বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
১১:৫৫ পি.এম
স্বাধীন ও সার্বভৌম দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এভাবে চলতে পারে না বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি।
বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি মন্তব্য করেন যে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছে না এবং আইনশৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বর্তমান নির্বাচন কমিশনকে ‘মেরুদণ্ডহীন’ অভিহিত করে তিনি বলেন, এই কমিশনের ব্যর্থতার কারণে স্থানীয় সরকার নির্বাচন পেছানো হয়েছে।
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে জামায়াতের আমির জানান, আন্তর্জাতিক বা স্থানীয় বাজারে মূল্যবৃদ্ধির প্রভাবে দ্রব্যমূল্য ও পরিবহণ খাতে সাধারণ মানুষের ওপর চরম বোঝা তৈরি হয়েছে। কিন্তু বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় জামায়াতের বিশেষজ্ঞ দলের সুপারিশ ও পরিকল্পনা সরকার গ্রহণ করেনি।
তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, জামায়াত বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি পালন করলেও কোনো ধরনের অগ্নিসংযোগ বা ভাঙচুরের মতো সহিংস কর্মকাণ্ডে লিপ্ত নয় এবং সরকারকে শান্ত ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান।
অন্যদিকে, একই দিনে নগরীর আমান উল্লাহ কনভেনশন হলে সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ‘অ্যাক্রেডিটেশন’ অর্জন উপলক্ষে আয়োজিত উদযাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. শফিকুর রহমান এমপি।
সেখানে তিনি বলেন, নানা প্রতিকূলতা পেরিয়ে দেশের শতাধিক প্রতিষ্ঠানের মধ্যে মাত্র আটটির তালিকায় অন্তর্ভুক্ত হয়ে এই অ্যাক্রেডিটেশন অর্জন গৌরবের মাইলফলক হলেও তা ধরে রাখা এবং মর্যাদা রক্ষা করা আরও কঠিন দায়িত্বের বিষয়।
সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. শাহানা ফেরদৌসের সভাপতিত্বে এবং সহযোগী অধ্যাপক ডা. হোসাইন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী, হলি সিলেট হোল্ডিং লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ডা. ফজলুর রহিম কায়সার, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এমএ মতিন ও মো. ফখরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অধ্যাপক ডা. ওয়েছ আহমদ চৌধুরী, হাসপাতালের পরিচালক ও উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ইফতেখার উদ্দিন চৌধুরী এবং উদ্যোক্তা পরিচালক এমদাদ হোসেন চৌধুরী।
এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. তহুর আব্দুল্লাহ চৌধুরী এবং পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মুয়াজ্জিন মাওলানা জাদুল আহমদ।
সকালে কলেজ ক্যাম্পাসে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি ও কেক কাটার মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সিলেটের ছেলে ওয়াসিক জাহেদ ইয়াফি এবং তার টিম SYT INNOVATORS অংশগ্রহণ করে বিশ্বের একটি মর্যাদাপূর্ণ উদ্ভাবনী প্রতিযোগিতায়, যেখানে তারা GOLD MEDAL অর্জন করেছে। মালয়েশিয়ায় অনুষ্ঠিত এই ৪ দিন ব্যাপী প্রতিযোগিতা ছিল একটি উল্লেখযোগ্য ঘটনা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ছিল প্রতিযোগিতার সমাপনী দিন। মালয়েশিয়ার বিখ্যাত SEGi University, Petaling Jaya তে অনুষ্ঠিত হয়েছিল বিশ্বব্যাপী উদ্ভাবনী প্রতিযোগিতা World Invention Competition and Exhibition (WICE) 2026। এই প্রতিযোগিতায় ৩০টিরও বেশি দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
আন্তর্জাতিক পর্বের জন্য নিবন্ধিত ৫১৭টি দল ছিল। ৫,০০০+ তরুণ গবেষক ও উদ্ভাবক, অনলাইন এবং অফলাইন মিলিয়ে, অংশ নেন এই উদ্ভাবনী প্রতিযোগিতায়। বাংলাদেশ থেকে মাত্র ২৩টি দল সুযোগ পেয়েছিল বিশ্বমঞ্চে নিজেদের উদ্ভাবনী প্রতিভা প্রদর্শনের।
মেধাবীদের মাঝে, সবচেয়ে কঠিন ক্যাটাগরি IT and Robotics এ তারা প্রদর্শন করে নিজেদের তৈরি "AI Military Rover"। সমাপনী মঞ্চে "GOLD MEDAL goes to WASHIQ JAHED YAFI - SYT INNOVATORS, BANGLADESH" ঘোষণা করা হলে, ইয়াফির দলের চোখে আনন্দ অশ্রু বয়ে যায়। তাদের এই বিজয়ের পেছনে ছিল ঘাম, শ্রম, এবং নির্ঘুম রাতের উদ্ভাবনী প্রচেষ্টা।
ইয়াফির পরবর্তী মিশন আগামী ২-৩ অক্টোবর ২০২৬, ইস্তাম্বুলে। তুরস্কের Yıldız Technical University তে অনুষ্ঠিত হতে যাচ্ছে GRIC Global Final 2026।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ৬ মহাদেশের সেরা উদ্ভাবকরা। সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ওয়াসিক জাহেদ ইয়াফি।
ইয়াফির গর্বিত পিতা জাহেদ হোসেন তাজিন বলেন, "ইয়াফি শুধু আমার ছেলে নয়, সে এখন পুরো বাংলাদেশের। আমার ছেলে ও তার টিম প্রমাণ করেছে, দেশের তরুণরা সুযোগ পেলে নেতৃত্ব দিতে পারে বিশ্বকে।"
তিনি ইয়াফির জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করে বলেন, "ওর স্বপ্নকে যেন আরও বড় করতে পারে এবং তুরস্ক থেকেও বিজয় নিয়ে ফিরতে পারে, সেই প্রত্যাশা যেন পূরণ হয় আমাদের।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সিরাজগঞ্জ জেলা জাতীয় পার্টির নবগঠিত ৩২ সদস্যের আহ্বায়ক কমিটি থেকে ২২ নেতা পদত্যাগ করেছেন।
পদত্যাগের বিষয়টি নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন।
এ সময় জেলা জাতীয় পার্টি সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রেসিডিয়াম সদস্য আমিনুল ইসলাম ঝন্টুসহ বিভিন্ন উপজেলা থেকে আসা দলীয় অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে পদত্যাগকারী নেতারা নবগঠিত আহ্বায়ক কমিটির প্রতি অনাস্থা প্রকাশ করে নিজেদের পদত্যাগের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
তিনি আরও বলেন সিরাজগঞ্জ জেলা জাতীয় পার্টির কমিটি বিদ্যমান থাকা অবস্থায় সম্পূর্ণ অসংগঠনিক প্রক্রিয়ায় গত ০৮/০৯/২০২৬ ইং তারিখে একটি নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন ও প্রকাশ করা হয়েছে। অথচ উক্ত কমিটি গঠন ও অনুমোদনের বিষয়ে জেলা পর্যায়ের নেতাকর্মীদের যথাযথভাবে সাংগঠনিকভাবে অবহিত করা হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মতলব দক্ষিনে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী। এ ঘটনাটি ঘটেছে মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ।
গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এবং ভবিষ্যতেও পাশে থাকার অঙ্গীকার করেন ।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত ২৩ সেপ্টেম্বর বুধবার অগ্নিকাণ্ডে ওই বাড়ীর ৮টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায় ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশে মাদকাসক্ত তরুণ-তরুণীর সংখ্যা এক কোটির বেশি বলে মন্তব্য করেছেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।
তিনি উল্লেখ করেন, দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা দিয়ে ইয়াবা, ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক প্রবেশ করছে। মাদকের বিস্তার একটি জাতিকে পিছিয়ে দেওয়ার জন্য যথেষ্ট।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে রাজবাড়ী কনভেনশন সেন্টারে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিবগাতুল্লাহ বলেন, ২০২৪ সালে আবু সাঈদসহ অসংখ্য মানুষের রক্তের বিনিময়ে আমরা আশা করেছিলাম যে ব্যবস্থার পরিবর্তন হবে। কিন্তু নতুন সরকার আসার পরও আমরা দেখতে পাচ্ছি, মেধাবীদের থামিয়ে দেওয়ার চেষ্টা চলছে।
শিবিরের সেক্রেটারি বলেন, আমরা এমন একটি ভৌগোলিক অবস্থানে রয়েছি, যেখানে সীমান্তবর্তী জেলাগুলো থেকে বিভিন্ন ধরনের মাদক বাংলাদেশে প্রবাহিত হচ্ছে। ইয়াবা, ফেনসিডিলসহ নানা ধরনের মাদক দেশে আসছে।
তিনি আরও বলেন, বাংলাদেশে প্রায় এক কোটির বেশি তরুণ-তরুণী নেশাগ্রস্ত হয়ে পড়েছে। যখন আমাদের তরুণ সমাজের একটি অংশ মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে, তখন এটি দেশের জন্য একটি বড় সংকট হয়ে দাঁড়াচ্ছে।
মেধাবীদের মূল্যায়নের প্রয়োজনীয়তা তুলে ধরে শিবিরের সেক্রেটারি বলেন, একটি সমাজ তখনই এগিয়ে যায়, যখন মেধাবীদের যথাযথ মূল্যায়ন করা হয় এবং তাদের সামনে নিয়ে আসা হয়। কিন্তু বাংলাদেশে দীর্ঘদিন ধরে মেধাবীদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না।
শিবিরের সেক্রেটারি আরও বলেন, শুধু ভালো ফলাফল করলেই জীবনে সফল হওয়া যায় না। শিক্ষার্থীদের জীবনের প্রতিটি ধাপে নানা ধরনের প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে। তাই জিপিএ-৫ পাওয়াকে চূড়ান্ত অর্জন মনে না করে পড়াশোনা ও দক্ষতা অর্জনের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
সিবগাতুল্লাহ সিবগা বলেন, এ বছর এক লাখ ১৬ হাজার শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। কিন্তু দেশের বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়সহ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আসন এর তুলনায় কম। ফলে জিপিএ-৫ পাওয়া সবাই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে না। আবার জিপিএ-৫ না পেয়েও অনেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে। তাই জীবনের প্রতিটি ধাপে নতুন করে পরীক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে।
তিনি বলেন, বাংলাদেশের তরুণরা অত্যন্ত সৃজনশীল। বিভিন্ন বিজ্ঞান উৎসব ও উদ্ভাবনী কার্যক্রমে তরুণদের অংশগ্রহণে তাদের মেধা ও সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়। তরুণদের এই সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে।
সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতি ও ঘুষের অভিযোগ তুলে শিবিরের এই নেতা বলেন, সরকারি প্রতিষ্ঠানে সেবা নিতে গিয়ে মানুষকে ঘুষ ও দুর্নীতির মুখোমুখি হতে হচ্ছে বলে বিভিন্ন অভিযোগ রয়েছে। তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার মানসিকতা তরুণ সমাজের মধ্যে তৈরি হয়েছে।
সিবগাতুল্লাহ বলেন, শুধু মেধাবী হলেই হবে না, সৎ ও দেশপ্রেমিক হতে হবে। আমাদের লক্ষ্য হলো সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি করা। মেধার সঙ্গে সততা ও নৈতিকতার সমন্বয় ঘটাতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