০৬:০২ পি.এম
বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি রেজিমেন্টের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন, ৬ষ্ঠ পুনর্মিলনী এবং আর্টিলারি সেন্টার ও স্কুলের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম অংশগ্রহণ করেছেন।
৪ নভেম্বর বুধবার চট্টগ্রামের হালিশহরে অবস্থিত আর্টিলারি সেন্টার ও স্কুলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন। তিন দিনব্যাপী এ আয়োজনের মধ্যে ১১তম কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠানও অন্তর্ভুক্ত ছিল, যা ৩ নভেম্বর শুরু হয়।
অনুষ্ঠানে প্রতিরক্ষা উপদেষ্টা মহান মুক্তিযুদ্ধের পাশাপাশি দেশের বিভিন্ন ক্ষেত্রে আর্টিলারি রেজিমেন্টের অবদানের বিষয়টি তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, আধুনিক যুদ্ধক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর যুদ্ধব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে রেজিমেন্টকে এগিয়ে যেতে হবে। এ লক্ষ্যে গবেষণা, নিজস্ব কৌশল উদ্ভাবন, উন্নত প্রশিক্ষণ, পেশাগত দক্ষতা অর্জন এবং আধুনিকায়নের গুরুত্ব তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন: শুক্রবার চট্টগ্রামে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, মহাসম্মেলনে বক্তব্য দেবেন
প্রতিরক্ষা উপদেষ্টা সততা ও শৃঙ্খলার সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন, যেখানে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ওপর তিনি জোর দেন। তিনি অস্ত্র ও সরঞ্জামের যথাযথ রক্ষণাবেক্ষণ, নেতৃত্বের বিকাশ এবং সেনাসদস্যদের কল্যাণ নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ সময় বর্তমান সরকারের সবার আগে বাংলাদেশ নীতির কথাও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; কর্নেল কমান্ড্যান্ট ও বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক; ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং এবং চট্টগ্রাম এরিয়ার এরিয়া কমান্ডারসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া, আর্টিলারি রেজিমেন্টে কর্মরত ও অবসরপ্রাপ্ত সদস্য, তাঁদের পরিবারের সদস্য এবং আমন্ত্রিত অতিথিরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: চাঁদপুরে ১৯ মামলার আসামি ফিরোজ বাবু আটক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন