সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০১:৩১ পি.এম
খুলনার পাইকগাছায় বিশ্ব জলাতঙ্ক দিবস পালন করা হয়েছে। এই উপলক্ষে ২৮ সেপ্টেম্বর সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদের সভাপতিত্বে। সভায় "এক সাথে আরও শক্তিশালী - জলাতঙ্ক মুক্ত বিশ্ব গড়ি" এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাকিলা আফরোজ, জুনিয়র কনসালটেন্ট গাইনী বিশেষজ্ঞ চিকিৎসক ডা. সুজন কুমার সরকার, মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার মন্ডল, ডা. প্রান্ত সরকার, ডা. নয়ন কুমার সরকার এবং ডা. তানভীর আহমেদ। বক্তব্য রাখেন নার্স সুপারভাইজার হামিদা খাতুন, প্রধান সহকারী দেবব্রত সরকার এবং পরিসংখ্যানবিদ জাহাঙ্গীর আলম। সভায় স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ উল্লেখ করেন, আজ বিশ্ব জলাতঙ্ক দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের উপজেলাতেও দিবসটি যথাযথভাবে পালন করা হচ্ছে। তিনি বলেন, জলাতঙ্ক একটি অত্যন্ত মারাত্মক ও প্রাণঘাতী রোগ, তবে আশার কথা হলো, সঠিক সময়ে সঠিক পদক্ষেপ ও সতর্কতার মাধ্যমে এই রোগ শতভাগ প্রতিরোধযোগ্য।
ডা. আহসানারা আরও বলেন, জলাতঙ্ক মূলত আক্রান্ত কুকুর, বিড়াল, শিয়াল, বেজি বা বাঁদরের কামড় বা আঁচড়ের মাধ্যমে মানুষের শরীরে ছড়ায়। এই রোগের জীবাণু শরীরে প্রবেশ করলে একবার উপসর্গ দেখা দিলে মৃত্যু প্রায় অবধারিত। তাই এ রোগ নিয়ে অবহেলা বা কুসংস্কারের কোনো সুযোগ নেই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের প্রতিষেধক টিকা বা এর চিকিৎসার ব্যবস্থা রয়েছে বলেও জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বশীল এই কর্মকর্তা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনবল নিয়োগের জন্য সম্প্রতি প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির ১০ নম্বর ক্রমিকে উল্লেখিত ‘উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)’ পদের শিক্ষাগত যোগ্যতা সংশোধন করে পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দাবি করেছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)।
এই দাবি সোমবার (২৮ সেপ্টেম্বর) সংগঠনটির অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. কবীর হোসেনের সই করা একটি চিঠির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) বরাবর জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে ১০ম গ্রেডের ‘উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)’ পদের জন্য ডিপ্লোমাধারীদের পাশাপাশি বিএসসি ইঞ্জিনিয়ারিং (স্নাতক) ডিগ্রিধারীদেরও আবেদনের সুযোগ দেওয়া হয়েছে। আইডিইবির দাবি, এটি সরকারের বিদ্যমান আইন ও প্রজ্ঞাপনের সরাসরি লঙ্ঘন।
আইডিইবি জানায়, রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক নং-সম (বিধি-২) পদোন্নতি ২৭/৯৪-১৬৪ (তারিখ: ১৯/১১/১৯৯৪) এবং অর্থ মন্ত্রণালয়ের ০৩/১২/১৯৯৪ তারিখের স্মারক অনুযায়ী ১০ম গ্রেডের উপ-সহকারী প্রকৌশলী ও সমমানের পদগুলো বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে উত্তীর্ণ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সনদধারীদের জন্য নির্ধারিত।
এছাড়া, অর্থ মন্ত্রণালয়ের ১৯৭৮ সালের প্রজ্ঞাপন অনুযায়ী দেশের সব দপ্তর ও সংস্থায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উপ-সহকারী প্রকৌশলী হিসেবে ইউনিফর্ম পদবী দেওয়ার সুস্পষ্ট বাধ্যবাধকতা রয়েছে বলেও সংগঠনটি উল্লেখ করেছে।
আইডিইবির নেতৃবৃন্দ অভিযোগ করেন, সরকারি নির্দেশনা উপেক্ষা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত দেশের ৮ লাখ ডিপ্লোমা প্রকৌশলী ও ৪ লাখ শিক্ষার্থীকে ক্ষুব্ধ করেছে। তারা অবিলম্বে নিয়োগ বিজ্ঞপ্তির ১০ নম্বর ক্রমিক সংশোধন করে উপ-সহকারী প্রকৌশলী পদে শুধুমাত্র কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আবেদনের সুযোগ রেখে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের চতুর্থ দিনে সংস্কারকাজ শুরু হয়েছে। একই সঙ্গে দখলদারদের লাগানো সাইনবোর্ডটি সরিয়ে প্রতিষ্ঠানটির নিজস্ব সাইনবোর্ড পুনরায় টাঙানো হয়েছে।
আজ সোমবার সকালে সংস্কারকাজ এবং পরিচ্ছন্নতা কর্মসূচির মধ্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম খোলা আকাশের নিচে চলছে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের তত্ত্বাবধানে এই সংস্কার কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ রাজ্জাক। তিনি উল্লেখ করেন, স্বাস্থ্যসেবা দ্রুততার সঙ্গে পরিচালনার জন্য আগামী এক সপ্তাহের মধ্যে স্বাস্থ্যকেন্দ্রটি নির্মাণ করা হবে।
এদিকে, সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও মায়ের ডাকের সানজিদা ইসলাম তুলি।
তিনি বলেন, হামলার ঘটনার পেছনে কারা জড়িত, তা নিয়ে তদন্ত চলছে। সরকার যথাযথ ব্যবস্থা নেবে।
এর আগে, গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে রাজধানীর মিরপুর-১ নম্বর সেকশনে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। ক্লিনিক কর্তৃপক্ষের অভিযোগ, হামলার পর তাদের প্রতিষ্ঠানের জায়গায় ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর নামে একটি সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছিল।
এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, লুট হওয়া দুই ট্রাক মালামালও উদ্ধার করা হয়েছে। ঘটনার পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ : ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি শান্ত-নিরিবিলি এলাকায় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন, কারণ ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহৃত মার্কিন সামরিক বাহিনীর একটি বিমানঘাঁটিকে ঘিরে সন্ত্রাসী হামলার হুমকি রয়েছে। রোববার তারা এ তথ্য জানান। এ সময় বোমা নিষ্ক্রিয়িকারী দলের সদস্যরা ওই এলাকায় উপস্থিত ছিলেন।
রোববার ভোরে উইলফোর্ড গ্রামের ৮৫টি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। গ্রামটি রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) ফেয়ারফোর্ড বিমানঘাঁটি থেকে প্রায় এক মাইল (১ দশমিক ৬ কিলোমিটার) দূরে অবস্থিত। কর্তৃপক্ষ ‘সন্দেহজনক যানবাহন’ দেখতে পাওয়ার পর তাদের নিরাপদ স্থানে সরানো হয়। যুক্তরাজ্যের সিরেন্সেস্টার থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
বিমানঘাঁটির কাছে হুমকির প্রকৃতি বা এর উৎস সম্পর্কে পুলিশ এখনও নিশ্চিত নয়। তবে তারা ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি নেওয়ার’ সন্দেহে পাঁচজনকে গ্রেফতার করেছে। টেলিভিশনে প্রচারিত আকাশ থেকে ধারণ করা ভিডিওতে ভ্যানগুলোর আশপাশে একটি বোমা নিষ্ক্রিয়কারী রোবটকে চলাচল করতে দেখা গেছে।
গ্রামের একজন বাসিন্দা যুক্তরাজ্যের গণমাধ্যমকে জানান, তিনি জরুরি সেবায় খবর দেন। তিনি দেখেছিলেন, তিনটি ভ্যান গ্রামের কাছে একটি সড়ক আটকে রেখেছে। সেখানে কয়েকজন হুড ও বালাক্লাভা পরা ব্যক্তি ছিলেন।
গ্রামবাসীদের কাছের শহর সিরেন্সেস্টারের একটি বিনোদনকেন্দ্রে সরিয়ে নেওয়া হয়। সেখানে স্টেফানি তার কুকুরছানা ও দুটি বিড়াল নিয়ে রাত কাটানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময়ও পুলিশ ওই এলাকা ঘিরে রেখেছিল।
নিজের পদবি প্রকাশ করতে অনিচ্ছুক স্টেফানি এএফপিকে বলেন, ‘আমি একেবারে ক্লান্ত।’ তিনি বলেন, পরিস্থিতির ভয়াবহতা ‘এখন পর্যন্ত পুরোপুরি বুঝতে পারিনি।’
‘এটি বেশ সুন্দর, ছোট একটি গ্রাম। এমন ঘটনা সত্যিই দুঃখজনক,’ বলেন স্টেফানি।
সিরেন্সেস্টারে বসবাসকারী ২০ বছর বয়সী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জর্জ কারি বলেন, ‘আপনি এখানে কিছু ঘটবে বলে আশা করেন না। কটসওল্ডসের এই এলাকাটি খুবই শান্ত ও মনোরম।’
তিনি বলেন, ‘ফেয়ারফোর্ডের সব বাসিন্দাই নিশ্চয়ই এ ঘটনায় বেশ আতঙ্কিত ও উদ্বিগ্ন।’
কারি বলেন, ‘বিমানঘাঁটির কারণে ফেয়ারফোর্ড কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, তা বিবেচনায় নিয়ে বলছি, এই মুহূর্তে সেখানে বসবাস করতে আমি বেশ ভয় পেতাম।’
মার্চে ব্রিটেন যুক্তরাষ্ট্রকে ফেয়ারফোর্ড বিমানঘাঁটি থেকে ইরানে ‘নির্দিষ্ট প্রতিরক্ষামূলক অভিযান’ চালিয়ে ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংসের অনুমতি দেয়।
এরপর থেকে ওই বিমানঘাঁটি থেকে মার্কিন বোমারু বিমানসহ অন্যান্য বিমান উড্ডয়ন ও অবতরণ করতে দেখা গেছে।
উপসাগরীয় যুদ্ধ এবং ২০০৩ সালের ইরাক যুদ্ধের সময়ও ফেয়ারফোর্ড মার্কিন সামরিক বাহিনীর অভিযানে ব্যবহৃত হয়েছে।
‘বাস্তবতার মুখোমুখি’-
সিরেন্সেস্টারে এক ব্যক্তি কুকুর নিয়ে হাঁটার সময় বলেন, ফেয়ারফোর্ডকে ঘিরে হুমকির আশঙ্কায় তার স্ত্রী উদ্বিগ্ন ছিলেন। পরিচয় প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি বলেন, খবরটি শুনে তার স্ত্রীর মনে হয়েছে, ‘তার দুঃস্বপ্ন যেন সত্যি হয়ে গেছে।’
বাসিন্দারা জানান, প্রতি বছর একটি বড় বিমান প্রদর্শনী ছাড়া বিমানঘাঁটিটি সাধারণত বেশ শান্ত থাকে। ওই বিমান প্রদর্শনীতে বিভিন্ন দেশ থেকে দর্শনার্থীরা আসেন।
কুকুর নিয়ে হাঁটতে বের হওয়া ওই ব্যক্তি বলেন, ‘এখানে বসবাস করতে কোনো সমস্যাই নেই,’ ‘কিন্তু এটিকে বোমারু বিমানের ঘাঁটি হিসেবে ব্যবহার করা কিছুটা উদ্বেগের।’
স্থানীয় কাউন্সিলর ট্রিস্টান উইলকিনসন এএফপিকে বলেন, ‘সাধারণত আরএএফ ফেয়ারফোর্ড খুবই শান্ত থাকে। কিন্তু বর্তমানে ‘এপিক ফিউরি’ অভিযান চলায় পরিস্থিতি বদলে গেছে।’ ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানের সাংকেতিক নাম ‘এপিক ফিউরি’।
তিনি বলেন, ‘গত কয়েক মাসে স্থানীয় কমিউনিটি ও কর্তৃপক্ষ বিমানঘাঁটির চারপাশে আরও বেশি সতর্কতা অবলম্বন করেছে।’
এর আগে ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইরান ও রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাজ্যের ভূখণ্ডে তাদের হয়ে অপরাধমূলক কর্মকাণ্ড চালাতে সহযোগীদের ব্যবহার করার অভিযোগ তুলেছে।
২১ বছর বয়সী ভিক্টর কম্পটন বলেন, ‘আমি বলতে চাচ্ছি, যা কিছু ঘটছে এবং বিমানঘাঁটির চারপাশে যে তৎপরতা চলছে, তাতে এমন কিছু ঘটাই স্বাভাবিক।’
বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী বলেন, ‘যুদ্ধের প্রভাব বিশ্বের সবচেয়ে নিরাপদ জায়গাগুলোতেও পৌঁছে যায়।’ তিনি বলেন, ঘটনাটি হল ‘বাস্তবতার মুখোমুখি হওয়ার মতো।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ : সোমবার উদ্ধারকর্মীরা মিয়ানমারের দক্ষিণাঞ্চলের বন্যাকবলিত এলাকায় পৌঁছাতে হিমশিম খাচ্ছেন। সেখানে বন্যার ফলে ১০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এবং ৩০ জন নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়েছে। একটি ত্রাণ সংস্থার চেয়ারম্যান এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মিয়ানমারের দক্ষিণাঞ্চলের তানিনথারি অঞ্চলে শুক্রবার রাত থেকে ভারী বৃষ্টি হচ্ছে। প্রতিবেশী থাইল্যান্ডেও একই ধরনের তীব্র আবহাওয়া বিরাজ করছে। এর ফলে ব্যাংককে সপ্তাহের শেষে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
বার্তা সংস্থা এএফপি ইয়াঙ্গুন থেকে এই খবরটি জানিয়েছে। স্বেচ্ছাসেবী দাওয়েই জাবুথিরি ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসের চেয়ারম্যান মিও মিন এএফপিকে বলেন, তানিনথারির একাধিক টাউনশিপ বন্যা ও ভূমিধসে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও জানান, কিছু গ্রামে পৌঁছাতে এখন শুধুমাত্র পায়ে হেঁটে যাওয়ারই সুযোগ রয়েছে। ত্রাণকর্মীরা কয়েকশ বাসিন্দাকে বাড়িঘর ছেড়ে মঠের আশ্রয়কেন্দ্রে অবস্থান নিতে দেখেছেন।
মিও মিন বলেন, এখনো হতাহতের কোনো ‘নিশ্চিত সংখ্যা’ জানা যায়নি। তবে প্রাথমিক তথ্যে সাত থেকে ১০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এবং নিখোঁজ রয়েছেন ২০ থেকে ৩০ জন।
তিনি টেলিফোনে এএফপিকে বলেন, ‘উদ্ধারকর্মীরা এখনো পুরো দুর্যোগকবলিত এলাকার পরিস্থিতি সামাল দিতে পারেননি।’
মিয়ানমার কর্তৃপক্ষ এখনও হতাহতের কোনো সরকারি সংখ্যা প্রকাশ করেনি। চলমান গৃহযুদ্ধের কারণে ত্রাণ কার্যক্রমও জটিল হয়ে পড়েছে।
সংঘাতের কারণে প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির প্রকৃত মাত্রা নিরূপণ করা মানবিক সহায়তা সংস্থাগুলোর জন্য প্রায়ই কঠিন হয়ে যায়।
৫ কোটি ১০ লাখ মানুষের দেশ মিয়ানমার জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বিশ্বের শীর্ষ ১০ দেশের একটি। জার্মানির অলাভজনক সংস্থা জার্মানওয়াচ এ তথ্য জানিয়েছে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প ওয়াশিংটনের মানবিক সহায়তা বাজেট ব্যাপকভাবে কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর মিয়ানমারে ত্রাণ সহায়তাও উল্লেখযোগ্যভাবে কমেছে।
থাইল্যান্ডে প্রায় ৪৮ ঘণ্টার ভারী বৃষ্টির ফলে বাড়িঘর, দোকানপাট ও সড়ক পানিতে তলিয়ে যাওয়ার পর সপ্তাহের শেষে রাজধানী ব্যাংককে বন্যা দুর্যোগ ঘোষণা করা হয়।
ব্যাংকক মেট্রোপলিটন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, প্রায় ৪ হাজার ৯০০ মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৫২ হাজার পরিবার।
তালাশ বিডি/মিডিয়া লিঃ