ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

রাব্বি অ্যামিয়েল হার্শের বক্তব্য, মার্কিন ইহুদিদের স্বর্ণযুগ শেষ


রাব্বি অ্যামিয়েল হার্শের বক্তব্য, মার্কিন ইহুদিদের স্বর্ণযুগ শেষ

যুক্তরাষ্ট্রের ইহুদি সম্প্রদায়ের প্রভাবশালী নেতা রাব্বি অ্যামিয়েল হার্শ মন্তব্য করেছেন যে, মার্কিন ইহুদিদের দীর্ঘকালীন ‘স্বর্ণযুগ’ শেষ হয়ে গেছে। শুক্রবার রাতে শাবাতের একটি ধর্মীয় ভাষণে তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রে ইহুদিদের জন্য নতুন একটি বাস্তবতা তৈরি হয়েছে, যেখানে ইহুদিবিদ্বেষ এবং ইসরাইলবিরোধী মনোভাব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

হার্শ, যিনি উত্তর আমেরিকার ‘রিফর্ম’ ইহুদি আন্দোলনের একজন নেতা, মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফলাফল নিয়ে তার বক্তব্যে বলেন, ৭ অক্টোবর ২০২৩ সালে হামাসের ইসরাইলে হামলা মার্কিন ইহুদিদের স্বর্ণযুগের অবসানের একটি প্রতীকী সূচনা। তার মতে, দেশের রাজনৈতিক ডান ও বাম—উভয় শিবিরেই ইহুদিবিদ্বেষী মনোভাব স্বাভাবিক হয়ে উঠছে।

তিনি বলেন, ‘একসময় ইহুদিদের সম্মান করা হতো, সাদরে গ্রহণ করা হতো এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাদের উপস্থিতি প্রত্যাশার চেয়েও বেশি ছিল। ইসরাইলের প্রতি উভয় দলের (ডেমোক্র্যাট ও রিপাবলিকান) ব্যাপক সমর্থন ছিল। সেই সোনালি দিনগুলো যেন শেষ হয়ে গেছে। আমরা আবার ইতিহাসের সেই পুরোনো স্বাভাবিক অবস্থায় ফিরে যাচ্ছি।’

আরও পড়ুন: রিয়াদে আকাশপথে হামলার আশঙ্কায় সৌদি কর্তৃপক্ষের সতর্কতা

হার্শ অভিযোগ করেন যে, নতুন করে নির্বাচিত কয়েকজন ডেমোক্র্যাট আইনপ্রণেতা শুধুমাত্র ইসরাইল সরকারের সমালোচক নন, বরং ইসরাইল রাষ্ট্রের অস্তিত্বের বিরোধী। তিনি ইসরাইলবিরোধী আন্দোলনের সাথে ইহুদিবিদ্বেষ বৃদ্ধির সম্পর্কের কথাও উল্লেখ করেন।

হার্শ ইসরাইলের সমালোচনা করার অধিকারকে সমর্থন করলেও বলেন যে, ‘কংগ্রেসের নতুন সদস্যদের কেউ কেউ কেবল ইসরাইলের সমালোচনাই করছেন না, বরং তারা ইসরাইল রাষ্ট্রটির ধারণার বিরুদ্ধেই তীব্র ও আদর্শগতভাবে অবস্থান নিয়েছেন। তারা ইহুদি রাষ্ট্রটিকে ‘খারাপের চূড়ান্ত রূপ’ হিসেবে দেখেন।’

ইসরাইল-ফিলিস্তিন সহাবস্থানের আহ্বান জানিয়ে তিনি বলেন, বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থি মসিয়াবাদী আদর্শ এবং পশ্চিম তীরে আইনহীনতা ইসরাইলবিরোধী শত্রুতা বৃদ্ধি করতে ভূমিকা রেখেছে।

হার্শ মার্কিন ইহুদি সম্প্রদায়ের নেতাদের নিজেদের অবস্থান ও কৌশল নতুন করে মূল্যায়নের আহ্বান জানান। তার মতে, ভবিষ্যতে ইহুদি সম্প্রদায়কে আরো বাস্তববাদী হতে হবে, বিভিন্ন গোষ্ঠীর সাথে জোট গড়ে তুলতে হবে এবং নিজেদের প্রভাব সম্পর্কে অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া থেকে বিরত থাকতে হবে।

আরও পড়ুন: ফ্রান্সের ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লে পেন ও মেলঁশোঁর এগিয়ে থাকা জরিপে প্রকাশ

তিনি সতর্ক করে বলেন, আগামী কয়েক বছর মার্কিন ইহুদি সম্প্রদায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জপূর্ণ হতে যাচ্ছে।

সূত্র: দ্য টাইমস অব ইসরাইল

আরএ

আরও পড়ুন: ফিলিস্তিনের ন্যায্য অধিকারের লড়াইয়ে অবিচল সমর্থনের কথা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুলিয়ারচরে বেহাল রাস্তায় মুসল্লিদের চরম ভোগান্তি: দ্রুত সংস্কারের দাবি গ্রামবাসীর

