প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ডাকা সর্বাত্মক ধর্মঘটকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটেছে। পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা, পুলিশের গাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ মোট ২২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে, এবং অজ্ঞাতনামা আরও ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার (১৩ নভেম্বর) টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মুসলিম আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার ছাত্রলীগের সর্বাত্মক ধর্মঘটের সময় পাটগাতি বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সড়ক অবরোধ করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করেন এবং এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেন বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, অবরোধকারীরা সরকারি কাজে বাধা দেন, সরকারি কর্মচারীদের ওপর হামলা চালান এবং হত্যার উদ্দেশ্যে আঘাত করেন। পুলিশের ওপর হামলা, পুলিশের গাড়ি ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগ, সরকারি সম্পত্তির ক্ষতিসাধন এবং দেশের অখণ্ডতা, সংহতি ও সার্বভৌমত্ব বিপন্ন করার ষড়যন্ত্রের অভিযোগও আনা হয়েছে। জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়ানো এবং মিথ্যা তথ্য প্রচারের অভিযোগও রয়েছে।
মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখকে ১ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ ইলিয়াস উদ্দিন সরদার, পৌরসভার সাবেক মেয়র তোজাম্মেল হোসেন টুটুলসহ ২২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত নামা আরও দেড় থেকে দুই হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।
মামলায় দণ্ডবিধির ১৪৩, ১৪৪, ১৫২, ১৮৬, ৩৪১, ৩৩২, ৩৩৩, ৩০৭, ৪৩৫, ৩৫৩, ৪২৭ ও ৩৪ ধারাসহ সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশোধনী ২০১৩-এর ৬, ৭(১), ১০, ১২ ও ১৩ ধারায় অভিযোগ আনা হয়েছে।
টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ভিডিও পর্যালোচনা করা হয়েছে। এসব তথ্য-উপাত্ত বিশ্লেষণ করেই মামলায় আসামি করা হয়েছে বলে তিনি জানান।
টুঙ্গিপাড়া থানার সেকেন্ড অফিসার মোসলেম আলী জানিয়েছেন, এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।
এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন