ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

বয়স্ককে মারধরের ভিডিও ভাইরাল, নেপথ্যে শ্লীলতাহানির অভিযোগ


বয়স্ককে মারধরের ভিডিও ভাইরাল, নেপথ্যে শ্লীলতাহানির অভিযোগ

রাজধানীর ধানমন্ডিতে একটি বয়স্ক ব্যক্তির রাস্তায় মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নিয়ে ‘মব’ হিসেবে উল্লেখ করে বিভিন্ন আলোচনা ও দাবি উঠেছে। তবে পুলিশ জানায়, ওই ব্যক্তির বিরুদ্ধে একটি তরুণীর শ্লীলতাহানির অভিযোগ রয়েছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের কারাদণ্ড দিয়েছে। অন্যদিকে, প্রকাশ্যে মারধরের ঘটনায় জড়িত এক যুবককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর দুপুরে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকার সাতমসজিদ সড়কে বাংলাদেশ আই হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউটের আশপাশে এই ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক বয়স্ক ব্যক্তি কান ধরে দাঁড়িয়ে আছেন। এ সময় সাদা শার্ট পরা এক যুবক তাকে মারধর করছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়।

আরও পড়ুন: ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনে বিশেষ অধ্যাদেশের খসড়া অনুমোদন

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব গণমাধ্যমে জানান, ওই ব্যক্তির নাম শহীদ আব্দুল্লাহ আল মাসুদ। ২৮ বছর বয়সী এক তরুণীর স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি অভিযোগের বিষয়টি স্বীকারও করেছেন।

ওসি জানান, ঘটনার পর পথচারীরা ওই ব্যক্তিকে আটকে মারধর করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ভুক্তভোগী তরুণীকে মামলা করার পরামর্শ দেওয়া হলেও তিনি রাজি হননি।

পরে অভিযুক্ত ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হয়। আদালত তাকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন বলে জানান ওসি।

এদিকে, ভিডিওতে দেখা যাওয়া সাদা শার্ট পরা যুবককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ওসি বলেন, ‘অভিযোগের কারণে কাউকে মারধর করার অধিকার কারও নেই।’ তার ভাষ্য, ওই যুবক আইন নিজের হাতে তুলে নিয়েছেন।

আরও পড়ুন: পদত্যাগের নির্দেশের খবর গুজব, দাবি ইশরাক হোসেনের

পুলিশের বক্তব্য অনুযায়ী, একদিকে তরুণীর শ্লীলতাহানির অভিযোগে বয়স্ক ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়েছে, অন্যদিকে তাকে মারধরের ঘটনায় জড়িত যুবককে খুঁজছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৬ পি.এম


বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন

বরিশাল নগরীর ১১ নম্বর ওয়ার্ডের ভাটারখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। ২০২৬-২৯ সালের জন্য গঠিত এ কমিটিতে দাতা সদস্য মো. ফয়সালকে সভাপতি এবং সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি মোঃ মামুন-অর-রশিদকে শিক্ষানুরাগী সদস্য করা হয়েছে। এছাড়া মো. নাসির উদ্দিন খলিফা সহ-সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিজা খন্দকার কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটির তালিকা অনুযায়ী এতে অভিভাবক প্রতিনিধি, শিক্ষার্থী প্রতিনিধি, উচ্চমাধ্যমিক শিক্ষক প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণির সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটিতে আফরোজা আক্তার, মো. জুয়েল ফকির, মো. সজীব হাওলাদার, আরজু আক্তার, মোসা. লাখি, সীমা রানী ঘোষ ও মাধুরী রানী বিশ্বাস সদস্য হিসেবে রয়েছেন।
এদিকে নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে স্কুল লাইব্রেরীতে এই অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। ১১নং ওয়ার্ড বিএনপির আহবায়ক হুমায়ুন কবীর, স্থানীয় ব্যক্তিত্ব আনোয়ার হোসেন, আঃ মতিন, মোঃ অভি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ নবগঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানান। তারা আশা প্রকাশ করেন, বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনা, শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং অবকাঠামোগত উন্নয়নে কমিটি যথাযথ ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভিবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৭ পি.এম


অভিবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম

যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশি কর্মীদের জন্য একটি নতুন উদ্বেগের খবর প্রকাশিত হয়েছে। দেশটিতে যারা বিভিন্ন পেশায় নিযুক্ত রয়েছেন, তাদের কাজের অনুমতি বা ওয়ার্ক পারমিটের নবায়নের পুরনো এবং সহজ নিয়মটি পরিবর্তন করা হয়েছে। পূর্বে, কাজের মেয়াদ শেষ হয়ে গেলেও নবায়নের আবেদন জমা থাকলে অতিরিক্ত ৫৪০ দিন বা প্রায় দেড় বছর কাজ চালিয়ে যাওয়া সম্ভব ছিল। তবে সরকারের নতুন সিদ্ধান্তে এই দীর্ঘ সময়ের ছাড় একবারে বন্ধ করে দেওয়া হয়েছে।

নতুন নিয়ম কার্যকর হওয়ার পর থেকে, আপনার কাজের কাগজের মেয়াদ যে তারিখে শেষ হবে, সেই দিন থেকেই আপনি আর কাজ করতে পারবেন না। আপনার নবায়নের কাগজ ইমিগ্রেশন অফিসে ঝুলে থাকলেও, আইন অনুযায়ী আপনি কর্মস্থলে যেতে পারবেন না। নতুন করে কাগজ নবায়নের আবেদন করতে চাইলে, মেয়াদ শেষ হওয়ার ছয় মাসের আগে সেই ফাইল জমা দেওয়ার সুযোগও নেই।

ইমিগ্রেশন বিভাগের কাজের ধীরগতির বিষয়টি সবার জানা। একটি সাধারণ আবেদন নিষ্পত্তি করতে যেখানে মাসের পর মাস লেগে যায়, সেখানে মাত্র ছয় মাস আগে আবেদন করার সুযোগ মেলায় অনেকেই বিপদের সম্মুখীন হতে পারেন। সরকারের আবেদন বা বাছাই শেষ করতে না পারার কারণে হাজার হাজার মানুষকে এখন সময়ের আগেই চাকরি হারাতে হতে পারে অথবা কোনো অপরাধ না করেও ঘরে বসে থাকতে হতে পারে।

মার্কিন সরকারের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ অবশ্য ভিন্ন কথা বলছে। তাদের দাবি, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং কর্মীদের যোগ্যতা বারবার পরীক্ষা-নিরীক্ষা করার জন্যই এই নিয়ম কঠোর করা হয়েছে। এই নিয়মটি অল্প কিছুদিনের মধ্যেই পুরো যুক্তরাষ্ট্রে কার্যকর হতে যাচ্ছে।

নতুন সিদ্ধান্তের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন যারা রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেছেন এবং যারা এইচ-১বি ভিসায় থাকা কর্মীর জীবনসঙ্গী হয়ে এইচ-৪ ভিসায় কাজ করছিলেন। ক্যালিফোর্নিয়ার একটি আদালত অভিবাসীদের আবেদনের ভিত্তিতে কিছুটা বাধা দিলেও, সরকারের এই সিদ্ধান্ত শেষ পর্যন্ত বহাল থাকছে। ফলে সাধারণ অভিবাসী কর্মীদের ভবিষ্যৎ এখন বেশ অনিশ্চিত হয়ে পড়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীর তীব্র ভাঙনে কুচিয়ামোড়া পানবাজার অস্তিত্ব সংকটে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৭ পি.এম


কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীর তীব্র ভাঙনে কুচিয়ামোড়া পানবাজার অস্তিত্ব সংকটে

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মার তীব্র ভাঙনের কারণে স্থানীয় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। গত দুই মাসে নদীগর্ভে বিলীন হয়েছে প্রায় ৫০০ বিঘা ফসলি জমি। চলমান এই ভাঙন পাঁচ কিলোমিটার এলাকায় বিস্তৃত, যেখানে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছেন পানচাষিরা। আবাদি জমি ও পানের বরজ হারিয়ে শত শত মানুষ নিঃস্ব হয়ে পড়েছেন। এর ফলে এ অঞ্চলের ঐতিহ্যবাহী কুচিয়ামোড়া পানবাজার চরম হুমকির মুখে রয়েছে।

স্থানীয় কৃষকদের তথ্য অনুযায়ী, গত এক বছরে ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ও জুনিয়াদহ ইউনিয়নের মাধবপুর, লিসেনদিয়া, রায়টা ও আরকান্দি এলাকায় প্রায় দুই হাজার বিঘা জমি নদীতে বিলীন হয়েছে। এসব জমির অধিকাংশে পানের চাষ হতো। এলাকাবাসীরা জানান, প্রতিদিন গড়ে ৯ থেকে ১০ বিঘা জমি নদীগর্ভে হারিয়ে যাচ্ছে। নদীর পানি কমার পর ভাঙনের তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ভাঙন ঠেকাতে কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

রায়টা এলাকার পানচাষি নাসিম হোসেন জানান, কয়েক দিনের ব্যবধানে তার চার বিঘা জমি ও ২২০ পিলি পানের বরজ নদীতে বিলীন হয়ে গেছে। আয়ের উৎস হঠাৎ হারিয়ে তার পরিবার এখন চরম সংকটে রয়েছে। বাধ্য হয়ে তার ছোট ভাই বিদেশে কাজের সন্ধানে পাড়ি জমিয়েছেন। একই এলাকার মাধবপুরের কৃষক আব্দুল জলিল জানান, নদীর পাড়ে তার সাত বিঘা আবাদি জমি ছিল, যা ভাঙতে ভাঙতে এখন মাত্র চার কাঠায় এসে দাঁড়িয়েছে।

এই এলাকার পান চাষের ওপর নির্ভর করে গড়ে উঠেছে দেশের অন্যতম পুরোনো কুচিয়ামোড়া পানবাজার। এই বাজারের সঙ্গে হাজারো কৃষক ও ব্যবসায়ীর জীবিকা জড়িত। গত এক বছরে কৃষকদের প্রায় ৩০ হাজার পিলি পানবরজ নদীতে তলিয়ে গেছে। ভাঙন অব্যাহত থাকলে স্থানীয় অর্থনীতি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

প্রশাসনের পক্ষ থেকে কিছু পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা সুলতানা জানান, ক্ষতিগ্রস্ত দুই ইউনিয়নের ৩২০ জন পানচাষির তালিকা তৈরি করে জেলায় পাঠানো হয়েছে। ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিরুল আরাফাত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে কৃষকদের সহায়তার আশ্বাস দিয়েছেন এবং পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত ব্যবস্থা নিতে বলেছেন।

তবে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আসফাউদদৌলা জানান, পাঁচ কিলোমিটার ভাঙন এলাকার মধ্যে তিন কিলোমিটার অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। জরুরি ভিত্তিতে ভাঙন রোধ করা এখন সম্ভব নয়। স্থায়ী সমাধানের জন্য একটি প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে, যা অনুমোদন হলে কাজ শুরু হবে। স্থানীয় কৃষকরা বলছেন, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে অচিরেই এই এলাকার বাকি আবাদি জমিও পদ্মার বুকে হারিয়ে যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে নামানো ১৭ বাংলাদেশি প্রথম দিনেই প্রাণ হারান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৮ পি.এম


চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে নামানো ১৭ বাংলাদেশি প্রথম দিনেই প্রাণ হারান

নির্মাণ খাতে চাকরির প্রলোভন দেখিয়ে রাশিয়ায় নিয়ে যাওয়ার পর ৩০ বাংলাদেশিকে দেশটির সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। মাত্র ২১ দিনের সামরিক প্রশিক্ষণের পর তাদেরকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নামিয়ে দেওয়া হয়। সেখানে ড্রোন হামলায় অন্তত ২০ বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে, যার মধ্যে ১৭ জন যুদ্ধে যোগদানের প্রথম দিনেই প্রাণ হারান।

বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন এসআরবি-১০ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহা. আসাদুজ্জামান।

এ ঘটনায় মানব পাচার চক্রের অন্যতম হোতা জাবালে নূর ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা মিজানুর রহমান (৫৫) ও আবু তাহের ওরফে লেন্টুকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় এসআরবি।