আন্তর্জাতিক ডেস্ক

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৩ পি.এম


কুলিয়ারচরে বেহাল রাস্তায় মুসল্লিদের চরম ভোগান্তি: দ্রুত সংস্কারের দাবি গ্রামবাসীর

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর দেড়িয়াকান্দা গ্রামের একটি কাঁচা রাস্তা সংস্কারের অভাবে বর্তমানে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। এর ফলে দেড়িয়াকান্দা জামে মসজিদে যাতায়াতকারী মুসল্লিদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রায় দেড় শতাধিক ফুট দীর্ঘ এই রাস্তাটির বেহাল দশার কারণে স্থানীয় ধর্মপ্রাণ মানুষের নিয়মিত ইবাদত-বন্দেগি ব্যাহত হচ্ছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সামান্য বৃষ্টি হলেই কাঁচা রাস্তাটি পিচ্ছিল হয়ে কাদা-পানিতে তলিয়ে যায়। ফলে শিশু, মধ্যবয়সী থেকে শুরু করে বয়োবৃদ্ধ মুসল্লিদের জন্যও মসজিদে প্রবেশ করা দুরূহ হয়ে পড়ে। কাদা-পানি মাড়িয়ে মসজিদে যাতায়াতের সময় প্রায়ই মুসল্লিদের পোশাক নষ্ট হয়। বিশেষ করে পিচ্ছিল এই রাস্তায় বয়োবৃদ্ধদের পড়ে গিয়ে আহত হওয়ার ঝুঁকি থাকে সবসময়। দীর্ঘদিন ধরে রাস্তাটির কোনো উন্নয়নমূলক কাজ না হওয়ায় স্থানীয় জনজীবনে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মসজিদ কমিটির সভাপতি মো. মতিউর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, “ধর্মপ্রাণ মানুষের ইবাদতের পথে এমন প্রতিবন্ধকতা মেনে নেওয়া যায় না। ইবাদতের রাস্তার এমন নাজুক দশা স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডের চরম উদাসীনতারই বহিঃপ্রকাশ।”

ভুক্তভোগী মুসল্লিদের অভিযোগ, রাস্তাটি সংস্কারের জন্য দীর্ঘদিন ধরে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারে দ্বারে ঘুরেও কোনো কার্যকর পদক্ষেপ পাওয়া যায়নি। বারবার কেবল আশ্বাস মিললেও বাস্তবে অবস্থার কোনো পরিবর্তন হয়নি।

এ বিষয়ে ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য (মেম্বার) মো. আতিক জানান, রাস্তাটির দুরবস্থার কথা তিনি অবগত আছেন এবং এটি সংস্কারের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে আলোচনা চলছে।

তবে স্থানীয় বাসিন্দারা এই আশ্বাসকে কেবল দায়সারা মন্তব্য বলে মনে করছেন। তাদের অভিযোগ, জনপ্রতিনিধিদের দীর্ঘমেয়াদি অবহেলার ফলেই গ্রামীণ অবকাঠামোর এই করুণ দশা তৈরি হয়েছে।

আসন্ন বর্ষা মৌসুমের আগেই দেড় শতাধিক ফুট এই রাস্তাটিতে ইট বা সুরকি বিছিয়ে চলাচলের উপযোগী করে তুলতে জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। জনস্বার্থ ও ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দ্রুততম সময়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সংশ্লিষ্ট প্রশাসনের সরাসরি হস্তক্ষেপে রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন লক্ষ্মীপুর দেড়িয়াকান্দা গ্রামের সচেতন মহল।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাফফাত আরা সাঈদ বলেন, এ বিষয়ে সম্প্রতি অবগত হয়েছিল। অচিরেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্রের নতুন যাত্রা শুরু করেছে : স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৪ পি.এম


জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্রের নতুন যাত্রা শুরু করেছে : স্পিকার

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ মন্তব্য করেছেন যে, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, অধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রত্যাশাকে নতুনভাবে সামনে নিয়ে এসেছে।

তিনি সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সূচনা বক্তব্যে এ কথা বলেন।

স্পিকার সংসদ সদস্যদের উদ্দেশ্যে বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ অর্জন করেছি। স্বাধীনতা অর্জনের ইতিহাস যেমন আত্মত্যাগ, সাহস ও দেশপ্রেমের গৌরবোজ্জ্বল অধ্যায়, তেমনি ২০২৪ সালের ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। এই অভ্যুত্থান জনগণের ভোটাধিকার ও প্রকৃত গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত করেছে।

তিনি আরও উল্লেখ করেন, গণতন্ত্র ছাড়া একটি দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তাই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রতি সাধারণ মানুষের প্রত্যাশা ব্যাপক। জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থেকে সংবিধানের মর্যাদা সমুন্নত রাখা, আইনের শাসন প্রতিষ্ঠা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং নাগরিক অধিকার সুরক্ষায় কার্যকর ভূমিকা পালন করাই এই সংসদের অন্যতম প্রধান দায়িত্ব।

স্পিকার সংসদীয় গণতন্ত্রের পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, সংসদীয় গণতন্ত্রের মূল শক্তি হলো আলোচনা, যুক্তি, পারস্পরিক শ্রদ্ধা ও দায়িত্বশীল মতপ্রকাশ। সংসদীয় গণতন্ত্রের সৌন্দর্য হলো ভিন্নমত ও ভিন্ন পথের সহাবস্থান।

তিনি আরো বলেন, সংসদের ভেতরে আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান খুঁজতে হবে এবং দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। স্পিকার আশা প্রকাশ করেন, অধিবেশন চলাকালে সংসদ সদস্যরা সংসদীয় রীতিনীতি, শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের পরিচয় দিয়ে দেশ ও জনগণের প্রত্যাশা পূরণে সক্রিয় ভূমিকা রাখবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিলিস্তিনের ন্যায্য অধিকারের লড়াইয়ে অবিচল সমর্থনের কথা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৪ পি.এম


ফিলিস্তিনের ন্যায্য অধিকারের লড়াইয়ে অবিচল সমর্থনের কথা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফিলিস্তিনের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে বাংলাদেশ সরকারের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সোমবার (৯ নভেম্বর) মন্ত্রণালয়ে ফিলিস্তিনের উপপররাষ্ট্রমন্ত্রী আবু জামি গাজা সাক্ষাৎ করতে এলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এই বক্তব্য দেন।

এসময় ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস. ওয়াই. রমাদানও উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী হুমায়ুন উল্লেখ করেন, ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকারের আন্দোলনের প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে। তিনি জানান, দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার ও সম্প্রসারণে বাংলাদেশের আগ্রহ রয়েছে।

বৈঠকের সময় ফিলিস্তিনের উপপররাষ্ট্রমন্ত্রী আবু জামি গাজা ও অধিকৃত পশ্চিম তীরের নাজুক পরিস্থিতি সম্পর্কে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে অবহিত করেন। তিনি আন্তর্জাতিক আইন, সংশ্লিষ্ট চুক্তি এবং জাতিসংঘের প্রস্তাব লঙ্ঘন করে ইসরাইলের অব্যাহত বর্বরতার বিষয়টি তুলে ধরেন।

এ সময় আবু জামি বাংলাদেশের অবিচল সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বৃদ্ধি পাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন রক্ষায় দক্ষতা বাড়াতে কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের প্রশিক্ষণ শুরু

আন্তর্জাতিক ডেস্ক

‎মোঃ সোহেল রানা, রাঙ্গামাটি প্রতিনিধি

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৪ পি.এম


বন রক্ষায় দক্ষতা বাড়াতে কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের প্রশিক্ষণ শুরু

‎রাঙামাটির কাপ্তাই বন উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে বন রক্ষা ও ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে ২৫ জন ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণে বন সংরক্ষণ, বনসম্পদ রক্ষা, বন ব্যবস্থাপনা এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
‎
‎সোমবার (৯ নভেম্বর) সকাল ৯টায় কাপ্তাই বন উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। কেন্দ্রের পরিচালক মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সার্কেলের বন সংরক্ষক মোহাম্মদ আবদুল আউয়াল সরকার।
‎
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাজ্জাদুজ্জামান। স্বাগত বক্তব্য দেন সদর রেঞ্জ কর্মকর্তা দীপন চাকমা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নুর মোহাম্মদ বাবু।
‎
‎প্রশিক্ষণ আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণে মোট ২৫ জন ফরেস্ট গার্ড অংশ নিচ্ছেন। মাঠপর্যায়ে বন বিভাগের বিভিন্ন দায়িত্ব পালন করতে গিয়ে একজন ফরেস্ট গার্ডকে যেসব বাস্তব পরিস্থিতির মুখোমুখি হতে হয়, প্রশিক্ষণে সেসব বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে।
‎
‎প্রশিক্ষণে বন ব্যবস্থাপনা ও সংরক্ষণ, বনসম্পদের সুরক্ষা, বনাঞ্চলের বিভিন্ন ঝুঁকি মোকাবিলা এবং দায়িত্ব পালনের কৌশল সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি মাঠপর্যায়ে বন রক্ষায় দায়িত্বশীলতা ও পেশাগত দক্ষতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হবে।
‎
‎বন বিভাগের মাঠপর্যায়ের কর্মীদের দক্ষতা উন্নয়নকে বন সংরক্ষণের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হয়। বিশেষ করে বনসম্পদ রক্ষা, অবৈধভাবে বনজ সম্পদ আহরণ প্রতিরোধ এবং বনাঞ্চলের সার্বিক ব্যবস্থাপনায় ফরেস্ট গার্ডদের ভূমিকা গুরুত্বপূর্ণ। এ প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের দায়িত্ব পালনের সক্ষমতা আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
‎
‎কাপ্তাইসহ পার্বত্য চট্টগ্রামের বিস্তীর্ণ বনাঞ্চলে বন সংরক্ষণ ও বনসম্পদ রক্ষায় মাঠপর্যায়ের কর্মীদের নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%