ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

নতুন কুঁড়ির জাতীয় পর্যায়ের খেলা শুরু ১৮ জুলাই


নতুন কুঁড়ির জাতীয় পর্যায়ের খেলা শুরু ১৮ জুলাই

দেশব্যাপী উদীয়মান ও প্রতিভাবান খুদে খেলোয়াড় বাছাইয়ের বৃহৎ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর জাতীয় পর্যায়ের চূড়ান্ত আসর আগামী ১৮ জুলাই শুরু হতে যাচ্ছে।

এবং এবার প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী আগামী ২৭ জুলাই আর্মি স্টেডিয়ামে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।

আরও পড়ুন: ঝিনাইদহ প্রেস ইউনিটির সাধারণ সম্পাদক বিএম আনোয়ার হোসেন আর নেই

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন কুঁড়ি স্পোর্টস থেকে উঠে আসা প্রতিভাবান খেলোয়াড়দের ক্যারিয়ার গঠনে সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে। প্রধানমন্ত্রী নিজেই এই খুদে ও তরুণ অ্যাথলেটদের জন্য উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন।

এর অংশ হিসেবে, বাছাইকৃতদের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানসহ (বিকেএসপি) দেশের বিভিন্ন স্বনামধন্য ক্রীড়া প্রতিষ্ঠানে আধুনিক ট্রেনিংয়ের সুযোগ করে দেওয়া হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, জাতীয় পর্যায়ে নির্বাচিত সেরা খেলোয়াড়দের জন্য দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে, যেন এটি তাদের পেশাদার অ্যাথলেট হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। এই কর্মসূচির মাধ্যমে প্রতিভাবানদের বিকেএসপিতে সরাসরি ভর্তির সুযোগও তৈরি করে দেওয়া হবে।

এবারের আসরে মোট আটটি ইভেন্টের খেলা ঢাকার বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এই ভেন্যুগুলো হলো মিরপুর ইনডোর স্টেডিয়াম, মিরপুর সুইমিংপুল, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং আর্মি স্টেডিয়াম।

আরও পড়ুন: কাউখালীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান: কঁচা নদী থেকে ৬ হাজার ২০০ মিটার কারেন্ট জাল জব্দ

যদিও মাঠের লড়াই ১৮ জুলাই থেকে শুরু হবে, তবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হবে ২১ জুলাই। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় পর্যায়ের অনুষ্ঠানের উদ্বোধনে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার সুযোগ পেলেন মেরিন, কাটেনি আইনি জটিলতা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

১০:০৪ পি.এম


প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার সুযোগ পেলেন মেরিন, কাটেনি আইনি জটিলতা

য় ইউনিয়নের (ইইউ) তহবিল আত্মসাতের মামলায় ফ্রান্সের কট্টর ডানপন্থী নেতা মেরিন লে পেনের দণ্ড আদালত বহাল রেখেছে। আপিল আদালতের রায়ের ফলে ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার পথ পুরোপুরি বন্ধ হয়নি তার।

তবে এখন নজরদারির মধ্যে থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হবে এই কট্টর ডানপন্থী নেতাকে।

আদালতের তথ্য অনুযায়ী মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, আত্মসাৎ করা সরকারি অর্থের পরিমাণ ছিল ২৮ লাখ ইউরো (প্রায় ৩২ লাখ মার্কিন ডলার)। এর জন্য তাকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হলেও এর মধ্যে দুই বছরের সাজা স্থগিত রাখা হয়েছে। বাকি এক বছর তাকে ইলেকট্রনিক গোড়ালির ট্র্যাকার (অ্যাঙ্কেল মনিটর) পরে গৃহবন্দি অবস্থায় কাটাতে হবে।

এ ছাড়া আদালত তার নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞার মেয়াদও কার্যত কমিয়ে দিয়েছে। ৪৫ মাসের নিষেধাজ্ঞার মধ্যে ৩০ মাস স্থগিত থাকায় কার্যকর নিষেধাজ্ঞা থাকবে ১৫ মাস। একই সঙ্গে তাকে এক লাখ ইউরো জরিমানাও করা হয়েছে।

এই রায়ের ফলে লে পেন ২০২৭ সালের ফরাসি প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে পারবেন।

কিন্তু নির্বাচনী প্রচারণার সময় ইলেকট্রনিক অ্যাঙ্কেল মনিটর পরতে হলে তা তার চলাফেরা ও প্রচারণায় বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করতে পারে।

এদিকে নির্বাচনের প্রথম দফা ভোট হবে ২০২৭ সালের এপ্রিল মাসে এবং দ্বিতীয় দফা মে মাসে।

এর আগে লে পেন বলেছিলেন, যদি তাকে ইলেকট্রনিক নজরদারির ট্যাগ পরে থাকতে হয়, তাহলে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না।

গত সপ্তাহে ফরাসি সংবাদমাধ্যম এলসিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রেসিডেন্ট পদপ্রার্থী হলে অবাধে চলাফেরা করার স্বাধীনতা থাকতে হয়। কিন্তু ইলেকট্রনিক নজরদারি ব্রেসলেট পরা অবস্থায় তা সম্ভব নয়।

তবে ২০২৭ সালের জানুয়ারিতে তিনি আদালতের কাছে সাজা কমানোর আবেদন করতে পারবেন বলে জানা গেছে।

এদিকে সিরিয়া সফররত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখো এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘গণতন্ত্রের জন্য সবচেয়ে স্বাস্থ্যকর বিষয় হলো—রাষ্ট্রপতি আদালতের রায়ের ওপর কোনো মন্তব্য না করা।’

প্রসঙ্গত, মঙ্গলবার একই মামলায় ইউরোপীয় পার্লামেন্টের আরো চারজন ন্যাশনাল র‍্যালি (আরএন) রাজনীতিকও সরকারি অর্থ আত্মসাতের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। অন্য কয়েকজন আসামিকে আত্মসাতে সহযোগিতা বা আত্মসাৎ করা সম্পদ গ্রহণের অভিযোগেও দোষী সাব্যস্ত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাঙামাটির কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল স্বাভাবিক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

১০:০৪ পি.এম


রাঙামাটির কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল স্বাভাবিক

জেলার কাপ্তাই-চট্টগ্রাম সড়কে ৪ ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

আজ মঙ্গলবার সকালে উপজেলার ৫নং ওয়াগ্গা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চট্টগ্রাম-কাপ্তাই সড়কের বালুচরা এলাকায় টানা অতিবৃষ্টির কারণে একটি বড় গাছ উপড়ে সড়কে পড়ে।

একই সঙ্গে পাহাড়ের মাটি ধসে সড়কের ওপর জমা হওয়ায় সকাল সাড়ে ১০টা থেকে সকল প্রকার যানবাহন ও সাধারণ মানুষের চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

পরে উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে বন বিভাগ এবং স্থানীয় জনগণের সহায়তায় প্রায় ৪ ঘণ্টা পর দুপুর ২টার দিকে হালকা যানবাহন এবং পরবর্তীতে বিকেল ৩টার দিকে সড়কে সব ধরনের যান চলাচল স্বাভাবিক হয়।

বিষয়টি বাসসকে নিশ্চিত করেছেন কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দেলোয়ার হোসেন।

তিনি জানান, পরবর্তীতে বাংলাদেশ স্কাউটস নৌ অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার ও নৌবাহিনী কলেজ কাপ্তাই এর উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলমের নেতৃত্বে কাপ্তাই জেলা নৌ স্কাউটসের ১৫ জন নৌ রোভার দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সড়ক সচল করার কার্যক্রমে অংশগ্রহণ করে।

এসময় কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন উপস্থিত থেকে সার্বিক তদারকি করেন বলে জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্যোগ মোকাবিলায় ফেনী জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

১০:০৫ পি.এম


দুর্যোগ মোকাবিলায় ফেনী জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা

জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মনিরা হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. দিদারুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল আমিন সরকার এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম।

এছাড়া জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা নাসরীন কান্তা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. দেলোয়ার হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আতিক উল্যাহ, পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জিএম মুহাম্মদ নুরুল হোসাইন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মাহবুব আলম, দৈনিক ফেনীর সময়’র সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি সালাহ উদ্দিন মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়েছে, দেশে বৃষ্টির পাশাপাশি সীমান্তবর্তী ভারতের ত্রিপুরা রাজ্যে ভারী বৃষ্টি হলে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। গত কয়েকদিন ধরে বৃষ্টির ফলে নদ নদীর পানি বাড়তে শুরু করেছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম বাসসকে জানান, নদ নদীর পানি এখনও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ত্রিপুরায় বৃষ্টি হলে যেকোনো সময় ফেনীসহ আশপাশের এলাকা প্লাবিত হতে পারে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মাহবুব আলম জানান, বন্যা পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে।

জেলা প্রশাসক মনিরা হক বাসসকে বলেন, ৩-৪ দিন জেলায় বৃষ্টি হওয়ায় আমরা জরুরি ভিত্তিতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করে সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় সরকারি ও স্বেচ্ছাসেবী বিভিন্ন প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় জাদুঘরে জাপানি স্থপতি তাদাও আন্দোর নকশায় তৈরি হচ্ছে আধুনিক শিশু গ্রন্থাগার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

১০:০৬ পি.এম


জাতীয় জাদুঘরে জাপানি স্থপতি তাদাও আন্দোর নকশায় তৈরি হচ্ছে আধুনিক শিশু গ্রন্থাগার

আজ সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী তাঁর সচিবালয়স্থ অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি-এর সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেন।

জাতীয় জাদুঘর প্রাঙ্গণে বিশ্বখ্যাত জাপানি স্থপতি তাদাও আন্দোর অনন্য স্থাপত্যশৈলীতে একটি আধুনিক ও দৃষ্টিনন্দন শিশু গ্রন্থাগার বা বাংলাদেশ চিলড্রেন লাইব্রেরী তৈরি হচ্ছে।

আজ সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। সাক্ষাৎকালে তাঁদের মধ্যে শিশু গ্রন্থাগার বিষয়ে আলোচনা করা হয়।

আলোচনার সময়, দু’দেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, দ্বিপাক্ষিক সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

২০২৩ সালের ২৭ এপ্রিল স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) বিষয়টি স্মরণ করে, মন্ত্রী এই মহতী উদ্যোগের জন্য স্থপতি তাদাও আন্দো এবং জাপান সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

এটি বিশেষ শিশু গ্রন্থাগারটি বাংলাদেশ ও জাপানের গভীর বন্ধুত্বের চিরস্থায়ী এক প্রতীক হিসেবে আমাদের শিশুদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে অভূতপূর্ব ভূমিকা রাখবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন এবং এর দ্রুত বাস্তবায়ন সম্পন্ন করতে দূতাবাসের সহযোগিতা কামনা করেন।

জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, ঐতিহ্যবাহী লোকশিল্প এবং চারুকলার ভূয়সী প্রশংসা করেন।

তিনি বাংলাদেশ আয়োজিত আন্তর্জাতিক এশীয় চারুকলা প্রদর্শনীতে (এশিয়ান আর্ট বিয়েনাল) জাপানের নিয়মিত ও গৌরবোজ্জ্বল অংশগ্রহণের ধারাবাহিকতা বজায় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সেই সাথে, সাংস্কৃতিক সম্পদ ও ঐতিহ্য সংরক্ষণ, জাদুঘরের আধুনিকায়ন, প্রত্নতাত্ত্বিক খনন ও বৈজ্ঞানিক সংরক্ষণ, সাংস্কৃতিক প্রতিনিধি দল ও শিল্পী বিনিময় এবং গ্রন্থাগার ও আর্কাইভস খাতের প্রযুক্তিগত উন্নয়নে জাপানের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান।

সাক্ষাৎকারের শুরুতে সংস্কৃতি মন্ত্রী জাপানের নতুন রাষ্ট্রদূতকে অভ্যর্থনা জানান এবং বাংলাদেশে তাঁর সফল কর্মকাল প্রত্যাশা করেন।

মন্ত্রী বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতার পর থেকেই জাপান হচ্ছে আমাদের এক বিশ্বস্ত, পরীক্ষিত এবং অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী বন্ধু। বিগত পাঁচ দশকেরও বেশি সময় ধরে দু’দেশের এই অমূল্য পারস্পরিক বিশ্বাস ও সৌহার্দ্য দ্বিপাক্ষিক সম্পর্কের এক অনন্য উচ্চতায় পৌঁছেছে।

বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন যাত্রায় জাপানের অবিচল ও দৃঢ় সমর্থনের জন্য তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বৈঠকে দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সাংস্কৃতিক সম্পর্ক জোরদারকরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। বর্তমান সরকারের কার্যপরিধি ও কাঠামোগত পরিবর্তনের প্রেক্ষিতে ২০০৫ সালের সাংস্কৃতিক বিনিময় কর্মসূচিটি যুগোপযোগী ও নবায়ন করার জন্য কূটনৈতিক চ্যানেলে যৌথভাবে কাজ করার প্রস্তাব দেন সংস্কৃতি মন্ত্রী।

এসময়ে, সংস্কৃতি বিষয়ক ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ঢাকাস্থ জাপানি দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%