শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
০২:২৯ পি.এম
নারায়ণগঞ্জ, শিল্পনগরী, যত্রতত্র বাড়িঘর নির্মাণের ফলে অপরিকল্পিত নগরায়ণে পরিণত হয়েছে। এতে ভূমিকম্প, অগ্নিদুর্ঘটনা ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বেড়ে যাওয়ায় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হচ্ছে। সিটি করপোরেশন ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছে ঝুঁকিমুক্ত নগর গড়ার জন্য।
সরেজমিনে দেখা যায়, নগরীতে বহুতল ভবনের সারি গড়ে উঠেছে, যেখানে কিছু নির্মাণে রয়েছে অনিয়ম ও অসংগতি। রাস্তার জন্য পর্যাপ্ত জায়গা ও অগ্নিনির্বাপণের ব্যবস্থা না রেখে ভবন নির্মাণের কারণে লাখ লাখ বাসিন্দা চরম ঝুঁকির মধ্যে বসবাস করছেন।
স্বাধীনতার পর থেকে নারায়ণগঞ্জের আমলাপাড়া, প্রেসিডেন্ট রোড, মিশনপাড়া, খানপুর, তল্লা, গলাচিপা, জামতলা, উকিলপাড়া, টানবাজার ও নলুয়াপাড়াসহ অধিকাংশ এলাকায় অপরিকল্পিতভাবে বহুতল আবাসিক ও বাণিজ্যিক ভবন গড়ে উঠেছে। অনেক এলাকার প্রবেশপথ এতই সরু যে রিকশাও সঠিকভাবে চলাচল করতে পারে না।
ফলে গুরুতর অসুস্থ রোগীকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিতে অসুবিধা হচ্ছে। এছাড়া অগ্নিকাণ্ড ঘটলে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীদের গাড়িও পাড়া-মহল্লায় প্রবেশ করতে পারে না।
নগরবাসীর অভিযোগ, রাস্তার জন্য পর্যাপ্ত জায়গা না রেখে অপরিকল্পিতভাবে বাড়িঘর নির্মাণ এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ নজরদারি না থাকায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ফলে তারা কয়েক যুগ ধরে নানা ভোগান্তি ও বিভিন্ন নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
তবে নাগরিক সুবিধা নিশ্চিত করতে রাস্তা প্রশস্তকরণসহ নানা পদক্ষেপ নেয়ার কথা জানান নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ মো. মইনুল ইসলাম। তিনি সময় সংবাদকে বলেন, “অপরিকল্পিত নগরায়ণের ফলে নারায়ণগঞ্জের অধিকাংশ পাড়া-মহল্লার রাস্তাগুলো অত্যন্ত সরু। ড্রেনেজ ব্যবস্থাও অপ্রতুল। এ বিষয়গুলো নিয়ে সিটি করপোরেশন কাজ করছে। আমরা ঝুঁকিমুক্ত নগর গড়তে রাস্তা প্রশস্ত করার কাজ করছি। এরইমধ্যে নতুন রাস্তাও নির্মাণ করেছি। আমাদের নানা পরিকল্পনা ও পদক্ষেপ চলছে।”
এছাড়া ভবন নির্মাণের ক্ষেত্রে জনগণকে বিধিনিষেধের আওতায় আনতে নতুন করে নিজস্ব নীতিমালা প্রণয়নের পরিকল্পনার কথা জানান নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব। তিনি সময় সংবাদকে বলেন, “আমরা নতুন করে নিজস্ব নীতিমালা প্রণয়নের পরিকল্পনা করেছি। নারায়ণগঞ্জবাসীকে নীতিমালার আওতায় এনে আইনের প্রতি শ্রদ্ধাশীল করতে আমরা কাজ করছি। মানুষ যাতে নীতিমালা অনুসরণ করে যথাযথ ও পরিকল্পিতভাবে তাদের বাড়ি নির্মাণ করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করতে যাচ্ছি। আমরা আশা করি দ্রুত সময়ের মধ্যে নীতিমালা তৈরি করে ভবিষ্যৎ নগরকে পরিকল্পিতভাবে গড়ে তুলব। আমরা সবাইকে নিয়মের মধ্যে আনতে চাই। নিয়মের বাইরে কেউ কোনো ভবন নির্মাণ করতে পারবে না।”
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতে দুই বছর কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন আট বাংলাদেশি নাগরিক। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান।
এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১০টার দিকে ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ফেরত আসা ব্যক্তিরা যশোর, নড়াইল, সাতক্ষীরা, ফরিদপুর, বরগুনা, পঞ্চগড় ও চট্টগ্রাম জেলার বাসিন্দা।
ওসি সাইফুর রহমান জানিয়েছেন, ভালো কাজের আশায় দালালের খপ্পরে পড়ে তাঁরা কেউ পাঁচ বছর, আবার কেউ তিন বছর আগে সাতক্ষীরা, কুষ্টিয়া ও যশোর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের দমদম ও তামিলনাড়ু রাজ্যে গিয়েছিলেন। সেখানে তাঁরা বিভিন্ন কাজ করতেন। পরে সে দেশের পুলিশের হাতে আটক হন। পুলিশ তাঁদের আটক করে আদালতে পাঠায়। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে সে দেশের আদালত তাঁদের দুই বছরের সাজা দিয়ে দমদম ও তামিলনাড়ু রাজ্যের কেন্দ্রীয় কারাগারে পাঠান।
কারাভোগ শেষে ভারতের একটি মানবাধিকার সংস্থা দায়িত্ব নিয়ে তাঁদের শেল্টার হোমে রাখে। পরে উভয় দেশের দূতাবাসের সহযোগিতায় এবং ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বৃহস্পতিবার রাতে তাঁরা দেশে ফেরেন।
ওসি আরও জানান, ভারতফেরত আট বাংলাদেশিকে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার তাঁদের গ্রহণ করে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করবে।
