ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীর তীব্র ভাঙনে কুচিয়ামোড়া পানবাজার অস্তিত্ব সংকটে


কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীর তীব্র ভাঙনে কুচিয়ামোড়া পানবাজার অস্তিত্ব সংকটে

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মার তীব্র ভাঙনের কারণে স্থানীয় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। গত দুই মাসে নদীগর্ভে বিলীন হয়েছে প্রায় ৫০০ বিঘা ফসলি জমি। চলমান এই ভাঙন পাঁচ কিলোমিটার এলাকায় বিস্তৃত, যেখানে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছেন পানচাষিরা। আবাদি জমি ও পানের বরজ হারিয়ে শত শত মানুষ নিঃস্ব হয়ে পড়েছেন। এর ফলে এ অঞ্চলের ঐতিহ্যবাহী কুচিয়ামোড়া পানবাজার চরম হুমকির মুখে রয়েছে।

স্থানীয় কৃষকদের তথ্য অনুযায়ী, গত এক বছরে ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ও জুনিয়াদহ ইউনিয়নের মাধবপুর, লিসেনদিয়া, রায়টা ও আরকান্দি এলাকায় প্রায় দুই হাজার বিঘা জমি নদীতে বিলীন হয়েছে। এসব জমির অধিকাংশে পানের চাষ হতো। এলাকাবাসীরা জানান, প্রতিদিন গড়ে ৯ থেকে ১০ বিঘা জমি নদীগর্ভে হারিয়ে যাচ্ছে। নদীর পানি কমার পর ভাঙনের তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ভাঙন ঠেকাতে কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

রায়টা এলাকার পানচাষি নাসিম হোসেন জানান, কয়েক দিনের ব্যবধানে তার চার বিঘা জমি ও ২২০ পিলি পানের বরজ নদীতে বিলীন হয়ে গেছে। আয়ের উৎস হঠাৎ হারিয়ে তার পরিবার এখন চরম সংকটে রয়েছে। বাধ্য হয়ে তার ছোট ভাই বিদেশে কাজের সন্ধানে পাড়ি জমিয়েছেন। একই এলাকার মাধবপুরের কৃষক আব্দুল জলিল জানান, নদীর পাড়ে তার সাত বিঘা আবাদি জমি ছিল, যা ভাঙতে ভাঙতে এখন মাত্র চার কাঠায় এসে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: কাউখালীতে পূর্ব শত্রুতার জেরে বিএনপি নেতার উপর হামলা/গ্রেপ্তার ১

এই এলাকার পান চাষের ওপর নির্ভর করে গড়ে উঠেছে দেশের অন্যতম পুরোনো কুচিয়ামোড়া পানবাজার। এই বাজারের সঙ্গে হাজারো কৃষক ও ব্যবসায়ীর জীবিকা জড়িত। গত এক বছরে কৃষকদের প্রায় ৩০ হাজার পিলি পানবরজ নদীতে তলিয়ে গেছে। ভাঙন অব্যাহত থাকলে স্থানীয় অর্থনীতি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

প্রশাসনের পক্ষ থেকে কিছু পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা সুলতানা জানান, ক্ষতিগ্রস্ত দুই ইউনিয়নের ৩২০ জন পানচাষির তালিকা তৈরি করে জেলায় পাঠানো হয়েছে। ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিরুল আরাফাত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে কৃষকদের সহায়তার আশ্বাস দিয়েছেন এবং পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত ব্যবস্থা নিতে বলেছেন।

তবে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আসফাউদদৌলা জানান, পাঁচ কিলোমিটার ভাঙন এলাকার মধ্যে তিন কিলোমিটার অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। জরুরি ভিত্তিতে ভাঙন রোধ করা এখন সম্ভব নয়। স্থায়ী সমাধানের জন্য একটি প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে, যা অনুমোদন হলে কাজ শুরু হবে। স্থানীয় কৃষকরা বলছেন, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে অচিরেই এই এলাকার বাকি আবাদি জমিও পদ্মার বুকে হারিয়ে যাবে।

আরও পড়ুন: বগুড়ায় ট্রেনে কাটা পড়া নারীর মরদেহের ওপর দিয়ে গেল আরেক ট্রেন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে নামানো ১৭ বাংলাদেশি প্রথম দিনেই প্রাণ হারান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৮ পি.এম


চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে নামানো ১৭ বাংলাদেশি প্রথম দিনেই প্রাণ হারান

নির্মাণ খাতে চাকরির প্রলোভন দেখিয়ে রাশিয়ায় নিয়ে যাওয়ার পর ৩০ বাংলাদেশিকে দেশটির সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। মাত্র ২১ দিনের সামরিক প্রশিক্ষণের পর তাদেরকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নামিয়ে দেওয়া হয়। সেখানে ড্রোন হামলায় অন্তত ২০ বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে, যার মধ্যে ১৭ জন যুদ্ধে যোগদানের প্রথম দিনেই প্রাণ হারান।

বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন এসআরবি-১০ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহা. আসাদুজ্জামান।

এ ঘটনায় মানব পাচার চক্রের অন্যতম হোতা জাবালে নূর ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা মিজানুর রহমান (৫৫) ও আবু তাহের ওরফে লেন্টুকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় এসআরবি।

সংস্থার তথ্য অনুযায়ী, চলতি বছরের ৭ মে জাবালে নূর, আরএস ইন্টারন্যাশনাল ও টিএস গ্রুপ নামের তিন প্রতিষ্ঠানের মাধ্যমে ওই ৩০ জন বাংলাদেশি রাশিয়ায় পৌঁছান। নির্মাণ প্রতিষ্ঠানে কাজের প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছ থেকে গড়ে প্রায় ১০ লাখ টাকা নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর প্রতিশ্রুত চাকরি না দিয়ে তাদের রাশিয়ার সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়। ২১ দিনের প্রশিক্ষণ শেষে তাদেরকে যুদ্ধক্ষেত্রে নামানো হয়।

মোহা. আসাদুজ্জামান বলেন, যাদের বাংলাদেশ থেকে আনা হয়েছে, তারা আসলে যুদ্ধের জন্য যোগ্য নয়। তাদের শারীরিক, প্রশিক্ষণ বা কৌশল— কোনো ধরনের প্রস্তুতি ছিল না। তাহলে মাত্র ২১ দিনের প্রশিক্ষণে তাদের কেন পাঠানো হলো? আমাদের ধারণা, প্রতিপক্ষের অবস্থান শনাক্তকরণের জন্য, এক ধরনের শিকার হিসেবে তাদের যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছিল। যখন প্রতিপক্ষ তাদের ওপর ড্রোন হামলা করে, তখন ওই দেশটি শত্রুপক্ষের অবস্থান শনাক্ত করে।

এসআরবি-১০ এর অধিনায়ক জানান, যুদ্ধক্ষেত্রে তিনটি ভাগে (প্রথম ভাগ, মধ্যভাগ ও শেষভাগ) তাদের মোতায়েন করা হয়েছিল। প্রথম দিনেই ড্রোন হামলায় ১৭ জন নিহত হন। পরে বিভিন্ন সময়ে আরও তিনজনের মৃত্যুর খবর পাওয়া যায়। সব মিলিয়ে ৩০ জনের মধ্যে ২০ জনের মৃত্যুর বিষয়ে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান বলেন, জীবিতদের মধ্যে দুইজন আহত অবস্থায় বাংলাদেশে ফিরেছেন। তাদের একজন রাজন। তার ভাষ্য অনুযায়ী, যুদ্ধক্ষেত্রে ড্রোনের আঘাতে তার কোমর ভেঙে যায় এবং শরীরের নিচের অংশ অবশ হয়ে পড়ে। বুকের ওপর ভর দিয়ে প্রায় চার কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি ক্যাম্পে পৌঁছান। বাকি আটজনের মধ্যে দুইজন মস্কোর হাসপাতালে চিকিৎসাধীন। অন্য ছয়জন এখনো যুদ্ধক্ষেত্রে রয়েছেন।

তিনি বলেন, এই মানব পাচারের সঙ্গে বাংলাদেশি চক্রের পাশাপাশি রাশিয়ার ইগর নামের এক ব্যক্তি ও কিরগিজস্তানের জুলিয়া নামের এক নারী যুক্ত ছিলেন। তাদের বিষয়ে তথ্য সংগ্রহ ও অভিযান চলছে। চক্রের আরেক সদস্য মোস্তাফিজুরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এসআরবির এই কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, রাশিয়ার যুদ্ধে বিভিন্ন দেশের লোকজন একইভাবে যুক্ত হয়েছেন। বাংলাদেশ থেকে, বিশেষ করে গোপালগঞ্জ, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, জামালপুর, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী ও গাজীপুর থেকেও লোকজন গেছেন।

তিনি আরও বলেন, ভুক্তভোগীদের অধিকাংশই দরিদ্র পরিবারের সন্তান। কেউ কেউ ঋণ করে বিদেশে গিয়েছিলেন। এখন তাদের পরিবারের অনেকেই স্বজনের মৃত্যুর খবর পেলেও মরদেহ দেখার বা দেশে ফিরিয়ে আনার সুযোগ পাচ্ছেন না।

বিদেশে চাকরির প্রলোভনে অর্থ লেনদেন ও যাত্রার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বৈধতা যাচাইয়ের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান এসআরবির এই কর্মকর্তা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুই পেসারের ফিটনেস আপডেটের অপেক্ষায় দল ঘোষণা পেছাল ভারত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৮ পি.এম


দুই পেসারের ফিটনেস আপডেটের অপেক্ষায় দল ঘোষণা পেছাল ভারত

নভেম্বরে প্রথম সপ্তাহে নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ খেলতে যাচ্ছে ভারত। তবে টেস্ট ও ওয়ানডে উভয় ফরম্যাটের জন্য ভারতীয় দল এখনও ঘোষণা করা হয়নি। ভারতীয় টিম ম্যানেজমেন্ট তিন তারকা ক্রিকেটারের সম্পূর্ণ ফিট হওয়ার অপেক্ষায় রয়েছে। ফিটনেস আপডেট না পাওয়া পর্যন্ত নির্বাচকরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগ্রহী নন।

সূত্রে জানা যায়, প্রসিধ কৃষ্ণ, হর্ষিত রানা ও ঋষভ পন্থের ফিটনেস আপডেট না আসা পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছেন নির্বাচকরা। তিনজনই বর্তমানে বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্সে (সিওই) ফিটনেস পুনরুদ্ধারের কাজ করছেন।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন প্রসিধ কৃষ্ণ। ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে ওই ম্যাচের পর তিনি সিওএ-তে গিয়েছেন। সেখানে তাঁকে ফিট হওয়ার জন্য তিন সপ্তাহের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

ইরানি কাপের ম্যাচে সাইড স্ট্রেনের সমস্যায় ভুগছেন ঋষভ পন্থ। বিসিসিআই ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, নিউজিল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে ভারতীয় ‘এ’ দলের প্রথম দু’টি চারদিনের প্রস্তুতি ম্যাচে তিনি অংশ নিতে পারবেন না।

পন্থের চোট গুরুতর না হলেও সিওই তাঁকে নিয়ে সতর্ক থাকতে চাইছে। ১৯ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজে ভারতের ব্যাটিংয়ের অন্যতম ভরসা পন্থ। তাই তাঁকে সম্পূর্ণ ফিট অবস্থায় পেতে চায় দল। টেস্ট ও ওয়ানডে— দুই ফরম্যাটেই ভারতের পেস আক্রমণের গুরুত্বপূর্ণ সদস্য প্রসিধ।

বিসিসিআই জানায়, ‘পন্থ ও প্রসিধ — দু’জনের চোট প্রাথমিকভাবে গুরুতর বলে মনে হচ্ছে না। তবে সিওই কোনো ঝুঁকি নিতে চাইছে না। তাই দুজনকেই তিন সপ্তাহের সময়সীমা দেওয়া হয়েছে।’

হর্ষিত রানাকে নিয়েও আশাবাদী ভারতীয় টিম ম্যানেজমেন্ট। দুই ফরম্যাটেই তাকে দলে অন্তর্ভুক্ত করতে চান নির্বাচকরা এবং টিম ম্যানেজমেন্টের সদস্যরা। আট নম্বরে ব্যাট করতে সক্ষম এমন পেস বোলিং অলরাউন্ডার হিসেবে হর্ষিতকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাইবান্ধার জামায়াত নেতার পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৯ পি.এম


গাইবান্ধার জামায়াত নেতার পদত্যাগ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারির পদ থেকে পদত্যাগ করেছেন মো. রাশেদুল ইসলাম বাবু। তিনি সাংগঠনিক দায়িত্ব পালন করতে অপারগতা প্রকাশ করে ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে এ আবেদন করেছেন।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. শহিদুল ইসলাম মঞ্জু।

