প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার তাদের অস্থায়ী রাজধানী এডেন প্রদেশের উপকণ্ঠে সামরিক অবস্থানকে শক্তিশালী করার পাশাপাশি প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে। সামরিক কর্মকর্তাদের মতে, প্রতিপক্ষ হুথি বিদ্রোহীরা ওই অঞ্চলের গুরুত্বপূর্ণ পাহাড়ের চূড়াগুলো দখল করে নেওয়ার কারণে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এএফপির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
২০২২ সালের গ্রীষ্মে যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর থেকে ইয়েমেনে নতুন করে সংঘাতের সূচনা ঘটে। বিশেষ করে গত সেপ্টেম্বরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দাব প্রণালীর লোহিত সাগর উপকূলীয় এলাকার নিয়ন্ত্রণ সউদী-সমর্থিত ইয়েমেন সরকারের হাতছাড়া হওয়ার পর সহিংসতা আরও বৃদ্ধি পেয়েছে।
সূত্রগুলো জানাচ্ছে, হুথিরা পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। তারা লোহিত সাগরের কাছাকাছি নিজেদের অবস্থানকে সুদৃঢ় করার পাশাপাশি এডেন উপসাগরের দিকে আরও নিকটবর্তী হচ্ছে। এ প্রেক্ষাপটে তারা এডেন প্রদেশের নজরদারির সুবিধাজনক আল-মাদারিবাহ ওয়াল আরা জেলার কৌশলগত পাহাড়ের চূড়াগুলো দখল করে নিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সামরিক কর্মকর্তা মন্তব্য করেন, “সরকারের অন্তর্বর্তীকালীন রাজধানীর প্রতি হুমকি বাড়ছে, তাই এডেন গভর্নরেটের পশ্চিম ও উত্তর দিকে সামরিক প্রতিরক্ষা ব্যূহ গড়ে তোলার জন্য আমরা উচ্চপর্যায়ের নির্দেশনা পেয়েছি।” এই প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে বালুর বস্তা দিয়ে বাঙ্কার তৈরি এবং সুড়ঙ্গ খননের কাজ চলছে। সংবেদনশীল বিষয় হওয়ায় সংশ্লিষ্ট সব সূত্রই নাম গোপন রাখার অনুরোধ করেছেন।
সরকারি ও হুথি উভয় পক্ষের সূত্র অনুযায়ী, সরকারি বাহিনী লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ ফিরে পেতে বারবার চেষ্টা করলেও সফল হয়নি। গত কয়েক দিনের সংঘর্ষে উভয় পক্ষের কয়েক ডজন যোদ্ধা নিহত হয়েছেন।
আরেক সামরিক কর্মকর্তা এডেনের বাইরের এই প্রতিরক্ষা জোরদারের পদক্ষেপকে ‘বহু প্রতীক্ষিত সতর্কতামূলক ব্যবস্থা’ হিসেবে অভিহিত করেছেন।
মাঠপর্যায়ের দায়িত্বরত তৃতীয় এক সামরিক কর্মকর্তা জানান, আল-মাদারিবাহ ওয়াল আরা জেলার একটি বড় অংশ দখল করার পর হুথিরা এখন বাব আল-মান্দাব প্রণালীর পূর্ব দিক দিয়ে এডেন উপসাগর উপকূলের দিকে অগ্রসর হচ্ছে।
এ অঞ্চলের নিকটবর্তী আল-মাকাতিরাহ অঞ্চল, যেখানে একটি সড়ক তাইজ শহরে প্রবেশের প্রধান পথ হিসেবে ব্যবহৃত হয়, হুথিদের দ্বারা কয়েক সপ্তাহ ধরে অবরুদ্ধ রয়েছে।
ওই সূত্র আরও জানায়, হুথিরা ইতিমধ্যে আল-মাকাতিরাহ দখল করে নিয়েছে। এর ফলে সরকারি বাহিনীর জন্য তাইজ পুনরুদ্ধার করা আরও কঠিন হয়ে পড়েছে এবং আল-মাদারিবাহ অঞ্চলে হুথিদের অগ্রসর হওয়ার পথ সুগম হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন