ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

নীলফামারীতে ট্রাকের সঙ্গে ভ্যানের ধাক্কায় নিহত ১, আহত ২


নীলফামারীতে ট্রাকের সঙ্গে ভ্যানের ধাক্কায় নিহত ১, আহত ২

নীলফামারীর জলঢাকায় ট্রাকের সঙ্গে ভ্যানের সংঘর্ষে নলিত চন্দ্র (৫৫) নামের একজন নিহত হয়েছেন। এই ঘটনায় ভ্যানচালক চান মিয়া (৪৫) এবং যাত্রী আজগার আলী (৩৫) গুরুতর আহত অবস্থায় রয়েছেন।

রোববার দুপুরের দিকে আনুমানিক ২টার সময় জলঢাকা-ডিমলা সড়কের গোলনা দীঘিরপাড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

পুলিশের তথ্য অনুযায়ী, নিহত নলিত চন্দ্র জলঢাকা উপজেলার খারিজা গোলনা ঝাউপাড়া এলাকার মৃত মটুক চন্দ্রের পুত্র।

আরও পড়ুন: মিসরে দুই ট্রেনের সংঘর্ষে ৬৪ জন আহত

প্রত্যক্ষদর্শী এবং থানার সূত্রে জানা যায়, চান মিয়ার ভ্যানটি গোলনা বাজার থেকে কালীগঞ্জ বাজারের দিকে যাচ্ছিল। এই সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ভ্যানটির ধাক্কা লাগে, ফলে ভ্যানটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নলিত চন্দ্রকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। রংপুরে যাওয়ার পথে নলিত চন্দ্র মারা যান।

এ ঘটনায় জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম জানিয়েছেন, ঘটনার পর পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে, তবে চালক এবং হেলপার পলাতক রয়েছেন।

এমই

আরও পড়ুন: শ্রমিকদের মজুরি বৃদ্ধির কাজ শুরু করেছে সরকার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবি ক্যাম্পাসে ৮-৯টি ককটেল বিস্ফোরণ, ছাত্রদল থেকে ৩ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৭ পি.এম


ঢাবি ক্যাম্পাসে ৮-৯টি ককটেল বিস্ফোরণ, ছাত্রদল থেকে ৩ জন আটক

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অল্প সময়ের ব্যবধানে ৮ থেকে ৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার পরপরই বিশ্ববিদ্যালয়ের টিএসসি, জগন্নাথ হল, প্রশাসনিক ভবনসংলগ্ন এলাকা, ভিসি চত্বর, নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণসহ আশপাশের কয়েকটি স্থানে বিস্ফোরণ ঘটে। ধারাবাহিক বিস্ফোরণের শব্দে ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা এসব ঘটনায় তিনজনকে আটক করে শাহবাগ থানা-পুলিশের কাছে সোপর্দ করেছেন।

‎

আটক ব্যক্তিরা হলেন মো. জেহাদুল করিম (৪১), মো. সোহেল রানা (৩৩) ও নাজমুস সাদ (৩৩)। থানায় পাওয়া তাঁদের পরিচয়সংবলিত তালিকা অনুযায়ী, জেহাদুল করিমের গ্রামের বাড়ি নাটোর জেলায়। ঢাকায় তাঁর বর্তমান ঠিকানা মতিঝিলের ফকিরাপুল। সোহেল রানার গ্রামের বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলায়। তালিকায় তাঁর বর্তমান ঠিকানাও পুঠিয়া উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, নাজমুস সাদের গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায়। ঢাকায় তাঁর বর্তমান ঠিকানা লালবাগ।

‎

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সোয়া ৬টার দিকে প্রথমে টিএসসি এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পাশে, ভিসি চত্বর এবং নীলক্ষেতসংলগ্ন মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে আরও কয়েকটি বিস্ফোরণ ঘটে। এ ছাড়া জগন্নাথ হলের রবীন্দ্র ভবনসংলগ্ন এলাকা, শাহবাগ ও বাংলা একাডেমি এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা যায়।

‎

প্রক্টরিয়াল টিমের সদস্য ইউসুফ হারুন গণমাধ্যমকে বলেন, ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ৮ থেকে ৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

‎

‎টিএসসি থেকে দুজনকে আটক করে ছাত্রদল

‎

টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় দুজনকে আটক করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাঁদের প্রথমে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের কাছে এবং সেখান থেকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। অন্যদিকে, জগন্নাথ হলের রবীন্দ্র ভবনসংলগ্ন এলাকায় পৃথক বিস্ফোরণের ঘটনায় আরও একজনকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যোগাযোগবিষয়ক সম্পাদক জোবায়ের আলী।

‎

ঘটনার বর্ণনা দিয়ে জোবায়ের আলী দৈনিক ইনকিলাবকে বলেন, ‘জগন্নাথ হলের রবীন্দ্র বিল্ডিংয়ের পাশে আকস্মিক বিকট শব্দে ককটেল বিস্ফোরণ হয়। ৩০ মিটার দূরে আমি দাঁড়িয়ে ছিলাম। বিস্ফোরণের শব্দ শুনে ফিরেই দেখি একজন দৌড়ে পালাচ্ছে। পরে আমি দৌড়ে গিয়ে তাকে ধরে শাহবাগ থানায় নিয়ে আসি।’

‎

সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে প্রশাসন

‎

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর মো. ইসরাফিল প্রাং বলেন, ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় তিনজনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে পরিস্থিতি বোঝার চেষ্টা করা হচ্ছে।

‎

এদিকে, একের পর এক বিস্ফোরণের ঘটনায় ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সন্ধ্যার ব্যস্ত সময়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে এসব বিস্ফোরণ ঘটায় শিক্ষার্থী, পথচারী ও সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়।

‎

প্রাথমিকভাবে এসব বিস্ফোরণের ঘটনায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে। উল্লেখ্য, আগামী ১০ সেপ্টেম্বর দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছিল নিষিদ্ধ ছাত্রলীগ। তবে বিস্ফোরণের ঘটনায় সংগঠনটির সংশ্লিষ্টতার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেবল ফিলিস্তিনি হওয়ার কারণেই অপরাধী হিসেবে গণ্য হচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকেরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৭ পি.এম


কেবল ফিলিস্তিনি হওয়ার কারণেই অপরাধী হিসেবে গণ্য হচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকেরা

ইসরাইলি পুলিশ ফিলিস্তিনি সাংবাদিক ও রাজনৈতিক অধিকারকর্মী আবেদ আবু শেহাদেহকে পাঁচ দিনের কারাবন্দী থাকার পর মুক্তি প্রদান করেছে। তিনি গত সপ্তাহে আলজাজিরার হয়ে ইসরাইলের নির্বাচন সম্পর্কে রাজনৈতিক বিশ্লেষণ উপস্থাপন করেছিলেন।

আবু শেহাদেহর আইনজীবী এবং মানবাধিকার সংস্থা আদালাহর আইনজীবী হাদিল আবু সালেহ অভিযোগ করেছেন যে, ফিলিস্তিনি হওয়ার কারণে তাদের রাজনৈতিক বক্তব্য ও বিশ্লেষণকে অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে।

তিনি আলজাজিরাকে বলেন, “এখন শুধু বক্তারা ফিলিস্তিনি হওয়ার কারণেই তাদের বক্তব্যকে অপরাধ হিসেবে দেখা হচ্ছে। ফিলিস্তিনিদের যখন নিজেদের রাজনৈতিক বাস্তবতা বিশ্লেষণ করতে বলা হয়, তখন ইসরাইলি ব্যবস্থা সেই আলোচনা ও বিশ্লেষণকেই অপরাধের সন্দেহে পরিণত করে।”

আবু সালেহ জানান, গভীর রাতে ১৫ জন ইসরাইলি কর্মকর্তা আবু শেহাদেহর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

তার বিরুদ্ধে ‘বিদেশি এজেন্টের সঙ্গে যোগাযোগের’ অভিযোগ আনা হয়েছে। আবু সালেহর ভাষায়, ইসরাইলের ফৌজদারি আইনে এটি অত্যন্ত গুরুতর অভিযোগ। বিশেষ করে যখন বিষয়টি তার সাংবাদিকতাসংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত, তখন অভিযোগটির গুরুত্ব আরো বেড়ে যায়।

এমএমআর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ করেছে স্থায়ী কমিটি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৯ পি.এম


দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ করেছে স্থায়ী কমিটি

ঢাকা, ৮ নভেম্বর, ২০২৬ : ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে।

একইসাথে মাঠপর্যায়ে দুর্নীতি প্রতিরোধ, এসিল্যান্ড, এলএ শাখা ও কানুনগো অফিসে সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশও করা হয়েছে।

আজ জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি নাসের রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বিতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠকে কমিটির সদস্য ও ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, সংসদ সদস্য জয়নাল আবদিন, সুলতানা আহমেদ, মো. মাহবুবুর রহমান (বেলাল) এবং মুহাম্মদুল্লাহ অংশগ্রহণ করেন।

বৈঠকের শুরুতে আলোচ্যসূচি অনুযায়ী প্রথম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয়। এরপর মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রথম বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়নের অগ্রগতি বিস্তারিত উপস্থাপন করা হয়।

বৈঠকে হয়রানিমুক্ত ও জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করতে নামজারি প্রক্রিয়াকে সম্পূর্ণ অটোমেশনের আওতায় আনার সুপারিশ করা হয়। একই সঙ্গে ভূমি নিবন্ধন কার্যক্রম ভূমি মন্ত্রণালয়ের অধীনে আনার সুপারিশও করা হয়েছে।

এছাড়া অবৈধ দখলকারীদের অবস্থান নিশ্চিত করতে জেলা-ওয়ারী অর্পিত সম্পত্তির পরিমাণ ও সম্ভাব্য মৌজা মূল্য নির্ধারণ এবং দীর্ঘদিন ধরে চলমান মামলা নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে কমিটির পক্ষ থেকে একই জমির দলিল জামানত হিসেবে ব্যবহার করে একাধিক ব্যাংক থেকে ঋণ গ্রহণের মতো অনিয়ম প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ব্যাংকিং সিস্টেমে তথ্যের সমন্বিত কর্মপরিকল্পনা নিশ্চিত করার সুপারিশ করা হয়।

উপজেলা ও পৌর এলাকা এবং সিটি কর্পোরেশন এলাকার জন্য ভূমির প্রকৃত বাজারমূল্য নির্ধারণ, স্থাবর সম্পত্তির হস্তান্তর মূল্য বাজার মূল্যের সাথে সামঞ্জস্যপূর্ণ করাসহ জমি হস্তান্তর সংক্রান্ত বিভিন্ন ফি ও গেইন ট্যাক্স যৌক্তিক পর্যায়ে নিয়ে আসার সুপারিশ করা হয়।

ভূমির মালিকানা সংক্রান্ত গুরুতর সামাজিক সংঘাতের নিরসন, ন্যায্য ও স্বচ্ছ ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা এবং ভূমি প্রশাসন প্রতিষ্ঠা, নাগরিকবান্ধব ভূমি সেবা সুদৃঢ় করার উদ্দেশ্যে বিদ্যমান প্রচলিত পদ্ধতির ভূমি প্রশাসন ব্যবস্থাপনাকে একটি সমন্বিত ডিজিটাল ভূমি প্রশাসন ব্যবস্থায় রূপান্তরিত করার সুপারিশ করা হয়।

'বাংলাদেশ সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট ও ভূমি প্রশাসন প্রশিক্ষণ একাডেমি স্থাপন' শীর্ষক প্রকল্পের আওতায় ভূমি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণের জন্য আধুনিক ও স্থায়ী প্রশিক্ষণ একাডেমি স্থাপনের লক্ষ্যে খাসজমি নির্বাচনের কার্যক্রম দ্রুত বাস্তবায়নের সুপারিশ করা হয়।

