শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০৯:৪৬ পি.এম
ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টসের (এফএস) নতুন তথ্য অনুসারে, ২০২৬ সালের শুরুতে বিশ্বের নয়টি দেশের কাছে আনুমানিক ১২,১৮৭টি পারমাণবিক অস্ত্র বা ওয়ারহেড মজুত রয়েছে। এই পারমাণবিক শক্তির প্রতিযোগিতায় রাশিয়া এবং যুক্তরাষ্ট্র বিশ্বমঞ্চে শীর্ষ অবস্থানে রয়েছে।
রাশিয়া তালিকার শীর্ষে রয়েছে, যার মোট পারমাণবিক অস্ত্রের সংখ্যা ৫,৪২০টি। এর মধ্যে ১,৭৯৬টি মোতায়েনকৃত কৌশলগত, ২,৬০৪টি রিজার্ভ এবং ১,০২০টি অস্ত্র অবসরের প্রক্রিয়ায় রয়েছে।
যুক্তরাষ্ট্র ৫,০৪২টি পারমাণবিক ওয়ারহেড নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভান্ডারে ১,৬৭০টি মোতায়েনকৃত কৌশলগত, ১,৯৩০টি রিজার্ভ এবং ১,৩৪২টি অবসরপ্রাপ্ত বা অবহেলিত ওয়ারহেড রয়েছে।
এশিয়ার পরাশক্তি চীন ৬২০টি পারমাণবিক ওয়ারহেড নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। ইউরোপের মধ্যে ফ্রান্সের কাছে ৩৭০টি এবং যুক্তরাজ্যের কাছে ২২৫টি ওয়ারহেড রয়েছে। দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের হাতে যথাক্রমে ১৯০টি এবং ১৭০টি পারমাণবিক অস্ত্র রয়েছে।
মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ ইসরায়েল ৯০টি ওয়ারহেডের অধিকারী। তালিকার নিচে থাকা উত্তর কোরিয়ার কাছে বর্তমানে আনুমানিক ৬০টি পারমাণবিক অস্ত্র রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক ভূরাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এই পারমাণবিক অস্ত্রের মজুদ ও রক্ষণাবেক্ষণ আন্তর্জাতিক নিরাপত্তার জন্য একটি গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
সূত্র: আলজাজিরা, ডয়েচে ভেলে
এমএমআর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ডাকা সর্বাত্মক ধর্মঘটকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটেছে। পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা, পুলিশের গাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ মোট ২২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে, এবং অজ্ঞাতনামা আরও ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার (১৩ নভেম্বর) টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মুসলিম আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার ছাত্রলীগের সর্বাত্মক ধর্মঘটের সময় পাটগাতি বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সড়ক অবরোধ করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করেন এবং এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেন বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, অবরোধকারীরা সরকারি কাজে বাধা দেন, সরকারি কর্মচারীদের ওপর হামলা চালান এবং হত্যার উদ্দেশ্যে আঘাত করেন। পুলিশের ওপর হামলা, পুলিশের গাড়ি ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগ, সরকারি সম্পত্তির ক্ষতিসাধন এবং দেশের অখণ্ডতা, সংহতি ও সার্বভৌমত্ব বিপন্ন করার ষড়যন্ত্রের অভিযোগও আনা হয়েছে। জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়ানো এবং মিথ্যা তথ্য প্রচারের অভিযোগও রয়েছে।
মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখকে ১ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ ইলিয়াস উদ্দিন সরদার, পৌরসভার সাবেক মেয়র তোজাম্মেল হোসেন টুটুলসহ ২২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত নামা আরও দেড় থেকে দুই হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।
মামলায় দণ্ডবিধির ১৪৩, ১৪৪, ১৫২, ১৮৬, ৩৪১, ৩৩২, ৩৩৩, ৩০৭, ৪৩৫, ৩৫৩, ৪২৭ ও ৩৪ ধারাসহ সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশোধনী ২০১৩-এর ৬, ৭(১), ১০, ১২ ও ১৩ ধারায় অভিযোগ আনা হয়েছে।
টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ভিডিও পর্যালোচনা করা হয়েছে। এসব তথ্য-উপাত্ত বিশ্লেষণ করেই মামলায় আসামি করা হয়েছে বলে তিনি জানান।
টুঙ্গিপাড়া থানার সেকেন্ড অফিসার মোসলেম আলী জানিয়েছেন, এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।
এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
২০০৭ সালের ১৫ নভেম্বর প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডর রেবা বেগমের (৬৭) জীবন থেকে স্বামী, বসতভিটা এবং সব স্বাভাবিকতা কেড়ে নিয়েছে; তবে আট বছর বয়সি মেয়ে রহিমাকে হারানোর শোক আজও তার মনে গেঁথে আছে।
১৯ বছর ধরে বলেশ্বর নদীর তীরে বেড়িবাঁধে বসে তিনি মেয়ের ফিরে আসার অপেক্ষা করছেন। রেবা বেগমের বিশ্বাস, একদিন তার মেয়ে ফিরে এসে ‘মা’ বলে তাকে জড়িয়ে ধরবে। এই আশা নিয়েই তিনি বেড়িবাঁধ ছেড়ে অন্য কোথাও যাননি।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে বাগেরহাটের শরণখোলা উপজেলার বগী গ্রামে বলেশ্বর নদীর পাশে বেড়িবাঁধে বসে থাকতে দেখা যায় রেবা বেগমকে। একা বসে থাকা এই বৃদ্ধার সঙ্গে কথা বলতে গিয়ে উঠে আসে তার জীবনের এক বেদনাবিধুর অধ্যায়।
একসময় রেবা বেগমের স্বামী নুর ইসলাম তালুকদার ছিলেন একজন সচ্ছল গৃহস্থ। তাদের বড় বসতবাড়ি ও কৃষিজমি ছিল বলেশ্বর নদ থেকে প্রায় আধা কিলোমিটার দূরে। তাদের সংসার ভালোই চলছিল। সিডরের রাতে আশপাশের অনেক মানুষ তাদের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন; কিন্তু রাত ৯টার দিকে হঠাৎ জলোচ্ছ্বাস শুরু হলে প্রাণ বাঁচাতে সবাই ঘর ছেড়ে বেরিয়ে পড়েন। বেড়িবাঁধে ওঠার পর প্রবল স্রোতে একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যান তারা।
স্রোতের তোড়ে ভেসে যেতে যেতে রেবা বেগম মেজো মেয়ে রিমা খাতুনকে নিয়ে প্রায় এক কিলোমিটার দূরে একটি সাইক্লোন আশ্রয় কেন্দ্রের কাছে পৌঁছান। পরে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা তাদের উদ্ধার করেন।
রেবা বেগম জানান, তার তিন মেয়ের মধ্যে বড় মেয়ে রুমা খাতুনকে পরদিন সকালে একটি গাছের ডাল থেকে উদ্ধার করা হয়। যদিও তিনি বেঁচে গেছেন, স্বামী নুর ইসলাম ও ছোট মেয়ে রহিমা নিখোঁজ ছিলেন। তিন দিন পর সুন্দরবনসংলগ্ন এলাকায় স্বামীর লাশ পাওয়া যায়। কাফনের কাপড় ও লোকবলের অভাবে ছয় দিন পর স্বামীর লাশ মাটিচাপা দিতে বাধ্য হন তিনি; কিন্তু ছোট মেয়ে রহিমার আর কোনো খোঁজ মেলেনি।
স্বামীকে হারিয়ে দিশেহারা রেবা বেগম এরপর শুরু করেন নিখোঁজ মেয়ের সন্ধান। সেই খোঁজ আর অপেক্ষার ১৯ বছর পেরিয়ে গেছে। মধ্যবয়সি নারী থেকে তিনি এখন শীর্ণকায় বৃদ্ধা। এর মধ্যে বলেশ্বরের ভাঙনে হারিয়েছেন কৃষিজমি ও বসতভিটা। আশপাশের মানুষজনও অন্যত্র চলে গেছেন; কিন্তু মেয়ের ফেরার আশায় তিনি ছাড়েননি সেই বেড়িবাঁধ।
বেড়িবাঁধের ওপর একটি ছোট কুঁড়েঘরে বসবাস করেন রেবা বেগম। প্রতিটি ঝড়ে ঘর ভেঙে যায়, আবার কোনোভাবে মাথা গোঁজার ঠাঁই তৈরি করেন। তার ভয়, অন্য কোথাও চলে গেলে মেয়ে ফিরে এসে তাকে খুঁজে পাবে না।
রেবা বেগম বলেন, ‘সিডরের পর কতজনের কত বাছা ফিরা আইছে। শুধু মোর পাখিটা ফিরা আয়নাই। আশায় থাহি, একদিন ফিরা আইয়া মা বইলা ডাক দিয়া জড়ায়ে ধরবে। আমার পরানডা ঠান্ডা অইবে। কানতে কানতে চোহে আর পানি নাই। চোহেও ভালো দেখতে পাই না। শুধু চাই, মাইয়াডা ফিরা আসুক।’
নিখোঁজ রহিমার বড় বোন রুমা খাতুন (৩৭) বলেন, ‘ছোট বোন হারিয়ে যাওয়ার পর থেকেই মা এই বেড়িবাঁধে বসে আছেন। ১৯ বছরে দুটি বেড়িবাঁধ ভেঙেছে। আমাদের জমিজমা ও বাড়িঘর নদীতে বিলীন হয়েছে। আমার বিয়ে হয়েছে অন্যত্র; কিন্তু মাকে একা রেখে যাওয়ার মতো কেউ নেই। তাই বাধ্য হয়ে মায়ের জন্য এই বেড়িবাঁধেই ঘর বেঁধে থাকতে হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘ঝড় এলে ঘর ভেঙে যায়, তখন ভয় লাগে। মাঝে মাঝে বড় জোয়ারে ঘরে পানি ওঠে। তবু মা এখানেই থাকেন, রহিমা ফিরে আসবে—এই আশায়।’
