ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ইরান যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে বদলে দিয়েছে স্থায়ীভাবে : নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ


ইরান যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে বদলে দিয়েছে স্থায়ীভাবে : নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ

যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি খাতে, যা সবচেয়ে বড় পরিবর্তন এনে দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরান দুই দেশের সংঘাত অবসানে একটি প্রাথমিক চুক্তির ঘোষণা দিয়েছে। আগামী শুক্রবার জেনেভায় সমঝোতা স্মারক সই হলে আগামী ৬০ দিনের মধ্যে আরও বিস্তৃত চুক্তির পথ খুলতে পারে। এতে জ্বালানি সরবরাহ ও বাণিজ্যে তৈরি হওয়া বড় সংকট কিছুটা কমার আশা দেখা দিয়েছে। তবে বিশ্লেষকদের মতে, যুদ্ধের আগে বিশ্ব অর্থনীতি যে অবস্থায় ছিল, সেখানে আর ফিরে যাওয়া সম্ভব হবে না। এই যুদ্ধের সবচেয়ে বড় প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি খাতে। মধ্যপ্রাচ্য থেকে তেল ও গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় জ্বালানির দাম বেড়েছে এবং দেশগুলো বিকল্প উৎস খুঁজতে বাধ্য হয়েছে। এর ফলে সৌর, বায়ু ও পারমাণবিক শক্তির মতো নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে অনেক দেশ। লন্ডনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান এম্বারের বিশেষজ্ঞ ড্যান ওয়াল্টার বলেন, এটি একটি মস্ত বড় পরিবর্তন। পাঁচ বছর আগেও যে খাত প্রতিযোগিতায় টিকে থাকার লড়াই করছিল, এখন তা স্পষ্টতই অনেক বেশি সস্তা হয়ে উঠেছে। যুদ্ধের কারণে জ্বালানি উৎপাদনকারী দেশগুলোর সম্পর্কেও পরিবর্তন এসেছে। সংযুক্ত আরব আমিরাত ওপেক প্লাস জোট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে সৌদি আরব ও রাশিয়ার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। একই সময়ে ব্রাজিল, ভেনিজুয়েলা, কলম্বিয়া, আর্জেন্টিনা ও গায়ানা তেল উৎপাদন বাড়ানোর চেষ্টা করছে। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতির সবচেয়ে বড় সুবিধাভোগী হতে যাচ্ছে চীন। উইন্ড টারবাইন, সোলার প্যানেল, ব্যাটারি, ট্রান্সফরমার ও অন্যান্য আধুনিক জ্বালানি প্রযুক্তি উৎপাদনে চীন ইতোমধ্যে অনেক এগিয়ে রয়েছে। উড ম্যাকেঞ্জির বিশ্লেষকদের ভাষায়, চীন এই পরিস্থিতিতে একচেটিয়া বিজয়ী হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। যুদ্ধের আরেকটি বড় প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাণিজ্যে। পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে আগের মতো নিরাপদ ও অবাধে জাহাজ চলাচল হবে কি না, তা নিয়ে এখন গভীর উদ্বেগ রয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক প্রধান অর্থনীতিবিদ মরিস অবস্টফেল্ড বলেন, আমার মনে হয় না যে এই প্রণালিটি আর কখনোই আমাদের চিরচেনা অবাধ ও নিশ্চিত যাতায়াতের অবস্থায় ফিরে যাবে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। যুদ্ধের সময় ইরানের হামলায় কাতারের গ্যাসক্ষেত্র, সৌদি আরবের একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স এবং সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বিনিয়োগকারী ও পর্যটকদের আস্থাও নড়বড়ে হয়েছে। বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ইন্দরমিত গিল বলেন, বছরের শুরুতে বৈশ্বিক অর্থনীতির অবস্থা আশাব্যঞ্জক ছিল। কিন্তু যুদ্ধ পরিস্থিতি বদলে দিয়েছে। বিশ্বব্যাংক ইতোমধ্যে চলতি বছরের বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস ২.৫ শতাংশে নামিয়ে এনেছে, যা ২০২৫ সালে ছিল ২.৯ শতাংশ। এদিকে মূল্যস্ফীতিও আবার বাড়তে শুরু করেছে। ফলে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমানোর বদলে বাড়ানোর চিন্তা করছে। এতে ঋণনির্ভর অর্থনীতিগুলোর ওপর চাপ আরও বাড়বে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এশিয়ার অর্থনীতিগুলো। যুদ্ধের নেতিবাচক প্রভাব সামাল দিতে অনেক দেশ ইতোমধ্যে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছে জরুরি ঋণ চেয়েছে। ইন্দরমিত গিলের সতর্কবার্তা, বিশ্ব অর্থনীতি শেষ পর্যন্ত আরও বেশি ভঙ্গুর ও অস্থির হয়ে উঠবে। তার মতে, এই অস্থিরতা দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বড় বাধা হয়ে দাঁড়াবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন সিরিয়ালে ফিরছেন হানিয়া আমির, কার সঙ্গে জুটি বাঁধছেন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৩:৪৯ পি.এম


নতুন সিরিয়ালে ফিরছেন হানিয়া আমির, কার সঙ্গে জুটি বাঁধছেন

পাকিস্তানি নাটকের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির আবারও নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন। তার অভিনয় দক্ষতা এবং প্রাণবন্ত হাসির কারণে উপমহাদেশজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তার নতুন নাটক সম্পর্কে খবর প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে দেখা দিয়েছে নতুন উচ্ছ্বাস।

চলতি বছরের শুরুতে আসা তার আলোচিত ধারাবাহিক ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ শেষ হওয়ার পর থেকেই পর্দায় হানিয়া আমিরের নতুন প্রত্যাবর্তনের জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন। অবশেষে জানা গেছে, নতুন মেগা প্রজেক্ট ‘ফানা’তে প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন হানিয়া। নাটকটি পরিচালনা করছেন বাদার মেহমুদ, যিনি এর আগে হানিয়ার সাথে কাজ করে প্রশংসা অর্জন করেছিলেন।

শোনা যাচ্ছে, নাটকের প্রধান পুরুষ চরিত্রের জন্য প্রথমে প্রস্তাব দেয়া হয়েছিল হানিয়ার আগের সিরিয়ালের সহ-অভিনেতা বিলাল আব্বাস খানকে। কিন্তু কোনো অজানা কারণে বিলাল এই প্রজেক্টটি ফিরিয়ে দেন।

এখন জানা যাচ্ছে, হানিয়ার বিপরীতে নতুন সিরিয়ালে দেখা যাবে এ সময়ের আলোচিত তরুণ অভিনেতা নামির নেওয়াজ খানকে। এই জুটির খবর ইতোমধ্যে দর্শকদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে। জঞ্জাবিল আসিম শাহের চিত্রনাট্যে নির্মিত এই ধারাবাহিকটি আগামী বছরের শেষের দিকে সম্প্রচারে আসতে পারে। আশা করা হচ্ছে, টিভি জগতে চলতি বছর সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে এই নতুন জুটি।

ছোট পর্দার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও ব্যস্ত সময় পার করছেন হানিয়া আমির। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত প্রথম পাকিস্তানি নেটফ্লিক্স সিরিজ। একই সাথে ভারতীয় র‍্যাপার বাদশাহর নতুন মিউজিক ভিডিওতেও তাকে দেখা যেতে পারে বলে গুঞ্জন রয়েছে। সব মিলিয়ে নতুন নাটক, আন্তর্জাতিক প্রজেক্ট এবং একাধিক আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ডিংয়ের শীর্ষে রয়েছেন পাকিস্তানি এই অভিনেত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হিমাগারের ভাড়া কমানোর দাবিতে আলু ফেলে মহাসড়ক অবরোধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৩:৫১ পি.এম


হিমাগারের ভাড়া কমানোর দাবিতে আলু ফেলে মহাসড়ক অবরোধ

হিমাগার মালিকদের বৈষম্যমূলক ও একতরফা অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মহাসড়কে আলু ফেলে বিক্ষোভ করেছেন আলু চাষি ও ব্যবসায়ীরা। এ সময় তারা ভাড়া বৃদ্ধির সিন্ডিকেট ভেঙে পুনর্বিন্যাসের দাবিটি জানিয়েছেন।

বুধবার (১৭ জুন) দুপুরে রংপুরের মডার্ন মোড়ে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। আন্দোলনকারীদের সড়ক অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী আলু চাষিদের দাবি হল, চলতি বছর সিন্ডিকেট করে হিমাগারগুলোতে আলু সংরক্ষণের ভাড়া অস্বাভাবিকভাবে বৃদ্ধি করা হয়েছে। গত বছরের তুলনায় বস্তা প্রতি ভাড়া বাড়ানো হয়েছে ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত। ফলে বর্তমানে প্রতি বস্তা আলুর জন্য হিমাগার ভাড়া দিতে হচ্ছে ৪০০ থেকে ৪২০ টাকা পর্যন্ত, যা সাধারণ ব্যবসায়ী ও চাষিদের জন্য অত্যন্ত অমানবিক। এই পরিস্থিতি থেকে উত্তরণে হিমাগার মালিকদের সিন্ডিকেট ভেঙে বস্তা প্রতি ভাড়া ২৮০ টাকা থেকে ৩০০ টাকা নির্ধারণের জোর দাবি জানিয়েছেন তারা।

রংপুর জেলা আলু চাষি ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বনিক বলেন, ‘চলতি বছর আলুর সঠিক দাম না পাওয়ায় ব্যাপক লোকসানের মুখে পড়েছেন চাষিরা। এর ওপর হিমাগারের ভাড়া অস্বাভাবিকভাবে বৃদ্ধি করা আমাদের জন্য অশনিসংকেত।’

এ সম্পর্কে তিনি আরও বলেন, ‘চলতি বছর আলু উৎপাদনে কেজি প্রতি প্রায় ২০ টাকা খরচ হলেও কৃষকদের তা বিক্রি করতে হচ্ছে মাত্র ৮ থেকে ১০ টাকায়। উপরন্তু হিমাগারে আলু সংরক্ষণের ভাড়াও যদি এভাবে বাড়ানো হয়, তাহলে সাধারণ কৃষকরা আর আলু সংরক্ষণ করতে পারবেন না। এর প্রভাব তাদের ওপর পড়বে এবং তারা আরও বড় ধরনের লোকসানের মধ্যে পড়বেন। তাই আমরা চাই, ভাড়া বৃদ্ধির এই ঘোষণা থেকে দ্রুত সরে দাঁড়াবেন হিমাগার মালিকরা এবং বস্তা প্রতি ভাড়া ২৮০ টাকা থেকে সর্বোচ্চ ৩০০ টাকার মধ্যে রাখবেন।’

রংপুর বিভাগীয় আলু চাষি ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি তৈয়বুর রহমান বলেন, ‘দেশের অন্য সব এলাকার তুলনায় রংপুরে আলু সংরক্ষণের ভাড়া বেশি চাওয়া হয়। কৃষকরা দিনের পর দিন আন্দোলন করলেও প্রশাসন কিংবা হিমাগার মালিকরা কখনোই তা আমলে নেন না। যার ফলে প্রতি বছর বড় বড় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে আলু থেকে অধিক মুনাফা অর্জন করলেও প্রকৃত কৃষকদের উৎপাদন খরচ তুলনায় দুর্বিষহ হয়ে পড়ে।’

তৈয়বুর রহমান আরও বলেন, ‘চলতি মৌসুমে আলুর সংরক্ষণ ব্যয় বস্তা প্রতি ছয় টাকার বেশি হলে কৃষকরা খুব বড় ধরনের ক্ষতির মধ্যে পড়বেন, তেমনি সিন্ডিকেটের কারণে পরবর্তীতে বাজারে আলুর দাম বাড়বে; কিন্তু কৃষক কিছুই পাবেন না।’

এ সময় কৃষক প্রতিনিধি, ব্যবসায়ী ও হিমাগার মালিকসহ সংশ্লিষ্ট দফতরের সমন্বয়ে আলোচনার মাধ্যমে পুনরায় হিমাগার ভাড়া সর্বোচ্চ পাঁচ থেকে ছয় টাকা নির্ধারণের দাবি জানান আন্দোলনকারীরা। তাঁরা বলেন, দাবি অবিলম্বে মানা না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গণমাধ্যম কমিশন গঠনে সহায়তায় আগ্রহী ইইউ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৩:৫১ পি.এম


গণমাধ্যম কমিশন গঠনে সহায়তায় আগ্রহী ইইউ

বুধবার, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এই সাক্ষাৎটি মন্ত্রণালয়ের তথ্যমন্ত্রীর দফতরে অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে, তারা গণমাধ্যমের স্বাধীনতা ও বাকস্বাধীনতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। ইউ রাষ্ট্রদূত সরকারের স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন নিয়ে উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, এই বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে সহায়তার আগ্রহ রয়েছে। তিনি উল্লেখ করেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়নের অভিজ্ঞতা বাংলাদেশ কাজে লাগাতে পারে।

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর। তবে, সরকার একই সঙ্গে জনগণকে ভুল তথ্য ও অপতথ্য থেকে সুরক্ষা দিতে চায়। এ কারণে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে কাজ করা হচ্ছে।

তিনি এও জানান, সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে একটি ড্রাফট কমিটি গঠন করার পরিকল্পনা রয়েছে। এই কমিটি সরকারকে একটি ন্যাশনাল অ্যাকশন প্ল্যান উপস্থাপন করবে। এর ভিত্তিতে গণমাধ্যম কমিশন গঠন করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছক্কার ঝুঁকিতে ব্যাটিং, অল্প রানেই গুটিয়ে গেল বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৩:৫২ পি.এম


ছক্কার ঝুঁকিতে ব্যাটিং, অল্প রানেই গুটিয়ে গেল বাংলাদেশ

সাইফ হাসান এবং তানজিদ হাসান তামিমের ব্যাটিংয়ে বাংলাদেশের শুরুটা বেশ ভালো ছিল। তবে এরপর একের পর এক ব্যাটাররা মাঠে নামলেন এবং ছক্কা মারার চেষ্টা করতে গিয়ে উইকেট উপহার দিয়ে চলে গেলেন। শেষ মুহূর্তে শেখ মেহেদী কিছু রান না করলে, বাংলাদেশও বড়সড় লজ্জার মুখে পড়তে হতো। এর ফলে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার সামনে বড় লক্ষ্য রাখতে পারেনি বাংলাদেশ।

বুধবার (১৭ জুন) চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাট করতে নামা বাংলাদেশ ১৯ ওভারে মাত্র ১৩১ রানে গুটিয়ে যায়। এর আগে নিয়মিত অধিনায়ক লিটন দাসের পরিবর্তে নেতৃত্ব দিচ্ছেন তাওহীদ হৃদয়, যিনি টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন।

ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে পেশিতে চোট পেয়ে লিটন দাস দলের বাইরে চলে গেছেন, তাই ভারপ্রাপ্ত অধিনায়ক হয়েছেন তাওহীদ হৃদয়। ওয়ানডে সিরিজে সেরা হওয়া এই ব্যাটারের জন্য উপলক্ষটি স্মরণীয় হচ্ছে না। ব্যাট হাতে তিনি নিজে ব্যর্থ হন, আর দলও ব্যর্থ হয়েছে।

অথচ প্রথম ওভার থেকেই সাইফ ও তানজিদদের ব্যাটে একটি ভালো শুরু হয়েছিল বাংলাদেশ দলের। ১৭ বল স্থায়ী জুটিতে তারা ২৬ রান যোগ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%