ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

৩ কোম্পানি থেকে এলএনজি কেনার সুপারিশ করেছে মন্ত্রিসভা কমিটি


৩ কোম্পানি থেকে এলএনজি কেনার সুপারিশ করেছে মন্ত্রিসভা কমিটি

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ২০২৭ সালে তিনটি কোম্পানি থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রস্তাব অনুমোদনের সুপারিশ করেছে। একই সভায় আসন্ন রমজানে ৬ হাজার ২০০ টন খেজুর আমদানি এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপনের প্রস্তাবও সুপারিশ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির চলতি বছরের ৩৭তম সভায় এসব সুপারিশ উত্থাপিত হয়।

পাঁচটি প্রস্তাবের মধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে তিনটি এবং বাণিজ্য মন্ত্রণালয় ও ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে একটি করে প্রস্তাব উপস্থাপন করা হয়।

আরও পড়ুন: নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জামায়াতের তীব্র নিন্দা

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, জাপানের জেরা গ্লোবাল মার্কেটস পিটিই লিমিটেড (জেরাগম), সংযুক্ত আরব আমিরাতের এডিএনওসি ট্রেডিং লিমিটেড এবং নাইজেরিয়ার ওজিমাডু অ্যান্ড মারিটেস অয়েল মার্কেটিং নাইজেরিয়া লিমিটেড/উজি জেমস বিহাইভ থেকে এলএনজি কেনার প্রস্তাবগুলোতে নীতিগত সুপারিশ করেছে কমিটি।

সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয়বিধিমালা, ২০২৫-এর ৯৯(২) বিধি অনুসরণ করে সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব এলএনজি কেনার সুপারিশ করা হয়। জেরাগমের সঙ্গে পেট্রোবাংলার স্বল্পমেয়াদি এলএনজি বিক্রয় ও ক্রয় চুক্তি (এসপিএ) এবং টার্ম শিটের চূড়ান্ত খসড়ায় স্বাক্ষরের প্রস্তাবও এতে অন্তর্ভুক্ত রয়েছে।

এদিকে আসন্ন রমজানে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে বিতরণের জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৬ হাজার ২০০ মেট্রিক টন খেজুর আমদানির প্রস্তাবেও নীতিগত সুপারিশ করেছে কমিটি। জরুরি জাতীয় প্রয়োজন বিবেচনায় সরকারি ক্রয়বিধিমালা, ২০২৫-এর ১০২(১)(ক) বিধি অনুযায়ী দরপত্র প্রস্তুত ও জমা দেওয়ার নির্ধারিত সময় কমানোর প্রস্তাবও অনুমোদনের সুপারিশ করা হয়েছে।

এ ছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপনের জন্য সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণের প্রস্তাবে নীতিগত সুপারিশ করেছে কমিটি। ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: ডেঙ্গুতে চাঁদপুর পৌরসভার ভান্ডার রক্ষক ফয়সাল শেখের মৃত্যু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী গ্রিন জোনে জুট প্যাভিলিয়ন পরিদর্শন করেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৮ পি.এম


প্রধানমন্ত্রী গ্রিন জোনে জুট প্যাভিলিয়ন পরিদর্শন করেন

গ্রিন জোনে জুট প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গেছেন কপ-৩১ সম্মেলনের অংশ হিসেবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টার দিকে তিনি গ্রিন জোনে প্রবেশ করেন।

এ সময় প্রধানমন্ত্রী মন্তব্য করেন, "সবাই মিলে পুরো বিশ্বকে বাঁচাতে হবে।" তিনি আরও বলেন, বাংলাদেশ পরিবেশ সুরক্ষায় একটি টেকসই সমাধান চায়। এই উদ্দেশ্যে বিশ্ব ফোরামে বাংলাদেশের শক্তিশালী কণ্ঠস্বর থাকবে।

প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। প্রধানমন্ত্রী শীর্ষ সম্মেলনের সমাপনী দিনের কর্মসূচিতে ব্যস্ত সময় কাটাবেন।

আনতালিয়ায় কপ-৩১ সম্মেলনের প্লেনারি বা পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তুরস্কের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে এই অধিবেশন অনুষ্ঠিত হবে।

বক্তব্যে তিনি জলবায়ু ন্যায্যতা, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণসহ বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকারগুলো তুলে ধরবেন।

জাতিসংঘ আয়োজিত ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন কপ ৩১-এ যোগ দিতে মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে ঢাকা থেকে তুরস্কের আনতালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে আগামীকাল শুক্রবার দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহেশখালীতে নতুন এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ, ব্যয় ১২ হাজার ৩২৪ থেকে ১৩ হাজার ১৬১ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৯ পি.এম


মহেশখালীতে নতুন এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ, ব্যয় ১২ হাজার ৩২৪ থেকে ১৩ হাজার ১৬১ কোটি টাকা