রহিমার মামা গফুর পঞ্চায়েত বলেন, ‘আমরাও চাই রহিমা ফিরে আসুক। অনেক শিশু সিডরের সময় নিখোঁজ হয়েছিল। বিভিন্ন সংস্থা তাদের উদ্ধার করে নিয়ে গেছে। বড় হয়ে কেউ কেউ আবার শিকড়ের সন্ধানে ফিরে এসেছে। রহিমাও একদিন ফিরে আসবে—এই আশাতেই দিন কাটছে আমার বোনের।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সাফ চ্যাম্পিয়নসশিপের সেমিফাইনালে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ-পাকিস্তান ও ভুটান-ভারত। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এই দুই ম্যাচের জন্য দর্শকদের নিরাপত্তার উদ্দেশ্যে জরুরি নির্দেশনা প্রদান করেছে।
শনিবার (১৪ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে বিকেল ৩টায় প্রথম সেমিফাইনালে ভারত ও ভুটান এবং রাত ৮টায় দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তান মুখোমুখি হবে।
জাতীয় স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ এই দুটি ম্যাচকে কেন্দ্র করে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। এই কারণে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) স্টেডিয়ামে আগত দর্শকদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছে।
জানা গেছে, সেমিফাইনালের জন্য স্টেডিয়ামের গেট দুপুর ১টা ৩০ মিনিটে দর্শকদের জন্য খুলে দেওয়া হবে। তাই যানজট এড়াতে এবং নিরাপত্তা তল্লাশিসহ প্রবেশ কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে দর্শকদের খেলা শুরুর পূর্বে যথেষ্ট সময় নিয়ে স্টেডিয়ামে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছে ডিএমপি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢালিউডের অভিনেতা ওমর সানী বর্তমানে শোকের মধ্যে দিন কাটাচ্ছেন। তার পোষা বিড়ালটি মৃত্যুবরণ করেছে। এই অভিনেতা আদর করে বিড়ালটিকে ‘পুচকি’ ও ‘অ্যাঞ্জেল’ বলে ডাকতেন।
দীর্ঘদিনের সঙ্গীর মৃত্যুতে সামাজিক মাধ্যমে একটি আবেগঘন স্ট্যাটাস প্রকাশ করেছেন ওমর সানী। সেখানে তিনি স্মৃতি ও ভালোবাসার নানা কথা তুলে ধরেছেন।
ওমর সানী তার ভক্ত-অনুরাগীদের জানাতে একটি পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে। সেই পোস্টে তিনি উল্লেখ করেছেন— ‘আজ আমার জীবনের ভীষণ কষ্টের একটি দিন। আমার আদরের সাদা বিড়ালটি, আমার অ্যাঞ্জেল, যাকে আমি ভালোবেসে পুচকি বলে ডাকতাম, আজ আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেল।’
পোষা বিড়াল পুচকির সঙ্গে নিজের সম্পর্কের স্মৃতি স্মরণ করে তিনি বলেন, তাকে ছাড়া তিনি থাকতে পারতেন না। তিনি জানান, যখনই তিনি বাইরে থেকে ফিরতেন, পুচকি অপেক্ষায় বসে থাকত। খাওয়ার সময় পেছনে পেছনে ঘুরে মিষ্টি স্বরে ডাকত ‘মা মা মা’ বলে।
গোসল করানোর সময় অন্য কাউকে কাছে আসতে না দিলেও, পুচকি তার কাছে ঠিকই আত্মসমর্পণ করত, এমনটাই জানান ওমর সানী। তিনি বলেন, গোসল করিয়ে, হেয়ার ড্রাই করে আদর করে সাজিয়ে দিতেন পুচকিকে।
একবার পুচকি গুরুতর অসুস্থ হয়ে প্রায় ২১-২২ দিন আইসিইউতে ছিল। সেই সময় তার সুস্থতার জন্য অনেক কান্নাকাটি ও দোয়া করেছিলেন ওমর সানী। তখন তিনি অনুভব করেছিলেন, হয়ত কোনো একদিন তাদের একজন আরেকজনকে ছেড়ে যেতে হবে। তবে এত দ্রুত সেই দিন আসবে, তা তিনি ভাবেননি।
ওমর সানী বলেন, পুচকি চলে গেলেও তার অপেক্ষা, ডাক ও ছোটাছুটি ঘরের প্রতিটি কোণে রয়ে গেছে। তিনি প্রশ্ন রেখেছেন, তার মতো নিঃস্বার্থ ভালোবাসা আর কোথায় পাবেন। সবশেষে আদরের পুচকির শান্তি কামনা করে তিনি বলেন, ‘ভালো থেকো আমার ছোট্ট অ্যাঞ্জেল। যেখানেই থাকো, শান্তিতে থেকো। তোমাকে আমি কোনো দিন ভুলব না।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