জাস্টিস অ্যান্ড কেয়ার যশোরের ডেপুটি ম্যানেজার মুহিত হোসেন জানান, ফেরত আসা ব্যক্তিদের রাতেই বেনাপোল পোর্ট থানা থেকে গ্রহণ করে তাঁদের শেল্টার হোমে রাখা হয়েছে। আজ শুক্রবার তাঁদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে চিকিৎসকের কাছে নেওয়ার সময় এক গর্ভবতী বন্দি পালিয়ে গেছেন। বুধবার (২৫ নভেম্বর) আলবুকার্ক শহরের একটি খাবারের দোকানে গাড়ি থামানোর সুযোগে তিনি নিরাপত্তারক্ষীদের গাড়ি নিয়ে চলে যান।
শুক্রবার (২৭ নভেম্বর) দেশটির সংবাদমাধ্যম এনবিসি নিউজ এই তথ্য জানায়।
২৬ বছর বয়সী রেবেকা টেলর চুরি ও ডাকাতির একাধিক মামলায় কারাবন্দি ছিলেন। প্রসবপূর্ব চিকিৎসা শেষে তাকে কারাগারে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছিল। পালানোর পর গাড়িটি শহরের একটি এলাকায় শনাক্ত করা হলেও, সেখানে তাকে খুঁজে পাওয়া যায়নি।
পরে শহরের পশ্চিম পাশে তার পরনে থাকা কমলা রঙের কারাবন্দির পোশাক উদ্ধার করা হয়। তাকে খুঁজে বের করার জন্য একাধিক সংস্থা অভিযান চালাচ্ছে। কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কেউ তাকে দেখেন, তাহলে কাছে না গিয়ে জরুরি নম্বর ৯১১-এ ফোন করার জন্য বলা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৬ : শহীদ ডা. শামসুল আলম খান মিলন দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল তার সমাধি ও স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে।
আজ সকাল ৯টায় শহীদ ডা. মিলনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং সকাল সাড়ে ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন শহীদ ডা. মিলন স্মৃতিস্তম্ভে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনটির নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এছাড়া ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বিশ্ববিদ্যালয় ও হল শাখার শতাধিক নেতাকর্মী এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, "শহীদ ডা. মিলন ছিলেন গণতন্ত্র, মানুষের অধিকার ও মুক্তচিন্তার পক্ষে এক সাহসী কণ্ঠস্বর। তার আত্মত্যাগ স্বৈরাচারবিরোধী আন্দোলনকে আরও বেগবান করেছিল এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নতুন প্রেরণা জুগিয়েছিল।"
তিনি আরও উল্লেখ করেন, "গণতন্ত্র আপসের বিষয় নয়। মানুষের অধিকার প্রতিষ্ঠায় সাহস, ঐক্য ও ত্যাগের প্রয়োজন। শহীদ ডা. মিলনের আত্মত্যাগ আমাদের সেই শিক্ষা মনে করিয়ে দেয়।"
ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, "ডা. মিলনের শহীদ হওয়ার মধ্য দিয়ে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন চূড়ান্ত রূপ ধারণ করে। তার গণতান্ত্রিক আকাঙ্ক্ষা আমাদের পরবর্তী সকল অধিকার আদায় ও গণতান্ত্রিক আন্দোলনে অনুপ্রাণিত জুগিয়েছে।"
তিনি আরও বলেন, "শহীদ ডা. মিলনের আত্মত্যাগ মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং ভবিষ্যতের গণতান্ত্রিক আন্দোলনেও প্রেরণা জোগাবে।"
১৯৯০ সালের ২৭ নভেম্বর স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন চলাকালে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন চিকিৎসক ডা. শামসুল আলম খান মিলন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
এসআরবি-১২, এসআরবি-১০ এবং সিপিসি-৩ এর যৌথ অভিযানের মাধ্যমে সিরাজগঞ্জে ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর অপহরণ মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।
এসআরবি-১২ এর প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রধান আসামি ভুক্তভোগীর প্রাইভেট কোচিং সেন্টারের শিক্ষক। গত ৪ নভেম্বর সকালে উল্লাপাড়া মডেল থানাধীন বালসাবাড়ী বাজারের ‘অধ্যয়ন একাডেমি’ নামের কোচিং সেন্টারের সামনে থেকে প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীকে অপহরণ করা হয়। পরে তাকে একটি মাইক্রোবাসে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। এ ঘটনার পর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ৫ নভেম্বর উল্লাপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
এর পরিপ্রেক্ষিতে, এসআরবি-১২ এর অধিনায়কের নির্দেশনায় শুক্রবার (২৭ নভেম্বর) গভীর রাতে এক যৌথ অভিযান পরিচালনা করা হয়। ফরিদপুর জেলার কোতোয়ালি থানার বাখুন্ডা বাসস্ট্যান্ড থেকে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির নাম রাজিব হোসেন (৩৮)। তিনি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার কাঁঠালতলা গ্রামের আল মামুনের ছেলে। একই রাতে ফরিদপুর কোতোয়ালি থানার টেপাখোলা বাজার এলাকা থেকে ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।
এসআরবি-১২ এর সিরাজগঞ্জের সহকারী পুলিশ সুপার (অপস অফিসার) ধীমান কুমার মণ্ডল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গ্রেপ্তার হওয়া আসামিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