বৈঠকে ভূমি মন্ত্রণালয়ের সচিব, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান, মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর সংস্থাসমূহের প্রধানগণসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘মশাল আলো’ সংগঠনের প্রতিষ্ঠাতা তানজিল আমিন শুভ ডায়ানা অ্যাওয়ার্ড ২০২৬ জিতলেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:১০ পি.এম


‘মশাল আলো’ সংগঠনের প্রতিষ্ঠাতা তানজিল আমিন শুভ ডায়ানা অ্যাওয়ার্ড ২০২৬ জিতলেন

‘মশাল আলো’ সংগঠনের প্রতিষ্ঠাতা তানজিল আমিন শুভ ‘ডায়ানা অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছেন। তিনি এই পুরস্কার লাভ করেন স্বেচ্ছাসেবক-চালিত সংগঠনের মাধ্যমে সামাজিক কর্মকাণ্ড পরিচালনার স্বীকৃতিস্বরূপ। ‘ডায়ানা অ্যাওয়ার্ড’-এর আনুষ্ঠানিক তালিকায় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে উত্তর বাংলাদেশে নিরাপদ খাবার পানির প্রাপ্যতা নিশ্চিতকরণে ‘মশাল আলো’-এর প্রচেষ্টাকে।

‘পিওর ওয়াটার ইনিশিয়েটিভ’ (বিশুদ্ধ পানি উদ্যোগ) ২০২৫ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়ার পর থেকে, ‘মশাল আলো’ নীলফামারীর জলঢাকা উপজেলায় ১৭টি নলকূপ স্থাপন করেছে। সংগঠনটির হিসাব অনুযায়ী, প্রতিদিন ১,৭০০ জনেরও বেশি মানুষ এসব নলকূপ থেকে পানি সংগ্রহ করেন। পূর্বে, অনেক এলাকার বাসিন্দাদের পানি সংগ্রহের জন্য এক থেকে দুই কিলোমিটার পথ হেঁটে যেতে হতো।

প্রিন্সেস অব ওয়েলস ডায়ানার স্মরণে প্রবর্তিত ‘ডায়ানা অ্যাওয়ার্ড’ হলো তরুণদের জন্য অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি, যা সামাজিক কর্মকাণ্ড ও মানবিক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের প্রদান করা হয়।

২০১৫ সালে টাঙ্গাইলে তানজিল এবং তাঁর স্কুল বন্ধুরা ১০টি শীতবস্ত্র বিতরণের মাধ্যমে ‘মশাল আলো’-এর যাত্রা শুরু করেন। প্রায় ১১ বছর ধরে সংগঠনটি দুর্যোগকালীন ত্রাণ সহায়তা, রক্তদাতাদের সঙ্গে রোগীদের সংযোগ স্থাপন, আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীদের সহায়তা, জীবিকার সুযোগ সৃষ্টি এবং মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিসহ প্রায় ৫৮টি প্রকল্প সফলভাবে সম্পন্ন করেছে।

তানজিল বলেন, ‘পুরস্কারটিতে আমার নাম থাকলেও, এর প্রকৃত কৃতিত্ব ‘মশাল আলো’-এর স্বেচ্ছাসেবকদের। তাঁদের কঠোর পরিশ্রমের ফলেই প্রতিটি প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।’

রোগীদের সঙ্গে রক্তদাতাদের সংযোগ স্থাপনের কাজটিকে আরও এগিয়ে নিতে ‘মশাল আলো’ বর্তমানে একটি অ্যাপ তৈরি করছে। তানজিল জানান, ‘আমরা চাই জরুরি প্রয়োজনে রোগীরা যেন দ্রুত সম্ভাব্য রক্তদাতাদের খুঁজে পেতে পারেন। খুব শীঘ্রই আমরা অ্যাপটি সবার ব্যবহারের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা করছি।’

তানজিল ২০২৪ সালে ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে এলএল.বি. (অনার্স) সম্পন্ন করেন। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থিত ‘অস্ট্রেলিয়ান কলেজ অব অ্যাপ্লায়েড প্রফেশনস ইউনিভার্সিটি’-তে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%