১০:৩১ এম
শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটককে ৪০০ মিলিয়ন ডলার জরিমানা দিতে হবে। মার্কিন বিচার বিভাগের এক ঘোষণায় শুক্রবার জানানো হয়, টিকটকের বিরুদ্ধে শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ এসেছে। তবে, টিকটক এবং এর মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্স ৪০০ মিলিয়ন ডলার (প্রায় ৪ হাজার ৯০০ কোটি টাকা) জরিমানা দিয়ে এই বিষয়টি নিষ্পত্তি করতে সম্মত হয়েছে।
বিচার বিভাগের বিবৃতিতে আরও বলা হয়, শিশুদের অনলাইন গোপনীয়তা সুরক্ষা আইন সংক্রান্ত কোনো মামলা এটি এযাবৎকালের অন্যতম বৃহত্তম অর্থ আদায়ের ঘটনা। এই আইন অনুযায়ী, পিতামাতার অনুমতি ছাড়া ১৩ বছরের কম বয়সী শিশুদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা ওয়েবসাইটগুলোর জন্য সম্পূর্ণ নিষিদ্ধ। ২০২৪ সালে মার্কিন বিচার বিভাগ এবং ফেডারেল ট্রেড কমিশন যৌথভাবে টিকটকের বিরুদ্ধে মামলা করেছিল। সেখানে অভিযোগ করা হয় যে, টিকটক পিতামাতার অনুমতি ছাড়া লাখ লাখ শিশুর ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে তাদের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলেছে।
আপনারা দাবি করে, টিকটক শিশুদের অ্যাপটি ব্যবহারের সুযোগ দেওয়ার পাশাপাশি তাদের বাবা-মাকে না জানিয়েই এই তরুণ ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও ব্যবহার করেছে। এমনকি ১৩ বছরের কম বয়সীদের জন্য তৈরি ’কিডস মোড’-এ খোলা অ্যাকাউন্টগুলো থেকেও ইমেইল ঠিকানা ও অন্যান্য ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হয়েছিল, যা মামলায় দাবি করা হয়েছে।
আরও পড়ুন: পিএইচপির বড় ত্রুটি শনাক্ত, সাইবার হামলার শঙ্কায় বন্ধ বহু ওয়েবসাইট
বিচার বিভাগ জানিয়েছে, ‘এই মীমাংসার অধীনে, টিকটক অবিলম্বে ৩০০ মিলিয়ন ডলার পরিশোধ করবে। এছাড়া, টিকটকের পূর্বসূরি ‘মিউজিক্যালি’-এর বিরুদ্ধে জারি করা আগের একটি আইনী নিষেধাজ্ঞা জারির আদেশ বাতিলের পর অতিরিক্ত ১০০ মিলিয়ন ডলার পরিশোধ করবে।’
'মিউজিক্যালি', যা ২০১৪ সালে বাজারে আসে, একটি অত্যন্ত জনপ্রিয় লিপ-সিঙ্কিং ও শর্ট-ভিডিও অ্যাপ ছিল। ২০১৭ সালে টিকটকের মূল প্রতিষ্ঠান 'বাইটড্যান্স' ১ বিলিয়ন ডলারে মিউজিক্যালি অ্যাপটি কিনে নেয়। ২০১৮ সালে বাইটড্যান্স তাদের নিজস্ব অ্যাপ 'টিকটক'-এর সাথে মিউজিক্যালি-কে সম্পূর্ণ একীভূত করে দেয় এবং মিউজিক্যালি অ্যাপটি চিরতরে বন্ধ হয়ে যায়। তাই মিউজিক্যালির বিরুদ্ধে আসা শিশুদের ডাটা চুরির দায় টিকটক এবং বাইটড্যান্সের ওপর এসে পড়ে। এবার নতুন অভিযোগ নিষ্পত্তির সাথে সাথে আগের ঝামেলাটিও মিটিয়ে নিতে চায় বাইটড্যান্স এবং টিকটক। তাই, মিউজিক্যালির বিরুদ্ধে আগের আইনী নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে তারা বাকি ১০০ মিলিয়ন ডলার পরিশোধ করবে। তবে, এই বিষয়ে তাৎক্ষণিকভাবে টিকটকের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন