার্থীর অনলাইনে ভাইভা নেওয়ার নজির তাঁদের জানা নেই। তবে কিছু পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা বা গবেষণার কাজে বিদেশে থাকা প্রার্থীদের বিশেষ পরিস্থিতিতে অনলাইনে ভাইভায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ার নজির রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ নুরুল করিম চৌধুরী বলেন, ‘আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন, সেটি খোঁজ নিয়েছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের আইনে অনলাইনে ভাইভা নেওয়ার এ ধরনের কোনো নিয়ম নেই। তবে এটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ক্ষমতাবলে নেওয়া হয়ে থাকতে পারে।’

তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমএম শরীফুল করিমের বক্তব্য ভিন্ন। তিনি বলেন, ‘মার্কেটিং বিভাগের একজন শিক্ষক চলে যাওয়ায় সহকারী অধ্যাপক পদে একটি পদ খালি হয়েছে। সেখানে যারা লেকচারার পদ হোল্ড করে সহকারী অধ্যাপক হয়েছেন, তাঁদের প্লেসমেন্ট করার জন্যই এই নিয়োগ। এখানে অনলাইনে ভাইভা নেওয়া যায়। তাঁকে উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনই অনুমোদন দিয়েছে।’

উপাচার্য আরও বলেন, ‘নিয়োগের প্রত্যেকটা কাজের জন্য সিন্ডিকেটের এপ্রোভাল নিতে হয়। এটাও সিন্ডিকেট চূড়ান্ত করবে।’

আরও পড়ুন: নতুন ৩ সরকারি মেডিকেল কলেজে ১৫০ শিক্ষার্থী ভর্তি হবে

বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে সিন্ডিকেটের ভূমিকা রয়েছে। বাছাই কমিটির সুপারিশের ভিত্তিতে সিন্ডিকেট নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেয়। ফলে মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক পদে অনলাইনে ভাইভায় অংশ নেওয়া প্রার্থীর নিয়োগও সিন্ডিকেটের সিদ্ধান্তের পর চূড়ান্ত হবে।

তবে নিয়োগ বিজ্ঞপ্তিতে অনলাইন ভাইভার কোনো শর্ত না থাকা সত্ত্বেও বিদেশে অবস্থানরত একজন প্রার্থীকে কী প্রক্রিয়ায় অনলাইনে ভাইভায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে উপাচার্যের বক্তব্য অনুযায়ী, এটি যদি অভ্যন্তরীণ শিক্ষকদের প্লেসমেন্টের অংশ হয়ে থাকে, তাহলে উন্মুক্ত নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে অন্য প্রার্থীদের আবেদন নেওয়া ও তাঁদের ভাইভায় অংশগ্রহণের বিষয়টিও কীভাবে বিবেচনা করা হয়েছে, তা নিয়েও প্রশ্ন রয়েছে।

আগামী ২৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় নিয়োগসংক্রান্ত বিষয়গুলো চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। ওই সভায় মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক পদে নিয়োগের বিষয়টিও অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

এমএইচ

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫৬তম ম্যানেজমেন্ট ডে উদযাপন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অপরিকল্পিত নগরায়ণে ভূমিকম্প ও অগ্নিঝুঁকিতে নারায়ণগঞ্জের উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০২:২৯ পি.এম


অপরিকল্পিত নগরায়ণে ভূমিকম্প ও অগ্নিঝুঁকিতে নারায়ণগঞ্জের উদ্বেগ

নারায়ণগঞ্জ, শিল্পনগরী, যত্রতত্র বাড়িঘর নির্মাণের ফলে অপরিকল্পিত নগরায়ণে পরিণত হয়েছে। এতে ভূমিকম্প, অগ্নিদুর্ঘটনা ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বেড়ে যাওয়ায় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হচ্ছে। সিটি করপোরেশন ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছে ঝুঁকিমুক্ত নগর গড়ার জন্য।

সরেজমিনে দেখা যায়, নগরীতে বহুতল ভবনের সারি গড়ে উঠেছে, যেখানে কিছু নির্মাণে রয়েছে অনিয়ম ও অসংগতি। রাস্তার জন্য পর্যাপ্ত জায়গা ও অগ্নিনির্বাপণের ব্যবস্থা না রেখে ভবন নির্মাণের কারণে লাখ লাখ বাসিন্দা চরম ঝুঁকির মধ্যে বসবাস করছেন।

স্বাধীনতার পর থেকে নারায়ণগঞ্জের আমলাপাড়া, প্রেসিডেন্ট রোড, মিশনপাড়া, খানপুর, তল্লা, গলাচিপা, জামতলা, উকিলপাড়া, টানবাজার ও নলুয়াপাড়াসহ অধিকাংশ এলাকায় অপরিকল্পিতভাবে বহুতল আবাসিক ও বাণিজ্যিক ভবন গড়ে উঠেছে। অনেক এলাকার প্রবেশপথ এতই সরু যে রিকশাও সঠিকভাবে চলাচল করতে পারে না।

ফলে গুরুতর অসুস্থ রোগীকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিতে অসুবিধা হচ্ছে। এছাড়া অগ্নিকাণ্ড ঘটলে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীদের গাড়িও পাড়া-মহল্লায় প্রবেশ করতে পারে না।

নগরবাসীর অভিযোগ, রাস্তার জন্য পর্যাপ্ত জায়গা না রেখে অপরিকল্পিতভাবে বাড়িঘর নির্মাণ এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ নজরদারি না থাকায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ফলে তারা কয়েক যুগ ধরে নানা ভোগান্তি ও বিভিন্ন নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

তবে নাগরিক সুবিধা নিশ্চিত করতে রাস্তা প্রশস্তকরণসহ নানা পদক্ষেপ নেয়ার কথা জানান নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ মো. মইনুল ইসলাম। তিনি সময় সংবাদকে বলেন, “অপরিকল্পিত নগরায়ণের ফলে নারায়ণগঞ্জের অধিকাংশ পাড়া-মহল্লার রাস্তাগুলো অত্যন্ত সরু। ড্রেনেজ ব্যবস্থাও অপ্রতুল। এ বিষয়গুলো নিয়ে সিটি করপোরেশন কাজ করছে। আমরা ঝুঁকিমুক্ত নগর গড়তে রাস্তা প্রশস্ত করার কাজ করছি। এরইমধ্যে নতুন রাস্তাও নির্মাণ করেছি। আমাদের নানা পরিকল্পনা ও পদক্ষেপ চলছে।”

এছাড়া ভবন নির্মাণের ক্ষেত্রে জনগণকে বিধিনিষেধের আওতায় আনতে নতুন করে নিজস্ব নীতিমালা প্রণয়নের পরিকল্পনার কথা জানান নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব। তিনি সময় সংবাদকে বলেন, “আমরা নতুন করে নিজস্ব নীতিমালা প্রণয়নের পরিকল্পনা করেছি। নারায়ণগঞ্জবাসীকে নীতিমালার আওতায় এনে আইনের প্রতি শ্রদ্ধাশীল করতে আমরা কাজ করছি। মানুষ যাতে নীতিমালা অনুসরণ করে যথাযথ ও পরিকল্পিতভাবে তাদের বাড়ি নির্মাণ করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করতে যাচ্ছি। আমরা আশা করি দ্রুত সময়ের মধ্যে নীতিমালা তৈরি করে ভবিষ্যৎ নগরকে পরিকল্পিতভাবে গড়ে তুলব। আমরা সবাইকে নিয়মের মধ্যে আনতে চাই। নিয়মের বাইরে কেউ কোনো ভবন নির্মাণ করতে পারবে না।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে দুই বছর কারাভোগ শেষে ৮ বাংলাদেশি দেশে ফিরলেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০২:২৯ পি.এম


ভারতে দুই বছর কারাভোগ শেষে ৮ বাংলাদেশি দেশে ফিরলেন

ভারতে দুই বছর কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন আট বাংলাদেশি নাগরিক। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান।

এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১০টার দিকে ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ফেরত আসা ব্যক্তিরা যশোর, নড়াইল, সাতক্ষীরা, ফরিদপুর, বরগুনা, পঞ্চগড় ও চট্টগ্রাম জেলার বাসিন্দা।

ওসি সাইফুর রহমান জানিয়েছেন, ভালো কাজের আশায় দালালের খপ্পরে পড়ে তাঁরা কেউ পাঁচ বছর, আবার কেউ তিন বছর আগে সাতক্ষীরা, কুষ্টিয়া ও যশোর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের দমদম ও তামিলনাড়ু রাজ্যে গিয়েছিলেন। সেখানে তাঁরা বিভিন্ন কাজ করতেন। পরে সে দেশের পুলিশের হাতে আটক হন। পুলিশ তাঁদের আটক করে আদালতে পাঠায়। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে সে দেশের আদালত তাঁদের দুই বছরের সাজা দিয়ে দমদম ও তামিলনাড়ু রাজ্যের কেন্দ্রীয় কারাগারে পাঠান।

কারাভোগ শেষে ভারতের একটি মানবাধিকার সংস্থা দায়িত্ব নিয়ে তাঁদের শেল্টার হোমে রাখে। পরে উভয় দেশের দূতাবাসের সহযোগিতায় এবং ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বৃহস্পতিবার রাতে তাঁরা দেশে ফেরেন।

ওসি আরও জানান, ভারতফেরত আট বাংলাদেশিকে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার তাঁদের গ্রহণ করে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করবে।

জাস্টিস অ্যান্ড কেয়ার যশোরের ডেপুটি ম্যানেজার মুহিত হোসেন জানান, ফেরত আসা ব্যক্তিদের রাতেই বেনাপোল পোর্ট থানা থেকে গ্রহণ করে তাঁদের শেল্টার হোমে রাখা হয়েছে। আজ শুক্রবার তাঁদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিউ মেক্সিকোতে চিকিৎসকের কাছে যাওয়ার পথে গর্ভবতী বন্দি পালালেন নিরাপত্তারক্ষীদের গাড়ি নিয়ে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৩০ পি.এম


নিউ মেক্সিকোতে চিকিৎসকের কাছে যাওয়ার পথে গর্ভবতী বন্দি পালালেন নিরাপত্তারক্ষীদের গাড়ি নিয়ে

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে চিকিৎসকের কাছে নেওয়ার সময় এক গর্ভবতী বন্দি পালিয়ে গেছেন। বুধবার (২৫ নভেম্বর) আলবুকার্ক শহরের একটি খাবারের দোকানে গাড়ি থামানোর সুযোগে তিনি নিরাপত্তারক্ষীদের গাড়ি নিয়ে চলে যান।

শুক্রবার (২৭ নভেম্বর) দেশটির সংবাদমাধ্যম এনবিসি নিউজ এই তথ্য জানায়।

২৬ বছর বয়সী রেবেকা টেলর চুরি ও ডাকাতির একাধিক মামলায় কারাবন্দি ছিলেন। প্রসবপূর্ব চিকিৎসা শেষে তাকে কারাগারে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছিল। পালানোর পর গাড়িটি শহরের একটি এলাকায় শনাক্ত করা হলেও, সেখানে তাকে খুঁজে পাওয়া যায়নি।

পরে শহরের পশ্চিম পাশে তার পরনে থাকা কমলা রঙের কারাবন্দির পোশাক উদ্ধার করা হয়। তাকে খুঁজে বের করার জন্য একাধিক সংস্থা অভিযান চালাচ্ছে। কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কেউ তাকে দেখেন, তাহলে কাছে না গিয়ে জরুরি নম্বর ৯১১-এ ফোন করার জন্য বলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শহীদ ডা. মিলন দিবসে ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৩১ পি.এম


শহীদ ডা. মিলন দিবসে ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন

ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৬ : শহীদ ডা. শামসুল আলম খান মিলন দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল তার সমাধি ও স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে।

আজ সকাল ৯টায় শহীদ ডা. মিলনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং সকাল সাড়ে ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন শহীদ ডা. মিলন স্মৃতিস্তম্ভে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনটির নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এছাড়া ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বিশ্ববিদ্যালয় ও হল শাখার শতাধিক নেতাকর্মী এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, "শহীদ ডা. মিলন ছিলেন গণতন্ত্র, মানুষের অধিকার ও মুক্তচিন্তার পক্ষে এক সাহসী কণ্ঠস্বর। তার আত্মত্যাগ স্বৈরাচারবিরোধী আন্দোলনকে আরও বেগবান করেছিল এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নতুন প্রেরণা জুগিয়েছিল।"

তিনি আরও উল্লেখ করেন, "গণতন্ত্র আপসের বিষয় নয়। মানুষের অধিকার প্রতিষ্ঠায় সাহস, ঐক্য ও ত্যাগের প্রয়োজন। শহীদ ডা. মিলনের আত্মত্যাগ আমাদের সেই শিক্ষা মনে করিয়ে দেয়।"

ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, "ডা. মিলনের শহীদ হওয়ার মধ্য দিয়ে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন চূড়ান্ত রূপ ধারণ করে। তার গণতান্ত্রিক আকাঙ্ক্ষা আমাদের পরবর্তী সকল অধিকার আদায় ও গণতান্ত্রিক আন্দোলনে অনুপ্রাণিত জুগিয়েছে।"

তিনি আরও বলেন, "শহীদ ডা. মিলনের আত্মত্যাগ মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং ভবিষ্যতের গণতান্ত্রিক আন্দোলনেও প্রেরণা জোগাবে।"

১৯৯০ সালের ২৭ নভেম্বর স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন চলাকালে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন চিকিৎসক ডা. শামসুল আলম খান মিলন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২১ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%