সংস্থার তথ্য অনুযায়ী, চলতি বছরের ৭ মে জাবালে নূর, আরএস ইন্টারন্যাশনাল ও টিএস গ্রুপ নামের তিন প্রতিষ্ঠানের মাধ্যমে ওই ৩০ জন বাংলাদেশি রাশিয়ায় পৌঁছান। নির্মাণ প্রতিষ্ঠানে কাজের প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছ থেকে গড়ে প্রায় ১০ লাখ টাকা নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর প্রতিশ্রুত চাকরি না দিয়ে তাদের রাশিয়ার সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়। ২১ দিনের প্রশিক্ষণ শেষে তাদেরকে যুদ্ধক্ষেত্রে নামানো হয়।

মোহা. আসাদুজ্জামান বলেন, যাদের বাংলাদেশ থেকে আনা হয়েছে, তারা আসলে যুদ্ধের জন্য যোগ্য নয়। তাদের শারীরিক, প্রশিক্ষণ বা কৌশল— কোনো ধরনের প্রস্তুতি ছিল না। তাহলে মাত্র ২১ দিনের প্রশিক্ষণে তাদের কেন পাঠানো হলো? আমাদের ধারণা, প্রতিপক্ষের অবস্থান শনাক্তকরণের জন্য, এক ধরনের শিকার হিসেবে তাদের যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছিল। যখন প্রতিপক্ষ তাদের ওপর ড্রোন হামলা করে, তখন ওই দেশটি শত্রুপক্ষের অবস্থান শনাক্ত করে।

এসআরবি-১০ এর অধিনায়ক জানান, যুদ্ধক্ষেত্রে তিনটি ভাগে (প্রথম ভাগ, মধ্যভাগ ও শেষভাগ) তাদের মোতায়েন করা হয়েছিল। প্রথম দিনেই ড্রোন হামলায় ১৭ জন নিহত হন। পরে বিভিন্ন সময়ে আরও তিনজনের মৃত্যুর খবর পাওয়া যায়। সব মিলিয়ে ৩০ জনের মধ্যে ২০ জনের মৃত্যুর বিষয়ে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান বলেন, জীবিতদের মধ্যে দুইজন আহত অবস্থায় বাংলাদেশে ফিরেছেন। তাদের একজন রাজন। তার ভাষ্য অনুযায়ী, যুদ্ধক্ষেত্রে ড্রোনের আঘাতে তার কোমর ভেঙে যায় এবং শরীরের নিচের অংশ অবশ হয়ে পড়ে। বুকের ওপর ভর দিয়ে প্রায় চার কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি ক্যাম্পে পৌঁছান। বাকি আটজনের মধ্যে দুইজন মস্কোর হাসপাতালে চিকিৎসাধীন। অন্য ছয়জন এখনো যুদ্ধক্ষেত্রে রয়েছেন।

তিনি বলেন, এই মানব পাচারের সঙ্গে বাংলাদেশি চক্রের পাশাপাশি রাশিয়ার ইগর নামের এক ব্যক্তি ও কিরগিজস্তানের জুলিয়া নামের এক নারী যুক্ত ছিলেন। তাদের বিষয়ে তথ্য সংগ্রহ ও অভিযান চলছে। চক্রের আরেক সদস্য মোস্তাফিজুরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এসআরবির এই কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, রাশিয়ার যুদ্ধে বিভিন্ন দেশের লোকজন একইভাবে যুক্ত হয়েছেন। বাংলাদেশ থেকে, বিশেষ করে গোপালগঞ্জ, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, জামালপুর, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী ও গাজীপুর থেকেও লোকজন গেছেন।

তিনি আরও বলেন, ভুক্তভোগীদের অধিকাংশই দরিদ্র পরিবারের সন্তান। কেউ কেউ ঋণ করে বিদেশে গিয়েছিলেন। এখন তাদের পরিবারের অনেকেই স্বজনের মৃত্যুর খবর পেলেও মরদেহ দেখার বা দেশে ফিরিয়ে আনার সুযোগ পাচ্ছেন না।

বিদেশে চাকরির প্রলোভনে অর্থ লেনদেন ও যাত্রার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বৈধতা যাচাইয়ের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান এসআরবির এই কর্মকর্তা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%