দেশের গ্যাস সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে ২০২৭ সালে ওমান ও মালয়েশিয়া থেকে পাঁচটি কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির পাশাপাশি কক্সবাজারের মহেশখালীতে একটি নতুন ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নতুন এই টার্মিনাল নির্মাণের জন্য ১৫ থেকে ২০ বছর মেয়াদে ব্যয় হবে ১২ হাজার ৩২৪ কোটি থেকে ১৩ হাজার ১৬১ কোটি টাকা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এই প্রস্তাবগুলো অনুমোদন করা হয়েছে।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালে ওমানের প্রতিষ্ঠান ওকিউ ট্রেডিং লিমিটেডের (ওকিউটি) কাছ থেকে তিনটি কার্গো এবং মালয়েশিয়ার পেন্টিটিউড এনার্জি এসডিএন বিএইচডির কাছ থেকে দুইটি কার্গো এলএনজি আমদানি করা হবে। এর ফলে আগামী বছর এলএনজি সরবরাহ নিশ্চিত করার জন্য বিদ্যমান চুক্তির পাশাপাশি নতুন সরবরাহকারীর কাছ থেকেও গ্যাস কেনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

ওমানের ওকিউ ট্রেডিংয়ের কাছ থেকে তিনটি কার্গো এলএনজি আমদানি করা হবে বাংলাদেশের বিদ্যমান দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি চুক্তির আওতায়। এই উদ্দেশ্যে তিনটি পৃথক সাইড লেটার চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদনের জন্য কমিটি সুপারিশ করেছে। সরকার থেকে সরকার (জিটুজি) ভিত্তিতে এসব এলএনজি আমদানি করা হবে।

অন্যদিকে, মালয়েশিয়ার পেন্টিটিউড এনার্জির কাছ থেকে দুইটি কার্গো এলএনজি কেনার প্রস্তাবেও সায় দেওয়ার সুপারিশ করা হয়েছে। এই ক্ষেত্রে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) দামের চেয়ে শূন্য দশমিক ১৮ ডলার কম। তবে দুই পক্ষের সম্মতির ভিত্তিতে কার্গোর সংখ্যা কমানো বা বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।

এলএনজি আমদানির পাশাপাশি সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণের সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনাও করছে সরকার। এই উদ্দেশ্যে কক্সবাজারের মহেশখালীর কুতুবজোমে নতুন একটি ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণ টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনের প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে।

চীনের প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (সিএনইই) জিটুজি পদ্ধতিতে এ প্রকল্পের প্রস্তাব দিয়েছে। প্রতিষ্ঠানটির প্রস্তাব অনুযায়ী, ১৫ বছর মেয়াদে প্রকল্পের ব্যয় হবে প্রায় ১২ হাজার ৩২৪ কোটি টাকা। আর ২০ বছর মেয়াদে ব্যয় দাঁড়াবে প্রায় ১৩ হাজার ১৬১ কোটি টাকা।

এফএসআরইউ বা ভাসমান টার্মিনালের মাধ্যমে জাহাজে করে আমদানি করা এলএনজি সংরক্ষণ করা হয়। পরে সেটিকে পুনরায় গ্যাসে রূপান্তর করে পাইপলাইনের মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। ফলে এলএনজি আমদানির পাশাপাশি টার্মিনালের সক্ষমতাও দেশের গ্যাস সরবরাহ ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

ওমান ও মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির প্রস্তাব এবং মহেশখালীতে নতুন টার্মিনাল স্থাপনের উদ্যোগ দুটিই দেশের আমদানিনির্ভর গ্যাস সরবরাহ ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনার অংশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জামায়াতের তীব্র নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৯ পি.এম


নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জামায়াতের তীব্র নিন্দা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জাতীয় নারী শক্তির সদস্যসচিব, দলের যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের বাড়িতে ১১ নভেম্বর রাত ১২টার দিকে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, "একজন সংসদ সদস্যের গ্রামের বাড়িতে গভীর রাতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক, কাপুরুষোচিত ও উদ্বেগজনক। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।" তিনি আরও বলেন, এই ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নাগরিকদের নিরাপত্তা নিয়ে জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।

তিনি দাবি করেন, অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনা উচিত এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নাগরিকদের জানমালের নিরাপত্তা বিধান করা সরকারের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। তিনি সতর্ক করে বলেন, "সরকার এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে তার দায় সরকারকেই বহন করতে হবে।" এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে নীরব থাকার কোনো সুযোগ নেই।

জুবায়ের আরো বলেন, রাজনৈতিক মতপার্থক্য ও ভিন্নমত কখনোই সহিংসতা, হামলা কিংবা অগ্নিসংযোগের অজুহাত হতে পারে না। দেশে আইনের শাসন, গণতান্ত্রিক পরিবেশ ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

বিবৃতিতে তিনি নুসরাত তাবাসসুম জ্যোতি ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%