০২:০১ এম
লোহিত সাগরে হুতিদের হামলা এবং নৌ-অবরোধের হুমকি সামনে রেখে বাণিজ্যিক জাহাজগুলো দিশেহারা হয়ে পড়েছে। নিরাপদ আশ্রয়ের খোঁজে একের পর এক সুপারট্যাঙ্কার পথ বদলাচ্ছে। এমন সংকটময় পরিস্থিতিতে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সৌদি আরবের পাশে দাঁড়িয়ে হুতিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
সোমবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এক ফোনালাপে এরদোয়ান এই পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, সৌদি নেতৃত্বাধীন বহুজাতিক নৌ-প্রতিরক্ষা জোট গঠনকে স্বাগত জানিয়ে এর সাফল্য কামনা করেছেন তুর্কী প্রেসিডেন্ট। এ সময়, দুই নেতা আঞ্চলিক পরিস্থিতি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার নিয়ে আলোচনা করেন।
এরদোয়ানের ফোনালাপটি এমন সময়ে অনুষ্ঠিত হলো, যখন ইয়েমেনের হুতিদের হুমকিতে এডেন উপসাগরে অন্তত ছয়টি সৌদি সুপারট্যাঙ্কার চলার পথ পরিবর্তন করেছে। এশিয়া থেকে ফিরতি খালি ট্যাঙ্কারগুলো লোহিত সাগরের বাব আল-মানদেব প্রণালি এড়িয়ে, এখন জোটবদ্ধভাবে দক্ষিণ আফ্রিকার দিকে এগোচ্ছে।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
সম্প্রতি, সৌদি আরবের ওপর নৌ-অবরোধ ঘোষণা করে ইরানপন্থি হুতিরা তাদের জাহাজে হামলা শুরু করেছে। এর ফলে, লোহিত সাগরে জাহাজ চলাচলে চরম বিঘ্ন ঘটছে এবং বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পাচ্ছে। হুতিদের দাবি, ইয়েমেনে খোদ হুতি-নিয়ন্ত্রিত অঞ্চলগুলোর ওপর সৌদি আরব যে অবরোধ আরোপ করে রেখেছে, মূলত তারই প্রতিক্রিয়া হিসেবে এই হামলা করছে তারা।
আঞ্চলিক অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী জাররাহ জাবের আল আহমাদ আল সাবাহের সঙ্গে ফোনে কথা বলেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। কূটনৈতিক সূত্রের বরাতে খবরটি জানা গেলেও এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন