ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

কৃষ্ণ সাগরের নিরাপত্তা ইস্যুতে যেকোনো দেশের সাথে আলোচনা করতে প্রস্তুত রাশিয়া


কৃষ্ণ সাগরের নিরাপত্তা ইস্যুতে যেকোনো দেশের সাথে আলোচনা করতে প্রস্তুত রাশিয়া

কৃষ্ণ সাগর অঞ্চলের নিরাপত্তা ইস্যুতে আলোচনা ও সংলাপে অংশগ্রহণের জন্য রাশিয়া যেকোনো দেশের সাথে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন। তবে, বর্তমানে কোনো দেশের সাথে দ্বিপাক্ষিক সমঝোতা বা চুক্তির আলোচনা হচ্ছে না বলেও পরিষ্কার করা হয়েছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই তথ্যটি নিশ্চিত করেছেন।

ভারত, মিশর ও তুরস্কের মতো দেশের সাথে রাশিয়া কোনো দ্বিপাক্ষিক চুক্তির দিকে অগ্রসর হচ্ছে কিনা—এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পেসকভ বলেন, "এটি দ্বিপাক্ষিক সমঝোতার ওপর নির্ভর করে। আমরা যেকোনো দেশের সাথে আলোচনার দরজা খোলা রেখেছি। তবে বর্তমানে নির্দিষ্ট করে কোনো আনুষ্ঠানিক বা কার্যকর আলোচনা চলছে না।"

আরও পড়ুন: ইসরাইলের নির্বাচনে ভোটার উপস্থিতি ৭৭.৭ শতাংশ, ১৯৯৯ সালের পর সর্বোচ্চ

কৃষ্ণ সাগরের নিরাপত্তা নিয়ে অন্য কোনো দেশের কাছ থেকে রাশিয়ার কাছে নির্দিষ্ট প্রস্তাব এসেছে কিনা জানতে চাইলে তিনি জানান, সম্প্রতি অনুষ্ঠিত 'ভালদাই ক্লাব' (Valdai Club)-এর বৈঠকে বিষয়টি উত্থাপিত হয়েছিল এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতিমধ্যেই এ বিষয়ে স্পষ্ট উত্তর দিয়েছেন।

এই কৌশলগত ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ নৌপথটির নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে যখন বিভিন্ন আলোচনা চলছে, তখন রাশিয়ার এই অবস্থানকে ভূ-রাজনৈতিক বিশ্লেষকরা গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল তিন মাসের মধ্যে কেরানীগঞ্জে স্থানান্তর: ডিএমপি কমিশনার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৪৪ পি.এম


গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল তিন মাসের মধ্যে কেরানীগঞ্জে স্থানান্তর: ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ জানিয়েছেন, আগামী তিন মাসের মধ্যে কেরানীগঞ্জের চুনকুটিয়াতে গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল স্থানান্তরিত হবে। তিনি উল্লেখ করেন, মিরপুরের উচ্ছেদ অভিযানে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান থাকবে।

শনিবার (৩ অক্টোবর) সকালে মহাখালী বাস টার্মিনালের নতুন জায়গা পরিদর্শনকালে এ তথ্য জানান ডিএমপি কমিশনার।

মহাখালী বাস টার্মিনালের নতুন বরাদ্দকৃত জায়গা দেখতে আসেন বাস মালিক সমিতির নেতারা। এ সময় ৮০টি বাস রাখার মতো নতুন জায়গা তাদের বুঝিয়ে দেওয়া হয়।

ডিএমপি কমিশনার আরও বলেন, বর্তমান সরকার বাস ডিপো ও টার্মিনাল আলাদা করার উদ্যোগ গ্রহণ করেছে। মহাখালী টার্মিনাল তার বর্তমান অবস্থানে থাকবে, তবে ডিপো পূর্বাচলে স্থানান্তরিত হবে। তিনি উল্লেখ করেন, ঢাকার যানজটের একটি প্রধান কারণ হলো গুলিস্তান ও ফুলবাড়িয়া টার্মিনাল, যা তিন মাসের মধ্যে কেরানীগঞ্জের চুনকুটিয়াতে স্থানান্তরিত করা হবে। টার্মিনাল ও ডিপো আলাদা করা হবে।

এদিকে, সম্প্রতি মিরপুরের সিটি করপোরেশনে উচ্ছেদ অভিযানে হামলা ও গাড়ি পোড়ানোর মামলায় অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

এ সময় মালিক সমিতির প্রতিনিধিরা বলেন, ঢাকার বাস টার্মিনাল এলাকায় যানজট নিরসনে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিক্ষোভ ঠেকাতে ইসলামাবাদে কনটেইনারে অবরুদ্ধ, জনজীবনে বিপর্যয়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৪৫ পি.এম