এর আগে গত ৩ অক্টোবর উপজেলা আমির বরাবর রাশেদুল ইসলাম বাবু পদত্যাগপত্র জমা দেন। আবেদনে তিনি ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কথা উল্লেখ করে শাখা সেক্রেটারির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানান।

পদত্যাগপত্রে রাশেদুল ইসলাম বাবু উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে তার ওপর অর্পিত সাংগঠনিক দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করে আসছেন। তবে বর্তমানে ব্যক্তিগত ও পারিবারিক নানা সমস্যার কারণে সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালন করা তার জন্য কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে তিনি দায়িত্ব থেকে অব্যাহতির জন্য লিখিত আবেদন জমা দেন।

এদিকে, বামনডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রমে যেন কোনো ধরনের স্থবিরতা সৃষ্টি না হয়, সেই লক্ষ্যে চাঁদ মিয়া নামে একজনকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

বামনডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির শফিকুল ইসলাম শামীম বলেন, বিষয়টি জানার পর সাংগঠনিক নিয়ম অনুযায়ী একজনকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে। সংগঠনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. শহিদুল ইসলাম মঞ্জু বলেন, আবেদন পেয়েছি। তবে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিবিএইচ ফাইন্যান্সের নিট মুনাফা ৯ শতাংশ বৃদ্ধি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৯ পি.এম


ডিবিএইচ ফাইন্যান্সের নিট মুনাফা ৯ শতাংশ বৃদ্ধি

দেশের অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সমাপ্ত নয় মাসের আর্থিক ফলাফল প্রকাশ করেছে। এই সময়ে প্রতিষ্ঠানটি ৮০৭.৬৮ মিলিয়ন টাকা কর-পরবর্তী নিট মুনাফা অর্জন করেছে, যা আগের বছরের একই সময়ে অর্জিত ৭৪৩.৮১ মিলিয়ন টাকার তুলনায় ৯ শতাংশ বেশি।

গত বছরের একই সময়ে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩.৬৭ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩.৯৮ টাকায়। ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ৫২.০৩ টাকা হয়েছে, যা ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে ছিল ৪৯.৫৫ টাকা।

হোম লোন স্পেশালিস্ট ডিবিএইচের আর্থিক ফলাফল সম্পর্কে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা নাসিমুল বাতেন মন্তব্য করেছেন, “২০২৬ সালের প্রথম নয় মাসের আর্থিক ফলাফল আমাদের পরিচালনগত দক্ষতা, দায়িত্বশীল আর্থিক ব্যবস্থাপনা, বিচক্ষণ ঝুঁকি নিয়ন্ত্রণ এবং গ্রাহককেন্দ্রিক সেবার প্রতি আমাদের অব্যাহত অঙ্গীকারের প্রতিফলন। বাজারের প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও আমরা টেকসই প্রবৃদ্ধি অর্জনের পাশাপাশি আরও বেশি মানুষের নিজের বাড়ির মালিক হওয়ার স্বপ্ন পূরণে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

গত তিন দশক ধরে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি গৃহঋণ প্রদানের মাধ্যমে বাংলাদেশে বাড়ির মালিকানা অর্জনে মানুষকে সহায়তা করে আসছে। প্রতিষ্ঠানটি প্রচলিত পদ্ধতির পাশাপাশি ইসলামিক ফাইন্যান্স উইং-এর মাধ্যমে আবাসন অর্থায়ন সুবিধা প্রদান করে। এ ছাড়া, প্রতিষ্ঠানটি মেয়াদি আমানত ও মুদারাবা আমানতসহ বিভিন্ন ধরনের আমানত সেবা প্রদান করে।

দেশজুড়ে অবস্থিত ১৯টি শাখার মাধ্যমে ডিবিএইচ গ্রাহকদের সেবা প্রদান করছে। প্রতিষ্ঠানটি টানা ২১ বছর ধরে সর্বোচ্চ ক্রেডিট রেটিং ‘এএএ’ অর্জন করেছে এবং প্রতিষ্ঠালগ্ন থেকে খেলাপি ঋণের হার ১ শতাংশের নিচে রাখতে সক্ষম হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%