বিক্ষোভ ঠেকাতে ইসলামাবাদে কনটেইনারে অবরুদ্ধ, জনজীবনে বিপর্যয়

রাজনৈতিক বিক্ষোভ প্রতিরোধের উদ্দেশ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদকে কন্টেইনার দিয়ে অবরুদ্ধ করার ফলে দেশটির সাধারণ মানুষ ও পরিবহন ব্যবসায়ীরা চরম বিপদের সম্মুখীন হয়েছেন। বিরোধীদের মিছিল আটকানোর জন্য সরকার শহরের বিভিন্ন সড়কে হাজার হাজার ভারী কন্টেইনার স্থাপন করে পুরো শহরকে কার্যত বন্ধ করে দিয়েছে। এর ফলে পরিবহন ব্যবসার কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে এবং রাস্তায় আটকে থাকা চালকদের জন্য মারাত্মক ভোগান্তির সৃষ্টি হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর রাজধানী অভিমুখে পদযাত্রা ঠেকাতে সরকার শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে প্রায় ১,৫০০ থেকে ২,০০০ কন্টেইনার স্থাপন করেছে। স্থানীয় তরুণদের মধ্যে শহরটিকে ‘কন্টেইনারবাদ’ ডাকার প্রবণতা তৈরি হলেও, বাস্তবতা হলো এটি একটি মারাত্মক সংকটের সৃষ্টি করেছে।

আল-জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে পুলিশের বাজেয়াপ্ত করা এসব কন্টেইনার ও লরির কারণে অসংখ্য চালক ও পরিবহন ব্যবসায়ী আটকা পড়েছেন। অল পাকিস্তান গুডস ট্রান্সপোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন দাবি করেছে যে, পুলিশ অবৈধভাবে গাড়িগুলো আটকে রেখেছে এবং তাদের প্রতিদিনের আয়-ক্ষতির কোনো ক্ষতিপূরণ প্রদান করছে না। বিদেশি শিপিং লাইনের কন্টেইনার আটকে থাকার কারণে প্রতিদিন বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার জরিমানাও গুনতে হচ্ছে।

অন্যদিকে, সরকার এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে যে, কন্টেইনার ভাড়া নেওয়া হয়েছে চুক্তিভিত্তিক ও নিয়ম মেনে এবং অর্থ যথাসময়ে পরিশোধ করা হবে।

কেবল কন্টেইনার ভাড়ার বিষয় নয়, সড়ক অবরোধের কারণে ব্যবসা-বাণিজ্য, পর্যটন এবং সাধারণ মানুষের যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। রাজনৈতিক এই অচলাবস্থার ফলে অর্থনীতির ব্যাপক ক্ষতির পাশাপাশি রাজধানীর পুরো জনজীবন এখন এক অনিশ্চিত স্থবিরতার মুখোমুখি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাঝরাতে স্বরা ভাস্করের ঘরে মাতাল পরিচালকের অনুপ্রবেশের চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৪৫ পি.এম


মাঝরাতে স্বরা ভাস্করের ঘরে মাতাল পরিচালকের অনুপ্রবেশের চেষ্টা

বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর ক্যারিয়ারের শুরুতে এক পরিচালকের দ্বারা অস্বস্তিকর ও ভীতিকর পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন। অভিনেত্রীর দাবি, এক রাতে মদ্যপ অবস্থায় ওই পরিচালক তার কক্ষের দরজায় ক্রমাগত ধাক্কা দিতে শুরু করেন। এমনকি তিনি আশঙ্কা করেছিলেন যে, দরজা ভেঙে ফেলতে পারেন।

সম্প্রতি রিয়্যালিটি শো ‘রাইজ অ্যান্ড ফল ২’-এ সহপ্রতিযোগীদের সঙ্গে আলাপকালে স্বরা সেই অতীতের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেন। অভিনেত্রীর মতে, ‘তনু ওয়েডস মনু’ ছবির সাফল্যের পরপরই ঘটনাটি ঘটে। তখন তার বয়স বিশের কোঠায় ছিল। একটি ছবির প্রধান চরিত্রে অভিনয়ের জন্য টানা ৫৬ দিন শুটিং করার পরিকল্পনা ছিল তার।

স্বরা জানান, ওই ছবির পরিচালক প্রথমে তাকে বলেছিলেন, পরিচালকদের অভিনয়শিল্পীদের ভালোবাসা প্রয়োজন। এরপর অভিনেত্রীর সৌন্দর্য নিয়ে কবিতা লিখে বার্তা পাঠাতে শুরু করেন তিনি। ধীরে ধীরে পরিচালকের আচরণ তার কাছে অস্বস্তিকর হয়ে ওঠে।

একপর্যায়ে পরিচালক স্বরাকে একান্তে রোমান্টিক দৃশ্যের মহড়া দেওয়ার প্রস্তাব দেন। মহড়ার সময় কারা উপস্থিত থাকবেন, জানতে চাইলে পরিচালক জানান, সেখানে শুধু তারা দুজনই থাকবেন। তবে এতে আপত্তি জানান স্বরা। তার মতে, এমন মহড়ায় সহ-অভিনেতা ও ক্যামেরা বিভাগের সদস্যদের উপস্থিত থাকা উচিত।

অভিনেত্রী আরও জানান, তারা যে অতিথিশালায় অবস্থান করছিলেন, সেখানে একমাত্র নারী ছিলেন তিনি। পরে পরিচালক ও চিত্রগ্রাহককে মদ্যপ অবস্থায় দেখতে পান। পরিস্থিতি আতঙ্কিত হয়ে তিনি যত দ্রুত সম্ভব সেখান থেকে চলে যান।

কিন্তু এরপরও স্বস্তি পাননি অভিনেত্রী। তার দাবি, রাতে মদ্যপ অবস্থায় পরিচালক তার কক্ষের দরজায় বারবার ধাক্কা দিতে থাকেন। একপর্যায়ে দরজা ভেঙে ফেলা হতে পারে বলে তিনি ভয় পান।

স্বরা জানান, একসময় দরজা খুললে টলতে টলতে দাঁড়িয়ে থাকা পরিচালক তাকে জড়িয়ে ধরার চেষ্টা করেন। অভিনেত্রী সরাসরি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। কিন্তু এরপরও পরিচালক বারবার একই আবদার করতে থাকেন।

স্বরা বলেন, তিনি পরিচালককে স্পষ্টভাবে জানিয়েছিলেন যে তার আচরণে তিনি ভয় পাচ্ছেন। তবে ছবির পরিচালক হওয়ার কারণে ওই পরিস্থিতিতে নিজেকে অসহায় মনে হচ্ছিল তার।

এত বছর পরও সেই ঘটনার কথা প্রকাশ করলেও সংশ্লিষ্ট পরিচালকের নাম কিংবা ছবিটির পরিচয় জানাননি স্বরা ভাস্কর।

২০০৯ সালে ‘মাধোলাল কিপ ওয়াকিং’ ছবির মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় স্বরার। পরবর্তী সময়ে ‘তনু ওয়েডস মনু’, ‘রাঞ্ঝানা’, ‘তনু ওয়েডস মনু রিটার্নস’ ও ‘ভিরে দি ওয়েডিং’-এর মতো ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে পরিচিতি পান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে ৩১তম জুনিয়র টেনিস চ্যাম্পিয়ন টুর্নামেন্ট শুরু ৫ অক্টোবর

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৪৬ পি.এম


রাজশাহীতে ৩১তম জুনিয়র টেনিস চ্যাম্পিয়ন টুর্নামেন্ট শুরু ৫ অক্টোবর

রাজশাহীতে ৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩১তম অনূর্ধ্ব ১৮ রাজশাহী ইন্টারন্যাশনাল জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ-২০২৬। এই টুর্নামেন্টে বাংলাদেশসহ বিশ্বের ১০টি দেশের মোট শতাধিক খেলোয়াড় অংশগ্রহণ করবেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অর্থায়নে এবং বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহযোগিতায় রাজশাহী টেনিস কমপ্লেক্স এই প্রতিযোগিতার আয়োজন করছে।

শনিবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রাজশাহী টেনিস কমপ্লেক্সের অর্কিড হল রুমে এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের ডিরেক্টর হাসিনুর রহমান টিংকু এ তথ্য জানান।

তিনি উল্লেখ করেন, ৫ অক্টোবর সকাল ৯টায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এই প্রতিযোগনার উদ্বোধন করবেন। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১০ অক্টোবর সকাল ৯টায়। অংশগ্রহণকারী দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, চাইনিজ তাইপে, হংকং, নেপাল, জাপান, চায়না, কোরিয়া ও আমেরিকা। আন্তর্জাতিক এই টুর্নামেন্টে হাসিনুর রহমান টিংকু ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ভারতের জয় মুখার্জী রেফারী হিসেবে মনোনীত হয়েছেন।

সকল খেলোয়াড়, কোচ, অভিভাবক ও অফিসিয়ালদের আবাসনের জন্য রাজশাহী পর্যটন মোটেল, হোটেল এক্স এবং গ্রান্ড রিভার ভিউ নির্ধারণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট রেফারী জয় মুখার্জী এবং মিডিয়া কমিটির আহবায়ক গোলাম মোস্তফা মামুনও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%